বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫১ পি.এম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইরান যুদ্ধের প্রেক্ষাপট সত্ত্বেও, রাতের বেলা একা হাঁটার জন্য বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে সউদী আরব এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো নিজেদের অবস্থান ধরে রেখেছে। বুধবার প্রকাশিত একটি বৈশ্বিক নিরাপত্তা জরিপ প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।
গ্যালাপের গ্লোবাল সেফটি রিপোর্ট অনুযায়ী, রাতের বেলা একা হাঁটার ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার সূচকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শীর্ষ অবস্থানে রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আমিরাতের এই জরিপটি ইরান যুদ্ধ শুরুর পূর্বে সম্পন্ন হয়েছিল। এছাড়া, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) অন্যান্য দেশগুলোও শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। অঞ্চলটির সাম্প্রতিক অস্থিরতার মধ্যে উপসাগরীয় দেশগুলোর এই উচ্চ অবস্থানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছে গ্যালাপ।
জরিপের স্কোর ও আইনশৃঙ্খলা সূচকে, আমিরাত ১০০-এর মধ্যে ৯৫ পয়েন্ট পেয়ে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে, যার শীর্ষে রয়েছে তাজিকিস্তান (৯৬ পয়েন্ট)। বাহরাইন ৯৩ পয়েন্ট অর্জন করেছে এবং কুয়েত ও সৌদি আরব প্রত্যেকে ৯২ পয়েন্ট পেয়েছে। আরব বিশ্বের অন্যান্য দেশের মধ্যে জর্ডান ৮৮, মিসর ও ইরাক ৮৬, আলজেরিয়া ৮৫, লিবিয়া ৮৩, তিউনিসিয়া ৮১ এবং মরক্কো ৮০ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে, লেবানন ৭৫ এবং ফিলিস্তিন ৭৩ পয়েন্ট পেয়ে তুলনামূলক নিচে অবস্থান করছে।
ইরান যুদ্ধ শুরুর পর ২০২৬ সালে পরিচালিত গ্যালাপের পৃথক জরিপগুলোতেও উপসাগরীয় অঞ্চলে ব্যক্তিগত নিরাপত্তাবোধ অত্যন্ত উচ্চমাত্রায় দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অন্তত প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৯ জনই রাতের বেলা একা হাঁটার ক্ষেত্রে নিজেদের নিরাপদ মনে করেন। সূত্র: আরব নিউজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন ইয়াসিন ফরাজী। দীর্ঘ ৮ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। প্রিয়জনকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
পরিবার সূত্রে জানা যায়, ইয়াসিন ফরাজী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য প্রায় এক মাস আগে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে যাত্রাবাড়ীর কাজলা এলাকার বউ বাজারে মেয়ের বাসায় রেখে তাঁর চিকিৎসা চলছিল।
প্রতিদিন সকাল ও বিকেলে বাসার সামনের একটি দোকানে চা পান করতে যেতেন ইয়াসিন ফরাজী। চা পান শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই আবার বাসায় ফিরে আসতেন তিনি। কিন্তু গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে বউ বাজার এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এরপর আর বাসায় ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই আত্মীয়স্বজন ও পরিচিতজনদের পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় তাঁকে খুঁজে বেড়াচ্ছেন তাঁরা। কিন্তু দীর্ঘ ৮ দিন পার হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ হওয়ার সময় ইয়াসিন ফরাজীর পরনে ছিল লুঙ্গি এবং গায়ে ছিল জলপাই রঙের পাঞ্জাবি। তাঁর শারীরিক ও মানসিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাঁকে কোথাও দেখে থাকেন কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে দয়া করে নিচে দেওয়া যোগাযোগ নম্বরগুলোতে ফোন করে জানানোর অনুরোধ রইল।
একটি মানুষের সন্ধান তাঁর পরিবারের কাছে অনেক বড় পাওয়া। আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো ইয়াসিন ফরাজী ফিরে পেতে পারেন তাঁর প্রিয়জনদের। তাই মানবিক দিক বিবেচনা করে সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ ইয়াসিন ফরাজীর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগের নাম্বর:01714700954:01813648971
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে নুর মোহাম্মদ সাদ্দাম দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, উপজেলা যুবদলের সাংগঠনিক সব সিদ্ধান্ত আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে গৃহীত হবে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেঘনা ব্যাংক পিএলসির ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা বিশেষ ছাড়ের সুবিধা পাবেন কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের বিভিন্ন সেবায়। এছাড়া, পরিবারসহ ফ্যান্টাসি কিংডম ও ফয়েজ লেক রিসোর্টে থাকার ক্ষেত্রেও তারা ছাড় উপভোগ করবেন।
সম্প্রতি, মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, মেঘনা ব্যাংকের কার্ডধারীরা কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেড থেকে ডিজাইন কনসালটেন্সি ও বাস্তবায়ন সেবায় বিশেষ অফার গ্রহণ করতে পারবেন। তাছাড়া, ফ্যান্টাসি কিংডম ও ফয়েজ লেক রিসোর্টে পরিবারসহ অবস্থানের ক্ষেত্রে তারা বিশেষ ছাড় পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসির হেড অব রিটেইল ব্যাংকিং সামিউল কবির এবং কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মো. নাজমুল ইসলাম (তানিম), যারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের হেড অব কার্ডস মোকসেদুর রহমান, হেড অব কার্ড অ্যালায়েন্স অ্যান্ড সেলস গভর্ন্যান্স ফখরুল ইসলাম জুয়েল এবং কনকর্ডের সিনিয়র এক্সিকিউটিভ-ব্র্যান্ড মার্কেটিং মো. মাজাহার আলী হিমুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ১৯ নভেম্বর, ২০২৬ : পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে।
গতকাল বুধবার রাতে, তাকে সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার, যখন তাকে আদালতে হাজির করা হয়, বিচারক নির্দেশ দেন তাকে কারাগারে পাঠানোর জন্য।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী বাসসকে জানিয়েছেন, বুধবার রাত ১০টার দিকে পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালিয়ে মোল্লা আকরাম হোসেনকে সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।
মোল্লা আকরাম হোসেনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় নাশকতা মামলা রয়েছে। আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ