ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

গ্রিসে অনিরুদ্ধ-কাব্যর বাগদান সম্পন্ন, আজ বিবাহের অনুষ্ঠান


গ্রিসে অনিরুদ্ধ-কাব্যর বাগদান সম্পন্ন, আজ বিবাহের অনুষ্ঠান

গ্রিসের মনোরম পরিবেশে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান। গতকাল ১০ নভেম্বর তামিল ঐতিহ্য মেনে বাগদান সম্পন্ন করেছেন এই যুগল। বুধবার (১১ নভেম্বর) ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গ্রিসে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনিরুদ্ধ ও কাব্য জাঁকজমকের পরিবর্তে ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। বাগদান অনুষ্ঠানেও তারা তামিল সংস্কৃতির ঐতিহ্য অনুসরণ করেছেন। ‘নিচ্চয়তার্থম’ নামে পরিচিত এই আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন।

বিয়ের ভোজের আয়োজনের দায়িত্বে রয়েছে পরিচিত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান আরাসুভাই নটরাজন। এই প্রতিষ্ঠানটি তারকাদের বিয়ে ও বিশেষ আয়োজনের খাবার পরিবেশনের জন্য বেশ পরিচিত।

আরও পড়ুন: আজও অসংখ্য স্মৃতিতে অমলিন কারিনা কায়সার

কাব্য মারান আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও এবং সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে। অন্যদিকে, অনিরুদ্ধ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। ‘ভেলাইয়িলা পাত্তাধরি’, ‘কাথথি’, ‘পেট্টা’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘জেলার’, ‘লিও’, ‘ভেট্টাইয়ান’, ‘কুলি’ ও ‘জানা নায়াগান’-এর মতো সিনেমায় সংগীত পরিচালনা করে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে বসবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। গত অক্টোবরেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সংবর্ধনার তারিখ নিশ্চিত করা হয়। কাব্যর বাবা কালানিধি মারান ও মা কাবেরী মারান ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে, অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের আমন্ত্রণপত্রও নজর কেড়েছে। আইভরি ও হালকা নীল রঙের বিশেষ বাক্সে তৈরি এই আমন্ত্রণপত্রের নকশায় বর-কনে নিজেও যুক্ত ছিলেন।

বিয়ের আয়োজনে যোগ দিতে ইতোমধ্যে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। চেন্নাই বিমানবন্দরে তাদের দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুন: উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় কালজয়ী গানের আসর

অন্যদিকে, চেন্নাইয়ের বিবাহোত্তর সংবর্ধনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়সহ চলচ্চিত্র, রাজনীতি ও ক্রীড়াঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে অনিরুদ্ধ-কাব্যর বিয়ের পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানটিও তারকাদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা প্যারালাইজড, বাবা হাসপাতালে; ১৩ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


মা প্যারালাইজড, বাবা হাসপাতালে; ১৩ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

রাজধানীর ডেমরায় ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ থাকার চার দিন পর সোমবার (১০ নভেম্বর) নড়াইবাগ এলাকার একটি বালুর মাঠ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ১৯ বছর বয়সী একজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত কিশোরের নাম হামিদুল ইসলাম। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল এবং স্পষ্টভাবে কথা বলতে পারত না। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাইতপাড়া ডাকঘরের অনুপমপুর গ্রামে অবস্থিত। বাবুল আহমেদ ও মেহেনুর বেগমের ছেলে হামিদুল পরিবারের সঙ্গে ডেমরার মালা মার্কেটের নড়াইবাগ এলাকায় বসবাস করত।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হওয়ার পর হামিদুল নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে ওই দিনই ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনেরা। পাশাপাশি এলাকায় মাইকিং করে খোঁজ চালানো হয়।

হামিদুলের ভাই সাইদুল বলেন, এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তারা একজনকে সন্দেহ করেন। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু স্বীকার করেননি। এরপর চার দিন ধরে এলাকায় খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়। গতকাল সোমবার নড়াইবাগের বোতল কারখানার পেছনের বালুর মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলতে গিয়ে বালুচাপা দেওয়া অবস্থায় হামিদুলের মরদেহ দেখতে পায়।

নিহতের চাচা আবুল কালাম জানান, হামিদুলের মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত। তার বাবাও এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের এমন পরিস্থিতির মধ্যে ছেলেটিকে এভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চান।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারের সময় হামিদুলের মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল। নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ বের হচ্ছিল। পচনের কারণে মাথা, মুখমণ্ডল, বুক, পিঠ, কোমর, হাত-পা ও আঙুলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার লিঙ্গ ও অণ্ডকোষ ফোলা ছিল।

প্রতিবেদনে আরো বলা হয়, মরদেহ অতিরিক্ত পচে যাওয়ায় বাহ্যিক আঘাতের সুনির্দিষ্ট চিহ্ন ও ধর্ষণের আলামত স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্জন বালুর মাঠে নিয়ে হামিদুলকে জোরপূর্বক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় সে চিৎকার করলে মুখ ও গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রতিবেদনে আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করার কথাও উল্লেখ করা হয়েছে।

পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফ হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি হোটেলের কর্মচারী।

পুলিশের জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হামিদুলকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ডেমরা থানায় একটি হত্যা মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক শায়ক খসরু বলেন, তারা মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম, ১১ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ১ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে।

আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৩২৪ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১৪ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৯ জন, পরোয়ানা মূলে ১১৩ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৭ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এক জন মাদক বহনকারী এবং ৬৪ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১২ হাজার ৪০৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ২৩টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ১৩ হাজার ৭১১ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লিটার চোলাইমদ, ১১ বোতল বিদেশী মদ, ২৮ বোতল স্কাফ সিরাপ ও ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৭৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের সংখ্যা হলো: চট্টগ্রামে ৫৬ জন, কক্সবাজারে আট জন, কুমিল্লায় ১০১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন, চাঁদপুরে ২০ জন, নোয়াখালীতে ২০ জন, লক্ষ্মীপুরে ১৫ জন, ফেনীতে ১৪ জন, রাঙ্গামাটিতে পাঁচ জন ও খাগড়াছড়িতে ২৩ জন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৯৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা হলো: চট্টগ্রাম ৭৯, কক্সবাজার ২১, কুমিল্লা ১৬৫, ব্রাহ্মণবাড়িয়া ২৭, চাঁদপুর ৩২, নোয়াখালী ২৮, লক্ষ্মীপুর ৫৯, রাঙ্গামাটি ১৪, খাগড়াছড়ি ৩১ এবং বান্দরবান ১৪ জন।

জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার, ১১ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এক মোটরসাইকেল আরোহী অজ্ঞাত গাড়ির চাপায় নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটে ডুলাহাজারা কলেজের সামনে মহাসড়কে।

নিহত ব্যক্তির নাম বাবুল দে (৫৫), তিনি ডুলাহাজারা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। বাবুল স্থানীয় ডুলাহাজারা বাজারের একটি ফার্মেসীর মালিক ছিলেন।

স্থানীয় বাসিন্দা প্রিন্স রুদ্র জানান, বাবুল রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে উলুবনিয়া রাস্তার মাথায় তার ছেলে রনি দে বাবুলকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন। পরে আহত বাবুলকে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ সেলিম মিয়া জানান, ঘাতক গাড়ির সন্ধানে কাজ চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সহযোগিতা ঠেকাতে ১২ মার্কিন সেনেটরের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সহযোগিতা ঠেকাতে ১২ মার্কিন সেনেটরের সতর্কতা

মার্কিন কংগ্রেসে উভয় দলের (দ্বিদলীয়) সমর্থন দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে আসছে। তবে তরুণ আমেরিকানদের মধ্যে পরিবর্তনশীল মনোভাব এবং সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই সম্পর্ক এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

কংগ্রেসের শীর্ষ নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ১১ জন ডেমোক্র্যাটিক সেনেটর এবং স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স সতর্ক করে দিয়েছেন যে, প্রস্তাবিত আইনটি ইসরায়েলকে স্পর্শকাতর মার্কিন সামরিক প্রযুক্তির ওপর অতিরিক্ত প্রভাব বিস্তারের সুযোগ দিতে পারে। এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণকে সীমিত করবে এবং জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে।

আমেরিকার জাতীয় নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ১২ জন সেনেটর ২০২৭ অর্থ বছরের 'জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন' (এনডিএএ) থেকে তিনটি বিশেষ ধারা সরিয়ে নেওয়ার জন্য কংগ্রেসের নেতাদের আহ্বান জানিয়েছেন। এই ধারাগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান সম্প্রসারণের কথা বলা হয়েছিল।

গত ১০ নভেম্বরের চিঠিতে সেনেটররা যুক্তি দেন যে, এই তিন ধারা বাস্তবায়িত হলে ইসরায়েলের সাথে ওয়াশিংটনের প্রযুক্তি ও গোয়েন্দা সম্পর্ক আরও গভীর হবে, যখন গাজা, পশ্চিম তীর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে ইসরায়েল সরকারের কর্মকাণ্ড দিন দিন আমেরিকার স্বার্থের বিপরীতমুখী হয়ে উঠছে।

আইনপ্রণেতারা লিখেছেন, ‘এই বিধানগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কীভাবে সবচেয়ে ভালোভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসন ও ভবিষ্যতের মার্কিন প্রশাসনের হাত বেঁধে ফেলবে। গাজা, পশ্চিম তীর এবং এই অঞ্চলের অন্যান্য স্থানে ইসরায়েলি সরকারের পদক্ষেপ নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ থাকা সত্ত্বেও এটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিতে আবদ্ধ করবে।’

চিঠিতে স্বাক্ষর করেছেন ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস ভ্যান হোলেন, এলিজাবেথ ওয়ারেন, পিটার য়েলচ, এডওয়ার্ড মার্কি, জেফ মার্কলি, ব্রায়ান শাটজ, প্যাটি মারে, টিনা স্মিথ, রন ওয়াইডেন, অ্যান্ডি কিম, ট্যামি ডাকওয়ার্থ এবং স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স।

চিঠিটি পাঠানো হয়েছে সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন, সেনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার, হাউস স্পিকার মাইক জনসন, হাউসের সংখ্যালঘু দলের নেতা হাকিম জেফরিস এবং হাউস ও সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির জ্যেষ্ঠ রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক সদস্যদের কাছে।

ইসরায়েল মার্কিন সামরিক প্রযুক্তির সুযোগ নিতে পারে বলে সেনেটরদের সতর্কতা

এই বিতর্কের কেন্দ্রে রয়েছে সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির তৈরি করা প্রতিরক্ষা অনুমোদন বিলের ১২১৭ নম্বর ধারা এবং হাউস-পাস করা আইনের ২১৯ নম্বর ধারা। চিঠি অনুযায়ী, উভয় ধারাতেই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ ও ত্বরান্বিত করার লক্ষ্যে একটি ‘ইউনাইটেড স্টেটস-ইসরায়েল ডিফেন্স টেকনোলজি কোঅপারেশন ইনিশিয়েটিভ’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রস্তাবিত এই উদ্যোগের মাধ্যমে আধুনিক যুদ্ধক্ষেত্রের বেশ কয়েকটি উন্নত সামরিক ও প্রযুক্তিগত খাতে তথ্য আদান-প্রদান, যৌথ অস্ত্র উৎপাদন এবং দ্বিপাক্ষিক গবেষণা ও উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে। এসব খাতের মধ্যে রয়েছে বায়ো টেকনোলজি, কোয়ান্টাম প্রযুক্তি, স্বায়ত্তশাসিত ব্যবস্থা (অটোনোমাস সিস্টেম), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার যুদ্ধ এবং অন্যান্য অত্যাধুনিক ক্ষেত্র।

সেনেটররা সতর্ক করে বলেছেন, এই ধরনের চুক্তি আমেরিকার স্পর্শকাতর প্রযুক্তিগুলোকে দিন দিন ইসরায়েলের হাতের নাগালের মধ্যে নিয়ে যেতে পারে এবং মার্কিন প্রতিরক্ষা শিল্পে দীর্ঘমেয়াদী নির্ভরশীলতা তৈরি করতে পারে।

আইনপ্রণেতারা লিখেছেন, ‘এই প্রস্তাবগুলোতে যে চুক্তি এবং প্রকল্পের রূপরেখা দেওয়া হয়েছে, তা আমেরিকান অস্ত্র ব্যবস্থা ও সামরিক প্রযুক্তির ওপর ইসরায়েলের প্রভাব নিশ্চিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলে।’

তারা বিদ্যমান একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির কথা উল্লেখ করে দাবি করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইতিপূর্বে সেই চুক্তিকে কাজে লাগিয়ে ইউক্রেনে আমেরিকার 'আয়রন ডোম' ব্যাটারি পাঠানো ঠেকিয়ে দিয়েছিল। সেনেটরদের মতে, যৌথ প্রতিরক্ষা কর্মসূচি প্রসারিত করলে মার্কিন অস্ত্র ব্যবস্থার ওপর ইসরায়েলের অতিরিক্ত প্রভাব তৈরি হবে এবং ভবিষ্যতে ওয়াশিংটনের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত হয়ে পড়বে।

চিঠিতে বলা হয়েছে, ‘যদি এটি কার্যকর হয়, তবে মার্কিন প্রতিরক্ষা কাঠামো বা শিল্পে ইসরায়েলি প্রযুক্তি যুক্ত হয়ে এমন একটি দীর্ঘমেয়াদী নির্ভরতা তৈরি হবে, যার ফলে ভবিষ্যতে নীতিগত কোনো পরিবর্তন আনা বেশ ব্যয়বহুল বা কঠিন হয়ে পড়বে।’

আইনপ্রণেতারা জোর দিয়ে বলেন যে, কংগ্রেস থেকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর নির্দেশ না দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ইসরায়েলের সাথে নতুন চুক্তি নিয়ে আলোচনা করার স্বাধীন ক্ষমতা রাখেন। যুক্তরাষ্ট্র যখন তার অনেক নিকটতম সহযোগীদের সাথেও এই ধরনের বন্দোবস্ত করে না, তখন ইসরায়েলের সাথে কেন এত স্পর্শকাতর প্রযুক্তি শেয়ার করা বা যৌথভাবে উৎপাদন করা হবে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা।

সামরিক সাহায্যকে 'অংশীদারিত্বে' রূপান্তরের নেতানিয়াহুর প্রচেষ্টার সমালোচনা

চিঠিতে নেতানিয়াহুর মার্কিন-ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রচেষ্টার সরাসরি সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, প্রস্তাবিত আইনটি মূলত ইসরায়েল সরকারের ঐতিহ্যবাহী মার্কিন সামরিক সহায়তা থেকে দূরে সরে যাওয়ার কৌশলকেই এগিয়ে নেবে।

রিপ্রেজেন্টেটিভ মার্লিন স্টুটজম্যান অনুরূপ এক প্রস্তাবের সমর্থনে একটি রেজুলেশন এনেছিলেন। তার জবাবে নেতানিয়াহু যে চিঠি পাঠিয়েছিলেন, সেনেটররা মার্কিন সরকারের চিঠিতে নেতানিয়াহুর সেই বক্তব্য উদ্ধৃত করেছেন।

সেনেটরদের মতে, নেতানিয়াহু লিখেছেন: ‘মার্কিন-ইসরায়েলি প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো 'সাহায্য' থেকে 'অংশীদারিত্বে' উন্নীত করার যে উদ্যোগ আমি নিয়েছি, তা সমর্থন করে আপনার প্রস্তাবিত কংগ্রেসীয় রেজুলেশনটি পেয়ে আমি আনন্দিত।’

আইনপ্রণেতারা বলছেন, নেতানিয়াহুর এই বক্তব্য থেকেই প্রস্তাবিত আইনি পরিবর্তনের পেছনের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। তারা যুক্তি দেন যে, যৌথ প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, প্রযুক্তি উন্নয়ন এবং অস্ত্র সংগ্রহ কর্মসূচিগুলোর দিকে সহযোগিতা মোড় নিলে পুরো বিষয়টি একদিকে যেমন অস্পষ্ট বা অস্বচ্ছ হয়ে পড়বে, অন্যদিকে ইসরায়েলি প্রযুক্তির ওপর আমেরিকার নির্ভরতা আরও বাড়বে।

সেনেটররা লিখেছেন, ‘এর পেছনের মূল উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট: ফরেন মিলিটারি ফাইন্যান্সিং এবং সাধারণ অস্ত্র বিক্রির মতো ঐতিহ্যবাহী যে ব্যবস্থাগুলোর মাধ্যমে মার্কিন নিরাপত্তা সহায়তা নিয়ন্ত্রিত হয়, সেগুলোকে পাশ কাটিয়ে অস্বচ্ছ ও কম নজরদারিযুক্ত উপায়ে লেনদেন চালনা করা।’

তারা আরও দাবি করেন যে, এই পদ্ধতি যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের কৌশলগত সুবিধা ও প্রভাব বাড়িয়ে দেবে।

ইরান সম্পর্কে নেতানিয়াহুর দেওয়া বিবৃতির একটি বিশেষ কটাক্ষপূর্ণ উল্লেখও ছিল এই সমালোচনায়। সেনেটররা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তিনি নাকি দীর্ঘ ৪০ বছর ধরে ইরানের সাথে একটি যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা করছেন বলে প্রকাশ্যে বড়াই করেছেন। আইনপ্রণেতারা সেই সম্ভাব্য যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য একটি চরম কৌশলগত বিপর্যয় এবং মার্কিন স্বার্থের পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন। তবে এই ধরনের দাবির পক্ষে চিঠিতে বাড়তি কোনো প্রমাণ বা প্রেক্ষাপট উপস্থাপন করা হয়নি।

প্রস্তাবিত গোয়েন্দা তথ্য শেয়ারিং ধারা নিয়ে পৃথক উদ্বেগ

সেনেটররা তৃতীয় আরেকটি বিধান সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন—তা হলো ২০২৭ অর্থবছরের ইন্টেলিজেন্স অথরাইজেশন অ্যাক্টের 'সেকশন ৬১৮'। এটি সেনেটের ইন্টেলিজেন্স সংক্রান্ত সিলেক্ট কমিটি মূল এনডিএএ-র অংশ করার উদ্দেশ্যে যুক্ত করেছিল। প্রতিরক্ষাপ্রযুক্তি সংক্রান্ত বিধানগুলোর বিপরীতে, এই ধারাটি ইসরায়েলের সাথে গোয়েন্দা সহযোগিতা সীমিত করার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের নির্বাহী ক্ষমতা বা অধিকারকে সরাসরি প্রভাবিত করবে।

চিঠি অনুযায়ী, ধারা ৬১৮ বাস্তবায়িত হলে মার্কিন নির্বাহী বিভাগ বাধ্য থাকবে ইসরায়েল সরকারের সাথে গোয়েন্দা তথ্য শেয়ারিং বাড়াতে ও শক্তিশালী করতে। উপরন্তু, এতে শর্ত দেওয়া হয়েছে যে এই তথ্য প্রদান কোনোভাবেই ‘স্থগিত, হ্রাস বা বস্তুগতভাবে সীমিত করা যাবে না।’

সেনেটররা সতর্ক করে বলেছেন যে এই ধরনের বাধ্যবাধকতা থাকলে, দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে কোনো সময় স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ইসরায়েলকে না দেওয়ার প্রয়োজন পড়লেও প্রেসিডেন্টের আর সেই ক্ষমতা থাকবে না।

তারা লিখেছেন, "এই বিধানটি ইসরায়েলের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করা সীমিত করার ক্ষেত্রে প্রেসিডেন্টের হাত বেঁধে ফেলবে, এমনকি যখন মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য তথ্য আটকে রাখা অত্যাবশ্যকীয় হবে তখনও।"

আইনপ্রণেতারা এই ব্ল্যাঙ্কেট নিষেধাজ্ঞা বা বাধ্যবাধকতাকে চরম দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ের খবরগুলোতে ইসরায়েলের পক্ষ থেকে গোপন তথ্য চুরির যে ঝুঁকির কথা বলা হচ্ছে, তার আলোকেও এটি অত্যন্ত উদ্বেগজনক।

সেনেটররা জোর দিয়ে দাবি করেন যে, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) সম্প্রতি ইসরায়েল থেকে আসা কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। এই যুক্তিকে সামনে রেখেই আইনপ্রণেতারা ৬১৮ নম্বর ধারার তীব্র বিরোধিতা করছেন।

প্রতিরক্ষা বিল থেকে তিন ধারা বাতিলের জোর দাবি

চূড়ান্ত প্রতিরক্ষা অনুমোদন আইন সংক্রান্ত আলোচনার সময় বিতর্কিত এই তিনটি ধারা সম্পূর্ণ বাদ দেওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বের কাছে সরাসরি আপিল করার মাধ্যমে চিঠিটি শেষ হয়েছে। সেনেটররা লিখেছেন, ‘এই সবকটি যৌক্তিক কারণে, প্রতিরক্ষা সংক্রান্ত যৌথ উৎপাদন বাড়ানো কিংবা ইসরায়েল সরকারের সাথে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাধ্যতামূলক করার মতো আইন আমাদের প্রণয়ন করা উচিত হবে না।’

তারা চূড়ান্ত এনডিএএ কনফারেন্স রিপোর্ট থেকে ১২১৭, ২১৯ এবং ৬১৮ নম্বর ধারাগুলো সুনির্দিষ্টভাবে অপসারণের অনুরোধ জানান। এই আবেদনের মাধ্যমে মার্কিন-ইসরায়েল নিরাপত্তা সম্পর্কের দুটি প্রধান স্তম্ভ—উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান—মার্কিন কংগ্রেসের এক তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মূল প্রশ্নটি উঠেছে: যুক্তরাষ্ট্রের নিজস্ব নির্বাহী বিভাগের হাতে ইসরায়েলের সাথে সম্পর্কের পুনর্মূল্যায়ন করার কতটা ক্ষমতা থাকা উচিত?

যদিও চিঠিতে ইসরায়েলকে আমেরিকান প্রতিরক্ষা সহায়তা বা গোয়েন্দা সহযোগিতা পুরোপুরি বন্ধের কথা বলা হয়নি, তবে আইনের মাধ্যমে বাধ্য করে এই গভীর সহযোগিতা টিকিয়ে রাখার প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করা হয়েছে। স্বাক্ষরকারী সেনেটরদের মূল বক্তব্য হলো—এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদী আইনি বাধ্যবাধকতায় আটকে না রেখে, আমেরিকার নিজস্ব জাতীয় নিরাপত্তার স্বাধীন মূল্যায়নের ওপর ভিত্তি করেই নেওয়া উচিত।

ইসরায়েলের জন্য এই বিতর্কের বিষয় হলো ওয়াশিংটনের সাথে তাদের যৌথ সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রচেষ্টা, তা নিয়ে। আর সেনেটরদের জন্য মূল প্রশ্ন হলো—এই জাতীয় দীর্ঘমেয়াদী চুক্তিগুলো শেষ পর্যন্ত আমেরিকার নিজের জাতীয় সুরক্ষার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সংকুচিত করে ফেলছে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%