ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফিফা সাইবার হামলার শিকার, গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা


ফিফা সাইবার হামলার শিকার, গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে হ্যাকাররা সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে। ফিফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসি স্পোর্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিফার কর্মীদের পরিচয় ব্যবহার করে হ্যাকাররা প্রতারণার মাধ্যমে সংস্থাটির বিভিন্ন নথিতে প্রবেশ করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনার পেছনে ফিফার নিজস্ব প্রযুক্তি বা সিস্টেমের কোনো ত্রুটি দায়ী নয়।

ফিফা জানায়, সংস্থাটির সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। তারা বিষয়টি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি ও সেগুলো প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আরও পড়ুন: রাজনৈতিক পরিচয় নির্বিশেষে মুসলিমকে মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া যাবে না: মাদ্রাজ হাইকোর্ট

এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিফার কাছ থেকে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরি করা হয়েছে। তবে বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার কাছে সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম।

তথ্য চুরির ঘটনায় ফিফার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্থাটির দাবি, এটি তাদের প্রযুক্তিগত অবকাঠামোর দুর্বলতার কারণে ঘটেনি। বর্তমানে চুরি হওয়া তথ্যের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফিফা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে দুটি শেয়ার দেবেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে দুটি শেয়ার দেবেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এই উপহারের মোট বাজারমূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার হবে। এর মধ্যে একটি শেয়ার স্পেসএক্স দেবে এবং অন্যটি মাস্ক নিজে দেবেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা করেন। বুধবার স্পেসএক্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালু করা ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ কর্মসূচির আওতায় বর্তমানে সক্রিয় প্রতিটি অ্যাকাউন্টে তাদের ক্লাস এ সাধারণ শেয়ারের একটি করে নতুন শেয়ার দেওয়া হবে। মাস্কও প্রতিষ্ঠানটির দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে শেয়ারবাজারে অংশীদার করার মাধ্যমে অল্প বয়স থেকেই তাদের সম্পদ গড়ে তোলার সুযোগ করে দিতে ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচি চালু করা হয়েছে। হোয়াইট হাউস গত মাসে জানিয়েছিল, এ কর্মসূচির আওতায় প্রায় সাত কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, বুধবার স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সেই হিসাবে মাস্কের ঘোষিত উপহারের মোট মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। তবে মাস্কের ব্যক্তিগতভাবে দেওয়া শেয়ারও ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমে বিতরণ করা হবে কি না, সে বিষয়ে স্পেসএক্স তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আলাদা এক পোস্টে মাস্ক জানান, আগামী মাসে স্পেসএক্সের শেয়ারগুলো হস্তান্তর করা হবে। তবে তার ব্যক্তিগত শেয়ার হস্তান্তরে আরো সময় লাগবে। তিনি লেখেন, শেয়ার বিক্রির ওপর তার আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের জুনে শেষ হলে ব্যক্তিগত শেয়ার হস্তান্তর করা হবে।

গত অক্টোবরে প্রায় ৮২৪ বিলিয়ন ডলারের সম্পদের মালিক মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার পরিকল্পনার কথা প্রথম জানিয়েছিলেন। সে সময় এক্সে তিনি জানিয়েছিলেন, এটিই হবে এ ধরনের অনেক উদ্যোগের প্রথমটি। গত জুন পর্যন্ত স্পেসএক্সে তার হাতে প্রায় ৬ দশমিক ৪২ বিলিয়ন শেয়ার ছিল।

মাস্কের অধিকাংশ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয় ‘মাস্ক ফাউন্ডেশন’-এর মাধ্যমে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই ফাউন্ডেশনের সম্পদের পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলার।

এদিকে গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুয়েন শটওয়েল ও তার স্বামীও ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে নিজেদের স্পেসএক্স শেয়ারের একটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসার থেকে অর্জিত সম্পদ কীভাবে মানুষের কল্যাণে ব্যবহার করা যায়, তা নিয়ে সম্প্রতি মাস্ক ও তার প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ভিন্নধর্মী পরিকল্পনা তুলে ধরেছে।

চলতি মাসের শুরুতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মোট শেয়ারের ৫ শতাংশ জনকল্যাণে ব্যয়ের জন্য একটি নতুন তহবিলে বরাদ্দ দেওয়া হবে। বর্তমান বাজারদরে এই উদ্যোগের মূল্য প্রায় ৫৪ বিলিয়ন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলগঞ্জে ১৮৪তম মহারাসলীলা উৎসব সম্পন্ন, ভোরে শেষ হয় অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


কমলগঞ্জে ১৮৪তম মহারাসলীলা উৎসব সম্পন্ন, ভোরে শেষ হয় অনুষ্ঠান

মৌলভীবাজারের

কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্যবাহী নৃত্য ও গীতের মাধ্যমে মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাসলীলা উৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতভর রাসনৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টায় উৎসবের সমাপ্তি ঘটে। এই উৎসবে দেশ-বিদেশের হাজারো ভক্ত, দর্শনার্থী ও পর্যটক সমাগম ঘটে।

উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ে পৃথকভাবে রাশ উৎসবের আয়োজন করা হয়। মণিপুরি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের উদ্যোগে মাধবপুরে ১৮৪তম এবং মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে আদমপুরে ৪১তম রাশ উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে গোষ্ঠলীলা বা রাখালনৃত্যের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাখালের বেশে শিশু-কিশোরেরা শ্রীকৃষ্ণের বাল্যলীলা নৃত্যাভিনয়ের মাধ্যমে তুলে ধরে।

সন্ধ্যায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ১১টার পর শুরু হয় উৎসবের মূল আকর্ষণ মহারাসনৃত্য। রাধা ও গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমলীলা মণিপুরি তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক, মুকুট ও ঘুঙুরের ছন্দে নৃত্য-গীতের মাধ্যমে পরিবেশন করেন। মৃদঙ্গ, করতাল ও বাঁশির সুরে মণ্ডপ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। গেস্ট অব অনার ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিলাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলাপ্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং মণিপুরি সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন। রাশ উৎসব উপলক্ষ্যে মাধবপুর ও আদমপুরে বসে গ্রামীণ মেলা। মণিপুরি তাঁতবস্ত্র, হস্তশিল্প, বাদ্যযন্ত্রসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশি পর্যটকদের উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে মিলনমেলা। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়।

আয়োজকদের সূত্রে জানা যায়, ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে মণিপুরি মহারাসলীলা উৎসবের সূচনা হয়। অষ্টাদশ শতাব্দীতে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র রাসলীলার প্রবর্তন করেন। রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও ভাবকীর্তিনির্ভর এ নৃত্য মণিপুরি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ১৯১৯ সালে সিলেটের একটি মণিপুরি পল্লিতে রাসনৃত্য দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হন। পরবর্তীতে তাঁর মাধ্যমে মণিপুরি নৃত্য বৃহত্তর পরিসরে পরিচিতি লাভ করে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ উৎসব এখন মণিপুরি সম্প্রদায়ের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।

তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত বিজয়া পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল আরও উল্লেখ করেন যে, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এবারের মতো উৎসবমুখর দুর্গাপূজা কখনোই পালিত হয়নি।

তিনি বলেন, দেশে প্রায় দেড় দশক ধরে কথা বলার স্বাধীনতা ছিল না। প্রত্যেকেরই নিজেদের আদর্শের জায়গা থেকে সত্য বলার সাহস রাখা উচিত।

একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলও বক্তব্য রাখেন। তিনি রাজনৈতিক সংঘাতকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধভাবে সমস্বরে কথা বলার আহ্বান জানান।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ধর্মীয় বিভাজন নয়, নাগরিক অধিকারের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী নির্যাতন বন্ধে আইন যথেষ্ট নয়: ইউএনও সঞ্জীব সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


নারী নির্যাতন বন্ধে আইন যথেষ্ট নয়: ইউএনও সঞ্জীব সরকার

শুধু আইন প্রণয়ন করে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। নারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের অধিকার সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। পাশাপাশি, সামাজিকভাবে নারী নির্যাতন প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এমন মন্তব্য করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউএনও সঞ্জীব সরকার উল্লেখ করেন, নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের আহ্বানে যারা একত্রিত হয়েছেন, তাদেরও অনেক দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, শুধু সভায় এসে আলোচনা শুনলেই হবে না, বরং এসব আলোচনা ও সিদ্ধান্ত বাস্তবে কার্যকর করতে হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করেছেন। এর মাধ্যমে নারীদের নামে অর্থ আসবে, ফলে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ও ভূমিকা বৃদ্ধি পাবে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, এই সংগঠনটি সংঘাত ও সংঘর্ষের বিরুদ্ধে কাজ করছে। রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজ এবং নারীদের সম্পৃক্ত করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করছে। আন্তধর্মীয় সংলাপের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে। সব মিলিয়ে দিরাই উপজেলায় সংস্থাটি অনেক ভালো কাজ করেছে।

তিনি জানান, তিনি নিজেও অধিকাংশ সভায় উপস্থিত থাকার চেষ্টা করেছেন। দিরাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ওয়েভের সদস্য ছবি চৌধুরীর সভাপতিত্বে এবং দূরপতি নন্দীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দিরাই পিএফজির অ্যাম্বাসেডর গোলাপ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ইনচার্জ লক্ষ্মী রানি তালুকদার লাকী, দিরাই প্রেসক্লাবের সভাপতি ও দিরাই পিএফজির কো-অর্ডিনেটর শামছুল ইসলাম সরদার খেজুর এবং শিক্ষিকা রুবেনা আক্তার।

স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা। বক্তব্য দেন ওয়েভের যুগ্ম সমন্বয়কারী হাফছা বেগম, সদস্য মজিদা খাতুন, ফরিদা বেগম, রুফিয়া বেগম, রাহেলা আক্তার, রুফিয়া খাতুন, লিলি বেগম ও হেনা বেগমসহ ওয়েভ ও ইয়ুথের সদস্যরা। কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন এবারের এইচএসসি পরীক্ষায় এপ্লাস প্রার্থী শিক্ষার্থী নিলুফা জামান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং সফল নারী উদ্যোক্তাদের হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%