০৬:৪৫ পি.এম
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সময়ে কথা বলার কারণে কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এই সময় তিনি সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানকে একাধিকবার দাঁড়াতে দেখে তাকে বসার জন্য অনুরোধ করেন।
বুধবার অনুষ্ঠিত চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন কায়সার কামাল। রংপুরে বাইপাস সড়ক নির্মাণ নিয়ে রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মী পাঠানোর খরচ নিয়ে আগের একটি প্রশ্নের দিকে ফিরে যান। ওই সম্পূরক প্রশ্নটি করেছিলেন ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মীদের মোট খরচ ২ লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি সরকার নিশ্চিত করতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মী পাঠানোর খরচও একই সীমার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’
প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান দাঁড়িয়ে কথা বলার সুযোগ চান। তিনি বিদেশে কর্মসংস্থান নিয়ে সম্পূরক প্রশ্ন করতে চান বলে শোনা যায়। সাধারণত সংসদ সদস্যরা সম্পূরক প্রশ্ন করতে চাইলে হাত তুলে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সদস্য, মে আই জাস্ট হাম্বলি রিকোয়েস্ট ইউ এগেইন প্লিজ টেক ইউর সিট।”
ব্রিটিশ পার্লামেন্টের উদাহরণ টেনে কায়সার কামাল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরেন। সামনের তৃতীয় সারিতে বসা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘তো সেই জায়গায় আমার ফ্রন্টের থার্ড রো-তে যারা আসছেন দুই-তিনজন বসছেন আপনাদের গলার আওয়াজ এই পর্যন্ত আসছে। প্লিজ বি রেসপেক্টফুল টু আদার্স অ্যান্ড ইউরসেলফ অ্যাজ ওয়েল। অসংখ্য ধন্যবাদ।’
এরপর ডেপুটি স্পিকার তৃতীয় তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের জন্য ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে আহ্বান জানান।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ ও ভারতের হাইকমিশনারের আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন