ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যবিপ্রবিতে শিক্ষাদানের সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষকদের কর্মশালা


যবিপ্রবিতে শিক্ষাদানের সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষকদের কর্মশালা

‘হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট (হিট)’ এবং ‘বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)’ এর যৌথ উদ্যোগে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেল’ এর সহযোগিতায় আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে “এমপাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালাটি রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ৯ম তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, হিট প্রজেক্টের এসপিএমগণ ও দপ্তর প্রধানবৃন্দ এতে অংশগ্রহণ করেন। আইসিটি সেলের পরিচালক ড. এ এফ এম শাহাব উদ্দীন প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. এ এফ এম শাহাব উদ্দীন বলেন, “সীমিত জনবল ও সম্পদ নিয়েও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সর্বোচ্চ দ্রুততা ও সহজভাবে সেবা পৌঁছে দিতে কাজ করছে। হিট প্রকল্প ও বিডিরেনের সহযোগিতায় দ্রুতই পুরো ক্যাম্পাস নেটওয়ার্ক আধুনিকায়ন করা হবে। আমরা কেবল ইন্টারনেট সমস্যা সমাধান নয়; বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ডিজিটাল রূপান্তরের সহযোগী হতে চাই।”

আরও পড়ুন: চবি শিক্ষার্থীদের অনাপত্তি সনদ নিতে মানতে হবে পাঁচ নির্দেশনা

কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বিডিরেন এর জিএম কেএইচ. রাশেদুল আরেফিন। এছাড়াও রিসোর্চ পারসন হিসেবে বক্তব্য রাখেন বিডিরেন এর সিএমও এখলাস উদ্দীন আহমেদ, হিট প্রজেক্টের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খানসহ অন্যান্যরা। তারা ডিজিটাল কন্টেন্ট তৈরি, অনলাইন টিচিং টুলস, স্মার্ট ক্লাসরুম ব্যবস্থাপনা এবং শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকেশ্বরী মন্দিরের দিকে ককটেল নিয়ে যাচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


ঢাকেশ্বরী মন্দিরের দিকে ককটেল নিয়ে যাচ্ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাওয়ার পথে রিকশার গদির নিচে একটি শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।

এই ঘটনা ঘটে রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে, লালবাগের ঢাকেশ্বরী রোডে ইবনে সিনা হাসপাতালের পাশের সড়কে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে একজন হলেন নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত নূর হোসেন মাহিন (২২) এবং অপরজন রিকশাচালক মো. ইমন (২৩)।

লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের সন্দেহভাজন মনে করে আটক করে পুলিশকে খবর দেন। এরপর দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে রিকশার গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে চারটি ককটেল উদ্ধার করে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

লালবাগ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি জানান, আটক দুজন কামরাঙ্গীরচর থেকে একটি রিকশায় করে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ছাত্রদলের নেতাকর্মীরা রিকশাটি থামিয়ে তাদের আটক করেন।

রিকশায় তল্লাশি চালানোর পর গদির নিচে রাখা একটি শপিং ব্যাগ পাওয়া যায়, যার ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় চারটি ককটেল ছিল। রাব্বি অভিযোগ করেন, ঢাকেশ্বরী মন্দিরের দিকে গিয়ে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্য ছিল তাদের।

তিনি আরও জানান, ককটেল উদ্ধারের পরপরই লালবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো জব্দ করে। পরে সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেখানে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক নূর হোসেন মাহিনের বাবার নাম আব্দুল লতিফ এবং তার বাড়ি কামরাঙ্গীরচরের মধ্য ইসলামনগরের ৮ নম্বর গলিতে। তিনি নিষিদ্ধ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অপর আটক ব্যক্তি রিকশাচালক মো. ইমন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন বলেন, লালবাগ থানা ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ওয়াসা প্রতিষ্ঠিত, জারি হলো প্রজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


বগুড়ায় ওয়াসা প্রতিষ্ঠিত, জারি হলো প্রজ্ঞাপন

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরেকটি ধাপ অগ্রগতি ঘটেছে। সরকার বগুড়ায় পৃথক পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) প্রতিষ্ঠা করেছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে বগুড়া শহরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ১৬ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৬ নভেম্বর থেকে বগুড়া সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য ‘বগুড়া পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (বগুড়া ওয়াসা)’ প্রতিষ্ঠা করেছে।

নতুন এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে বগুড়া সিটি করপোরেশন এলাকার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো গঠনের আইনি ভিত্তি তৈরি হলো। এতদিন নগরীর পানি সরবরাহ, পানির মান নিয়ন্ত্রণ, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় বিভিন্ন সরকারি সংস্থার ওপর নির্ভর করতে হতো। ওয়াসা প্রতিষ্ঠার ফলে এসব সেবা একটি বিশেষায়িত কর্তৃপক্ষের অধীনে সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।

তবে শুধুমাত্র গেজেট প্রকাশের মাধ্যমে নাগরিকদের সেবা কার্যক্রম শুরু হচ্ছে না। ওয়াসার কার্যালয় স্থাপন, জনবল নিয়োগ, প্রশাসনিক কাঠামো গঠন, অর্থায়ন এবং উন্নয়ন প্রকল্প গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। এসব কার্যক্রম কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে গেজেটে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই। সরকারের এই উদ্যোগকে বগুড়ার নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার

সম্প্রতি, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী পাকিস্তান সফরে গেছেন, যেখানে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের একজন সদস্য হিসেবে অংশগ্রহণ করছেন। সফরের অংশ হিসেবে, পাকিস্তানের পার্লামেন্ট ভবনে গিয়ে তিনি নিজের দাদা এবং অখণ্ড পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর ছবির পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলেছেন এবং সেটি ফেসবুকে পোস্ট করেছেন। ছবিতে ফজলুল কাদের চৌধুরীর ছবির পাশেই রয়েছে অখণ্ড পাকিস্তানের আরেক সাবেক স্পিকার মৌলভী তমিজউদ্দিন খানের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর, অখণ্ড পাকিস্তানের সংসদীয় ইতিহাসের একটি চমকপ্রদ অধ্যায় নতুন করে সামনে এসেছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত অখণ্ড পাকিস্তানের ২৪ বছরের ইতিহাসে, প্রথম ১ বছর বাদে, বাকি প্রায় পুরো সময় জুড়েই দেশের জাতীয় পরিষদ বা গণপরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চারজন কৃতী বাঙালি সন্তান।

১৯৪৭ সালে দেশভাগের পর প্রথম স্পিকার বা গণপরিষদ সভাপতি ছিলেন ভারতের গুজরাটের সন্তান মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ১ বছর এ পদে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টের শীর্ষ এই পদে আসীন ছিলেন চারজন বাঙালি।

অখণ্ড পাকিস্তানের ৫ স্পিকারের তালিকা

১. মোহাম্মদ আলী জিন্নাহ: ১ মেয়াদে ১ বছর (বাড়ি ভারতের গুজরাটে)

২. মৌলভী তমিজউদ্দিন খান: ২ মেয়াদে ৮ বছর (বাড়ি বাংলাদেশের রাজবাড়ী)

৩. আব্দুল ওহাব খান: ১ মেয়াদে ৩ বছর (বাড়ি বাংলাদেশের বরিশাল)

৪. ফজলুল কাদের চৌধুরী: ১ মেয়াদে ২ বছর (বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম)

৫. আব্দুল জব্বার খান: ১ মেয়াদে ৬ বছর (বাড়ি বাংলাদেশের বরিশাল)

বাঙালি চার স্পিকার ও তাদের বংশধরদের পরিচয় সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো।

মৌলভী তমিজউদ্দিন খান: রাজবাড়ীর এই কৃতী সন্তান মুসলিম লীগের হয়ে দুই মেয়াদে মোট ৮ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন। তাঁর কোনো পুত্রসন্তান ছিল না। তবে, তাঁর মেয়ে উম্মে কুলসুম হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্পর্কে মৌলভী তমিজউদ্দিন খানের নাতনি জামাই।

আব্দুল ওহাব খান: শেরেবাংলা এ কে ফজলুল হকের দল কৃষক প্রজা পার্টির হয়ে ৩ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন বরিশালের সন্তান আব্দুল ওহাব খান। তাঁর সন্তান ফখরুল আমিন খান রাজনীতিতে না এসে যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বিশ্বখ্যাত অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘খান একাডেমি’র প্রতিষ্ঠাতা সালমান খান হলেন ফখরুল আমিন খানের সন্তান এবং স্পিকার আব্দুল ওহাব খানের নাতি।

ফজলুল কাদের চৌধুরী: চট্টগ্রামের এই প্রভাবশালী নেতা কনভেনশন মুসলিম লীগের হয়ে ২ বছর স্পিকার ছিলেন। তাঁর চার ছেলের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আব্দুল জব্বার খান: বরিশালের সন্তান আব্দুল জব্বার খান মুসলিম লীগের হয়ে ৬ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন। তাঁর সন্তানদের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে সুপরিচিত মুখ হলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

#ডব্লিউএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন শেষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন শেষ

বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন শেষ হলো কবি আড্ডা, কবিতা পাঠ এবং জিয়াবাড়ী ও মমইন ইকোপার্ক পরিদর্শনের মাধ্যমে। রবিবার সকালে বকবিরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়ী এলাকায় জিয়াবাড়ি পরিদর্শন করেন, এরপর তারা মমইন ইকোপার্কে যান। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানটি মমইন ইকোপার্কের টিএম এসএস বিনোদন জগৎ মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা লায়ন আতিকুর রহমান মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক বকুল আশরাফ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

সম্মেলনের সঞ্চালনা করেন নাট্যকর্মী রবিউল করিম হৃদয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজমুল হেলাল, এ্যাড পলাশ খন্দকার, কবি সম্পাদক আহমেদ শিপলু এবং কবি সৈকত হাবিব। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফিরোজ শাহ্, কবি সানাউল্লাহ সাগর, কবি তিথি আফরোজ, কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি বেলাল সরকার, কবি সুমন মোহন্ত, কবি জীবন সাহা, কবি শাকিবুল শাকিব, কবি আমিনুল ইসলাম রঞ্জু, বিশ্বজিৎ দাশ, আব্দুর রাজ্জাক বকুল, পিন্টু রহমান, কবি নিরঞ্জন হীরা এবং কবি কমল কুজুর।

এর আগে শনিবার সন্ধ্যায় কবি সম্মেলনের দ্বিতীয় দিনে ০৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬ প্রদান করা হয়। কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক রাহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী মো: বায়েজিদ শেখকে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: রেজাউল করিম বাদশা ত্রেস্ট, উত্তরীয়, সনদপত্র প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%