ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এবারও চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা— যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সিমুলেশনের ফলাফল


এবারও চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা— যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সিমুলেশনের ফলাফল

বিশ্বকাপ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের সিমুলেশনের ফলাফল যদি সত্যি হয়, তবে আর্জেন্টিনা ফুটবল দল ও এর সমর্থকদের জন্য সুখবরই অপেক্ষা করছে। তাহলে টানা দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলবে লিওনেল মেসি বাহিনী।

ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জেমস রিড একটি সিমুলেশন মডেল ব্যবহার করে দেখতে পেয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে আর্জেন্টিনা সবচেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ফ্রান্স এবং স্পেনের মধ্যে ব্যবধান প্রায় নেই বললেই চলে। তাদের ঠিক পেছনেই রয়েছে ব্রাজিল এবং ইংল্যান্ড।

রিড ৪৮ দলের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ১০ হাজার বার সিমুলেট করে প্রতিটি দেশের জয়ের সম্ভাবনা নির্ণয় করেছেন। এই মডেলটি ২০২৩ সালের জানুয়ারি থেকে খেলা সব আন্তর্জাতিক ম্যাচের তথ্য ব্যবহার করে প্রতিটি দেশের আক্রমণ এবং রক্ষণভাগের শক্তি মূল্যায়ন করেছে। এই সময়ে কিছু দেশ মাত্র ৩৬টি ম্যাচ খেলেছে, আবার কিছু দেশ খেলেছে ১০০টি পর্যন্ত।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

মডেলটি এই অসমতা বিবেচনায় নিয়েছে এবং নিরপেক্ষ ভেন্যু ছাড়া অন্য মাঠে খেলা ম্যাচগুলোর জন্য স্বাগতিক দলের সুবিধাও যুক্ত করেছে। এরপর উভয় দলের সম্ভাব্য গোল হিসাব করে একটি পরিসংখ্যানগত বণ্টন ব্যবহার করে ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছে।

সিমুলেশন মডেল নিয়ে রিড বলেন, ‘এই মডেলটি শুধু সাধারণ র‍্যাঙ্কিংয়ের বাইরে গিয়ে প্রতিটি দলের আক্রমণ এবং রক্ষণের শক্তি আলাদাভাবে মূল্যায়ন করে, ফলে অনেক বেশি সমৃদ্ধ এবং বাস্তবসম্মত চিত্র পাওয়া যায়।’

সিমুলেশনের ফলাফল নিয়ে তার বক্তব্য, ‘আর্জেন্টিনা শীর্ষে এসেছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো শীর্ষস্থানগুলোর মধ্যে প্রতিযোগিতা কতটা ঘনিষ্ঠ। তিনি আরও বলেন, ‘ফ্রান্স এবং স্পেনকে মডেল প্রায় আলাদা করতেই পারেনি, আর ইংল্যান্ডও তাদের খুব বেশি পিছিয়ে নেই।’

রিডের ভাষায়, ‘আরেকটি বিষয় স্পষ্টভাবে চোখে পড়ে, তা হলো বিভিন্ন দলের মধ্যে পার্থক্য। জার্মানির রক্ষণভাগের পরিসংখ্যান আগের চক্রগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে দুর্বল, অন্যদিকে পর্তুগালের আক্রমণভাগ পুরো টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী।’

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্যানারি বর্জ্য থেকে তৈরি ফিডে ক্যানসারের ঝুঁকি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


ট্যানারি বর্জ্য থেকে তৈরি ফিডে ক্যানসারের ঝুঁকি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহার করে তৈরি পোলট্রি ও মাছের খাদ্য মানুষের শরীরে ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার এবং কিডনি রোগের মত জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, এ তথ্যটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

নিলোফার চৌধুরী জানতে চান, ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি পোল্ট্রি ও ফিশ ফিড ক্যান্সারসহ জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে কি না। স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘বিষয়টি সম্পূর্ণ সত্য; বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন থেকে এর প্রমাণ পাওয়া যায়।’

মন্ত্রী বলেন, চামড়া প্রক্রিয়াজাতকরণের সময় ক্রোমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু ব্যবহার করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী এসব বিষাক্ত বর্জ্য ব্যবহার করে কম খরচে পোল্ট্রি ও মাছের খাদ্য তৈরি করে থাকে। এ ধরনের খাদ্য খাওয়ানো মুরগির মাংস ও ডিমে বিষাক্ত ‘হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম’ জমা হয়, যা রান্নার তাপেও নষ্ট হয় না। এই মুরগি বা মাছ মানবদেহে প্রবেশ করলে তা থেকে ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার এবং কিডনি নষ্ট হওয়ার মত মারাত্মক জটিল রোগের ঝুঁকি তৈরি হয়।

স্বাস্থ্যমন্ত্রী জনিয়েছেন, ‘এ ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হয়েছে। ২০১৭ সালে হাইকোর্টের নির্দেশের পর হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে স্থানান্তর কার্যকর করা হয়।’

মন্ত্রী জানান, ‘সাভারের চামড়া শিল্পনগরীতে একটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে চামড়াশিল্পের রাসায়নিক বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তা পরিবেশে ছড়িয়ে না পড়ে বা পোলট্রি ফিড তৈরিতে অবৈধভাবে ব্যবহার করা না যায়।’

এ ছাড়াও, হাজারীবাগ ও আশপাশের এলাকায় ট্যানারির বর্জ্য ব্যবহার করে পোলট্রি ও মাছের খাদ্য উৎপাদনকারী অবৈধ কারখানার বিরুদ্ধে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করেছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘এসব অভিযানে অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ট্যানারি বর্জ্য থেকে তৈরি পোলট্রি ফিডের ক্যানসারের ঝুঁকি বৈজ্ঞানিকভাবে একটি প্রমাণিত সত্য। এই স্বাস্থ্যঝুঁকি এড়াতে ট্যানারি স্থানান্তর ও দূষণ রোধে ইতিমধ্যে দৃশ্যমান পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ অবহেলার পর উন্নয়নের আলোয় মহেশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


দীর্ঘ অবহেলার পর উন্নয়নের আলোয় মহেশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

জামালপুর সদর উপজেলার মহেশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। দীর্ঘ পথচলায় শিক্ষা কার্যক্রম চললেও অবকাঠামোগত উন্নয়ন ছিল খুবই সীমিত। ২০০০ সালে একটি একাডেমিক ভবন ও টিনসেড ঘর নির্মাণ করা হলেও দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়ে।
অবশেষে দেখা মিলেছে সংস্কার ও উন্নয়নের। নতুন পরিচালনা কমিটির উদ্যোগে নির্মিত হয়েছে পাকা বাথরুম, চলছে টিনসেড ভবনের সংস্কার কাজ। পাশাপাশি চারতলা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের আশা, চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে মাদ্রাসার শিক্ষা পরিবেশ আরও আধুনিক ও মানসম্মত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন

নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন মামলার আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বুধবার (১০ জুন) প্রধান বিচারপতির সই করা এক আদেশে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত এই বিশেষ বেঞ্চ নারী এবং শিশু নির্যাতন দমন আইন-সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি পরিচালনা করবে।

আদেশে বলা হয়েছে, আদেশ অনুযায়ী, আগামী ১৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে এই বেঞ্চ হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনা শুরু করবে। বেঞ্চটি নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে উদ্ভূত মৃত্যুদণ্ড অনুমোদনের বিষয়, একই রায়ের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি আপিল ও জেল আপিল, এসব আপিল গ্রহণের আবেদন, সংশ্লিষ্ট ফৌজদারি বিবিধ মামলা, ফৌজদারি রিভিশন এবং এ ধরনের বিষয়ে জারি হওয়া রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

এর আগে গত ৭ জুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের একটি প্রস্তাবে সাড়া দিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্তের কথা জানান। এই উদ্যোগের মাধ্যমে আলোচিত মামলাসহ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আপিলগুলো দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করা হয়।

অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, শিশু রামিসা হত্যা এবং ধর্ষণ মামলাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত সব গুরুত্বপূর্ণ মামলার আপিল এই বেঞ্চে শুনানি হবে। এই বেঞ্চ শুধু এ ধরনের মামলার আপিল নিষ্পত্তির জন্যই নিবেদিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন।

তিনি দেশে নতুনভাবে গড়ে তুলতে অর্থনৈতিক সুশৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দেশি-বিদেশি সবার জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, ‘প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা হবে, যেখানে তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারেন এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে।’

আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক ডিসিপ্লিন ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। এরই অংশ হিসেবে সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।’

তিনি সংসদে বাণিজ্য মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরে জানান, 'আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দফতর হতে এখন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ে আমদানি ও রপ্তানি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।'

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে ইতোমধ্যে ‘রপ্তানি নীতি’ হালনাগাদ করা হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা যাতে সহজে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারেন, সে কারণে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ হালনাগাদকরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি উল্লেখ করেছেন, ‘রপ্তানির উদ্দেশ্যে আমদানির ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের অশুল্ক বাধা দূর করার কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ডেড এবং নন-বন্ডেড সকল প্রতিষ্ঠানকে এফওসি ভিত্তিতে আমাদানির সুযোগের আওতা আরো সম্প্রসারিত করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমদানি প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি শিথিল করা হচ্ছে। এখন থেকে সকল আমদানিকারকের জন্য মূল্যসীমা নির্বিশেষে এলসি ব্যতীত সরাসরি চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ রাখা হচ্ছে।’

বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করতে সরকার এক বিশাল কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন, ‘সেবা প্রদানের দক্ষতা বৃদ্ধি ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা কমাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপত্ত (বেজা), পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে একীভূত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, অনেক সময় বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসা স্থানান্তর, শেয়ার বিক্রয় কিংবা ব্যবসা বন্ধ করার পর মূলধন ও অর্জিত লভ্যাংশ নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে জটিলতা ও দীর্ঘসূত্রতার মুখোমুখি হন। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের জন্য পরিবেশ আরো আকর্ষণীয় করতে মূলধন ও বিনিয়োগ প্রত্যাবর্তন প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে গঠিত ‘মূলধন প্রত্যাবর্তন-সংক্রান্ত জাতীয় কমিটি’ বিদ্যমান প্রক্রিয়া পর্যালোচনা করে একগুচ্ছ সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছে যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

একই সঙ্গে বিনিয়োগ কার্যক্রমের সূচনা আরো দ্রুত, সহজ ও পূর্বানুমানযোগ্য করতে সরকার লাইসেন্সিং ও যাবতীয় অনুমোদন প্রক্রিয়ারও ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে সংসদকে आश্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্বের জন্য রাখা হয়েছিল। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল তারকা চিহ্নিত ৫টি প্রশ্ন। এরমধ্যে ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারকা চিহ্নিত তিনটি প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%