০৩:৫৪ পি.এম
রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে ড্রয়ের পর জোসে মরিনিয়ো ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে একটি স্পষ্ট বার্তা প্রদান করেছেন। ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে ঘিরে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের আগ্রহ ক্রমেই বাড়ছে, তবে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনার ইতি টানার চেষ্টা করছেন পর্তুগিজ কোচ।
ভিনিসিউসের চুক্তি নবায়ন নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের গ্রীষ্মে শেষ হবে। এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে আর্সেনাল। ক্লাব কর্তৃপক্ষের ধারণা, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে দলে টানার এটি হতে পারে সেরা সুযোগ।
এমন একটি চুক্তি সম্পন্ন করতে বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে, তবে উত্তর লন্ডনের ক্লাবটি পেছনে নেই। বিভিন্ন প্রতিবেদনে রয়েছে যে, এই ব্রাজিলিয়ানকে দলে আনতে আর্সেনাল তাদের প্রচলিত বেতন কাঠামো ভাঙতে এবং আকর্ষণীয় ইমেজ রাইটস চুক্তির প্রস্তাব দিতেও প্রস্তুত।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
এখনো এসব গুঞ্জনের মাঝেও মরিনিয়ো জানিয়েছেন, ভিনিসিউস খুব শিগগিরই মাদ্রিদে দলের সঙ্গে যোগ দেবেন। বিশ্বকাপে অংশ নেওয়া বেশ কয়েকজন খেলোয়াড় এখনও ছুটিতে থাকলেও তিনি দ্রুত পূর্ণ দলকে একত্রিত করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে স্পেশাল ওয়ান খ্যাত এই পর্তুগিজ কোচ বলেন, 'সব খেলোয়াড়কে এখনও না পাওয়ায় আমি চিন্তিত। আমি চাই অন্তত তিন সপ্তাহ সবাইকে নিয়ে অনুশীলন করতে, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। সোমবার (৩ আগস্ট) ভিনি জুনিয়র, ব্রাহিম এবং বার্নার্দো যোগ দেবে। এরপর ধীরে ধীরে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে খেলা বাকি ফুটবলাররাও ফিরবে। ফাইনাল খেলেছে শুধু কুকুরেয়া।'
গত শনিবার (১ আগস্ট) ওয়ের্থারসি স্টাডিয়ামে ফিওরেন্টিনার বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদে মরিনিয়োর প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচ। এন্দরিক ও একাডেমির তরুণ অ্যালেক্সিস সিরিয়ার গোলে মাদ্রিদ শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে পরে রবার্তো পিকোলি ও মইজে কিন গোল করে ম্যাচে সমতা ফেরান।
ম্যাচ নিয়ে মরিনহো বলেন, 'আমি সবকিছুই পছন্দ করেছি। আজকের মাদ্রিদ সতেজ, ক্লান্ত এবং ভীষণ ক্লান্ত তিনটি রূপই দেখেছি। সতেজ দলটি দারুণ খেলেছে, আর ২-১ স্কোরলাইন তখন খুবই কম মনে হচ্ছিল। প্রথমার্ধে আমরা এত ভালো খেলেছি যে সহজেই ৩ বা ৪-০ ব্যবধানে এগিয়ে থাকতে পারতাম।'
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়
তিনি আরও যোগ করেন, 'দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও শারীরিক লড়াইয়ে পরিণত হয়, যা ইতালিয়ান দলের স্বাভাবিক বৈশিষ্ট্য। এরপর আমরা দেখলাম, মইজে কিন বক্সের মধ্যে দুইজন ১৮ বছর বয়সী ডিফেন্ডারের বিপক্ষে খেলছে। তারা দারুণ খেলেছে এবং উন্নতি করছে, কিন্তু শারীরিকভাবে এখনও কিনের মতো খেলোয়াড়কে সামলানোর পর্যায়ে পৌঁছায়নি। তৃতীয় রূপটি ছিল ভীষণ ক্লান্ত দলের, কিন্তু সেই অবস্থাতেও দল হিসেবে নিজেদের ধরে রেখেছে, ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং আবারও আধিপত্য প্রতিষ্ঠা করেছে।'
ফিওরেন্টিনার বিপক্ষে এই ম্যাচটি নতুন খেলোয়াড় ও একাডেমির তরুণদের নিজেদের প্রমাণ করার সুযোগও ছিল। ডেনজেল ডামফ্রিস ও এন্দরিকের প্রশংসা করে মরিনিয়ো বলেন, 'ডামফ্রিস ও এন্দরিক মাত্র তিন দিন অনুশীলন করেই ৭০ মিনিটের বেশি খেলেছে। এটা অসাধারণ প্রচেষ্টা, যা প্রমাণ করে তারা দলের জন্য সর্বোচ্চটা দিতে প্রস্তুত। জোয়ান ও মারিও ভবিষ্যতের জন্য দারুণ সম্ভাবনাময় দুই তরুণ। ম্যাচ অতিরিক্ত শারীরিক হয়ে ওঠার আগ পর্যন্ত তারা অসাধারণ মানের ফুটবল খেলেছে। তরুণদের এই মান দেখে আমি সত্যিই মুগ্ধ।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন