ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাকিস্তান সেনাবাহিনী স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে


পাকিস্তান সেনাবাহিনী স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান সেনাবাহিনী তার মুক্তিযুদ্ধকালীন বীরত্বের স্বীকৃতি হিসেবে ‘বীর বিক্রম’ খেতাবসহ সম্বোধন করেছে। পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তাকে ‘হিজ এক্সেলেন্সি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়। ওই পোস্টে পাকিস্তানের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর ও পুরোনো প্রশিক্ষণকেন্দ্রে ফিরে যাওয়ার স্মৃতিচারণ তুলে ধরা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পোস্ট অনুযায়ী, গত বুধবার পিএমএ পরিদর্শনে যান বাংলাদেশের স্পিকার। সেখানে পৌঁছালে একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী তাকে স্বাগত জানান।

পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে উল্লেখ করা হয়, দীর্ঘ সময় পর নিজের পুরোনো প্রশিক্ষণকেন্দ্রে ফিরে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর স্মৃতিতে ফিরে যান হাফিজ উদ্দিন আহমদ। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কাটানো সময়ের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ওই সময়ের অভিজ্ঞতা তার জীবন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। পিএমএকে তিনি শুধু একটি প্রশিক্ষণকেন্দ্র নয়, নিজের দ্বিতীয় বাড়ি বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: নিষিদ্ধ আ. লীগের নাশকতা রুখতে একত্রিত বিএনপি, জামায়াত, এনসিপি ও জনতা

পোস্টে আরো বলা হয়, ১৯৬৬ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন হাফিজ উদ্দিন আহমদ। কয়েক দশক পর সেই একাডেমিতে ফিরে যাওয়া তার জন্য ছিল বিশেষ আবেগঘন অভিজ্ঞতা।

হাফিজ উদ্দিন আহমদের সামরিক জীবনের সঙ্গে পাকিস্তান মিলিটারি একাডেমির পুরোনো সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর অধীনে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যোগ দেন।

বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশিত তার জীবনী অনুযায়ী, ১৯৭১ সালের ৩০ মার্চ যশোর সেনানিবাসে তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। পরে প্রায় ২০০ সেনাসদস্যকে সঙ্গে নিয়ে সেনানিবাস থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধে সাহসিকতার জন্য তাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়।

মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে তিনি জানান, ১৯৭১ সালে যশোর সেনানিবাসে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পর তিনি যশোর-কুষ্টিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখেন।

আরও পড়ুন: গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকারে আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে

পাকিস্তান সেনাবাহিনীর ফেসবুক পোস্টে ‘বীর বিক্রম’ খেতাব ব্যবহারের আগে দেশটির জাতীয় পরিষদের পক্ষ থেকেও একই সম্বোধন করা হয়েছিল। ২৩ নভেম্বর প্রকাশিত সফরসংক্রান্ত বিজ্ঞপ্তি এবং ২৫ নভেম্বর পাকিস্তান মিলিটারি একাডেমি পরিদর্শন নিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিপিও একইভাবে তাকে ‘হাফিজ উদ্দিন, বীর বিক্রম’ বলে পরিচয় দিয়েছে।

তবে পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাংলাদেশের এই বীরত্বসূচক খেতাব ব্যবহারের বিষয়টি আলাদা গুরুত্ব পেয়েছে। কারণ, হাফিজ উদ্দিন আহমদ একসময় পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা হলেও ১৯৭১ সালে সেই বাহিনীর বিরুদ্ধেই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, ‘বীর বিক্রম’ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ দেওয়া রাষ্ট্রীয় খেতাব। হাফিজ উদ্দিন আহমদের ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে এই খেতাব ব্যবহারের মধ্য দিয়ে তার বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন পরিচয়টিও আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: পাকিস্তানের জাতীয় পরিষদ, পাকিস্তানের অ্যাসোসিয়েটেড প্রেস ও বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইট

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া: প্রধান নির্বাচন কমিশনার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ। এছাড়া, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সন্দ্বীপে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১.০ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। এদিন ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে শনিবার ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন ভবনের জানালা কেঁপে ওঠে। এই ভূমিকম্পের কারণে শহরের বিমানবন্দরে অবতরণের প্রক্রিয়া চলাকালীন একটি যাত্রীবাহী বিমানকে অবতরণ বাতিল করতে বাধ্য করা হয়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেসের নিকটবর্তী ম্যানহাটন বিচ শহরের উপকূলে। মূল ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের ফলে বিভিন্ন গাড়ির অ্যালার্ম বেজে ওঠে এবং বিমানবন্দরের কিছু জানালা ভেঙে যায়। স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু হওয়ায় একটি তেল শোধনাগার থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা কার্যালয় ফেসবুকে জানায়, তারা ভূমিকম্পের প্রভাব মূল্যায়নে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে, ‘ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। তাই পরবর্তী কম্পন মোকাবিলায় প্রস্তুত থাকুন।’

এদিকে, ভূমিকম্পের সময় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছে পৌঁছানোর পর ডেলটা এয়ারলাইনসের একটি বিমানকে অবতরণ বাতিল করতে হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা যায়।

বিমানটি অবতরণের জন্য রানওয়ে ছোঁয়ার প্রায় মুহূর্তে ভূমিকম্প আঘাত হানে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত না হওয়া পর্যন্ত রানওয়েতে কোনো ফাটল তৈরি হয়েছে কি না, তা যাচাই না করে অবতরণের নির্দেশ দেন।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ফক্স নিউজকে বলেন, ‘এ সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল। কারণ, রানওয়ে পরীক্ষা না করা পর্যন্ত তারা কীভাবে নিশ্চিত হবেন যে সেখানে কোনো ফাটল তৈরি হয়নি?’

পরবর্তী একটি কম্পনে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের একটি টার্মিনালের ছাদের সাদা রঙের একটি প্যানেল খুলে পড়ে। ওই টার্মিনালের কয়েকটি জানালাও ভেঙে যায়।

বাড়ি ফেরার জন্য বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন মেরিল্যান্ডের ২৭ বছর বয়সী আইনজীবী কেনা ক্রেমার। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘মানুষজন ভয় পেয়ে গিয়েছিল। এক নারী সামান্য চিৎকার করেছিলেন। এরপর সবাই শান্ত হয়ে যায়।’

ভয় আর আতঙ্কের দৃশ্য

বিমানবন্দরের পরিস্থিতি তুলে ধরে ক্যালিফোর্নিয়ার গভর্নরের পোস্টের নিচে একজন মন্তব্য করেন, ‘কেউ এমন আচরণ করছিলেন যেন কিছুই ঘটেনি, কেউ কাঁদছিলেন, আবার কেউ মেঝেতে শুয়ে ছিলেন।’

মূল ভূমিকম্পের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি শেভরন তেল শোধনাগারে সম্ভাব্য বিপদ এড়াতে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু করা হয়। এর অংশ হিসেবে অতিরিক্ত গ্যাস পুড়িয়ে আগুনের শিখা ও ধোঁয়া বের করা হয়।

শেভরন কর্তৃপক্ষ জানায়, বিরতিতে বিরতিতে আগুনের শিখা ও ধোঁয়া বের হওয়ার বিষয়টি নিয়ন্ত্রণে ছিল এবং এতে আশপাশের মানুষের নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হয়নি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানায়, ভূমিকম্পের পর তাদের সব ইউনিটকে জরুরি প্রস্তুতিমূলক অবস্থায় রাখা হয়। বিভাগের আওতাধীন গুরুত্বপূর্ণ অবকাঠামোর অবস্থা যাচাই করতে ১০০টির বেশি ফায়ার স্টেশনের কর্মীরা স্থল, আকাশ ও সমুদ্রপথে পরিদর্শন চালান।

পরিদর্শন শেষে বিভাগের ওয়েবসাইটে বলা হয়, ‘লস অ্যাঞ্জেলেস শহরের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা পাওয়া যায়নি।’

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প নতুন কিছু নয়। তবে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) গবেষক ও ভূকম্পবিদ লুসি জোনস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘লস অ্যাঞ্জেলেস এলাকায় বেশ কিছুদিনের মধ্যে এটি অন্যতম বড় ভূমিকম্প।’

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল কয়েকটি ভূ-গাঠনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এ কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

অধিকাংশ ভূমিকম্পই ছোট মাত্রার হওয়ায় মানুষ তেমন টের পায় না। লস অ্যাঞ্জেলেসের বৃহত্তর এলাকায় বসবাসকারী ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের কাছে এমন ছোট কম্পন খুব একটা অস্বাভাবিক নয়।

তবে অতীতেও এ অঞ্চলে বেশ কয়েকটি বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসের নর্থরিজ এলাকায় আঘাত হানা ভূমিকম্পে কয়েক ডজন মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন। এতে বাড়িঘর ও অবকাঠামোর কয়েক শ কোটি ডলারের ক্ষতি হয়েছিল।

এছাড়া ১৯০৬ সালে সান ফ্রান্সিসকোয় ভয়াবহ ভূমিকম্পের পাশাপাশি সুনামিও আঘাত হানে। ধারণা করা হয়, ওই দুর্যোগে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়। তাঁদের মধ্যে অনেকে ভূমিকম্পের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে প্রাণ হারায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া: প্রধান নির্বাচন কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মন্তব্য করেছেন যে, এই নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার করা হচ্ছে না। তবে, তিনি উল্লেখ করেন যে, রাজনৈতিক দলের প্রভাব বিদ্যমান থাকে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য।

আজ রোববার, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে চায়। তিনি জানান, ইসির কোনো দ্বিতীয় এজেন্ডা নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সহিংসতামুক্ত রাখার এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সংলাপ শুরু হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ১৫টি রাজনৈতিক দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাণ গ্রুপে চাকরি: গ্র্যাচুইটি-বিমাসহ পাবেন যেসব সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


প্রাণ গ্রুপে চাকরি: গ্র্যাচুইটি-বিমাসহ পাবেন যেসব সুবিধা

প্রাণ গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগের জন্য ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৬ নভেম্বর থেকে এবং শেষ হবে ৪ ডিসেম্বর তারিখে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।

এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: কি অ্যাকাউন্ট (এক্সপোর্ট)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, পরিসংখ্যান, অর্থনীতি, ইংরেজি, সমাজবিজ্ঞান, সিএসই ইত্যাদি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মাইক্রোসফট অফিসের (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) ব্যবহার দক্ষতা আবশ্যক। প্রতিবেদন লেখা ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর

কর্মস্থল: নাটোর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%