ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২২২৯ মামলা


ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২২২৯ মামলা

রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২ হাজার ২২৯টি মামলা দায়ের করেছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়। এ তথ্য ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ ১২৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ড ভ্যান, ৫৫টি সিএনজি ও ১৯৪টি মোটরসাইকেলসহ ৩১৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৮টি বাস, ১২টি ট্রাক, ৩৬টি কাভার্ড ভ্যান, ৬৫টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ ৪০৩টি মামলা হয়েছে।

আরও পড়ুন: অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ২-৩ দিনের মধ্যে জমা হবে

এদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১৫টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ ১১৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ২৫টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ ১৮৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ ২৪২টি মামলা দায়ের করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা ট্রাফিক-গুলশান বিভাগে হয়েছে, যেখানে ৫৬টি বাস, ১২টি ট্রাক, ৪৪টি কাভার্ড ভ্যান, ৮২টি সিএনজি ও ২২৩টি মোটরসাইকেলসহ মোট ৭১৬টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, অভিযানের সময় ৬৬৬টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৭২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল কোতোয়ালি থানায় বড় রদবদল: ওসি আল মামুন বদলি, নতুন দায়িত্বে মনিরুল

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


বরিশাল কোতোয়ালি থানায় বড় রদবদল: ওসি আল মামুন বদলি, নতুন দায়িত্বে মনিরুল

জনস্বার্থে বিএমপির দুই পুলিশ পরিদর্শকের বদলি-পদায়ন, আদেশ অবিলম্বে কার্যকর


বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গুরুত্বপূর্ণ কোতোয়ালি মডেল থানায় নেতৃত্বে পরিবর্তন এসেছে। থানাটির বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলামকে গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

বিএমপি হেডকোয়ার্টার্সের স্মারক নং-বিএমপি/স্টেনো-১/ইন্স/বদলি/২০২৬/১০৫৮-এর অফিস আদেশে বলা হয়েছে, *জনস্বার্থে* বিএমপিতে কর্মরত দুই পুলিশ পরিদর্শককে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও ইউনিটে বদলি/পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলামকে গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। তার বিপি নম্বর ৭৪০১০৮৫৩০০।

অন্যদিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার বিপি নম্বর ৮১০৬১১১০২৭।

অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে,বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, কোতোয়ালি মডেল থানা বরিশাল নগর পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ থানা হওয়ায় নতুন ওসি হিসেবে মনিরুল ইসলামের দায়িত্ব গ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করছে। তবে অফিস আদেশে বদলি-পদায়নের কারণ হিসেবে জনস্বার্থের কথা উল্লেখ করা হলেও এর বাইরে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বিএমপি সূত্রে জারি করা আদেশের অনুলিপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কষ্ট ও ক্ষত নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে’: কোচ টমাস টুখেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


‘কষ্ট ও ক্ষত নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে’: কোচ টমাস টুখেল

উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডের অসাধারণ পারফরম্যান্সের ফলে ক্রোয়েশিয়া ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। ঘরের মাঠে ইংলিশ আক্রমণভাগের সামনে দাঁড়াতে পারেনি মদরিচের দল। কোচ টমাস টুখেল জানিয়েছেন, এই জয়ে ইংল্যান্ড বিশ্বকাপের যন্ত্রণা কাটিয়ে উঠছে।

ক্রোয়েশিয়ার স্টাডিওন এইচএনকে রিজেকায় ইংলিশ আক্রমণভাগের চারজনের সম্মিলিত প্রচেষ্টায় টুখেল অত্যন্ত আনন্দিত ছিলেন। গত বছর বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের জন্য উয়েফা কর্তৃক ক্রোয়েশিয়াকে শাস্তি দেওয়ার কারণে খেলাটি দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, ৬ হাজার ২০০ স্থানীয় স্কুলছাত্রকে বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

দলের বড় জয়ের পর আত্মবিশ্বাসী টুখেল জানিয়েছেন, খেলোয়াড়রা এই দীর্ঘ আন্তর্জাতিক বিরতিকে কাজে লাগিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার কষ্ট বা হতাশা ভুলে ফিরে এসেছে।

এই ইংলিশ কোচ বলেন, “যদি আপনি কষ্ট পান, তবে সেই কষ্টটাকে মেনে নিয়েই আপনাকে থাকতে হবে। হতাশার বেলাতেও ঠিক একই কথা প্রযোজ্য। ক্যাম্পের শুরুতে কাজটা মোটেও সহজ ছিল না। স্পেনের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেছি। অনুশীলনে আমরা যে আলোচনা করেছি, খেলোয়াড়রা মাঠে ঠিক সেভাবেই মনোযোগ দিয়ে খেলেছে।

ক্রোয়েশিয়ার মতো জায়গায়, এমন পরিস্থিতির মধ্যে গিয়ে আধিপত্য বিস্তার করে জেতাটাই হলো সামনে এগিয়ে যাওয়ার আসল উপায়। আমাদের মনে সবসময়ই একটা ক্ষত বা দাগ থাকবে, আমরা কষ্টও পাব—কিন্তু এটাই সামনে এগিয়ে যাওয়ার পথ। আমরা তিন ম্যাচই একই ছন্দে খেলেছি বলে যোগ করেন এই জার্মান কোচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দফায় দফায় ঘর ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা, বাস্তুচ্যুত ২ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


দফায় দফায় ঘর ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা, বাস্তুচ্যুত ২ লাখের বেশি

ইয়েমেনে চলমান সংঘর্ষের ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২ লাখেরও বেশি হয়ে গেছে। এই বাস্তুচ্যুতদের মধ্যে রয়েছে বয়স্ক ব্যক্তি ও শিশুদের মতো বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগণ। অনেকেই একবার নয়, বরং দুই, তিন এবং এমনকি চারবার পর্যন্ত তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

সংবাদ মাধ্যম আলজাজিরা জানাচ্ছে, পশ্চিম উপকূলের বিভিন্ন জেলা ও এলাকা থেকে সংঘর্ষের কারণে মানুষজন তাদের আবাসস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছে। দেশটির তাইজ ও এডেন গভর্নরেটের মধ্যবর্তী অঞ্চলে স্থাপিত বিভিন্ন বাস্তুচ্যুতি শিবিরে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

মানবিক সহায়তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শিবিরগুলোতে থাকা তাঁবুগুলো বসবাসের জন্য উপযুক্ত নয়। সেখানে মৌলিক প্রয়োজনীয় সামগ্রীরও অভাব রয়েছে।

শিবিরে অবস্থানরত অনেক শিশু ২০ দিনেরও বেশি সময় ধরে নিজেদের বাড়ি থেকে দূরে রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আশপাশের উপত্যকা থেকে শস্য ও বিভিন্ন উদ্ভিদ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে সেগুলো রান্না করে খাচ্ছে।

এসব শিবিরের কাছাকাছি পাহাড়ের ওপাশ থেকে এখনও সংঘর্ষের শব্দ শোনা যাচ্ছে। ফলে বাস্তুচ্যুত মানুষের জন্য নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে অনেক মানুষ একবার নয়, দুই, তিন এমনকি চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর ফলে বারবার বাস্তুচ্যুত এসব মানুষের জীবন আরও অনিশ্চিত এবং দুর্বিষহ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ থেকে মালয়েশিয়া ১০ হাজার শ্রমিক নেবে বিনামূল্যে: শ্রমমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


বাংলাদেশ থেকে মালয়েশিয়া ১০ হাজার শ্রমিক নেবে বিনামূল্যে: শ্রমমন্ত্রী

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে, এমনটি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই তথ্য প্রদান করেন।

শ্রমমন্ত্রী উল্লেখ করেন, তবে শ্রমিকদের পাঠানোর আগে মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করে শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করা হবে। এরপর বাংলাদেশে এসে নিয়োগদাতারা নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক নির্বাচন করবেন।

মন্ত্রী জানান, মালয়েশিয়া ১০ হাজার শ্রমিক নেবে। এই ১০ হাজার শ্রমিকের মধ্য থেকেই বিনামূল্যে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে মালয়েশিয়া থেকে আসা বিভিন্ন ধরনের চাহিদার ভিত্তিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং অন্যান্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানো হবে।

শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক পাঠানো হলেই হবে না, বরং মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক পাঠানো প্রয়োজন। প্রশিক্ষণ ছাড়া শ্রমিক পাঠানোর ফলে তারা দেশটিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারেন। এজন্য মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা আগে নির্ধারণ করে সেই অনুযায়ী শ্রমিকদের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হবে।

আরিফুল হক চৌধুরী জানান, সরকার চাহিদাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিক প্রস্তুত করতে চায়। মালয়েশিয়ায় যারা শ্রমিক নেবেন, তারা বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক বাছাই করবেন। এরপর নির্বাচিত শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু হবে।

এ প্রক্রিয়ায় বোয়েসেলের পাশাপাশি অন্যান্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সিকেও যুক্ত করা হবে। তবে শ্রমিক পাঠানোর পূর্বে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো চূড়ান্ত করতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

এদিকে, শ্রমিক পাঠানোর প্রক্রিয়ার সব কার্যক্রম এখনো শুরু হয়নি। মন্ত্রী জানান, শ্রমিকদের মেডিকেল পরীক্ষাসংক্রান্ত প্রক্রিয়াও এখনো অনুমোদন করা হয়নি। মালয়েশিয়ার পক্ষ থেকে শ্রমিকের চাহিদা এবং অন্যান্য বিষয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

মালয়েশিয়ার শ্রমবাজারে এর আগে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের অভিযোগ ও শ্রমিকদের হয়রানির বিষয়টি সামনে এসেছিল। এবার এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার সতর্ক রয়েছে বলে জানান শ্রমমন্ত্রী। চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর মাধ্যমে এ প্রক্রিয়া এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

এদিকে, মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক পাঠানোর পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগের কথাও জানিয়েছেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, চলতি বছরেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করা হবে।

এই সেন্টারের মাধ্যমে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতে চাকরিপ্রার্থী এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মীর চাহিদার একটি ডাটাবেস তৈরি করা হবে। বিভিন্ন শিল্পে শ্রমিক ও কর্মচারীর চাহিদা নির্ধারণের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার এবং ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নেয়া হবে। এছাড়া চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে মজুরি বোর্ড গঠন করা হবে বলেও জানিয়েছেন শ্রমমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%