ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এআই ছবির মাধ্যমে শহীদ আবু সাঈদের কবর ভাঙার গুজব শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ


এআই ছবির মাধ্যমে শহীদ আবু সাঈদের কবর ভাঙার গুজব শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ফ্যাক্টওয়াচ একটি গুজব শনাক্ত করেছে, যেখানে এআই দ্বারা তৈরি ছবি ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর ভাঙার খবর ছড়ানো হয়েছে। এই গুজবটি বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

ফ্যাক্টওয়াচের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিটি আসলে এআই দ্বারা তৈরি এবং শহীদ আবু সাঈদের কবরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা।

আরও পড়ুন: গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকারে আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফ্যাক্টওয়াচ নিয়মিতভাবে এসব বিষয় যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র সরিয়ে অন্য জেলায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র সরিয়ে অন্য জেলায়

গোপালগঞ্জ জেলার এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র স্থানান্তরিত হয়েছে মাদারীপুর ও ফরিদপুর জেলায়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার জন্য উপযুক্ত পরিবেশ না থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত প্রকাশিত হয়।

অফিস আদেশে বোর্ড নির্দেশ দিয়েছে যে, গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষা মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আদেশ অনুযায়ী, গোপালগঞ্জ (৬৭৫০-গোপালগঞ্জ সরকারি কলেজ, কেন্দ্র কোড-৭৭৪) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৬৩০ সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে (এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-১) অনুষ্ঠিত হবে।

এছাড়া, কাশিয়ানী (৬৮৫০-রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ, কেন্দ্র কোড-৭৭৫) কেন্দ্রের পরীক্ষা ফরিদপুরের আলফাডাঙ্গা-৬৮৫১ আলফাডাঙ্গা সরকারি কলেজে (কেন্দ্রের ক্রমিক-৫৯, কেন্দ্র কোড-৭৫৯, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-২) অনুষ্ঠিত হবে।

কোটালীপাড়া (৬৮২৫-কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, কেন্দ্র কোড-৭৭৭) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৬০০ সরকারি রাজৈর কলেজে (কেন্দ্রের ক্রমিক-৬১, কেন্দ্র কোড-৭৬১, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৩) অনুষ্ঠিত হবে।

টুঙ্গীপাড়া (৬৭৫৯-টুঙ্গীপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ, কেন্দ্র কোড-৭৭৬) কেন্দ্র এবং মুকসুদপুর (৬৯০০-মুকসুদপুর সরকারি কলেজ, কেন্দ্র কোড-৭৭৮) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৫০৪ শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৪) অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান সেনাবাহিনী স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


পাকিস্তান সেনাবাহিনী স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান সেনাবাহিনী তার মুক্তিযুদ্ধকালীন বীরত্বের স্বীকৃতি হিসেবে ‘বীর বিক্রম’ খেতাবসহ সম্বোধন করেছে। পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তাকে ‘হিজ এক্সেলেন্সি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়। ওই পোস্টে পাকিস্তানের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর ও পুরোনো প্রশিক্ষণকেন্দ্রে ফিরে যাওয়ার স্মৃতিচারণ তুলে ধরা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পোস্ট অনুযায়ী, গত বুধবার পিএমএ পরিদর্শনে যান বাংলাদেশের স্পিকার। সেখানে পৌঁছালে একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী তাকে স্বাগত জানান।

পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে উল্লেখ করা হয়, দীর্ঘ সময় পর নিজের পুরোনো প্রশিক্ষণকেন্দ্রে ফিরে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর স্মৃতিতে ফিরে যান হাফিজ উদ্দিন আহমদ। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কাটানো সময়ের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ওই সময়ের অভিজ্ঞতা তার জীবন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। পিএমএকে তিনি শুধু একটি প্রশিক্ষণকেন্দ্র নয়, নিজের দ্বিতীয় বাড়ি বলেও উল্লেখ করেন।

পোস্টে আরো বলা হয়, ১৯৬৬ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন হাফিজ উদ্দিন আহমদ। কয়েক দশক পর সেই একাডেমিতে ফিরে যাওয়া তার জন্য ছিল বিশেষ আবেগঘন অভিজ্ঞতা।

হাফিজ উদ্দিন আহমদের সামরিক জীবনের সঙ্গে পাকিস্তান মিলিটারি একাডেমির পুরোনো সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর অধীনে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যোগ দেন।

বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশিত তার জীবনী অনুযায়ী, ১৯৭১ সালের ৩০ মার্চ যশোর সেনানিবাসে তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। পরে প্রায় ২০০ সেনাসদস্যকে সঙ্গে নিয়ে সেনানিবাস থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধে সাহসিকতার জন্য তাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়।

মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে তিনি জানান, ১৯৭১ সালে যশোর সেনানিবাসে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পর তিনি যশোর-কুষ্টিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখেন।

পাকিস্তান সেনাবাহিনীর ফেসবুক পোস্টে ‘বীর বিক্রম’ খেতাব ব্যবহারের আগে দেশটির জাতীয় পরিষদের পক্ষ থেকেও একই সম্বোধন করা হয়েছিল। ২৩ নভেম্বর প্রকাশিত সফরসংক্রান্ত বিজ্ঞপ্তি এবং ২৫ নভেম্বর পাকিস্তান মিলিটারি একাডেমি পরিদর্শন নিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিপিও একইভাবে তাকে ‘হাফিজ উদ্দিন, বীর বিক্রম’ বলে পরিচয় দিয়েছে।

তবে পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাংলাদেশের এই বীরত্বসূচক খেতাব ব্যবহারের বিষয়টি আলাদা গুরুত্ব পেয়েছে। কারণ, হাফিজ উদ্দিন আহমদ একসময় পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা হলেও ১৯৭১ সালে সেই বাহিনীর বিরুদ্ধেই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, ‘বীর বিক্রম’ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ দেওয়া রাষ্ট্রীয় খেতাব। হাফিজ উদ্দিন আহমদের ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে এই খেতাব ব্যবহারের মধ্য দিয়ে তার বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন পরিচয়টিও আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: পাকিস্তানের জাতীয় পরিষদ, পাকিস্তানের অ্যাসোসিয়েটেড প্রেস ও বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ। এছাড়া, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সন্দ্বীপে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১.০ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। এদিন ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে শনিবার ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন ভবনের জানালা কেঁপে ওঠে। এই ভূমিকম্পের কারণে শহরের বিমানবন্দরে অবতরণের প্রক্রিয়া চলাকালীন একটি যাত্রীবাহী বিমানকে অবতরণ বাতিল করতে বাধ্য করা হয়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেসের নিকটবর্তী ম্যানহাটন বিচ শহরের উপকূলে। মূল ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের ফলে বিভিন্ন গাড়ির অ্যালার্ম বেজে ওঠে এবং বিমানবন্দরের কিছু জানালা ভেঙে যায়। স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু হওয়ায় একটি তেল শোধনাগার থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা কার্যালয় ফেসবুকে জানায়, তারা ভূমিকম্পের প্রভাব মূল্যায়নে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে, ‘ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। তাই পরবর্তী কম্পন মোকাবিলায় প্রস্তুত থাকুন।’

এদিকে, ভূমিকম্পের সময় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছে পৌঁছানোর পর ডেলটা এয়ারলাইনসের একটি বিমানকে অবতরণ বাতিল করতে হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা যায়।

বিমানটি অবতরণের জন্য রানওয়ে ছোঁয়ার প্রায় মুহূর্তে ভূমিকম্প আঘাত হানে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত না হওয়া পর্যন্ত রানওয়েতে কোনো ফাটল তৈরি হয়েছে কি না, তা যাচাই না করে অবতরণের নির্দেশ দেন।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ফক্স নিউজকে বলেন, ‘এ সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল। কারণ, রানওয়ে পরীক্ষা না করা পর্যন্ত তারা কীভাবে নিশ্চিত হবেন যে সেখানে কোনো ফাটল তৈরি হয়নি?’

পরবর্তী একটি কম্পনে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের একটি টার্মিনালের ছাদের সাদা রঙের একটি প্যানেল খুলে পড়ে। ওই টার্মিনালের কয়েকটি জানালাও ভেঙে যায়।

বাড়ি ফেরার জন্য বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন মেরিল্যান্ডের ২৭ বছর বয়সী আইনজীবী কেনা ক্রেমার। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘মানুষজন ভয় পেয়ে গিয়েছিল। এক নারী সামান্য চিৎকার করেছিলেন। এরপর সবাই শান্ত হয়ে যায়।’

ভয় আর আতঙ্কের দৃশ্য

বিমানবন্দরের পরিস্থিতি তুলে ধরে ক্যালিফোর্নিয়ার গভর্নরের পোস্টের নিচে একজন মন্তব্য করেন, ‘কেউ এমন আচরণ করছিলেন যেন কিছুই ঘটেনি, কেউ কাঁদছিলেন, আবার কেউ মেঝেতে শুয়ে ছিলেন।’

মূল ভূমিকম্পের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি শেভরন তেল শোধনাগারে সম্ভাব্য বিপদ এড়াতে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু করা হয়। এর অংশ হিসেবে অতিরিক্ত গ্যাস পুড়িয়ে আগুনের শিখা ও ধোঁয়া বের করা হয়।

শেভরন কর্তৃপক্ষ জানায়, বিরতিতে বিরতিতে আগুনের শিখা ও ধোঁয়া বের হওয়ার বিষয়টি নিয়ন্ত্রণে ছিল এবং এতে আশপাশের মানুষের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হয়নি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানায়, ভূমিকম্পের পর তাদের সব ইউনিটকে জরুরি প্রস্তুতিমূলক অবস্থায় রাখা হয়। বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ অবকাঠামোর অবস্থা যাচাই করতে ১০০টির বেশি ফায়ার স্টেশনের কর্মীরা স্থল, আকাশ ও সমুদ্রপথে পরিদর্শন চালান।

পরিদর্শন শেষে বিভাগের ওয়েবসাইটে বলা হয়, ‘লস অ্যাঞ্জেলেস শহরের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা পাওয়া যায়নি।’

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প নতুন কিছু নয়। তবে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষক ও ভূকম্পবিদ লুসি জোনস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘লস অ্যাঞ্জেলেস এলাকায় বেশ কিছুদিনের মধ্যে এটি অন্যতম বড় ভূমিকম্প।’

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল কয়েকটি ভূ-গাঠনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এ কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

অধিকাংশ ভূমিকম্পই ছোট মাত্রার হওয়ায় মানুষ তেমন টের পায় না। লস অ্যাঞ্জেলেসের বৃহত্তর এলাকায় বসবাসকারী ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের কাছে এমন ছোট কম্পন খুব একটা অস্বাভাবিক নয়।

তবে অতীতেও এ অঞ্চলে বেশ কয়েকটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসের নর্থরিজ এলাকায় আঘাত হানা ভূমিকম্পে কয়েক ডজন মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন। এতে বাড়িঘর ও অবকাঠামোর কয়েক শ কোটি ডলারের ক্ষতি হয়েছিল।

এছাড়া ১৯০৬ সালে সান ফ্রান্সিসকোয় ভয়াবহ ভূমিকম্পের পাশাপাশি সুনামিও আঘাত হানে। ধারণা করা হয়, ওই দুর্যোগে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়। তাঁদের মধ্যে অনেকে ভূমিকম্পের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে প্রাণ হারায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%