ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৫৬


হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৫৬

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ৯৭৩ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জন।

আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৪ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২ জন।

গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৭৪ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের সাংবাদিকতা করার অনুমতি নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা নিয়ে ‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে চীনে ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


বন্যা নিয়ে ‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে চীনে ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা

চীনের নেপাল সীমান্তসংলগ্ন তিব্বত অঞ্চলে গত সপ্তাহে ভয়াবহ বন্যার পর অনলাইনে ‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে অন্তত ১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

চীনা কর্তৃপক্ষের দাবি, এসব ব্যক্তি বন্যায় হতাহত ও নিখোঁজের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছিলেন।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের সাম্প্রতিক ‘সাইবারস্পেস ক্লিনআপ’ অভিযানের আওতায় এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের লক্ষ্য ছিল এমন ব্যক্তিদের শনাক্ত করা, যারা দুর্যোগ নিয়ে ‘মিথ্যা তথ্য তৈরি ও প্রচার করে জনগণকে বিভ্রান্ত’ করছিলেন।

কর্তৃপক্ষের তথ্যমতে, অভিযুক্তদের মধ্যে ১০ জনকে প্রশাসনিক শাস্তি দেওয়া হয়েছে। তবে কী ধরনের প্রশাসনিক শাস্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের ছড়ানো কথিত ভুয়া তথ্যের কয়েকটি উদাহরণও তুলে ধরা হয়েছে। এসব তথ্যের বেশির ভাগই ছিল তিব্বতের দুর্যোগকবলিত গিরং বন্দর এলাকায় মৃত ও নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে অনুমান এবং সরকারি হিসাবের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ দাবি।

এর মধ্যে একটি দাবিতে সরকারি হিসাবে প্রকাশিত সংখ্যার তুলনায় মৃত ও নিখোঁজের সংখ্যা অনেক বেশি বলে উল্লেখ করা হয়েছিল। চীনা কর্তৃপক্ষ এটিকেও মিথ্যা তথ্যের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

সরকারি হিসাবে চীনে নিহত ১৬, নিখোঁজ ৫৪৬
রবিবার প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, তিব্বতের গিরং বন্দর এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছে।

বন্যায় নেপাল সীমান্তের গুরুত্বপূর্ণ এই বন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি এবং যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।

এদিকে, সোমবার পৃথক এক বিবৃতিতে তিব্বতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শাননানের পুলিশ জানিয়েছে, বন্যায় হতাহতের সংখ্যা নিয়ে অনলাইনে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগে আরও দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল।

শাননান পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি পরে কথিত মিথ্যা তথ্যসংবলিত পোস্টগুলো মুছে ফেলেছেন। তবে পোস্টগুলোতে ঠিক কী ধরনের তথ্য দেওয়া হয়েছিল, তা পরিষ্কার করা হয়নি।

দুর্যোগের পর তথ্য নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন
প্রাকৃতিক দুর্যোগের পর বিশ্বজুড়েই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুল তথ্য ও অতিরঞ্জিত দাবির বিস্তার দেখা যায়। অনেক ক্ষেত্রে এসব তথ্য উদ্ধার তৎপরতাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং সরকারের প্রতি জনঅসন্তোষ বাড়িয়ে দিতে পারে।

তবে চীনে অনলাইন তথ্য নিয়ন্ত্রণের বিষয়টি দীর্ঘদিন ধরেই কঠোর। দেশটির সরকার ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্টের ওপর ব্যাপক নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রাখে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা সংকটের সময় এই নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়।

সাম্প্রতিক বন্যার ক্ষেত্রেও এমন পদক্ষেপের নজির দেখা গেছে। কর্তৃপক্ষ গিরং বন্দরে বন্যার পানিতে একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্যসংবলিত ভিডিও সরিয়ে দিয়েছে বলে জানা গেছে।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত বা নিখোঁজ ব্যক্তিদের পরিবারের জন্য হটলাইনও চালু করা হয় রবিবার—দুর্যোগের কয়েক দিন পর।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে মূলত উদ্ধার তৎপরতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল পৌঁছাতে কী অগ্রগতি হচ্ছে, সে বিষয়ে নিয়মিত আপডেট প্রকাশ করা হচ্ছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দুর্গম অবস্থান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং যোগাযোগব্যবস্থায় বিঘ্নের কারণে প্রকৃত ক্ষয়ক্ষতি ও নিখোঁজের সংখ্যা নিরূপণ এখনও একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

উল্লেখ্য, আকস্মিক এই বন্যার ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত নেপালে নিহত হয়েছে ৯০৩ জন। আর নিখোঁজ রয়েছে চার হাজার ২৪৭ জন। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইপিইউ প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ সংসদীয় কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখেছেন: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


আইপিইউ প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ সংসদীয় কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখেছেন: চিফ হুইপ

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সরকার ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, গত দু’টি অধিবেশনে সরকার ও বিরোধী দল যেভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংসদীয় কার্যক্রম পরিচালনা করেছে, তা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। সংসদে ভিন্নমত থাকা গণতন্ত্রের সৌন্দর্য এবং সেই ভিন্নমতের ভিত্তিতেই দেশের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ সম্ভব।

আজ জাতীয় সংসদে সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ক্রিস্টিনা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের চর্চায় সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের যে পরিবেশ তৈরি হয়েছে, আইপিইউ প্রতিনিধিরা সেটি ইতিবাচকভাবে দেখেছেন। সংসদের সাম্প্রতিক কার্যক্রমে সরকার ও বিরোধী দল একসঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের যে চেষ্টা করছে, সেটিও তারা প্রশংসা করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং বিরোধীদলীয় নেতার পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং কোলাকুলির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধা সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।

চিফ হুইপ বলেন, সংসদীয় কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলের সঙ্গে মতপার্থক্য থাকলেও আলোচনার পথ খোলা রয়েছে। প্রয়োজন হলে সংসদের অধিবেশনের মেয়াদ একদিন বাড়িয়েও সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। বিরোধী দল তাদের প্রস্তাব দিলে বিষয়টি নিয়ে আরও আলোচনা করা হবে।

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, নতুন করে সংবিধান লেখা নয়, বরং জুলাই সনদে যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো বিদ্যমান সংবিধানের সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করার পক্ষেই বিএনপি। প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুই মেয়াদ বা ১০ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের মতো বিষয় সংবিধানেই অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদে যেসব সংস্কারের প্রস্তাব রয়েছে, সেগুলো বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন। সংবিধানের কোনো বিধান বাতিল বা সংশোধন করতে হলে সেটিও সংবিধান সংশোধনের মাধ্যমেই করতে হবে।

৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, যুদ্ধকালীন পরিস্থিতি বা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের মতো মৌলিক কয়েকটি বিষয় ছাড়া অনুচ্ছেদটি বাতিল করার প্রত্যাশা রয়েছে। জুলাই সনদের আলোকে এ বিষয়ে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

চিফ হুইপ বলেন, সংসদে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। কেউ কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করলে সেই মতের প্রতি সম্মান দেখানো এবং নিজের মত তুলে ধরার সুযোগ নিশ্চিত করাই গণতন্ত্রের মূল কথা। আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হলে তা করা হবে। আর সমঝোতা না হলেও সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি বলেন, ‘আমরা লাঠি বা কুড়াল দিয়ে কোনো সমস্যার সমাধান করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে অন্তর্ভুক্ত করে সমস্যার সমাধান করতে চাই।’

দেশে গণতন্ত্রের বর্তমান ধারাকে ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে চিফ হুইপ বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ রেখে যাওয়ার দায়িত্ব বর্তমান প্রজন্মের। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজসহ সবার দায়িত্ব রয়েছে।

আইপিইউ সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সংসদীয় কার্যক্রমে বিশ্বের বিভিন্ন দেশের উত্তম চর্চা কীভাবে আরও কার্যকরভাবে অনুসরণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে নারীর ক্ষমতায়ন, সংসদে নারী প্রতিনিধিদের ভূমিকা এবং তরুণ সংসদ সদস্যদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় গণতন্ত্রের অগ্রগতি নিয়েও মতবিনিময় হয়। বিশেষ করে দীর্ঘ সময় পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও তা সংসদীয় গণতন্ত্রের স্বাভাবিক অংশ হিসেবে দেখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

চিফ হুইপ বলেন, ‘মতের অমিল থাকাটাই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। মতভেদের ওপর ভিত্তি করেই আমরা সর্বোত্তম সিদ্ধান্ত নিতে পারি। এটাই সংসদের বেস্ট প্র্যাকটিস।’

তিনি বলেন, আইপিইউ বিশ্বজুড়ে সংসদগুলোর উত্তম চর্চাগুলো পর্যালোচনা করে এবং সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও দক্ষ করার বিষয়ে সহযোগিতা করে। বাংলাদেশের সংসদও এ ধরনের উত্তম চর্চা গ্রহণের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে আগ্রহী।

এদিকে সংবাদ সম্মেলনে বিরোধী দলের (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আইপিইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অতীতের নিপীড়ন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয় আন্তর্জাতিক মহলে সঠিকভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তিনি বলেন, এসব বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে ভুল তথ্য উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে তাদের পক্ষ থেকে আইপিইউ প্রতিনিধিদের অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্রনেতারাও নিপীড়নের শিকার হয়েছেন। এসব ঘটনার প্রকৃত চিত্র আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার উদ্যোগ অব্যাহত থাকবে।

গুম প্রতিরোধ ও প্রতিকার এবং জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত দু’টি বিল নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন চিফ হুইপ। তিনি বলেন, বিল দু’টি সংসদে উত্থাপিত হয়েছে এবং সংসদ সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করার জন্য। সংসদের পরবর্তী অধিবেশনে এসব বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

চিফ হুইপ বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে নিরসনের সুযোগ রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় কাউকে বাদ দিয়ে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই দেশের সমস্যাগুলোর সমাধান করতে হবে।

সরকারি দলের সংসদ সদস্য সাঈদ আল নোমান ও মোছা. তাহসিনা রুশদীর এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ১টার মধ্যে যেসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


রাত ১টার মধ্যে যেসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৬ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরের জ্বালানি তেলের দাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


সেপ্টেম্বরের জ্বালানি তেলের দাম ঘোষণা

দেশের জ্বালানি তেলের দাম সেপ্টেম্বর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে, এবং সরকার মূল্য সমন্বয় করেছে। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্য সেপ্টেম্বর মাসজুড়ে বহাল থাকবে। অর্থাৎ, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সোমবার (৩১ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩১ মে এর প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর, ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেও বলবৎ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%