ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্পিকার হাফিজ উদ্দিনকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা


স্পিকার হাফিজ উদ্দিনকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পাকিস্তান সফরে গেছেন। তিনি সোমবার রাতে ইসলামাবাদ পৌঁছান, যেখানে তার সঙ্গে ছিল ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়।

হাফিজ উদ্দিন আহমেদ এই সফরে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গিয়েছেন। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর, তাকে স্বাগত জানান সরদার আয়াজ সাদিক।

এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

আরও পড়ুন: জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে গুম-হত্যার নৃশংস বর্ণনা

স্পিকার ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করবেন। এই সময়ের মধ্যে তিনি ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।

প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির দাসত্বের জন্য মুক্তিযুদ্ধ হয়নি: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


দিল্লির দাসত্বের জন্য মুক্তিযুদ্ধ হয়নি: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, ‘মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে এসে দিল্লির দাসত্ব করার জন্য হয়েছিল? শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তিনি দিল্লির দাসত্ব করতেন। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনাসহ তার পরিবার পাকিস্তানের ভাতা গ্রহণ করেছে। শেখ পরিবারের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই। পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য শেখ মুজিব একের পর এক বৈঠক করেছেন।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেছে।

আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দলের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সঠিক বলে অভিহিত করেছেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনা লুটের টাকায় কিশোর গ্যাং ব্যবহার করে দেশে আগুনসন্ত্রাস, বোমাবাজি ও হত্যাকাণ্ড চালাচ্ছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘ফের রক্তের নেশায় মত্ত হয়েছেন শেখ হাসিনা। লুটের টাকায় কিশোর গ্যাংকে দিয়ে বাসে আগুন, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভারত সীমান্তে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করা হচ্ছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বাবার তৈরি করা বাকশাল পুনরুজ্জীবিত করেছিলেন শেখ হাসিনা। পিতার পথ অনুসরণ করে তিনি গুম-খুন শুরু করেছিলেন। ছাত্র-জনতার ধাওয়ার মুখে দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনার সমর্থনে দেশে একটি মিছিলও অনুষ্ঠিত হয়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হতে পারে, যিনি বর্তমানে ক্ষমতাচ্যুত ও পলাতক অবস্থায় রয়েছেন।

আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।’

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে রয়টার্সের একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে, এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।’

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির জানান, সরকার পরিস্থিতি মোকাবিলায় আত্মবিশ্বাসী এবং জনগণকে এ বিষয়ে অবহিত রাখা হবে।

তিনি উল্লেখ করেন, ‘আমরা সব সময় জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।’

হুমায়ুন কবির অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকেরা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলার সঙ্গে জড়িত। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘তবে এসব হামলা জনগণকে ভীতসন্ত্রস্ত করতে ব্যর্থ হয়েছে।’

ব্রিফিংয়ে কূটনীতিকেরা কোনো বক্তব্য দিয়েছেন কিনা, জানতে চাইলে তিনি জানান, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এ ধরনের বহু আলোচনা করেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতরণ করা একটি নোটে জানানো হয়, ব্রিফিংয়ে অংশ নিতে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমেছে তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজারে তেলের সরবরাহ বাড়ার লক্ষণ এবং চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ার আশঙ্কার কারণে দাম কমছে। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ এখনও বিদ্যমান রয়েছে।

সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৮ ডলার ৭১ সেন্টে নেমে আসে। এর আগের দিন ৩১ আগস্টের পর সর্বনিম্ন দামে লেনদেন শেষ হয় ব্রেন্টের।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৭৯ ডলার ৫৭ সেন্টে দাঁড়ায়। এর আগে দিনের লেনদেনে ২৬ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল এ তেলের দাম।

ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার মন্তব্য করেছেন, গত কয়েক দিনে ব্রেন্ট তেলের দাম বাড়ার গতি অনেকটাই কমেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকলেও তেলের সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জাহাজ চলাচলে বাধার আশঙ্কার পাশাপাশি ভবিষ্যতে বাজারে চাহিদার তুলনায় বেশি তেল সরবরাহ হতে পারে কি না, তা নিয়ে বিনিয়োগকারীরা হিসাব করছেন।

তবে তেলের দাম আবার বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে তিনি জানান। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। যেকোনো সময় দুই দেশ হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে নিজেদের অবস্থান যাচাই করতে নতুন পদক্ষেপ নিতে পারে।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। জাহাজগুলো নিয়ম লঙ্ঘন করছিল বলে দাবি করেছে বাহিনীটি।

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তদন্ত করে দেখছেন, ইরান ৫০টি পর্যন্ত জ্বালানিবাহী ট্যাংকারে সাইবার হামলার সঙ্গে জড়িত কি না। বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন ব্যক্তি ও মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। অন্যদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। একটি অবৈধ গোষ্ঠী পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়ায় এটি বন্ধ হয়ে গিয়েছিল।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের চেয়ারপারসন। তিনি বলেন, জাওইয়ায় আকাকুস স্থাপনায় থাকা তেলের সংরক্ষণ ট্যাংকে আবার তেল প্রবেশ করতে শুরু করেছে।

বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় দাম কমছে। তবে বিশ্লেষকদের মতে, তেলের বাজার এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস এক প্রতিবেদনে বলেন, তেলের মজুত ও পরিশোধিত জ্বালানির সরবরাহ কিছুটা বাড়লেও বাজারের ওপর চাপ এখনো অনেক বেশি।

তিনি বলেন, তেলের দাম, সরবরাহমূল্যের পার্থক্য, তেল শোধনের মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থান—সবকিছুতেই বাজার স্বাভাবিক হওয়ার আশা দেখা যাচ্ছে। তবে পরিবহন ও সরবরাহব্যবস্থায় এখনো নানা বাধা রয়েছে। তেলের মজুতও পর্যাপ্ত নয়।

তার মতে, তেলের বাজার চরম সংকট থেকে কিছুটা বেরিয়ে এলেও এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। বরং দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে। ডয়চে ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। অর্থাৎ, ওই মাসে প্রতিদিন চাহিদার তুলনায় গড়ে প্রায় ১৭ লাখ ব্যারেল বেশি তেল সরবরাহ হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, বিশ্ববাজারে তেলের সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য ফিরছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত তেল জমার প্রমাণও বাড়ছে। তবে নতুন কোনো বাধা তৈরি হলে এ প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। এদিকে রয়টার্সের করা একটি প্রাথমিক জরিপে দেখা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্যের মজুত বেড়ে থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে গুম-হত্যার নৃশংস বর্ণনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে গুম-হত্যার নৃশংস বর্ণনা

আজ সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মামলার যুক্তিতর্কে বলা হয়েছে, গুলি চালানোর পর পেট কেটে বের করা হতো নাড়িভুঁড়ি। এরপর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। এই নৃশংস বর্ণনা মামলার যুক্তিতর্কে উঠে এসেছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় করা এই মামলায় প্রসিকিউশনের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক মঙ্গলবার (২৪ নভেম্বর) শুরু হয়।

আজ বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর মামলার ঘটনাবলি তুলে ধরার পর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনান। এরপর ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি বর্ণনা করেন তিনি।

হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে ট্রাইব্যুনালে আমিনুল ইসলাম বলেন, "মানুষকে হত্যা করার সময় রক্ত যেন নিজের গায়ে না লাগে, সেজন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান।" নৌকায় মানুষকে গুলি করার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়ার নৃশংসতাও সামনে আনেন তিনি। এ সময় একজন গুলি করতেন, আরেকজন পেট কাটতেন বলে জানান চিফ প্রসিকিউটর।

বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, "মাই লর্ড এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে।"

জিয়াউল আহসানের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেন ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। তিনি র‍্যাবের দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন। এসব হত্যাকাণ্ডে তৎকালীন র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার কথাও উল্লেখ করেন এই কর্মকর্তা।

জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী বলেন, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে অফিস চলাকালে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে উপস্থিত হন জিয়াউল আহসান। পরে তাকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে যান। সেখানে আগে থেকেই র‍্যাবের ইন্ট উইংয়ের সদস্যরা একটি ট্রলার প্রস্তুত করে রেখেছিলেন। ঢাকা থেকে আসা ইন্ট উইংয়ের সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরা একজন ব্যক্তিকেও ট্রলারে তুলে খোলের মধ্যে রাখা হয়।

জবানবন্দি অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে যায়। প্রায় তিন ঘণ্টা চলার পর ট্রলারের খোল থেকে হাত বাঁধা ব্যক্তিকে বের করে আনতে বলেন জিয়াউল আহসান। এরপর ওই ব্যক্তির গলা ও পায়ের কাছে দুটি সিমেন্টভর্তি বস্তা বেঁধে দেন র‍্যাবের চার সদস্য। তার মাথা ও কান বরাবর একটি ছোট বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করা হয়। এরপর তার পেট কেটে ফেলা হয়।

সাক্ষ্যে সাব্বির রহমান আরও বলেন, নিজের হাত ঢুকিয়ে গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার সঠিকতা নিশ্চিত করতেন একজন র‍্যাব সদস্য। পরে নদীতে জোয়ার-ভাটার কারণে পানির গভীরতা মেপে ট্রলারের গতি কমাতে বলতেন জিয়াউল আহসান। এরপর ইন্ট উইংয়ের চার সদস্যকে গুলিবিদ্ধ দেহটি সিমেন্টভর্তি বস্তাসহ পানিতে ফেলে দিতে বলতেন। ঘটনার পর চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। পথে পরিবেশ স্বাভাবিক করার জন্য জিয়াউল আহসান নিজেই বলেন, "এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদেরকে গলফ করতে হবে।"

২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি ঘটনার বর্ণনা দেন সাবেক এই সেনা কর্মকর্তা। ওই ঘটনায় চারজনকে হত্যার কথা উল্লেখ করেন তিনি। তার জবানবন্দি অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, পেট কাটা মরদেহটির ডিএনএ পরীক্ষা করে ব্যক্তিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম হিসেবে শনাক্ত করা হয়েছিল।

ভুক্তভোগীদের নিয়ে যাওয়াসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে জবানবন্দিতে। সাব্বির জানান, ২০১১ সালের জুনে তাকে ফোন করে জিয়াউল জানান, আলকাছ মাঝি গলফ অপারেশনসংক্রান্ত বিভিন্ন তথ্য চরদুয়ানী বাজারে বলে বেড়াচ্ছেন। এতে র‍্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এরপর তাকে আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেন তিনি।

শুধু চরদুয়ানীতেই নয়, সুন্দরবনেও এ ধরনের কার্যক্রম চালানো হয় বলে নিজের সাক্ষ্যে জানিয়েছেন সাব্বির রহমান। জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় তিনটি সুন্দরবনকেন্দ্রিক তথাকথিত এনকাউন্টার অভিযান পরিচালনা প্রত্যক্ষ করেন এই সাক্ষী। র‍্যাবে দায়িত্ব পালনকালে এসব ঘটনায় মানসিক যন্ত্রণার কোনো প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন বলে জবানবন্দিতে জানান তিনি। চাকরির ১৮ বছর পূর্ণ হলে র‍্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে আসেন বলেও জানান তিনি।

প্রথম দিনের যুক্তিতর্কে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটররা। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তার পক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%