মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০২:২১ পি.এম
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু ঘটেছে। এই মৃত্যুর ফলে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুরা সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় অবস্থিত। প্রত্যেক শিশুর বয়স ১ বছরের কম ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৬৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে সাড়ে ৫ শতাধিক রোগী।
চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। তাদের মধ্যে অধিকাংশ নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিল।
এদিকে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অভিনেতা সোহেল খান ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, তার শুটিংয়ে যাওয়া হয়নি। প্রস্তুতি নেওয়ার কিছুক্ষণ পরেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দীপা খন্দকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশগ্রহণের কথা ছিল সোহেল খানের। কিন্তু হোটেলকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দীপা খন্দকার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন। তিনি সেখানে লেখেন, ‘আহা কী দারুণ। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর ১ মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়।’
পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ সোহেল খানের এই আকস্মিক মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তরা শোকাহত। শুটিংয়ের জন্য প্রস্তুত হওয়া থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঘটনাটি সহকর্মীদের মনে গভীর বেদনার স্মৃতি হয়ে থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ২৪ নভেম্বর, ২০২৬ : আজ সকালে সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাশ উৎসব পুণ্যস্নানের মাধ্যমে শেষ হয়েছে। পূণ্যার্থীরা সূর্যোদয়ের সময় বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নান করে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রার্থনায় পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
সরেজমিনে দেখা গেছে, আজ ভোরে আলোরকোল নামক সমুদ্র সৈকতে তিন কিলোমিটার জুড়ে পুণ্যার্থীদের ঢল নামে। উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে সুন্দরবনের আলোর কোল সমুদ্র সৈকত। এ সময় মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে পুন্যার্থীরা সারিবদ্ধভাবে সাগরের দিকে মুখ করে বসে মন্ত্র পাঠ করেন। এরপর উলুধ্বনি ও প্রসাদ বিতরণ করা হয়। এই পর্ব শেষে তারা সাগর জলে স্নান করেন। পূজারিরা বিশ্বাস করেন যে, এই স্নানের মাধ্যমে তাদের সকল পাপ মোচন হয়। প্রার্থনাকালে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অনেকে তাদের মনের আশা পূরণের আশায় এই পুণ্যস্নানে অংশ নেন। প্রতি বছরের মতো এবারও রাশ উৎসবে উল্লেখযোগ্য সংখ্যক নারী উপস্থিত ছিলেন। এছাড়াও ৩৪ জন বিদেশি দর্শনার্থী রাশ উৎসবে অংশ নেন।
আজ সকালে পুণ্যস্নান শেষে পুণ্যার্থীরা ফিরতে শুরু করেছেন। তারা শত শত ট্রলার ও জালি বোটযোগে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, আজ সন্ধ্যার মধ্যেই সব পুণ্যার্থী দুবলার চর ত্যাগ করবে। রাশ উৎসব উপলক্ষে তিন দিনের অনুমতি দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার সেই অনুমতির শেষ দিন। এরপর যদি কেউ এ এলাকায় অবস্থান করেন তবে তার বিরুদ্ধে বন আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, এবারের রাশ পূজা ও পুণ্যস্নান উপলক্ষে বাগেরহাট ও খুলনা জেলায় পুণ্যার্থীদের জন্য মোট ৪২৬ টি বোটের (ট্রলার) অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বাগেরহাট জেলায় ৪০৯টি বোটে ৮ হাজার ৭০৬ জন পুণ্যার্থী এবং খুলনা জেলায় ১৭টি বোটের অনুকূলে ৪০৫ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকে দুবলার চরের আলোরকোলে শুরু হয় শত বছর ধরে প্রচলিত এই ধর্মীয় উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজারেরও বেশি সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সমবেত হন এই উৎসবে। সোমবার বিকেল ৫টায় দুবলার চরের রাশ মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। রাত ১১টার পর রাশ পূর্ণিমার মূল পূজা শুরু হয়।
গতকাল সন্ধ্যা থেকেই রাধাকৃষ্ণের আরাধনা, নামকীর্তন, আরতি, মতুয়া সম্প্রদায়ের ঢাক-নৃত্যের মধ্য দিয়ে উৎসব জমে ওঠে। সারা রাত পূজা শেষে ভক্তরা ভোরের জোয়ারের অপেক্ষায় সাগর পাড়ে জড়ো হন। সূর্যোদয়ের সাথে সাথে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান এবং প্রসাদ বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে দুবলার চরে রাশ উৎসবকালে বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ বছরও সুন্দরবন পূর্ব বন বিভাগের কঠোর তত্ত্বাবধানে কেবল সনাতন ধর্মাবলম্বীদেরই নির্ধারিত পাঁচটি জলপথ দিয়ে চরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুণ্যার্থীদের নিরাপত্তা ও বন্যপ্রাণী শিকার রোধে বনরক্ষী, কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তোলেন।
১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে শুরু হয় দুবলার চরের রাস উৎসব। প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে এ পূজা উদযাপন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার জলসীমায় মাছ ধরার সময় একটি হাঙর নৌকায় লাফিয়ে উঠে এক জেলের পায়ে কামড় দিয়েছে। এই ঘটনায় তার পায়ের শিরা ছিঁড়ে যায় এবং ধমনী ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (২১ নভেম্বর) ৪৬ বছর বয়সী ব্র্যাড টোলার একটি মাছ ধরার ট্রিপের নেতৃত্ব দিচ্ছিলেন। হঠাৎ করে একটি হাঙর নৌকায় লাফিয়ে উঠে তার পায়ে কামড় দেয়। পরে, সহকর্মীদের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার সময় তিনি নিকটতম হাসপাতাল থেকে প্রায় আড়াই ঘণ্টার দূরত্বে অবস্থান করছিলেন।
ফেসবুকে একটি পোস্টে টোলার জানিয়েছেন, হাঙরের কামড়ে তার পায়ের একটি শিরা ছিঁড়ে গেছে এবং ধমনী ফুটো হয়ে গেছে। রক্তপাত বন্ধ করার জন্য তিনি ক্ষতস্থানে চাপ দিয়ে ব্যান্ডেজ বাঁধতে বাধ্য হন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
এই ঘটনায় সহায়তার জন্য টোলার নিজের দলের সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। তিনি হাসপাতাল পৌঁছানোর পর তার স্ত্রী ও সন্তানদের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স মেডিকেল সেন্টারে রাত কাটানোর পর তিনি বাড়ির পথে রওনা হয়েছেন বলেও জানিয়েছেন।
হাঙরটিকে ‘স্কুল শার্ক’ প্রজাতির হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রজাতির হাঙর সাধারণত দক্ষিণ অস্ট্রেলিয়ার জলসীমায় দেখা যায়। এছাড়া, দক্ষিণ কুইন্সল্যান্ড, পার্থ এবং তাসমানিয়ার কিছু এলাকায়ও এদের উপস্থিতি রয়েছে। একটি পূর্ণবয়স্ক স্কুল শার্ক প্রায় ১ দশমিক ৮ মিটার লম্বা এবং ৪০ কেজি ওজনের হতে পারে।
টোলার দক্ষিণ অস্ট্রেলিয়ার ফ্লুরিউ উপদ্বীপে ‘ফ্লুরিউ ফিশিং চার্টার্স’ নামে একটি মাছ ধরার চার্টার প্রতিষ্ঠান পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি উইরিনা কোভ ও কেপ জার্ভিস থেকে কার্যক্রম পরিচালনা করে। তাদের দুটি নৌযানে প্রতিটি সর্বোচ্চ ১৬ জন যাত্রী ভ্রমণ করতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক কাপ কফি, পছন্দের একটি টেবিল এবং সামনে ল্যাপটপ—ক্যাফেতে বসে কাজ করার দৃশ্যটি অনেকের কাছে পরিচিত। বাড়িতে কাজের একঘেয়েমি কাটাতে, বন্ধু বা সহকর্মীর সঙ্গে দেখা করতে কিংবা পরিবেশ বদলাতে অনেকেই ক্যাফেকে বেছে নেন। বিশেষ করে করোনাভাইরাস মহামারির পর থেকে ক্যাফেতে বসে কাজ করার প্রবণতা বেড়েছে। তবে, এক কাপ কফি কিনে ঘণ্টার পর ঘণ্টা একটি টেবিল দখল করে রাখা কতটা যৌক্তিক, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে এ বিতর্কের কথা উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের পোস্টের মাধ্যমে প্রশ্ন উঠেছে, একটি কফি অর্ডার করে দীর্ঘ সময় ক্যাফেতে বসে থাকা কি গ্রাহকের অধিকার, নাকি এতে ব্যবসায়ীদের ক্ষতি হয়?
ক্যাফে কি কাজের জায়গা, নাকি আড্ডার?
অনেক গ্রাহক মনে করেন, ক্যাফেতে কফির দাম দেওয়ার পাশাপাশি পরিবেশ ও বসে সময় কাটানোর অভিজ্ঞতার মূল্যও রয়েছে। তাই একটি পানীয় কিনে কিছুক্ষণ কাজ করা বা সময় কাটানো অন্যায় নয়। কিছু গ্রাহক ক্যাফেতে ল্যাপটপ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টিও পছন্দ করছেন না।
তবে, ক্যাফে মালিকদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদের মতে, প্রতিটি ক্যাফে কাজ করার জায়গা হিসেবে তৈরি হয়নি। ভারতের গুরগাঁওয়ের আলট্রি কফি রোস্টারির প্রতিষ্ঠাতা সাহিল ভাম্বরি বলেন, "শুধু কিছু ক্যাফে কাজের সুযোগ দেয় বলে সব ক্যাফেকে স্বয়ংক্রিয়ভাবে কর্মক্ষেত্র হিসেবে বিবেচনা করা ঠিক নয়।"
তিনি উল্লেখ করেন, তার আগের ক্যাফেতে এমন গ্রাহকও ছিলেন, যারা ঘণ্টার পর ঘণ্টা টেবিল দখল করে রাখতেন, অফিসের ফোনে কথা বলতেন, এমনকি বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতেন। এতে অন্য গ্রাহকদের বসার সুযোগ কমে যেত।
একটি টেবিল দখলে ব্যবসায়ীদের ক্ষতি কতটা?
ক্যাফেতে একটি টেবিল দীর্ঘ সময় দখল করে রাখার প্রভাব সরাসরি ব্যবসার ওপর পড়তে পারে। কারণ, একটি টেবিলে নতুন গ্রাহক বসতে না পারলে সম্ভাব্য বিক্রিও কমে যায়। পাশাপাশি ভাড়া, বিদ্যুৎ, কর্মীদের বেতন ও খাবারের উপকরণের খরচ তো রয়েছেই।
ভারতের পাস কোড হসপিটালিটির জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক বিনতেশ কুমারের মতে, দীর্ঘ সময় বসে থাকা গ্রাহকদের কারণে একজনের গড় খরচ কমতে পারে। তবে এর বিপরীত দিকও রয়েছে। বাইরে থেকে ক্যাফেকে ল্যাপটপ ব্যবহারকারী গ্রাহক পরিপূর্ণ দেখালে নতুন মানুষ সেখানে আসতে আগ্রহী হতে পারেন।
তাই ক্যাফের নিজস্ব নীতিমালা থাকা জরুরি। দিল্লির দ্য ড্রপ ক্যাফেতে প্রতিটি টেবিলে ছোট কার্ড রাখা হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত ল্যাপটপ ব্যবহার করা যাবে। এতে গ্রাহকদের সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধ এড়ানো সম্ভব হয়।
সব ক্যাফে অবশ্য একই নিয়মে চলে না।
কিছু ক্যাফে দীর্ঘ সময় বসে থাকা গ্রাহকদের নিরুৎসাহিত করলেও অন্যরা বিষয়টিকে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরির সুযোগ হিসেবে দেখে। ভারতের চেলভিস কফির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ধ্রুব সিংয়ের মতে, একজন গ্রাহক দীর্ঘ সময় বসে থাকলেও তাকে চলে যেতে বলা উচিত নয়। কারণ, নিয়মিত গ্রাহক তৈরি হলে দীর্ঘ মেয়াদে ব্যবসা লাভবান হয়। তাঁর মতে, "কয়েক ঘণ্টার জন্য একটি টেবিল দখলে থাকার চেয়ে বছরের পর বছর একজন গ্রাহকের ফিরে আসা বেশি গুরুত্বপূর্ণ।"
বেঙ্গালুরুর ক্যাথে ক্যাফের সুরেশ শর্মাও একই ধরনের মত দিয়েছেন। তিনি বলেন, "সবার আর্থিক সামর্থ্য এক নয়। বেশির ভাগ গ্রাহক ভালো খরচ করলেও অল্প কয়েকজন দীর্ঘ সময় একটি কফি নিয়ে বসে থাকলে সেটিকে বড় সমস্যা হিসেবে দেখেন না।"
তাহলে কতক্ষণ বসে থাকা উচিত?
এ বিষয়ে নির্দিষ্ট কোনো সর্বজনীন নিয়ম নেই। তবে ক্যাফে মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ক্যাফের ধরন, গ্রাহকের চাপ এবং প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালার ওপর বিষয়টি নির্ভর করে।
কাজের উপযোগী ক্যাফের ক্ষেত্রে দুই থেকে তিন ঘণ্টা বসে থাকার একটি সময়সীমা বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন সাহিল ভাম্বরি। এতে অন্য গ্রাহকেরাও বসার সুযোগ পাবেন এবং ক্যাফের ব্যবসায়িক কার্যক্রম সচল থাকবে।
অন্যদিকে, ব্যস্ত সময়ে টেবিল খালি করে দেওয়া কিংবা দীর্ঘ সময় থাকলে আরেকটি খাবার বা পানীয় অর্ডার করা গ্রাহকের সৌজন্যবোধের পরিচয় হতে পারে। তবে নিজের সামর্থ্যের বাইরে খরচ করার প্রয়োজন নেই।
ক্যাফেতে বসে সময় কাটানো গ্রাহকের অভিজ্ঞতার অংশ হলেও ব্যবসায়ীদের স্বার্থও বিবেচনায় রাখা জরুরি। ক্যাফে কর্তৃপক্ষের উচিত তাদের নীতিমালা স্পষ্টভাবে জানানো, আর গ্রাহকদেরও উচিত সেই নিয়মের প্রতি সম্মান দেখানো। পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াই পারে ক্যাফে সংস্কৃতিকে সুন্দর রাখতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ