ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপন বৈঠকের অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা


গোপন বৈঠকের অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা

সিলেটের সারদা স্মৃতি হলে গোপন বৈঠকের অভিযোগে জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা তালা ঝুলিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা এই কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমস্ত ছবির ফ্রেম অপসারণ করা হয়।

জাসাস নেতাদের দাবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সংগঠনটির দুই নেতা শামসুল আলম সেলিম ও রজতকান্তি গুপ্ত জোটটিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছেন। তারা দীর্ঘদিন ধরে সারদা স্মৃতি হলে গোপন সভা করার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন।

আরও পড়ুন: বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্বে হাবিবুল্লাহ-মাহফুজ, আংশিক কমিটি ঘোষণা

রোববার (১৫ নভেম্বর) রাতে সেখানে আবারও একটি বৈঠকের প্রস্তুতির খবর পাওয়ার পর সোমবার দুপুরে তারা হলের উদ্দেশ্যে রওনা হন।

নেতারা জানান, হলে থাকা শেখ মুজিবুর রহমানসহ ফ্যাসিস্টের দোসরদের ছবি অপসারণ করে তালা দেওয়া হয়েছে। সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। হলের চাবি সিসিক প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত তিনিই নেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন।

এ সময় জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি

কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় এবং জনদুর্ভোগ নিরসনের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি উল্লেখ করেন, "আপনি ছাড়া এই দেশে কারো কাছে কথা বলে কোনো লাভ হয় না।"

সংসদে দেওয়া বক্তব্যে মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন যে, কুমিল্লা ইপিজেডের রাসায়নিক ও বিষাক্ত বর্জ্য স্থানীয় প্রাকৃতিক খালে পরিশোধন ছাড়াই ছেড়ে দেওয়া হচ্ছে। এর ফলে কুমিল্লা থেকে শুরু করে নোয়াখালী ও লক্ষ্মীপুর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের পরিবেশ, কৃষি ও মৎস্যসম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, আগামী দুই বছরের মধ্যে এই বিষাক্ত বর্জ্য মেঘনা নদীতে গিয়ে মিশলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এই সংসদ সদস্য জানান, ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে এবং ওই অঞ্চলের প্রায় এক লাখ মানুষ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তিনি উল্লেখ করেন, খালের পানিতে নামলে মানুষের পা পচে যাচ্ছে এবং কৃষকরা চাষাবাদ করতে পারছেন না।

নিজের বক্তব্যের সত্যতা চ্যালেঞ্জ করে মনিরুল হক চৌধুরী বলেন, "আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব। আপনি একটা তদন্ত করে দেখেন। ওই খালের পাড়ে যদি কোনো লোক আধা ঘণ্টা অপেক্ষা করতে পারে, তাহলে আমি আমার সব কথা প্রত্যাহার করব।"

তিনি আরো জানান, ইপিজেড প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন হওয়ায় তাদের বিরুদ্ধে সহজে মামলা করা যায় না। পরিবেশ অধিদপ্তরের ১৩টি প্রতিবেদন, হাইকোর্ট ও পরিবেশ আদালতের রায় এবং ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীর দেওয়া প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করে এবং দক্ষিণ কুমিল্লা ও উত্তর নোয়াখালী সেচ প্রকল্পের মাধ্যমে পানির প্রবাহ সচল রেখে বর্জ্য অপসারণের সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ব্রিজের নিচে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


ফরিদপুরে ব্রিজের নিচে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

ফরিদপুরে, পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পাওয়ার পর অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের টেপাখোলা ব্রিজের নিচ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা রাত ৮টার দিকে শহরের সিএন্ডবি ঘাট সড়কের টেপাখোলা ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদার এ বিষয়ে জানান, ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তবে, ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে যে এটি হত্যা নাকি আত্মহত্যা। মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটোশুটের প্রলোভনে তরুণীকে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


ফটোশুটের প্রলোভনে তরুণীকে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয়েছে

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব লাভ করেছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তাকে একটি হোটেলে ফটোশুটের জন্য ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভীতিকর স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।

শনিবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়াহ তার জীবনের সেই ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বর্তমানে ২৯ বছর বয়সী মারিয়াহ বলেন, ‘ওই হোটেল কক্ষে আমার মৃত্যু হয়েছিল। আমি তখন জীবন্ত লাশের মতো ছিলাম।’

মারিয়াহ জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বেড়ে ওঠা তার জীবন কৈশোর থেকেই নানা প্রতিকূলতায় ভরা ছিল। ১৮ বছর বয়সে বিয়ে হলেও সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। পরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি জিমে কাজ শুরু করেন তিনি। আর্থিক সংকটের মধ্যে নতুন কাজের সন্ধান করতে গিয়ে ক্রেইগলিস্টে মডেলিংয়ের বিজ্ঞাপন দেখতে পান।

মডেল হওয়ার স্বপ্ন মারিয়াহর আগে থেকেই ছিল। তাই বিজ্ঞাপন দেখে তিনি আবেদন করেন। একপর্যায়ে এক ব্যক্তি ফোন করে সান দিয়েগোর একটি হিলটন হোটেলে ফটোশুটের প্রস্তাব দেন। কাজটি নিরাপদ বলে আশ্বস্ত করতে এক নারীর সঙ্গেও তার কথা বলানো হয়। ওই নারীও কাজটিকে বৈধ বলে দাবি করেন।

হোটেলে পৌঁছে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল মারিয়াহর। কিন্তু তাকে একটি কক্ষে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি বদলে যায়। সেখানে আগে থেকেই আরেক ব্যক্তি অপেক্ষা করছিলেন। বের হওয়ার পথ আটকে তাকে বলা হয়, নির্দেশনা মেনে চললেই তার জন্য ভালো হবে।

মারিয়াহ বুঝতে পারেন, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ তার নেই। নিজের নিরাপত্তার কথা ভেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে তাকে জানানো হয়, একটি বিশেষ ভিডিওতে অভিনয় করতে হবে, যা কেবল অস্ট্রেলিয়ার ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করা হবে। তার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়।

কিন্তু বাস্তবে ঘটেছিল উল্টো। প্রায় আট ঘণ্টা ধরে তাকে পর্নোগ্রাফির ভিডিও ধারণে বাধ্য করা হয়। মারিয়াহ বলেন, ওই সময় তিনি যেন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যন্ত্রের মতো একের পর এক নির্দেশ পালন করছিলেন। কাজ শেষে তাকে ৪ হাজার ৫০০ ডলার দেওয়া হয়।

ঘটনার প্রায় এক মাস পর ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতজনদের কাছে ভিডিওর লিংক ও স্ক্রিনশট পাঠানো হয়। এতে মারিয়াহ চরম সামাজিক অপমান ও মানসিক যন্ত্রণার মুখে পড়েন। এমনকি তার পরিচিতজনদের অনেকে তাকেই দোষারোপ করতে থাকেন।

মারিয়াহ জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর তার চারপাশের মানুষের কাছ থেকে সহানুভূতির বদলে অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে। একপর্যায়ে বেঁচে থাকার আগ্রহও হারিয়ে ফেলেছিলেন তিনি। ওই চক্রের শিকার হওয়া অন্তত ১৫ জন নারী পরে আত্মহত্যা করেছেন অথবা মাদকের অতিরিক্ত ব্যবহারে মারা গেছেন বলে তার জানা।

তবে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মারিয়াহ। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তার সঙ্গে যোগাযোগ করে। তখন তিনি জানতে পারেন, ওই পর্নোগ্রাফি নির্মাণকারী চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে।

তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভিডিও ধারণে যুক্ত থিওডোর জি ২০২২ সালে চার বছরের কারাদণ্ড পান। ভিডিওতে অংশ নেওয়া নারীদের ওপর নির্যাতনে যুক্ত রুবেন আন্দ্রে গার্সিয়া ২০ বছরের এবং চক্রটির মূল হোতা মাইকেল প্র্যাট ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

আদালতে অন্যান্য ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর মারিয়াহর অভিজ্ঞতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে যায়। এত দিন তিনি নিজেকেই দায়ী মনে করতেন। কিন্তু বুঝতে পারেন, তিনি মূলত প্রতারণা ও জবরদস্তির শিকার হয়েছিলেন।

বর্তমানে দুই সন্তানের মা মারিয়াহ অনলাইনে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করছেন। পাশাপাশি ইন্টারনেটে ছড়িয়ে পড়া অননুমোদিত ও আপত্তিকর ভিডিও সরানোর উদ্যোগেও যুক্ত হয়েছেন। ভুক্তভোগীদের সুরক্ষায় আইন পরিবর্তনের জন্যও কাজ করছেন তিনি।

মারিয়াহর মতে, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কখনোই কাম্য ছিল না। তবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য নারীদের এমন পরিস্থিতি থেকে রক্ষা করতে চান তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় ৩০% এর নিচে পাশের হার থাকা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


ভালুকায় ৩০% এর নিচে পাশের হার থাকা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩০ শতাংশের নিচে পাশের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সকল শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার জন্য উপজেলা প্রশাসন অনুরোধ জানিয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেনের স্বাক্ষরিত একটি চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের এই অনুরোধ জানানো হয়েছে। ইউএনও কার্যালয়ে নিয়মিত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে যথাযথভাবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি অগ্রণী ও সোনালী ব্যাংক পিএলসি-এর ভালুকা শাখার ব্যবস্থাপক, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

উপজেলার শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে ভালুকা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এই চিঠিটি প্রদান করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখতে হবে।

এদিকে, উপজেলা প্রশাসনের এই চিঠিকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহলে বিভিন্ন আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রচলিত এমপিও নীতিমালা অনুযায়ী উপজেলা প্রশাসন শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করার আইনগত এখতিয়ার রাখে কি না, সে বিষয়ে অনেক শিক্ষক প্রশ্ন তুলেছেন।

মাদরাসা শিক্ষক সমিতির ভালুকা উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম সোহেল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া বিধি বহির্ভূত। সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের জানানো উচিত ছিল।

এই বিষয়ে ইউএনও মো. ফিরোজ হোসেন জানান, এটি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বলা হয়েছে এবং পরবর্তীতে ওই বেতন পুনরায় চালু করা সম্ভব। শিক্ষার মান উন্নয়নে উপজেলা প্রশাসন সরাসরি বেতন বন্ধের ব্যবস্থা নিতে পারে কি না, বা বিধি মালা রয়েছে কি-না, সে বিষয়ে জানতে চাইলে, নির্বাহী কর্মকর্তা জানান, এটি বিধির বিষয় নয়, আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।

ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঞা জানান, উপজেলা প্রশাসন থেকে পাঠানো চিঠিটি তারা হাতে পেয়েছেন। নির্দেশনার ভিত্তিতে ৩০ শতাংশের নিচে পাসের হার থাকা উপজেলার মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপজেলার অন্যান্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছেও এই বার্তা পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার মান কিছুটা হলেও উন্নত হবে বলে তিনি আশাবাদী।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কল্যাণ ফোরাম (বাবেশিকফো)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জানান, অনতিবিলম্বে ওই চিঠি প্রত্যাহার করতে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনকে অনুরোধ জানানো হয়েছে। দ্রুত চিঠিটি প্রত্যাহার করা না হলে শিক্ষক সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%