ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

‘রামায়ণ ২’-এর মুক্তি এক বছর পিছিয়ে গেল


‘রামায়ণ ২’-এর মুক্তি এক বছর পিছিয়ে গেল

রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ২’-এর মুক্তির তারিখ পরিবর্তিত হয়েছে। পূর্বে ২০২৭ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি এখন ২০২৮ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসবে। নির্মাতারা নির্মাণের কাজ সম্পন্ন করতে অতিরিক্ত সময় নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

‘রামায়ণ: পার্ট ১’-এর শেষের ক্রেডিটে দ্বিতীয় পর্বের নতুন মুক্তির সময় ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রযোজক নামিত মালহোত্রা বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন পিছিয়ে গেল মুক্তি?

আরও পড়ুন: গ্রিসে অনিরুদ্ধ-কাব্যর বাগদান সম্পন্ন, আজ বিবাহের অনুষ্ঠান

প্রযোজক নামিত মালহোত্রা ই! নিউজকে জানিয়েছেন, প্রথম পর্বের কাজ এবং দর্শকের প্রতিক্রিয়ার পর সিনেমার শেষ অংশটি আরও যত্ন সহকারে তৈরি করতে চায় টিম। এ ধরনের বড় আয়োজনের সিনেমার মান বজায় রাখতে অতিরিক্ত সময়ের প্রয়োজন। তাই তারা তাড়াহুড়া করে কাজ শেষ করতে চান না।

দ্বিতীয় পর্বে রাম ও রাবণের সংঘাত এবং যুদ্ধের দৃশ্যগুলো বিশেষ গুরুত্ব পাবে। এসব দৃশ্য নির্মাণের জন্য অ্যাকশন পরিকল্পনা, শুটিং এবং ভিজ্যুয়াল ইফেক্টের কাজ সম্পন্ন করতে হবে। ফলে নির্মাণের জন্য বাড়তি সময় প্রয়োজন হচ্ছে।

কারা থাকছেন অভিনয়ে?

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। রাবণের ভূমিকায় যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে।

আরও পড়ুন: আজও অসংখ্য স্মৃতিতে অমলিন কারিনা কায়সার

দুটি পর্বের সম্মিলিত বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিন পর্বের পরিকল্পনা ছিল

প্রযোজক নামিত মালহোত্রা জানিয়েছেন, শুরুতে ‘রামায়ণ’ তিন পর্বে নির্মাণের পরিকল্পনা ছিল। পরে সেটি দুই পর্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রথম পর্বের প্রতি দর্শকের সাড়া কেমন হয়, তার ওপর তৃতীয় পর্ব নির্মাণের বিষয়টি নির্ভর করতে পারে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দ্বিতীয় পর্বে কী থাকছে?

আরও পড়ুন: উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় কালজয়ী গানের আসর

প্রথম পর্বের শেষ হয় সীতাকে রাবণের অপহরণের মধ্য দিয়ে। মহাকাব্যের কাহিনি অনুসরণ করলে দ্বিতীয় পর্বে রাম ও লক্ষ্মণের সঙ্গে হনুমানের দেখা হওয়ার ঘটনা উঠে আসতে পারে। হনুমানের মাধ্যমে তাদের পরিচয় হবে সুগ্রীবের সঙ্গে। পরে সীতার সন্ধানে লঙ্কায় যাবেন হনুমান। অশোকবাটিকায় সীতার দেখা পেয়ে তিনি রামের আংটি দেবেন। সীতাও পরিচয়ের নিদর্শন হিসেবে নিজের চূড়ামণি হনুমানের হাতে তুলে দেবেন।

বক্স অফিসে প্রত্যাশা

প্রথম পর্বের সাফল্য দ্বিতীয় পর্বের ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা। বলিউড হাঙ্গামাকে দেওয়া বক্তব্যে রাজ বনসাল বলেন, "কোনো সিনেমা সফল হলে তার সিক্যুয়েল সাধারণত আগের পর্বের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি আয় দিয়ে যাত্রা শুরু করতে পারে।" তবে দ্বিতীয় পর্বের সাফল্য নির্ভর করবে প্রথম সিনেমার বিষয়বস্তু এবং শেষের চমকপ্রদ অংশের প্রতি দর্শকের প্রতিক্রিয়ার ওপরও।

আরও পড়ুন: ‘প্রেমিক-প্রেমিকার মতো ঘোরাঘুরি করার সুযোগ পাইনি’, আক্ষেপ সালমার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নতুন ই-বুক ও ই-জার্নাল চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নতুন ই-বুক ও ই-জার্নাল চালু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে সম্প্রতি ই-বুক ও ই-জার্নাল চালু করা হয়েছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী কেন্দ্রীয় লাইব্রেরির সদস্যপদ গ্রহণ করেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল এবং তৃতীয় তলার বর্ধিত কাজের উদ্বোধন করা হয়।

সেন্ট্রাল লাইব্রেরির পরিচালক ও গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকেই লাইব্রেরির সেবার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে সচেষ্ট ছিলাম। বই ক্রয়, ই-রিসোর্স সংযোজন, অটোমেশন প্রক্রিয়ার কাজ শুরু, পত্রিকা বাঁধাই ও সংরক্ষণ, আউটডোর ওয়াশরুম ও গ্যারেজ নির্মাণ এবং ভবন সম্প্রসারণের কাজ শুরুর মাধ্যমে আজ লাইব্রেরিটি পুরোপুরি শিক্ষার্থীবান্ধব হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, উপাচার্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ছাড়া এই কাজগুলোর উদ্যোগ গ্রহণ সম্ভব ছিল না।"

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, "উপাচার্যের দিকনির্দেশনা এবং লাইব্রেরি প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় আজ কেন্দ্রীয় লাইব্রেরিতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। বই, ই-বুক, ই-জার্নাল থেকে শুরু করে অটোমেশন ও অবকাঠামোগত যেসব কাজ সম্পন্ন হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।"

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন পরবর্তী প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সন্তোষ প্রকাশ করে বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রাণকেন্দ্র হলো তার লাইব্রেরি। আমাদের শিক্ষার্থীরা যাতে একটি নিরিবিলি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবেশে পড়াশোনা ও গবেষণা চালাতে পারে, বর্তমান প্রশাসন সবসময় সেই বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে। লাইব্রেরির এই আমূল পরিবর্তন আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার পথকে আরো সুগম করবে।"

প্রসঙ্গত, প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার অধিক ব্যয়ে এই আধুনিকীকরণ প্রকল্পের আওতায় নতুন বই ও ই-রিসোর্স সংগ্রহের পাশাপাশি লাইব্রেরি অটোমেশন, পুরাতন পত্রিকা বাঁধাই ও সংরক্ষণ, ভবন সম্প্রসারণ, ইন্টারনেট ও নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টদের বিশ্বাস, এই সময়োপযোগী পদক্ষেপের ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে গবেষণা ও জ্ঞানচর্চায় আরো বড় সফলতা অর্জন করতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরের দুই যুবকের মুক্তির জন্য ৪০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি, নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


শরীয়তপুরের দুই যুবকের মুক্তির জন্য ৪০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি, নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

শরীয়তপুরের দুই বন্ধু কামাল খলিফা ও আতিক মাঝি ইউরোপে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে দেশ ত্যাগ করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন এখন তাদের পরিবারের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

অভিযোগ রয়েছে, মানবপাচারকারীদের শিকার হয়ে তারা লিবিয়ায় বন্দি রয়েছেন। সেখানে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক দফায় মুক্তিপণের দাবি করা হয়েছে। সন্তানদের জীবন রক্ষায় ইতোমধ্যে জমিজমা ও সহায়-সম্বল বিক্রি করে দুই পরিবার প্রায় ৪০ লাখ টাকা দিয়েছেন। তবুও তাদের মুক্তি মেলেনি।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, নড়িয়া পৌরসভার লোনসিং এলাকার আকাশ সরদারের প্রলোভনে পড়ে প্রায় তিন মাস আগে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামাল ও আতিক। পরে তাদের লিবিয়ায় নিয়ে আটকে রেখে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের জন্য চাপ। পরিবারের কাছে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের মেঝেতে বসিয়ে দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। একপর্যায়ে তারা নিজেদের রক্ষার চেষ্টা করছেন।

নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহেরকুশিয়া এলাকার বাসিন্দা কামাল খলিফা কম্পিউটার কম্পোজের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। চার বছর আগে তার বাবা বাচ্চু খলিফা মারা যান। সংসারের নানা প্রতিকূলতার মধ্যেও মাকে নিয়ে ভালো থাকার স্বপ্ন ছিল তার। কিন্তু ছেলের এমন দুরবস্থার খবর ও নির্যাতনের ভিডিও দেখে মা কামরুন নাহার ভেঙে পড়েছেন।

ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আকুতি জানিয়ে মা বলেন, "ছেলেকে বাঁচানোর জন্য আমাদের যা ছিল সব বিক্রি করে দিয়েছি। প্রায় ২০ লাখ টাকা দিয়েছি। তারপরও তারা আমার ছেলেকে ছাড়ছে না। এখন আবার টাকা চাচ্ছে। আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দেন। আমি আর কিছু চাই না।"

অন্যদিকে, ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আতিক মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। বাড়িতে রেখে গেছেন বৃদ্ধ মা আমেনা খাতুন, স্ত্রী আফরোজা আক্তার ও মাত্র এক বছরের শিশুসন্তান মূসাকে। তার বড় ভাইও বাকপ্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি বন্দি থাকায় এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

আতিকের মা আমেনা খাতুন বলেন, "আমার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে নিয়ে গেছে। এখন শুনি, তাকে আটকে রেখে মারধর করছে। ছেলেকে ফেরত পাওয়ার জন্য অনেক টাকা দিয়েছি। এখন আর টাকা দেওয়ার সামর্থ্য নেই। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।"

আতিকের স্ত্রী আফরোজা আক্তার বলেন, "আমার ছোট্ট একটা সন্তান আছে। তার বাবা ছাড়া আমরা কীভাবে বাঁচব? প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করি। নির্যাতনের ভিডিও দেখার পর থেকে আতঙ্কে আছি। আমরা টাকা চাই না, আমার স্বামীকে জীবিত ফেরত চাই।"

দুই বন্ধুর এমন পরিণতিতে উদ্বিগ্ন তাদের স্বজন ও প্রতিবেশীরাও। স্থানীয় বাসিন্দা জিহান রাব্বানী জাকির বলেন, "দুই পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার পরও তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। নির্যাতনের ভিডিও দেখে আমরা সবাই আতঙ্কিত। দ্রুত দুই যুবককে জীবিত উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"

এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, "মানবপাচার একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বিদেশে কর্মসংস্থান কিংবা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কাউকে নিয়ে গিয়ে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কামাল ও আতিককে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"

এদিকে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ সরদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি লিবিয়ায় বন্দি দুই যুবককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে জেলা পুলিশ।

বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকারিয়া জামান বলেন, "এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মানব পাচার আইনে মোট দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে। ভুক্তভোগীদের উদ্ধারের বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব। মানবপাচারের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দেশটিতে সাম্প্রতিক হামলার ঘটনার পর নিরাপত্তা উদ্বেগের কারণে এই রুটে ফ্লাইট বন্ধ রেখেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল করবে।

এর আগে বিমান গত ৩ নভেম্বর জানিয়েছিল, ৭ নভেম্বর থেকে দাম্মামগামী ফ্লাইট নিয়মিত হবে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় কালজয়ী গানের আসর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় কালজয়ী গানের আসর

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মহানায়ক হিসেবে পরিচিত উত্তম কুমার। তিনি অভিনয়শৈলী ও পর্দায় অসাধারণ উপস্থিতি দিয়ে কয়েক দশক ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। এবার এই কিংবদন্তি অভিনেতার জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করা হচ্ছে। সেখানে ফিরে আসবে উত্তম কুমারের অভিনীত চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে থাকা জনপ্রিয় সব গান।

‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’ শিরোনামের এই আয়োজন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সংগীত পরিবেশনা।

অনুষ্ঠানে বাংলা নাগরিক গানের ঐতিহ্য এবং উত্তম কুমারের চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গানগুলো গুরুত্ব পাবে। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের মতো কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে কালজয়ী হয়ে ওঠা গানগুলো পরিবেশন করা হবে।

উত্তম কুমারের চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানও ছিল দর্শকের আবেগের অন্যতম অনুষঙ্গ। এসব গান তাঁর পর্দায় উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। সময় পেরিয়ে গেলেও গানগুলো আজও বাঙালির স্মৃতি ও ভালোবাসায় সমানভাবে জায়গা ধরে রেখেছে।

আয়োজকদের প্রত্যাশা, এই সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে দর্শক-শ্রোতারা বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের গানগুলো নতুন করে উপভোগ করতে পারবেন। একই সঙ্গে মহানায়ক উত্তম কুমার এবং তাঁর চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিংবদন্তি সংগীতশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%