শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:০২ এম
নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলার জন্য বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানোর পাশাপাশি জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।
তিনি মন্তব্য করেন, ‘সমুদ্রের উচ্চতার সঙ্গে আমাদের সংকল্পও আরও দৃঢ় হোক, আর আমাদের পদক্ষেপ হোক তার চেয়েও দ্রুত।’
আজ নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবিলায় আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি মোকাবিলা করা বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর একার পক্ষে সম্ভব নয়। এ জন্য বৈশ্বিক সহায়তা ও সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘বিশ্ব যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, সাগর তার প্রতিটি টনের প্রতিক্রিয়া দেখায়। শুধুমাত্র অভিযোজনমূলক পদক্ষেপের মাধ্যমে এর প্রভাব মোকাবিলা করা সম্ভব নয়।’
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি সক্রিয় বদ্বীপ। দেশের ভূখণ্ডের মধ্য দিয়ে শত শত নদী প্রবাহিত হয়ে সাগরে মিশেছে। তাই দেশের মানুষের জীবন, সমৃদ্ধি ও ভবিষ্যৎ উপকূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বিশ্বব্যাংকের হিসাব উল্লেখ করে তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের প্রায় ৪ শতাংশ ভূমি পানিতে তলিয়ে যেতে পারে। এতে প্রায় এক কোটি মানুষের ঘরবাড়ি, জীবিকা ও মানবিক মর্যাদা হুমকির মুখে পড়বে।
সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ এমন একটি বিপর্যয়কর ভবিষ্যৎ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর অংশ হিসেবে আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি জোরদার এবং উপকূল সুরক্ষায় বিনিয়োগ করা হয়েছে।’
তিনি জানান, ‘জলবায়ু সহনশীলতা আরও শক্তিশালী করতে আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, পানি সংরক্ষণ ও মজুতের জন্য পদ্মা ব্যারাজ উদ্যোগ এগিয়ে নেওয়া, মাস্টার প্ল্যানের মাধ্যমে তিস্তা ব্যারাজ আধুনিকায়ন এবং ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধির পথেও এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘২০৩০ সালের মধ্যে অন্তত ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নিয়ে সৌরবিদ্যুতের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।’
একই সঙ্গে সবুজ শিল্প ও পরিবেশবান্ধব পরিবহনের প্রসার, জাতীয় কার্বন বাজার গড়ে তোলা এবং বন, জলাভূমি ও ঝুঁকিপূর্ণ উপকূলীয় প্রতিবেশব্যবস্থার সুরক্ষা জোরদারে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সংকট মোকাবিলায় চারটি জরুরি পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমত, বৈশ্বিক নিঃসরণ আরও দ্রুত, ব্যাপক ও ন্যায়সংগতভাবে কমাতে হবে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমার মধ্যে রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’
‘দ্বিতীয়ত, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন কার্যক্রমের জন্য পূর্বানুমেয় ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করতে হবে।’
‘তৃতীয়ত, ঝুঁকিপূর্ণ উপকূলীয় দেশগুলোর জন্য জলবায়ু-স্মার্ট প্রযুক্তি, তথ্য-উপাত্ত ও আগাম সতর্কীকরণ ব্যবস্থায় প্রবেশাধিকার সম্প্রসারণ করতে হবে।’
‘চতুর্থত, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি, ক্ষয়ক্ষতি ও লোকসান মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য মর্যাদাপূর্ণ পুনর্বাসন ও জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্র দ্রুত উচ্চতর হচ্ছে। আমাদের উচ্চাকাঙ্ক্ষাকেও তার চেয়ে দ্রুত এগিয়ে নিতে হবে। ভবিষ্যৎ ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় এখনই পদক্ষেপ নিতে হবে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে, ঘোষণাপত্রে দেওয়া অঙ্গীকারগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেবে এবং কোনো দেশকে যেন একা ‘রাইজিং টাইড’- এর মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করবে।’
বৈঠক আয়োজন এবং ঘোষণাপত্র প্রণয়নে সহায়তা ও প্রচেষ্টার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস এবং নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.
জুয়েল চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে সৈয়দপুর আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো.
শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভাপতিত্বের দায়িত্ব পালন করেন খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.
আমিরুল ইসলাম।
অনুষ্ঠানের অংশ হিসেবে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এই সময় শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবাগত শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধায় নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলার পূর্বকানিপাড়া ও উত্তর উড়িয়া এলাকায় ভয়াবহ নদীভাঙন প্রতিরোধের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করেন স্থানীয়রা। ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নিকটবর্তী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, নদী ভাঙনের ফলে ওই অঞ্চলের মানুষের বসতভিটা, কৃষিজমি এবং জীবিকা ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছে। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ সময় নদীভাঙন রোধে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বিক্ষোভ মিছিল করেছে।
এই বিক্ষোভের উদ্দেশ্য ছিল ব্যাংকিং খাতে চলমান নৈরাজ্য বন্ধ করা, ইসলামী ব্যাংককে লুটপাট ও অনিয়মের হাত থেকে রক্ষা করা, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রাহকদের অধিকার আদায় করা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ মোড় এলাকা থেকে শুরু হয়ে এই মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার সামনে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি পরিচালনা করেন ব্যাংকের সচেতন গ্রাহক রোকনুজ্জামান। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য সোনাহাট ডিগ্রি কলেজের সহ:অধ্যাপক আনোয়ার হোসেন, কচাকাটা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মর্তুজা, রাজু আহমেদ, আরিফুল ইসলাম ও আতিকুর রহমান শামীম।
সমাবেশে ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অনিয়ম ও লুটপাট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোড় দাবি জানানো হয়। এ সময় সচেতন গ্রাহক ফোরামের সদস্য ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, "গ্রাহকদের আমানত ও অধিকার সুরক্ষায় ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।" তারা একই সঙ্গে ব্যাংককে অনিয়ম ও লুটপাটমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই বিক্ষোভে স্থানীয় সচেতন গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে কাহারোল উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এই সভার উদ্দেশ্য ছিল উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ করা। সভার সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি। এছাড়া বক্তব্য দেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ, বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ প্রভাষক মোঃ শামীম আলী। সাবেক বিএনপির সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল মান্নান, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম এবং কাহারোল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র রায়ও সভায় বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ