ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে শিক্ষার্থীদের অভিযোগ, বিপাকে পড়েছেন তারা


পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে শিক্ষার্থীদের অভিযোগ, বিপাকে পড়েছেন তারা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে সিট বরাদ্দ নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। সিট বরাদ্দের প্রক্রিয়া প্রায় ছয় মাস ধরে সম্পন্ন হয়নি, যার ফলে অনেক শিক্ষার্থী আবাসন সংকটে পড়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও শিক্ষার্থীদের অভিযোগ, সমস্যার দৃশ্যমান সমাধান হয়নি।

হল প্রশাসন সূত্রে জানা যায়, সর্বশেষ স্বাধীনতা হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছিল গত বছরের অক্টোবরে। তবে, এক বছর পেরিয়ে গেলেও সিট বরাদ্দের বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের দুইটি ব্যাচের শিক্ষার্থীদের অনার্স শিক্ষাজীবন শেষ হয়েছে। সর্বশেষ এপ্রিল মাসে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শাহাজান আলীর দেওয়া তথ্যমতে, ৭৮টি সিট ফাঁকা থাকার কথা জানা যায়। সঠিক সময়ে সিট বরাদ্দ না দেওয়ার কারণে প্রায় সবগুলো সিটই অবৈধভাবে দখলে রয়েছে শিক্ষার্থীদের।

আরও পড়ুন: ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের এসএসসি বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ

এছাড়া, সাবেক হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শাহাজান আলী চলতি বছরের এপ্রিল মাসে সিট বরাদ্দের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেন। তবে, সিট বরাদ্দের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম অনুমতি দেননি বলে অভিযোগ করেন হল প্রভোস্ট। রহস্যজনকভাবে ওই সময়ে জুলাই-৬ হলের সিট বরাদ্দের অনুমতি মিললেও স্বাধীনতা হলের সিট বরাদ্দের বিষয়ে ধোঁয়াশা রয়ে গেছে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের দ্বিমুখী কার্যকলাপের কারণে ২৫ এপ্রিল অধ্যাপক ড. মো. শাহাজান আলী ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন।

হল প্রভোস্টের আকস্মিক পদত্যাগের পর সিট বরাদ্দের বাকি কাজ থমকে যায়। এরপর বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর সহকারী হল প্রভোস্ট মো. আল ফাহাদ ভূঁইয়াকে (চলতি দায়িত্ব) নিয়োগ দেন। দায়িত্ব পাওয়ার পর প্রায় চার মাস পেরিয়ে গেলেও সিট বরাদ্দের বিষয়ে প্রভোস্টের সাথে যোগাযোগ করে একাধিক সংবাদ প্রকাশ করা হলেও হল প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে সিট বরাদ্দের প্রক্রিয়া ঝুলে থাকায় অনেক শিক্ষার্থী হলে থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে কেউ কেউ বাধ্য হয়ে মেসে থাকছেন, আবার অনেকে অতিরিক্ত খরচে আবাসনের ব্যবস্থা করছেন। বর্তমানে হলের সিটগুলো প্রভোস্টের তত্ত্বাবধানে থাকলেও কবে নাগাদ নিয়মিতভাবে শিক্ষার্থীদের মধ্যে আসন বরাদ্দ দেওয়া হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "হলে সিট পাওয়ার আশায় দীর্ঘদিন অপেক্ষা করছি। বিষয়টি নিয়ে সংবাদও হয়েছে। কিন্তু এখনো সিট বরাদ্দের কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাচ্ছি না। এতে আমাদের ভোগান্তি বাড়ছে।"

আরও পড়ুন: শিল্প-একাডেমিয়া সহযোগিতা নিয়ে ঢাবিতে সেমিনার ২২ নভেম্বর

আরেক শিক্ষার্থী বলেন, "বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার সুযোগ থাকা সত্ত্বেও সিট না পাওয়ায় বাইরে থাকতে হচ্ছে। এতে বাড়তি অর্থ খরচের পাশাপাশি যাতায়াতেও সমস্যা হচ্ছে।"

শিক্ষার্থীরা দাবি করেছেন, স্বাধীনতা হলের সিট বরাদ্দের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আবাসন সংকটের সমাধান করা হোক। তারা একই সঙ্গে সিট বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছ ও নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে দ্রুত তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হল প্রভোস্ট মো. আল ফাহাদ ভূঁইয়া বলেন, "সিট বরাদ্দের বিষয়ে একটি ড্রাফট প্রস্তুত করা হয়েছে। তবে, গণরুমের ১১ জন ছাত্রের আবাসিকতা নিয়ে স্বাধীনতা হল ও জুলাই-৬ হলের মাঝে কিছু জটিলতা তৈরি হয়েছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধান হলে আমি যেকোনো সময় সিট বরাদ্দ দিতে পারব।"

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের অভিযোগে ৮ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের অভিযোগে ৮ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে ডিএমপি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টা সংক্রান্ত একটি ঘটনায় অভিযান পরিচালনা করে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিএমপি আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বরের কারণে এশিয়ান গেমসে অংশ নিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


জ্বরের কারণে এশিয়ান গেমসে অংশ নিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত

জ্বরের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য নাজমুল হোসেন শান্ত এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি। জাপানে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

বাংলাদেশ কন্টিনজেন্টের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিকেল টিমের পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তাকে এশিয়ান গেমসে দলের বাইরে রাখা হবে।

নাজমুল হোসেন শান্ত আগামীকাল যত দ্রুত সম্ভব দেশে ফিরে যাবেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) শান্তর দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করেছেন। তিনি তার নিরাপদে দেশে পৌঁছানোর জন্যও শুভকামনা জানিয়েছেন।

মেজর (অব.) ইমরোজ আহমেদ এই বিষয়ে বলেন, 'শান্তর প্রচন্ড জ্বর, সঙ্গে বমিও করছেন। তাই এই ক্রিকেটারকে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।'

আজ সকালে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত চিকিৎসার আওতায় নেওয়া হয়। তিনি সকালে দলের নির্ধারিত অনুশীলনে অংশ নেননি। আগের দিনও শান্ত অনুশীলনে উপস্থিত ছিলেন না।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া বিশ্বজুড়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


মালয়েশিয়া বিশ্বজুড়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া আন্তর্জাতিক ভ্রমণ সুবিধা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 'দ্য পাসপোর্ট ইনডেক্স গ্লোবাল র‍্যাঙ্কিং ২০২৬'-এ মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্টের মর্যাদা লাভ করেছে। এই তালিকায় সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থান (সিলভার টিয়ার) দখল করেছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সোমবার (২৮ সেপ্টেম্বর) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই মাইলফলক সম্পর্কে নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে মালয়েশিয়ার পাসপোর্টের সর্বজনীন গ্রহণযোগ্যতা ও সুদৃঢ় সম্পর্কের ইতিবাচক প্রতিফলনের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। গত বছরে মালয়েশিয়ার অবস্থান ছিল তৃতীয় স্থানে।

পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, মালয়েশিয়া পাসপোর্টধারীদের জন্য ভ্রমণ সুবিধার বিস্তারিত নিম্নরূপ: মোট প্রবেশযোগ্য গন্তব্য: ১৭৫টি দেশ ও অঞ্চল। অন-অ্যারাইভাল ভিসা সুবিধা: ৪৬টি দেশে। ভিসামুক্ত প্রবেশাধিকার: ১২৯টি দেশে। পূর্বানুমতি বা ভিসা প্রয়োজনীয় গন্তব্য: মাত্র ২৩টি দেশে।

'দ্য পাসপোর্ট ইনডেক্স'-এর তথ্যানুসারে, তালিকার শীর্ষস্থান অর্থাৎ এক নম্বরে অবস্থান করছে যুক্ত আরবাত্রি (ইউএই)। যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পর তৃতীয় স্থানে রয়েছে স্পেন। অন্যদিকে, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও নরওয়ের মতো বিশ্বের ১৬টি দেশ যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ মনে করছে, এই অর্জন দেশের নাগরিকদের জন্য বিশ্বমঞ্চে যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। উল্লেখ্য, তালিকায় প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের অবস্থান ৯২তম। ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৭১ ও ৯৬ তম। তালিকায় সবার শেষে রয়েছে আফগানিস্তান (৯৯)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু ঠেকাতে ফগার হাতে তরুণরা, আলফাডাঙ্গায় ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


ডেঙ্গু ঠেকাতে ফগার হাতে তরুণরা, আলফাডাঙ্গায় ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশক নিধনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা কলেজের ছাত্রদল নেতাকর্মীরা। ফগার মেশিন হাতে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় মশার ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা থানা চত্বরে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। পরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করেন।

ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল জিসান মিয়া ও ছমাহফুজুর রহমান সোহানের নেতৃত্বে কর্মসূচিতে আলামিন শেখ, ফাহিম আহমেদ, আব্দুল্লাহ আল ফয়সালসহ অন্যান্য তরুণ নেতাকর্মী অংশ নেন।

এ সময় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণ জরুরি। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে এবং তারেক রহমানের ঘোষিত কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তরুণদের সামাজিক দায়িত্ববোধ থেকে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%