০৪:১০ পি.এম
বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও মাহমুদউল্লাহ রিয়াদ ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন। নতুন ভূমিকায় কিংবদন্তি এই ক্রিকেটার যুব দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি শুধু অনূর্ধ্ব-১৯ দলের নয়, ডেভেলপমেন্ট পর্যায়ে বিভিন্ন দলের পরামর্শক হিসেবে কাজ করবেন। বিসিবি অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের সাথেও তাকে রাখার পরিকল্পনা করছে। এছাড়া অস্ট্রেলিয়াতে বসবাসকারী সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও ঐ সিরিজে কোচিং প্যানেলে কাজে লাগাতে চায় বিসিবি। হান্নান সরকার বর্তমানে ক্লাব ক্রিকেটে কোচিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের খেলা চলাকালীন তার যুব দলের সাথেই কাজ করতে হবে। বোর্ডের নিয়ম অনুযায়ী, চুক্তির আওতায় থাকা কোচরা ডিপিএল ও বিপিএলের যেকোনো একটি টুর্নামেন্টে কাজ করতে পারবেন। হান্নান সরকার মন্তব্য করে বলেছেন, 'স্বপ্ন তো অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচ ছিলাম। ৯ বছর পর সিলেকশনে আসা। এরপর বোর্ড যখন দেশিদের প্রমোট করছে, সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা।' আসন্ন ২০২৮ যুব বিশ্বকাপের জন্য কাজ শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে ইয়ুথ ক্রিকেট লিগ শেষ হয়েছে। খুলনায় বর্তমানে ৪৫ জন নিয়ে ট্রেনিং সেশন চলছে। সেই লক্ষ্য উপলক্ষে নতুন কোচ ও পরামর্শক নিয়োগ দিয়েছে বোর্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন