০৬:৫২ পি.এম
সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী শ্রীপুর চা বাগান থেকে বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযানে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের সদস্য ‘মিকি’র সহায়তায় ৫০টি পাওয়ারজেল বিস্ফোরক, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়। তবে, বিস্ফোরক বহনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। অভিযানটি সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য প্রকাশ করা হয়। প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নূর উদ্দিন আহমাদ সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক অভিযানের সাফল্য তুলে ধরেন।
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে আগুন, ছাত্রলীগের ১১ জন গ্রেপ্তার
বিজিবি জানায়, ৪৮ বিজিবির একটি বিশেষ অপারেশন দল এবং অস্ত্র ও বিস্ফোরক শনাক্তকরণে সক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের ডগ ‘মিকি’ অভিযানে অংশ নেয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকারীরা চা বাগানের ভেতর দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের লক্ষ্যে সিভিল সোর্স নিয়োগ করা হয়েছে।
সীমান্তে নজরদারি ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বিজিবি। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও বিস্ফোরক পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। রাতে নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে বিজিবি মহাপরিচালক, সরাইল রিজিয়ন কমান্ডার ও সিলেট সেক্টর কমান্ডারের নির্দেশনায় গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
এ ছাড়া অস্ত্র ও বিস্ফোরক শনাক্ত করতে সক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে বলে জানায় বিজিবি।
আরও পড়ুন: মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সাম্প্রতিক অভিযানে ১০টি অস্ত্র ও ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে ৪৮ বিজিবির সাম্প্রতিক বিশেষ অভিযানগুলোর সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ১০টি অবৈধ অস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই অভিযানের সাফল্যের তালিকায় রয়েছে ৫০টি পাওয়ারজেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড।
এ ছাড়া মাদক ও অন্যান্য মালামাল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টার ঘটনায় ১৭ জনকে প্রতিহত করা হয়েছে।
সিলেট সেক্টরে ১২০০-এর বেশি বিজিবি সদস্য, ৪০টি চেকপোস্ট কার্যকর। সীমান্ত নিরাপত্তার চিত্র তুলে ধরে বিজিবি জানায়, বর্তমানে সিলেট সেক্টরের ৫৬টি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
সীমান্তে প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য সব অনুপ্রবেশের পথ চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।
আরও পড়ুন: আবাসিক হোটেলে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
সন্দেহজনক গতিবিধি দেখলে বিজিবিকে জানানোর আহ্বান। সীমান্ত সুরক্ষায় সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা কিংবা সন্দেহজনক কোনো বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে যাতায়াত করতে না পারে, সে বিষয়ে বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন