ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতে হিন্দুদের উৎসবের আবহে এক মাসে ৬৭টি সাম্প্রদায়িক অপরাধ


ভারতে হিন্দুদের উৎসবের আবহে এক মাসে ৬৭টি সাম্প্রদায়িক অপরাধ

অক্টোবর মাসটি ভারতের রাজনৈতিক পরিস্থিতির জন্য ছিল অত্যন্ত উত্তাল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এবং বিরোধী দলগুলো দেশজুড়ে বিক্ষোভ করেছে, অভিযোগ উঠেছে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ভোটারদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার। একই মাসে দেশে দীপাবলি ও দশেরার মতো দুটি বড় উৎসব উদ্‌যাপিত হয়েছে।

তবে উৎসবের আনন্দ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ঘৃণার বিস্তার থেমে থাকেনি। অক্টোবর মাসজুড়ে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ এবং উসকানিমূলক বক্তব্য অব্যাহত ছিল। সিয়াসাত ডটকমের পর্যবেক্ষণে দেখা যায়, ওই মাসে সারা দেশে ৬৭টি ধর্মীয় সংঘাতের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে তেলেঙ্গানাতে ১৩টি ঘটনা ঘটেছে।

এই ৬৭টি ঘটনার মধ্যে অন্তত ৩৭টি মুসলিমদের বিরুদ্ধে, ১২টি দলিতদের বিরুদ্ধে এবং ৫টি খ্রিষ্টানদের বিরুদ্ধে সংঘটিত হয়েছে। হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে ৩টি বিদ্বেষমূলক ঘটনার পাশাপাশি আরও ১০টি ঘটনা শনাক্ত করা হয়েছে, যেগুলো সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি করেছিল।

আরও পড়ুন: আন্তর্জাতিক যাত্রা শেষে ঢাকায় রফিক আজমের ‘ওল্ড ঢাকা - নিউ স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন

মসজিদ ভাঙা, আজান ও দ্বিমুখী নীতি

অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্থানে মসজিদ আংশিক বা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এসব স্থাপনাগুলো অবৈধভাবে দখল করা জমিতে নির্মিত ছিল। একটি ক্ষেত্রে ‘জাতীয় নিরাপত্তার’ অজুহাত দেখানো হয়েছে।

দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ১০০ বছরেরও বেশি পুরোনো ‘রেস কোর্স মসজিদ’টিকে কেন্দ্রীয় সরকার ‘জাতীয় ঝুঁকিপূর্ণ এলাকায়’ অবস্থিত বলে ঘোষণা করার পর সেটি ভেঙে ফেলার মুখে পড়ে। মসজিদের ইমাম মোহাম্মদ হারুন জানান, মসজিদের পানি ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তাঁকে সাত দিনের মধ্যে জায়গা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে দিল্লি হাইকোর্টে বিচারাধীন। উত্তরাখণ্ডে বজরং দলের সমর্থকেরা একটি মসজিদের সংস্কারকাজ বন্ধ করে দেয়, তাদের দাবি ছিল মসজিদটি অবৈধ জমিতে নির্মিত।

এমনকি নামাজের আহ্বান বা আজান দেওয়ার কারণে কারাবরণের ঘটনা ঘটেছে। ১১ অক্টোবর উত্তর প্রদেশের বিজনৌরের একটি মসজিদে জোহরের আজান দিয়েছিলেন মোহাম্মদ ফয়জান নামের এক ব্যক্তি। এ অপরাধে তাঁকে ১৪ দিন জেল খাটতে হয়। স্থানীয় পুলিশ সুপার (এসপি) কৃষাণ কুমার বিষ্ণোই একটি জনসভায় যাওয়ার পথে ওই আজান শুনতে পান। এরপর তিনি পুলিশ সদস্যদের মসজিদটি তল্লাশির নির্দেশ দেন এবং নির্ধারিত মাত্রার চেয়ে জোরে মাইক বাজানোর অভিযোগে লাউডস্পিকারটি জব্দ করা হয়।

আরও পড়ুন: এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা

অথচ অস্ত্র হাতে মিছিলকারীদের ক্ষেত্রে প্রশাসনের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। মধ্যপ্রদেশের দামোহ জেলায় উগ্র হিন্দুত্ববাদী সমর্থকদের একটি বড় দল জামে মসজিদের সামনে জড়ো হয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়, তলোয়ার উঁচিয়ে মহড়া দেয় এবং ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু এ ঘটনায় কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

বয়কটের ডাক ও সরকারি সুবিধা থেকে বঞ্চনা

উৎসবের মৌসুমে মুসলিম ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে বয়কট করার প্রকাশ্য আহ্বানও শোনা গেছে। মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানে হিন্দুদের প্রতি আহ্বান জানান, তারা যেন আতশবাজিসহ দীপাবলির সব কেনাকাটা কেবল হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকেই করে। ক্রেতারা যাতে বিক্রেতাদের চিনতে পারেন, সে জন্য তিনি দোকানদারদের কপালে তিলক পরারও পরামর্শ দেন।

২৭ অক্টোবর বার্তা সংস্থা আইএএনএস-কে রানে বলেন, “আমি হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাব, দীপাবলির কেনাকাটা করার সময় আপনারা কেবল সেইসব দোকানদারের কাছ থেকেই পণ্য কিনবেন, যারা ‘জয় শ্রী রাম’ বলে, কপালে তিলক পরে এবং হনুমান চালিসা বা মহা আরতি পাঠ করতে জানে।”

আরও পড়ুন: বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুসলিম বিচারককে বাড়ি ছাড়ার হুমকির মামলার নির্দেশ

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মুসলিম-বিদ্বেষী শুভেন্দু অধিকারীকে রাজ্য পরিচালনার চেয়ে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ এবং ধর্মান্তরের মতো বিষয়গুলো নিয়েই বেশি সোচ্চার দেখা গেছে। ‘লাভ জিহাদ’ কোনো আইনি পরিভাষা নয়, বরং হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর তৈরি একটি শব্দ—যার মাধ্যমে মিথ্যা প্রচার চালানো হয় যে মুসলিম পুরুষেরা হিন্দু নারীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ধর্মান্তরিত করছে। অধিকারী বলেন, “এই সরকার এখানে কোনো ধরনের দেশবিরোধী কার্যকলাপ বরদাশত করবে না।”

পশ্চিমবঙ্গেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক বিধায়ক তাঁর এলাকার মুসলিম নারীদের সাহায্য করতে সরাসরি অস্বীকৃতি জানান; কারণ হিসেবে তিনি বলেন, ওই নারীরা তাঁকে ভোট দেননি। স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানার কাছে কয়েকজন নারী জানতে গিয়েছিলেন, কেন তাঁরা ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের আওতায় প্রতিশ্রুত মাসে ৩ হাজার রুপি পাচ্ছেন না। ভুক্তভোগী রেশমা বিবি বলেন, “আমরা তাঁর কাছে অন্নপূর্ণার টাকার বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাদের বলেন, আগে হিন্দু নারীরা টাকা পাবেন, মুসলিম নারীরা পাবেন পরে।”

রেশমা বিবি আরও বলেন, “আমরা এতটাই অপমানিত বোধ করেছিলাম যে সেদিন মুখে খাবার তুলতে পারিনি। পুরো পাড়ার মানুষ সেদিন না খেয়ে ছিল।”

অন্যদিকে, মধ্যপ্রদেশের সংসদ সদস্য গজেন্দ্র সিং প্যাটেল হিন্দু তরুণদের বিয়ে করে পাঁচটি করে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, বর্তমানে জন্ম নেওয়া প্রতি চারটি শিশুর মধ্যে মাত্র একটি হিন্দু এবং বাকি তিনটি ‘অন্য সম্প্রদায়ের’—যা স্পষ্টতই মুসলিমদের ইঙ্গিত করে বলা হয়েছে।

আরও পড়ুন: সরস্বতীর ছবি ছেঁড়ার অভিযোগে পশ্চিমবঙ্গে শিক্ষক গ্রেপ্তার

ভোটার তালিকা থেকে নাম ছাঁটাই

ভোটার তালিকা নিয়ে চলমান বিতর্কেও তীব্র সাম্প্রদায়িক রূপ দেখা গেছে। কর্ণাটক ও দিল্লিতে ‘ফর্ম ৭’ (ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনপত্র) ব্যবহার করে গণহারে মুসলিম ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে।

কর্ণাটকের বেলাগাভি উত্তর নির্বাচনী এলাকার বেশ কয়েকজন বুথ-লেভেল অফিসার (বিএলও) জানিয়েছেন, মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য একগুচ্ছ ‘ফর্ম ৭’-এ স্বাক্ষর করতে তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ফর্মগুলোতে ভোটারদের তথ্য আগে থেকেই ছাপানো ছিল, কিন্তু যিনি আপত্তি জানাচ্ছেন তাঁর তথ্য হাতে লেখা ছিল অথবা একেবারেই ফাঁকা রাখা হয়েছিল।

১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বুথ-লেভেল এজেন্ট (বিএলএ) যখন একটি মাত্র বুথে জমা পড়া প্রায় ৩৮০টি নাম বাতিলের আবেদনের মধ্যে নিজের, নিজের ভাইয়ের, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নাম দেখতে পান, তখন এই কারসাজির ব্যাপকতা স্পষ্ট হয়ে ওঠে।

আরও পড়ুন: হুতিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ বন্ধ সম্ভব: সৌদি জোট

দিল্লির মুস্তাফাবাদেও ‘ফর্ম ৭’-এর মাধ্যমে ২৮ জন মুসলিম বাসিন্দাকে মৃত অথবা এলাকা ছেড়ে চলে গেছেন বলে দেখানো হয়েছে, যদিও তাঁরা এখনো আগের ঠিকানাতেই বসবাস করছেন। তাঁদের মধ্যে অন্তত ১৯ জনের কাছে সেখানে বসবাসের বৈধ কাগজপত্র রয়েছে।

দলিত ও খ্রিষ্টানদের ওপর নিপীড়ন

অক্টোবর মাসে দলিতদের বিরুদ্ধে ১২টি এবং খ্রিষ্টানদের বিরুদ্ধে ৫টি অপরাধের ঘটনা নথিভুক্ত করেছে সিয়াসাত ডটকম।

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে খ্রিষ্টানদের ওপর হামলার ঘটনা ধারাবাহিকভাবে বেড়েছে। ১৩ মে থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যটিতে এ ধরনের অন্তত ৬০টি ঘটনা ঘটেছে। সর্বশেষ ২০ অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলায় বজরং দলের কর্মীরা তিনটি খ্রিষ্টান পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ধর্মান্তরিত হতে বাধ্য করে বলে অভিযোগ উঠেছে। পুলিশের কাছে গেলে পরিবারগুলোকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়।

আরও পড়ুন: বেলুচিস্তানে গুলি করে কয়লাখনির ১১ শ্রমিককে হত্যা

খ্রিষ্টান অধ্যুষিত রাজ্য ঝাড়খণ্ডে ফাদার বেনেডিক্ট বারলাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি খুঁটি জেলার আরসি বয়েজ মিডল স্কুলের অধ্যক্ষ ছিলেন এবং সেন্ট মাইকেলস ক্যাথেড্রালের সঙ্গে যুক্ত ছিলেন। ২১ অক্টোবর অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাঁকে হত্যা করে।

তেলেঙ্গানার রাজন্না সিরসিলা জেলায় সৈয়দ জুবাইর (২৮) নামের এক যুবকের মোটরসাইকেলে লিফট নিতে গিয়ে দুঃস্বপ্নের মুখে পড়েন এক আদিবাসী নারী। ওই যুবক তাঁর ফোন নম্বর জোগাড় করে তাঁকে উত্ত্যক্ত করতে শুরু করে এবং বিয়ের জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় সে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়।

তামিলনাড়ুতে জাতপাতের বৈষম্য কেড়ে নিয়েছে এক কিশোরের প্রাণ। শ্রেণিকক্ষে গরুর মাংস খাওয়া নিয়ে আলোচনার জেরে সহপাঠীদের বুলিং ও জাতিগত বিদ্রূপের শিকার হয়ে ১৬ বছর বয়সী এক দলিত কিশোর আত্মহত্যা করেছে। ২১ অক্টোবর সকালে সে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও বাড়ি ফিরে আসে। গৃহকর্মী মা কাজ থেকে ফিরে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। ছেলেটির বাবা স্কুল ও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “ও বড় হয়ে উকিল হতে চেয়েছিল।”

দৈনন্দিন নিষ্ঠুরতার আরও কিছু চিত্র সামনে এসেছে। উত্তর প্রদেশে রানী দেবী নামের এক দলিত নারীকে চিকিৎসা দিতে এক নার্স অস্বীকৃতি জানালে তিনি সরকারি হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে সন্তান প্রসব করতে বাধ্য হন। তাঁর ছোট ভাই ও মা একটি ছোট কাপড় ধরে রেখে কোনোমতে তাঁর আব্রু রক্ষা করেন।

এ ছাড়া ২৯ অক্টোবর ২৫ বছর বয়সী এক দলিত যুবক আত্মহত্যা করেন। তাঁর পরিবারের অভিযোগ, রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (রিমস)-এর কর্মী ও স্থানীয় পুলিশের দুর্ব্যবহারের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।

সামগ্রিক চিত্র

পুরো মাসের ঘটনাপ্রবাহ একত্র করলে একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। মসজিদ ভেঙে ফেলা, উৎসবের সময় মুসলিম ব্যবসায়ীদের বয়কটের ডাক, গোপনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অপচেষ্টা এবং দলিতদের ওপর সহিংসতা—বারবার দোকানপাট, সরকারি দপ্তর, ভোটকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সাধারণ জায়গাগুলো সংখ্যালঘুদের জন্য রুদ্ধ করে দেওয়া হয়েছে।

আর বারবারই এসব ঘটনার পেছনের মূল হোতারা আইনের হাত থেকে পার পেয়ে গেছে, কিংবা তাদের বিরুদ্ধে নামমাত্র ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে খতমে নবুওয়ত সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


দিনাজপুরে খতমে নবুওয়ত সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরে আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া খতমে নবুওয়ত সম্মেলনকে সফল করার লক্ষ্যে জরুরি প্রস্তুতি সভা আয়োজন করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত। সম্মেলনে ব্যাপক জনসমাগম নিশ্চিত করার জন্য প্রচারণা, মাঠ প্রস্তুতি এবং দাওয়াতি কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন আয়োজকরা।

রোববার (২৯ নভেম্বর) বাদ মাগরিব, দিনাজপুর শহরের জেল রোড মাদরাসায় সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক মাওলানা মতিউর রহমান কাসেমী।

সভায় জেলা শাখার সদস্য সচিব মাওলানা সোহরাব হোসেন, মাওলানা ফরহাদ আলম, মাওলানা শোওয়াইব, মাওলানা শওকত আলী, মাওলানা শাহজালাল, মুফতি খায়রুজ্জামান, মুফতি ফয়সাল রশিদী, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা ওমর ফারুকসহ শতাধিক স্থানীয় আলেম উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মতিউর রহমান কাসেমী উল্লেখ করেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষা করা প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব। তিনি বলেন, কাদিয়ানীদের অবস্থান স্পষ্ট করার দাবি জানানোর অধিকার সংবিধান দিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর গোর-এ-শহীদ ময়দানের সম্মেলন সফল করতে সকল স্তরের আলেম ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা সম্মেলন সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, সম্মেলনস্থল প্রস্তুত এবং দাওয়াতি কার্যক্রমসহ সার্বিক প্রস্তুতি জোরদারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আগামী ১৩ ডিসেম্বর দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমপিতে নতুন দায়িত্বে ছয় ডিসি, প্রজ্ঞাপন জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


সিএমপিতে নতুন দায়িত্বে ছয় ডিসি, প্রজ্ঞাপন জারি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পর্যায়ের ছয়টি পদে পরিবর্তন আনা হয়েছে। নতুনভাবে বিভিন্ন বিভাগ ও ইউনিটে এসব কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

রোববার সিএমপি হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ বদলির নির্দেশনা প্রদান করা হয়। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. আরেফিন জুয়েলকে উপ-পুলিশ কমিশনার (উত্তর) হিসেবে, নিষ্কৃতি চাকমাকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (বন্দর) হিসেবে, মো. আলমগীর হোসেনকে উপ-পুলিশ কমিশনার (বন্দর) হিসেবে, মোহাম্মদ আবু বকর সিদ্দিককে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হিসেবে, মো. হাসান মোস্তফা স্বপনকে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) হিসেবে এবং মো. আমিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) শাখায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে অভিযান: আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও জিম্মি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


সুন্দরবনে অভিযান: আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও জিম্মি উদ্ধার

সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোস্ট গার্ডের পৃথক অভিযানে কুখ্যাত দস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করা হয়েছে। এ অভিযানের সময় দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়, এবং দস্যুদের হাতে জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লেফটেন্যান্ট এম এইচ রিফাত এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুন্দরবনে বনদস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আসাবুর বাহিনী এক জেলেকে জিম্মি করে রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি কাঠের নৌকা ও জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল বনের গহিনে পালিয়ে যায়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ নভেম্বর) মধ্যরাত ১টায় দাকোপের মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টা করার সময় আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। আটক আসাবুর সানা খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এর আগে ২০২৪ সালের ১২ নভেম্বরেও আসাবুরকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল; পরে জামিনে মুক্তি পেয়ে সে আবারও সুন্দরবনে দস্যুতা শুরু করে।

অন্যদিকে, শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকির নিয়মিত টহল চলাকালে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। সে সময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ডাকাত দল শনাক্ত করা সম্ভব হয়নি। জব্দকৃত নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লেফটেন্যান্ট এম এইচ রিফাত বলেন, “সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


নাটোরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

নাটোর, ২৯ নভেম্বর ২০২৬ : জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ নলডাঙ্গা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এই নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

জেলা তথ্য অফিসার মো. আ. আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজেদুর রহমান।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত অগ্রাধিকারমূলক পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচী, ধর্মীয় নেতাদের প্রদত্ত মাসিক সম্মানী ভাতা, নতুন কুঁড়ি স্পোর্টস ইত্যাদি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এসব কর্মসূচীর সুফল সম্পর্কেও ধারণা প্রদান করা হয়।

এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার নীতি অনুসরণ, নিরাপদ খাদ্য গ্রহণ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, গ্রাম আদালত ও লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%