বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:০৫ পি.এম
‘পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো, সৃজনশীল ও আদর্শ মানুষ হবো’ এই দীপ্ত প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলে আড়ম্বরপূর্ণ পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শিক্ষা মেলা-২০২৬’। মেলায় প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ইসলামিক শিক্ষা ও সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয়ের ওপর নির্মিত প্রায় ১ হাজার ৫০০টি আকর্ষণীয় প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য এই শিক্ষা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। এই দুই দিনব্যাপী আয়োজিত মেলা ১৬ ও ১৭ সেপ্টেম্বর দিনভর চলবে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নুরুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কেবল চারদেয়ালের পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক ও সৃজনশীল শিক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করতে এ ধরনের শিক্ষা মেলার গুরুত্ব অপরিসীম। প্রকল্পভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের মুক্ত চিন্তাশক্তি, উদ্ভাবনী ক্ষমতা ও বাস্তব জ্ঞান বৃদ্ধিতে বিশেষ সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি নিজেদের সুপ্ত মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আকুল আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো, শ্রেণিকক্ষের অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করা এবং হাতে-কলমে শেখার মাধ্যমে অর্জিত বিদ্যাকে ফলপ্রসূ ও টেকসই করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, বিজ্ঞানভিত্তিক রকমারি উদ্ভাবনী প্রকল্পের পাশাপাশি ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানভিত্তিক চেতনা প্রকল্প, আইসিটি কর্নার ও ইসলামিক কর্নার সহ বহুমুখী বিষয়ে শিক্ষার্থীদের তৈরি নানন্দিক প্রকল্প শোভা পাচ্ছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা আগত দর্শনার্থী ও অতিথিদের সামনে তাদের নিজ হাতে তৈরি প্রকল্পের কার্যকারিতা ও উদ্দেশ্য সাবলীলভাবে তুলে ধরছে। শিক্ষক ও অভিভাবকরাও ঘুরে ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবন দেখছেন এবং তাদের উৎসাহ জোগাচ্ছেন।
এদিকে শিক্ষা মেলাকে কেন্দ্র করে সমগ্র স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মেলা দেখতে হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজের বিশিষ্টজন ও সর্বস্তরের সাধারণ দর্শনার্থীর বিপুল সমাগম ঘটছে।
মেলার মূল উদ্দেশ্য তুলে ধরে আয়োজকরা জানান, প্রথাগত পুস্তকনির্ভর শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। হাতে-কলমে প্রকল্প তৈরির মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার দুর্লভ সুযোগ পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে তাঁর একাডেমিক পরিচয়ও অত্যন্ত আকর্ষণীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি পডকাস্টে তিনি নিজের উচ্চশিক্ষার বিষয় বেছে নেওয়ার পেছনের গল্প শেয়ার করেছেন।
মিথিলা জানিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান পড়ার সিদ্ধান্তটি খুব একটা পরিকল্পিত ছিল না। বরং ছোটবেলায় মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাতায়াতের স্মৃতিই অবচেতনভাবে তাঁকে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করেছিল।
তিনি বলেন, এসএসসি ও এইচএসসি—দুটিই তিনি বিজ্ঞান বিভাগ থেকে সম্পন্ন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে পড়ার সিদ্ধান্ত নেন।
মিথিলা বলেন, ‘আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। অনার্স এবং মাস্টার্স দুটোই।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছেটা তাঁর মধ্যে অনেক আগে থেকেই তৈরি হয়েছিল।
ছোটবেলায় মায়ের সঙ্গে কলাভবনে যাওয়ার স্মৃতির কথা উল্লেখ করে মিথিলা বলেন, ‘আমার ধারণা, অবচেতন মনে আমার ভেতরে একটা ভালোবাসা ছিল ওই জায়গাটার প্রতি। সেখান থেকে আমি ভাবলাম যে, না ঠিক আছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব। কিন্তু যদি পড়ি তাহলে আমি কলাভবনেই পড়ব। অন্য কোনো ডিপার্টমেন্টে পড়ব না।’
তবে কলাভবনে গিয়ে বেশ বিপাকে পড়েছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিথিলা। কারণ সেখানে গিয়ে কোন বিষয় বেছে নেবেন, সে সম্পর্কে তাঁর তেমন ধারণা ছিল না।
মিথিলা বলেন, ‘সায়েন্সের মানে ম্যাথস, ফিজিকস, কেমিস্ট্রি এসব বিষয় পড়ে আমার অভ্যাস। সেখানে (কলা ভবন) যাওয়ার পর যখন আমাকে বিভিন্ন ধরনের বিষয় বলা হচ্ছিল, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইকোনমিকস—আমি কিছুই বুঝতে পারছিলাম না।’
মিথিলার পরিবারে তিনিই ছিলেন তার প্রজন্মের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ফলে বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় পড়া উচিত, সে বিষয়ে তাঁকে পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞতাও পরিবারের কাছাকাছি ছিল না। শেষ পর্যন্ত ভর্তি সাক্ষাৎকারের সময় রাষ্ট্রবিজ্ঞান পড়ার পরামর্শ পান তিনি। খুব বেশি না ভেবেই সেই বিষয়টিই বেছে নেন।
মিথিলার ভাষায়, “ইন্টারভিউয়ের সময় আমাকে বলল, ‘তুমি রাষ্ট্রবিজ্ঞান না?’ আমি বললাম, ঠিক আছে। তার মধ্যে বিজ্ঞান তো আছে। সে রকমভাবে কিছু জেনে বুঝে আমি আমার বিষয়টা নির্বাচন করতে পারিনি আসলে।”
এভাবেই অনেকটা আকস্মিক সিদ্ধান্তে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন মিথিলা। পরে সেই বিষয়েই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারের অভ্যন্তরীণ ঋণ প্রথমবারের মতো সাড়ে ১১ লাখ কোটি টাকার সীমা অতিক্রম করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের শেষে সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকায় পৌঁছেছে। এক বছরের মধ্যে ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪–২৫ অর্থবছরে সরকারের পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল ১০ লাখ ২২ হাজার কোটি টাকা।
প্রতিবেদনটি জানায়, গত অর্থবছরে ব্যাংকব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং সঞ্চয়পত্র থেকে সরকার মোট ১ লাখ ৩১ হাজার ৯০৪ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে। এ সময় সরকারের অভ্যন্তরীণ ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। তবে সরকার লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৯০৪ কোটি টাকা বেশি ঋণ গ্রহণ করেছে। এর ফলে অর্থবছরের শেষে সরকারের পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণ একটি রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়।
গত অর্থবছরে ব্যাংকব্যবস্থা থেকে সরকার ১ লাখ ৩১ হাজার ৭১৩ কোটি টাকা ঋণ নিয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ৭৭ হাজার ১০৮ কোটি টাকা। অন্যদিকে, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল ১৯২ কোটি টাকা। আগের অর্থবছরে এই খাত থেকে সরকারের নিট ঋণ ছিল ৪২ হাজার ২৫৯ কোটি টাকা।
এছাড়া, বিদেশি ঋণের স্থিতিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের অপর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গত মার্চের শেষে সরকারের বিদেশি ঋণের স্থিতি ৯১ বিলিয়ন বা ৯ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৫ টাকা ধরে হিসাব করলে, দেশের মুদ্রায় সরকারের বিদেশি ঋণের স্থিতি ১১ লাখ ৩৭ হাজার কোটি টাকার বেশি। সরকারের বিদেশি ঋণের জুন পর্যন্ত সর্বশেষ হিসাব এখনো প্রকাশিত হয়নি, ফলে গত অর্থবছরের শেষে বিদেশি ঋণের স্থিতি কেমন ছিল তা জানা যায়নি।
তবে মার্চ পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি বিবেচনায়, সরকারের দেশি ও বিদেশি ঋণের স্থিতি প্রায় সমান। দেশি ও বিদেশি ঋণ মিলিয়ে সরকারের ওপর এখন প্রায় ২৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। ঋণের পরিমাণ যত বাড়ছে, ঋণের সুদের চাপও তত বৃদ্ধি পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ট্রফি বিতর্কের প্রেক্ষাপটে সাবেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ ইউসুফ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
গত রোববার, ভারত ছেলেদের পর মেয়েদের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করলেও, ভারত মহসিন নাকভির পাকিস্তানি হওয়ার কারণে তার কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। দুই দেশের মধ্যে চলমান শত্রুতার চিহ্ন গত মেয়েদের টুর্নামেন্টেও দেখা গেছে। হারমানপ্রীত কৌরের দলেরও একই আচরণ লক্ষ্য করা গেছে।
ফাইনাল শেষ হওয়ার পর ভারতীয় খেলোয়াড়রা মাঠে আসেননি। নাকভি পুরস্কার বিতরণের মঞ্চে দীর্ঘ সময় অপেক্ষার পর শ্রীলঙ্কাকে রানার্সআপ মেডেল ও চেক প্রদান করে মাঠ ত্যাগ করেন।
এই ঘটনার পর ইউসুফ পিসিবি ও এসিসি প্রধানের মধ্যে কোনো সমস্যা দেখছেন না। মঙ্গলবার এক্স-এ একটি পোস্টের মাধ্যমে সাবেক এই ব্যাটার তার মতামত প্রকাশ করেন। তিনি ভারতের বিরুদ্ধে ‘ঔদ্ধত্যের’ অভিযোগ তুলেছেন।
ইউসুফ ভারতীয়দের মধ্যে বিনয়ের অভাব লক্ষ্য করেছেন। তিনি পোস্টে উল্লেখ করেছেন, ‘যখন জাতীয় গর্ব ঔদ্ধত্যে পরিণত হয়, বিজয় তখন পুরস্কার বা সম্মান এনে দেয় না। একটি দল হয়তো জিততে পারে, কিন্তু যে জাতির মাঝে বিনয় নেই, তারা পরাজিতই থেকে যায়! ট্রফি নয়, তাদের মাথা থাকে পায়ের তলায়। ভালো করেছেন মহসিন নাকভি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের রাজস্থানের জয়পুরের একটি মন্দিরে বিয়ের পথে বাধা দূর করার উদ্দেশ্যে এবং মনের মতো জীবনসঙ্গী পাওয়ার আশায় বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটেছে। মন্দিরে বিশেষভাবে প্রদান করা মেহেদি সংগ্রহের জন্য কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের আগেই মেহেদি বিতরণ শুরু করতে হয়।
গত ১৩ সেপ্টেম্বর সিনজারা উৎসব উপলক্ষে জয়পুরের বিখ্যাত মোতি ডুংরি গণেশ মন্দিরে এই বিশাল ভিড় দেখা যায়।
বিশ্বাস করা হয়, যাদের বিয়েতে বিভিন্ন ধরনের বাধা রয়েছে, তারা মন্দিরে মেহেদি নিবেদন করেন। পরে সেই মেহেদি হাতে লাগিয়ে নেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এভাবে মেহেদি ব্যবহারের পর এক বছরের মধ্যে উপযুক্ত জীবনসঙ্গী পাওয়া যায়।
একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জানানো হয়েছে, মাত্র তিন ঘণ্টায় প্রায় ৩ হাজার ৫০০ কেজি মেহেদি বিতরণ করা হয়েছে। মেহেদি সংগ্রহ করতে দিল্লি, চণ্ডীগড়সহ বিভিন্ন শহর থেকে ভক্তরা মন্দিরে আসেন। কেউ কেউ আগের রাতেই মন্দির এলাকায় পৌঁছে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মন্দিরের বাইরে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও দীর্ঘ সারি। ভিড়ের কারণে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
মন্দির প্রাঙ্গণে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে জানা গেছে। এ সময় মহারাষ্ট্র থেকে আসা এক নারী ভক্ত ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন রসিকতা করে মন্তব্য করেন, "সালমান খান কোথায়?" আরেকজন লিখেছেন, "এত মানুষ অবিবাহিত থাকা সত্ত্বেও আমাদের দেশের জনসংখ্যা হু হু করে বাড়ছে।"
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
তালাশ বিডি/মিডিয়া লিঃ