০৯:৩২ পি.এম
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করার পর দলের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ। বিশেষ করে তিনি স্পিনারদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন।
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা ১৬টি উইকেট দখল করেছেন, যা বাংলাদেশের স্পিনারদের তুলনায় দ্বিগুণ। সফরকারী দলের স্পিন আক্রমণ তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
চেজ বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বিশেষ প্রশংসা করেছেন। তিনি বলেন, অভিজ্ঞ এই বোলার ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে স্পিন আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন: ৩৪ বছরেই থেমে গেল অলিম্পিয়ান কিয়ারা ম্যাগিয়ানের জীবন
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে চেজ মন্তব্য করেন, “আমাদের মানসম্পন্ন স্পিন আক্রমণ রয়েছে, বিশেষ করে জোমেল ওয়ারিকানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তাকে আমি অনেক বছর ধরে জানি। সে আমার সঙ্গে একই স্কুলে পড়েছে এবং বোলিংয়ে দারুণ দক্ষ।”
তিনি আরও বলেন, “সে ক্রমেই উন্নতি করছে এবং সুযোগ পেলেই নিজের সামর্থ্যরে প্রমাণ দেয়। স্পিন বোলিং ইউনিটের নেতৃত্ব দিয়ে সে আমাদের ভালো করার আত্মবিশ্বাস জোগাচ্ছে।”
বাংলাদেশের রান তোলার গতি নিয়ন্ত্রণে রেখে নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বোলিং করা পেসারদের অবদান নিয়েও সন্তুষ্ট চেজ।
জয়ের পেছনে বাংলাদেশের প্রথম ইনিংসে লিড সীমিত রাখা এবং দ্বিতীয় ইনিংসে দ্রুত চারটি উইকেট তুলে নেওয়ার বিষয়গুলোকে তিনি গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় চ্যাম্পিয়ন্স লিগের দলে নেই রোনালদো
চেজ বলেন, “তাদের বেশি রানের লিড নিতে না দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ, বাংলাদেশে বিশেষ করে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের সময় খুব বেশি রান তাড়া করতে চাইবেন না।”
তিনি বলেন, “আমার মনে হয়েছে, আমরা তাদের চাপে ফেলেছিলাম এবং দ্বিতীয় ইনিংসের শুরুতেই দ্রুত চারটি উইকেট নিয়েছিলাম। আমার মতে, এতে বাংলাদেশের ব্যাটিংয়ের ছন্দপতন হয়।”
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তারা মাত্র ১৪২ রান করতে সক্ষম হয়। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।
চেজের মতে, মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে হলেও লক্ষ্যটি নাগালের মধ্যে ছিল। তাঁর ধারণা, পিচ ব্যাটিংয়ের জন্য ভালো থাকায় লক্ষ্য তাড়া করা সম্ভব হবে।
আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার নতুন চমক মাহলি বিয়ার্ডম্যান
সহজে লক্ষ্য অর্জনের পথ তৈরি করে দেওয়ার জন্য দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিংয়ের প্রশংসাও করেন তিনি।
চেজ বলেন, “আমি শুধু চেয়েছিলাম, ছেলেরা যেন আমাদের ভালো একটা শুরু এনে দেয়। কারণ, লক্ষ্য তাড়া করার সময় শুরুতেই বেশি উইকেট হারালে ড্রেসিংরুমে কিছুটা আতঙ্ক তৈরি হতে পারে।”
শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে কিং অপরাজিত থেকে দারুণ ব্যাটিং করেন।
কিংয়ের ব্যাটিংয়ে বিশেষভাবে সন্তুষ্ট চেজ। তাঁর মতে, পেস বোলিংয়ের বিপক্ষে খেলতেই বেশি অভ্যস্ত এই ডানহাতি ব্যাটার স্পিনের বিপক্ষে অসাধারণ নিয়ন্ত্রণ দেখিয়েছেন। “ব্র্যান্ডন ভালো খেলেছে। স্পিনাররা কখনোই তার ওপর আধিপত্য বিস্তার করছে বলে মনে হয়নি। সে মূলত পেস বোলিং খেলতেই বেশি পছন্দ করে। তাই স্পিনের বিপক্ষে তাকে এভাবে আধিপত্য বিস্তার করতে দেখে আমি খুবই খুশি হয়েছি।”
আরও পড়ুন: মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত প্রত্যাবর্তন
ম্যাচে খারাপ আলো ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার খেলা বন্ধ হওয়ায় হতাশাও প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তাঁর মতে, এসব বিরতি ম্যাচের স্বাভাবিক ছন্দ ব্যহত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন