ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো লাগিয়ে উলিপুরের তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা


লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো লাগিয়ে উলিপুরের তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে তিনটি মিষ্টি ও বেকারি প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার অভিযোগে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার কারণে এই জরিমানা করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উলিপুর পৌর শহরে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

অভিযানে বিএসটিআই, রংপুরের পরিদর্শক খন্দকার মো. জামিনুর রহমান প্রসিকিউশন প্রদান করেন।

আরও পড়ুন: বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্বে হাবিবুল্লাহ-মাহফুজ, আংশিক কমিটি ঘোষণা

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— ধরনীবাড়ি এলাকার রাজু বেকারি, জোদ্দারপাড়া এলাকার পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটস এবং কাচারীপাড়া এলাকার পাবনা বনফুল সুইটস।

রাজু বেকারির স্বত্বাধিকারী জাহেদুল ইসলাম রাজুকে ৩০ হাজার, পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটসের স্বত্বাধিকারী রনি মোদককে ৩৫ হাজার এবং পাবনা বনফুল সুইটসের স্বত্বাধিকারী শম্ভুনাথ ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানসংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তিনটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করে পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এ অপরাধের জন্য বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারার বিধান লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ধারায় তাদের জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী এস এম মেহেদী হাসান মন্তব্য করেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, "ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধ ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" ব্যবসায়ীদের আইন মেনে পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসককে আপত্তিকর ভিডিও কল, থানায় ডায়েরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসককে আপত্তিকর ভিডিও কল, থানায় ডায়েরি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপত্তিকর ছবি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ‘N Hasan Hakib’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাকে এ ভিডিও কল করা হয়। এই ঘটনায় নিজের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি ও তার দেয়া বক্তব্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ৪৪ মিনিটের দিকে ০১৩৫০৪৮৯০৩৩ নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল আসে। কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্তে থাকা এক পুরুষের আপত্তিকর ছবি দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কলটি কেটে দেন।

জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের আশঙ্কা, তাকে ব্যক্তিগতভাবে হেনস্তা, সামাজিকভাবে বিব্রত এবং তার সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সিরাজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তিনি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখায় ৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখায় ৮ জন আটক

বান্দরবান, ১৬ নভেম্বর, ২০২৬ : দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছয় বাংলাদেশি নাগরিক এবং তাদের সঙ্গে থাকা দুই স্থানীয় পথপ্রদর্শককে আটক করেছে। আটককৃতদের মধ্যে ম্রো সম্প্রদায়ের দুই সদস্যও রয়েছেন।

রোববার রাত ১১টার দিকে ত্রিদেশীয় সীমান্তের ২৩/৩৪ নম্বর পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) তাদের আটক করে। আটক হওয়া ছয় বাংলাদেশির মধ্যে আছেন—ঝিনাইদহের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান সিহাব (২৮), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩৩), এস ইসলাম সোহেল (৩৮), ভোলার মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬)।

স্থানীয় দুই পথপ্রদর্শক হলেন লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০), যাঁরাও ম্রো সম্প্রদায়ের সদস্য। আজ সোমবার বিকেল ৩টায় রুমা-৯ ব্যাটালিয়নের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।

সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছয় বাংলাদেশি এবং স্থানীয় দুই পথপ্রদর্শক থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় প্রবেশ করেন। পরে তারা সীমান্ত অতিক্রম করে শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন।

তাদের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে আসার পর বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে রাতের বেলায় ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে আটজনকে আটক করেন। পরে তাদের রুমা বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় দুর্গম পাহাড়ে অবস্থান ও রাত্রিযাপন উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাবু সহ বিভিন্ন সরঞ্জাম। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ছয় বাংলাদেশি ও স্থানীয় দুই পথপ্রদর্শককে আটক করা হয়েছে।

তারা কেন সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন এবং কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে কি না, তা পুলিশের তদন্তে বিস্তারিত জানা যাবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহা সহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপালে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


রামপালে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে বাগেরহাটের রামপালে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশটি অনুষ্ঠিত হয় সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ভুইয়ারকান্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

বিএনপি নেতা হায়দার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম, উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বাবলা, সহসাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর জোয়ার্দার, সাধারণ সম্পাদক আল আমিন শেখ, ছাত্রদল নেতা আক্তারুল মোড়ল এবং উপজেলা বিএনপি নেত্রী নীলুফা ইয়াসমিন নীলাসহ স্থানীয় নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়ন সহ্য করার পরও বিএনপির নেতা-কর্মীরা রাজপথ ছাড়েননি। তারা রাজনৈতিক প্রতিহিংসার পথ বেছে না নিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস রেখেছেন। তবে বর্তমানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে আবারও সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।

বক্তারা আরও বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রাম করে অধিকার আদায় করা বিএনপিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। যদি কেউ শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে তা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

তারা আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না, কিন্তু সন্ত্রাস ও নৈরাজ্যের কাছে মাথা নত করবে না। যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ৮ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে বালু ব্যবসার বিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


ময়মনসিংহে ৮ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে বালু ব্যবসার বিরোধ

ময়মনসিংহ নগরের বাড়েরা এলাকায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সুরুজ জামান (৩৫) নামক স্বেচ্ছাসেবক দল নেতা ছুরিকাঘাতে নিহত হওয়ার পর অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদী হাসান (৩১) গণপিটুনিতে নিহত হয়েছেন। পরপর দুই হত্যাকাণ্ড, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য বিরাজ করছে।

স্থানীয় সূত্রের দাবি, বালুর ব্যবসা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, বালু ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্ব, পারিবারিক ও অভ্যন্তরীণ বিরোধসহ একাধিক বিষয় সামনে রেখে তদন্ত চলছে।

গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সুরুজ, যিনি নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মেয়ের সামনেই হামলার শিকার হন। সুরুজ জামান মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ হত্যাকাণ্ডের পর মেহেদী হাসানের নাম সামনে আসে। তিনি একই এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত যুবলীগের নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।

সুরুজ জামানের পরিবারের অভিযোগ, জাহাঙ্গীর আলম ও তাঁর ভাইয়েরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সুরুজ হত্যার পর ক্ষুব্ধ লোকজন মেহেদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে গভীর রাতে মেহেদীকে পিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিমের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে পিটুনি দেন। তবে তাঁকে ঠিক কোথায় পিটুনি দেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মধ্য বাড়েরা এলাকাতেই মেহেদীকে পিটুনি দেওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

নিহত সুরুজ জামানের ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান কাওসার বলেন, বালুর ব্যবসা নিয়ে তাঁর ভাইয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমদের বিরোধ ছিল। কিছুদিন আগে ঝগড়া হলেও স্থানীয়ভাবে তা মীমাংসা করা হয়েছিল। রোববার মেয়েকে নিয়ে বাজার থেকে ফেরার পথে পূর্ববিরোধের জেরে তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় উপযুক্ত বিচার দাবি করেন নোমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ জামান ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি সওদাগর জাহাঙ্গীর আলম একসময় একসঙ্গে এলাকায় বালুর ব্যবসা করতেন। তাঁরা একই গোষ্ঠীর চাচাতো ভাই বলেও জানা গেছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর জাহাঙ্গীর আত্মগোপনে চলে গেলেও সুরুজ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।

সোমবার দুপুরে সরেজমিনে মধ্য বাড়েরা এলাকায় গিয়ে দেখা যায়, সুরুজ জামানের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। সড়কে পড়ে থাকা রক্তের দাগ ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক দেখা যায়।

সুরুজের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে মেহেদীর বাড়িতে গিয়ে দেখা যায়, একতলা পাকা ভবন ও পাশের টিনশেড ঘরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। ঘরের ভেতরে পোড়া আসবাব, মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও ভাঙা থালাবাসন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সুরুজ হত্যার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর স্বজনেরা মেহেদীর বাড়িতে হামলা চালিয়ে আগুন দেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তসাপেক্ষ।

এদিকে সোমবার দুপুরে সুরুজ জামানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেলা দুইটার দিকে মধ্য বাড়েরা নিজামিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল। বিকেল সোয়া ছয়টা পর্যন্ত তাঁর স্বজনদের কেউ মরদেহ নিতে আসেননি।

পুলিশের বক্তব্য

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দুটি ঘটনাই হত্যাকাণ্ড। সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তি পরবর্তী সময়ে পিটুনিতে নিহত হয়েছেন। এর পেছনে বালু ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্ব, দীর্ঘদিনের পারিবারিক ও অভ্যন্তরীণ বিরোধসহ আরও কিছু বিষয় রয়েছে। রাজনৈতিক বিরোধের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অন্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ডিবি, থানা-পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, দুটি হত্যার ঘটনায় সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ও জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এরপর আইনগত প্রক্রিয়ায় তদন্ত এগিয়ে নেওয়া হবে।

মেহেদীকে পুলিশ হেফাজতে নেওয়ার আগেই গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা মরদেহ নিতে না এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সুরুজ জামান হত্যার বিচার দাবি করার পাশাপাশি মেহেদী হাসানের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে। স্থানীয়দের মতে, ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধের জেরে কোনো হত্যাকাণ্ড কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোটিই গ্রহণযোগ্য নয়। দুটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%