ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে ইসমাইল জবিউল্লাহর বৈঠক, আলোচনা ই-গভর্নেন্স নিয়ে


পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে ইসমাইল জবিউল্লাহর বৈঠক, আলোচনা ই-গভর্নেন্স নিয়ে

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতটি বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি এবং ই-গভর্নেন্সসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

বৈঠকের সময়, হাইকমিশনার ইমরান হায়দার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে শিক্ষা, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তির মতো বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার গতিপথ সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ের পূর্বাঞ্চলীয় হাওরে দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


দিরাইয়ের পূর্বাঞ্চলীয় হাওরে দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

সুনামগঞ্জের দিরাই উপজেলার পূর্বাঞ্চলীয় হাওরাঞ্চলে দ্রুত পানি শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা রোপণ ও চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

হাওরের যেসব জমিতে বোরো ধানের চারা রোপণ করা হবে, সেসব জমির পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে। ফলে জমির মাটি ক্রমেই শুকিয়ে শক্ত হয়ে পড়ছে। এতে সময়মতো জমি চাষের উপযোগী করা এবং ধানের চারা রোপণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কৃষকদের আশঙ্কা, জমির মাটি অতিরিক্ত শুকিয়ে শক্ত হয়ে গেলে চারা রোপণ করা কঠিন হবে। মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে রোপণ করা চারার স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হতে পারে। এতে বোরো ধানের উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।

হাওরাঞ্চলের কৃষকেরা প্রকৃতি ও পানির ওপর নির্ভর করেই বছরের প্রধান ফসল বোরো ধান চাষ করেন। কিন্তু হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। সময়মতো জমি প্রস্তুত করতে না পারলে চারা রোপণে বিলম্ব হতে পারে, যা কৃষকদের জন্য নতুন উদ্বেগের কারণ।

এ অবস্থায় দিরাইয়ের পূর্বাঞ্চলীয় হাওরের কৃষকেরা বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, দুইজন গ্রেপ্তার

রাজশাহীর সাহেববাজারে জাল নোটের মাধ্যমে স্বর্ণের চেইন হাতিয়ে নেওয়ার ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের গ্রেপ্তার করা হয় ঢাকার খিলক্ষেত থেকে। এ সময় রাজশাহীতে প্রতারণার মাধ্যমে নেওয়া স্বর্ণের চেইনসহ বগুড়ায় একই কৌশলে আত্মসাৎ করা আরও একটি চেইন উদ্ধার করা হয়।

বুধবার আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর সাহেববাজারে অবস্থিত ‘আশা জুয়েলারি স্টোরে’ এক ব্যক্তি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে যান। তিনি এক কর্মকর্তার মেয়ের বিয়ের জন্য গয়না কেনার কথা বলে ৭০০ টাকায় একটি নাকফুল কেনেন। পাশাপাশি আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার কথা জানান। পরে ২৭ সেপ্টেম্বর ওই ব্যক্তি দোকানে এসে চেইনটি নিতে চান।

দোকানে চেইন না থাকায় পাশের দোকান থেকে ২২ ক্যারেটের আট আনা এক পয়েন্ট ওজনের একটি চেইন এনে তাঁকে দেওয়া হয়। চেইনটির বাজারমূল্য ছিল এক লাখ পনেরো হাজার টাকা। এর বিপরীতে তিনি এক হাজার টাকা মূল্যমানের ১১৫টি নতুন নোট দেন। দোকানমালিকের বাবা নোটগুলো যাচাই করতে পাশের দোকানে গেলে সেগুলো জাল বলে শনাক্ত হয়। পরে দোকানে ফিরে ওই ব্যক্তিকে আর পাওয়া যায়নি। এভাবেই জাল নোট দিয়ে স্বর্ণের চেইনটি নিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার তদন্তে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএমের নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও আরএমপির সিসি ক্যামেরা দল কাজ শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির পরিচয় শনাক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার খিলক্ষেত থানার জামতলা মোড় এলাকা থেকে মো. রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলার উত্তর মারাবাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি ঢাকার খিলক্ষেত টানপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল স্বীকার করেন, প্রতারণার মাধ্যমে নেওয়া চেইনটি তিনি জামতলা মোড় এলাকার ‘মা জুয়েলার্স’-এর মালিক মো. রোমানের কাছে বিক্রি করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে ওই জুয়েলার্সে অভিযান চালিয়ে রোমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাজশাহীর দোকান থেকে নেওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ আরও জানতে পারে, একই কৌশলে গত ৬ অক্টোবর বগুড়ার নিউ মার্কেটের স্বর্ণপট্টিতে অবস্থিত ‘তামান্না জুয়েলার্স’ থেকে এক লাখ ২২ হাজার টাকার জাল নোট দিয়ে আট আনা তিন রতি তিন পয়েন্ট ওজনের একটি স্বর্ণের চেইন হাতিয়ে নেন রিয়াজুল।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ ওই চেইনটিও উদ্ধার করেছে। এ ছাড়া রিয়াজুলের কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ ১৪ হাজার ৯৭২ টাকা জব্দ করা হয়েছে। পুলিশের তথ্যমতে, রিয়াজুল একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁর বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে ১০ বাংলাদেশির জন্য বিনামূল্যে লিভার প্রতিস্থাপনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


পাকিস্তানে ১০ বাংলাদেশির জন্য বিনামূল্যে লিভার প্রতিস্থাপনের প্রস্তাব

পাকিস্তান বাংলাদেশের ১০ জন রোগীর জন্য বিনামূল্যে লিভার প্রতিস্থাপনের প্রস্তাব দিয়েছে। পাকিস্তান কিডনি অ্যান্ড লিভার ইনস্টিটিউট অ্যান্ড লিভার সেন্টারের পক্ষ থেকে এই চিকিৎসাসেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার এসব প্রস্তাব তুলে ধরেন। তিন সদস্যের একটি প্রতিনিধিদল উপদেষ্টার কার্যালয়ে তাঁর নেতৃত্বে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, প্রশিক্ষণ ও শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার জানান, তাঁর দেশের পাকিস্তান কিডনি অ্যান্ড লিভার ইনস্টিটিউট অ্যান্ড লিভার সেন্টারে প্রতিবছর ১০ জন বাংলাদেশি রোগীর বিনামূল্যে লিভার প্রতিস্থাপনের সুযোগ দেওয়ার আগ্রহ রয়েছে। এ ছাড়া বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের প্রস্তাবও তিনি দেন। দুই দেশের মধ্যে চিকিৎসাসেবা বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর ১০ হাজার মেট্রিক টন চা শুল্কমুক্ত আমদানির কোটা রেখেছে পাকিস্তান। বাংলাদেশের চা রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে দেশটির বাজারে। পাশাপাশি বাংলাদেশ থেকে আনারস ও চিংড়ি রপ্তানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এসব পণ্যের বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

শিল্প খাতে সহযোগিতার অংশ হিসেবে পাকিস্তানের শিয়ালকোটের ক্রীড়াসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে কারখানা স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। এ উদ্যোগের আওতায় টেনিস বলসহ বিভিন্ন ধরনের বল ও অন্যান্য ক্রীড়াসামগ্রী উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই দেশের ক্রীড়াবিদদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণের বিষয়টিও আলোচনায় আসে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে আগ্রহী পাকিস্তান সরকার। হাইকমিশনার জানান, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সঙ্গে পাকিস্তানের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসি (এনএসপিপি) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির (বিসিএসএএ) সঙ্গে পাকিস্তানের সিভিল সার্ভিস একাডেমির (সিসিএ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তাঁর দেশের আগ্রহ রয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে বাংলাদেশের ১২ জন সরকারি কর্মকর্তা পাকিস্তানে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আরও ৩৫ জন কর্মকর্তার প্রশিক্ষণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময় বাড়বে। একই সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণেও তা ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপদেষ্টা স্বাধীনতাযুদ্ধের আগে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের শিক্ষার্থীদের মধ্যে চালু থাকা ইন্টার উইং স্কলারশিপ প্রোগ্রামের কথা স্মরণ করেন।

এ ছাড়া ওষুধশিল্প, পর্যটন, পাটশিল্প, শিক্ষা ও বিমান চলাচল খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানান পাকিস্তানের হাইকমিশনার। এসব খাতে অভিজ্ঞতা বিনিময় এবং বাণিজ্য সম্প্রসারণেও আগ্রহ প্রকাশ করেন তিনি।

হাইকমিশনার বলেন, ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’ সাঈদ আল নোমানের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


‘শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’ সাঈদ আল নোমানের মন্তব্য

বন্দরনগরী চট্টগ্রামের পাঁচলাইশের ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে বুধবার (১৪ অক্টোবর) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি বক্তব্যে উল্লেখ করেন, "আগামী দিনে বিশ^কে নেতৃত্ব প্রদানের উপযুক্ত যোগ্যতায় আজকের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।"

সাঈদ আল নোমান আরও বলেন, "বিশ্বের সাথে পাল্লা দিতে হলে শুধুই স্থানীয় নাগরিকের যোগ্যতা যথেষ্ট নয়; বরং নিজেকে গড়তে হবে বিশ্ব নাগরিক হিসেবে।" তিনি বলেন, এই লক্ষ্যে স্কুল ও কলেজ থেকেই সামনে এগিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা ও আশাবাদ জাগিয়ে তুলতে হবে। শিক্ষকদের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের মেধা-মনন বিকশিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন, গভর্নিং বডির সদস্য প্রফেসর রীতা দত্ত, এবং বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজা।

প্রবর্তক স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সূচিত্রা চৌধুরী। পরে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান ও বিশেষ অতিথিগণ প্রতিষ্ঠানটির ৩৫০ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%