১২:০৬ পি.এম
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের নাম উঠে এসেছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউইয়র্ক সিটি শাখা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
শনিবার সংগঠনটির সম্মেলনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব ২৯১-১২৩ ভোটে পাস হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়নি, তবুও এই সিদ্ধান্তের মাধ্যমে সম্ভাব্য নির্বাচনি প্রচারের প্রস্তুতি নেওয়া এবং তাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করার অঙ্গীকার করেছে সংগঠনটি।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ গতিপথ কোন দিকে যেতে পারে, নিউ ইয়র্কের এই সিদ্ধান্তকে তার প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ভারতে খিদের জ্বালায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল
ডিএসএর নিউ ইয়র্ক সিটি শাখার কো-চেয়ার গুস্তাভো গরদিলো আলজাজিরাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পকে নির্বাচিত করতে পারে, তাহলে আমার মনে হয়, আমরা ডেমোক্রেটিক সোশ্যালিস্টদেরও নির্বাচিত করতে পারব।’ এখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করেন।
মধ্যবর্তী নির্বাচনে ডিএসএর সমর্থন পাওয়া প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্যের পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে সংগঠনটির সমর্থন পাওয়া রেকর্ড আটজন প্রার্থী ফেডারেল পর্যায়ে নির্বাচিত হয়েছেন। আগামী জানুয়ারিতে তারা কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব নেবেন।
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, যিনি এওসি নামে অধিক পরিচিত, দীর্ঘদিন ধরে ডিএসএর নিউইয়র্ক সিটি শাখার সদস্য। সংগঠনটির এই শাখা তার নিজ নির্বাচনি এলাকার শহরজুড়ে কার্যক্রম পরিচালনা করে। প্রায় ১৫ হাজার সদস্যের এই শাখা বর্তমানে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলোর একটি।
গত বছর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে সমর্থন দিয়েছিল সংগঠনটি। ২০১৮ সাল থেকে কংগ্রেস নির্বাচনে ওকাসিও-কর্টেজের পাঁচটি সাধারণ নির্বাচনেই তার পক্ষে অবস্থান নিয়েছে তারা।
আরও পড়ুন: জেনসেন হুয়াংয়ের পাশে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তিনেতারা
নির্বাচনি রাজনীতিতে এই প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউ ইয়র্কের এই শাখা।
সংগঠনটির কো-চেয়ার গ্রেস মাউসার বলেন, ‘আমরা এখন সিটি হলে একজন মেয়র পাঠিয়েছি এবং শহর থেকে তিনজন সোশ্যালিস্টকে নির্বাচিত করেছি। তাই কোনো রাজনীতিক ব্যক্তিগতভাবে ডিএসএকে পছন্দ করুন বা না করুন, আমরা কী বলছি এবং কীভাবে এগোচ্ছি, তা তারা অবশ্যই বিবেচনায় নিচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘বাস্তবতা হলো, শহর, অঙ্গরাজ্য এমনকি পুরো দেশেই আমরা অন্যতম বড় রাজনৈতিক শক্তি।’
নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি ওকাসিও-কর্টেজ ডেমোক্রেটিক পার্টির সদস্য। ২০১৮ সালে কংগ্রেস নির্বাচনে দলীয় প্রাথমিক বাছাইয়ে ১০ মেয়াদে দায়িত্ব পালন করা একজন প্রার্থীকে হারিয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি পান।
আরও পড়ুন: বাহরাইনে সম্ভাব্য হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি
তিনি একজন প্রভাবশালী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি কলেজে বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার মতো নীতির পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন তিনি।
তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রচারের জন্য এখনো জাতীয় পর্যায়ের কোনো পূর্ণাঙ্গ নীতিমালা চূড়ান্ত করেনি ডিএসএ। গ্রেস মাউসার জানিয়েছেন, ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলার সময় যেসব বিষয় সবচেয়ে বেশি উঠে আসে, সেগুলোর ভিত্তিতেই এই নীতিমালা তৈরি করা হবে।
মাউসারের ভাষায়, ‘ভোটারদের কাছে গেলে সবচেয়ে বেশি যে বিষয়গুলো উঠে আসে, সেগুলো হলো আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশুযত্ন। এসবই জীবনযাত্রার ব্যয় সামলানোর সঙ্গে সম্পর্কিত। এগুলোই জাতীয় পর্যায়ের নীতিমালার মূল ভিত্তি হবে।’
প্রস্তাবের লিখিত বিবৃতিতেও বলা হয়েছে, এই নির্বাচনি প্রচার শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পৃক্ত একটি নীতিমালা তৈরির সুযোগ করে দেবে। এতে সরকারি আবাসনব্যবস্থা, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) বন্ধ করা, শ্রমিকদের সংগঠিত করা এবং যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থি আন্দোলনকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় জালিয়াতির স্বীকারোক্তি, সর্বোচ্চ নম্বর ধারীর বিরুদ্ধে তদন্ত শুরু
নিউ ইয়র্কের ডিএসএর এই ভোটের মধ্য দিয়ে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার জন্য যুক্তরাষ্ট্রের বামপন্থিদের চাপ আরও বাড়ল। এর আগে তার সম্ভাব্য প্রার্থিতা ও তাকে সমর্থন দেওয়ার বিষয়ে ডিএসএর জাতীয় পর্যায়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ‘রেডি ফর এওসি’ নামে একটি স্বতন্ত্র প্রচারাভিযানও শুরু হয়েছে।
তবে ওকাসিও-করটেজ এখনো ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এর আগে তিনি বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কিংবা যুক্তরাষ্ট্রের সিনেটের একটি আসনের জন্য লড়াই করার—দুই সম্ভাবনাই এখনো খোলা রয়েছে।
এএম
আরও পড়ুন: জ্বালানি উচ্চমূল্যের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে হাইব্রিড গাড়ির চাহিদা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন