০৭:২৫ পি.এম
ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় গরু পাচারের সন্দেহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই মুসলিম যুবক নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর, ২০২৬) ভোরে, দ্য ট্রিবিউন ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়।
নিহতদের মধ্যে সাবির ও গাব্বার (ওরফে হাদিয়া) রয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তির নাম তাহির, যিনি বর্তমানে নালহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তারও আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিরোজপুর ঝিরকার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (সিআইএ) গরু পাচারের গোপন তথ্য পেয়ে সন্দেহভাজন গাড়িটি আটকানোর জন্য সড়কে ব্যারিকেড স্থাপন করে। পুলিশের দাবি, গাড়িতে থাকা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, যার ফলে গাড়িতে থাকা তিনজন গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন: যৌনতার বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাবের অভিযোগ
পুলিশ জানিয়েছে, ওই পিকআপ ভ্যান থেকে সাতটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি .৩১৫-বোর পিস্তল, তিনটি তাজা কার্তুজ এবং পাঁচটি গুলির খোসা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে নালহার মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবির ও গাব্বারের মৃত্যু ঘটে। আহত তাহিরের চিকিৎসা এখনও চলছে।
নুহ পুলিশের একজন মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং তাঁদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। গোলাগুলি এবং প্রাণহানির প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখতে এই তদন্ত পরিচালিত হবে।
আরও পড়ুন: হুতিদের নিয়ন্ত্রণ বেড়েছে, বাব এল-মান্দেব প্রণালী থেকে পিছু হটল ইয়েমেনের সরকারি বাহিনী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন