ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পাকিস্তানের পার্লামেন্ট পরিদর্শন


স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পাকিস্তানের পার্লামেন্ট পরিদর্শন

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল আজ পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছে।

এই পরিদর্শনের সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফররত প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিদর্শনকালে পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন। এই সময় স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন

বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর পাকিস্তান ও বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পাশাপাশি ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় স্পিকার প্রতিনিধিদলসহ জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন।

দেশটির স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও পেজ বন্ধের জন্য হাইকোর্টে রিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে অবৈধ বালুসহ ড্রাম ট্রাক ও ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


মিরসরাইয়ে অবৈধ বালুসহ ড্রাম ট্রাক ও ৩ জন আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ২০০ ঘনফুট বালু, একটি ড্রাম ট্রাক ও তিনজনকে আটক করেছে বন বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার ঝিলতলী খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ড্রাম ট্রাকটির নম্বর চট্ট মেট্রো-শ-১১-২৭৪৬। তাৎক্ষণিকভাবে আটককৃত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
করেরহাট ফরেস্ট স্টেশন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে করেরহাট ফরেস্ট স্টেশন অফিসার সুরঞ্জিতসহ সঙ্গীয় ফোর্স ঝিলতলী খাল এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনকালে বালুভর্তি ড্রাম ট্রাকসহ ওই তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় জব্দকৃত বালু ও ড্রাম ট্রাকসহ আটককৃতদের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আগামী মার্চে অনুষ্ঠিত ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিলিপ দিয়ালোকে পরাজিত করতে পারলে চার বছরের মেয়াদে দায়িত্ব শেষ করার পরিকল্পনা প্রকাশ করেছেন জাপানের প্রার্থী কোজো তাশিমা।

ফিফার ‘সততা’ পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন তাশিমা। নির্বাচনের প্রার্থী তালিকায় বর্তমান সভাপতি ইনফান্তিনো এবং ফরাসি ফুটবল প্রধান দিয়ালোর নামও অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ বাতিল করার কারণে ইনফান্তিনো তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। তবে তাঁর চতুর্থ ও শেষ মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য এখনও যথেষ্ট সমর্থন রয়েছে।

জয়ের সম্ভাবনা কম বলে স্বীকার করলেও, নির্বাচিত হলে অল্প সময়ের জন্য দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন তাশিমা।

টোকিওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৬৯ বছর বয়সী তাশিমা বলেন, “আমি বর্তমানে একটি নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি। তবে মূলত চার বছরের মেয়াদে দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে আমার।

“এই চার বছরে ফিফার পরিচালনব্যবস্থায় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিতে চাই। আমার বিশ্বাস, ফিফার অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো আরও স্বচ্ছ করতে হবে।”

গত সপ্তাহে তাশিমা বলেছিলেন, ইনফান্তিনোর বিরুদ্ধে দিয়ালোকে সরাসরি লড়াইয়ের সুযোগ করে দিতে আপাতত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না তিনি।

দিয়ালোর প্রতি ইউরোপের সমর্থন রয়েছে। বর্তমান সভাপতিকে পরাজিত করার সম্ভাবনাও তাঁর বেশি বলে মনে করা হচ্ছে।

তাশিমা জানিয়েছেন, দিয়ালোর সঙ্গে ফোনে কথা হয়েছে এবং ইউরোপে সরাসরি সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে। নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করবেন তাঁরা।

তাশিমা বলেন, “আমরা দুজনই একই দিকে এগোচ্ছি। তবে সামনে এগোতে গিয়ে যোগাযোগ অব্যাহত রাখলে দেখা যেতে পারে, আমাদের লক্ষ্য সত্যিই এক, অথবা কিছু বিষয়ে আমাদের মতপার্থক্য রয়েছে।

“মূল লক্ষ্য হলো ফিফাকে সঠিক পথে ফিরিয়ে আনা। সেটি অর্জনের জন্য আমরা বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিটি ঊষা অংশ নিচ্ছেন না ভারতীয় অলিম্পিক এসোসিয়েশন নির্বাচনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


পিটি ঊষা অংশ নিচ্ছেন না ভারতীয় অলিম্পিক এসোসিয়েশন নির্বাচনে

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) প্রথম নারী সভাপতি সাবেক অ্যাথলেট পিটি ঊষা পুন:নির্বাচনের জন্য অংশ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি মনোনয়ন প্রক্রিয়ায় ‘বড় ধরনের জালিয়াতির’ অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেন।

অ্যাথলেটিকসে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে এশিয়ান গেমসে একাধিক পদকজয়ী ঊষা মঙ্গলবার আইওএর শীর্ষ পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে প্রার্থিতা দাখিল করেননি।

ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায়। ৬২ বছর বয়সী ঊষা ২০২২ সালে আইওএর সভাপতি নির্বাচিত হয়ে সংস্থাটির প্রথম নারী প্রধান হওয়ার গৌরব অর্জন করেন।

তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ফলে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় আইওএর নির্বাচনে নতুন করে প্রতিদ্বন্দ্বীতার সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য রয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শুটার গগন নারাং, আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার মহাসচিব বীরেন্দ্র সাচদেব এবং আইওএর সাবেক মহাসচিব রাজীব মেহতা।

নির্বাচনের আগে থেকেই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠায় প্রথমে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বাদ পড়েছিলেন ঊষা।

পরে অন্য একটি জাতীয় ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে মনোনয়ন পাওয়ায় সাবেক এই স্প্রিন্টারকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামাসুন্দরী খাল ও আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


শ্যামাসুন্দরী খাল ও আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের আহ্বান

রংপুরের আলাইকুড়ি নদী এবং শ্যামাসুন্দরী খালের দখল, দূষণ ও প্রবাহহীনতা দূর করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে, রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে ‘আলাইকুড়ি নদী ও শ্যামাসুন্দরী খাল দখল-দূষণ-প্রবাহহীনতা: পুনরুদ্ধারে অগ্রগতি, অর্জন এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভায় এই দাবি উত্থাপন করা হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), রিভারাইন পিপল এবং ডপস্ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।

স্বাগত বক্তব্য প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ। সভাটি সঞ্চালনা করেন বেলার রংপুর ও রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রংপুর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তরুণ কুমার সরকার। মুখ্য আলোচক হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকৌশলী মো. হাফিজুল হক।

মুখ্য আলোচক ড. তুহিন ওয়াদুদ মন্তব্য করেন, ‘দীর্ঘদিনের দখল, দূষণ, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং নাব্যতা সংকট নদী দুটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। শুধু খনন নয়, নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, দূষণ বন্ধ এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিক সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

প্রধান অতিথি আবু জাফর নদী পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর মধ্যে সমন্বয় এবং গৃহীত পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ড. সরফরাজ বান্দা নদীর স্বাভাবিক প্রবাহ ও পানি ধারণক্ষমতা ফিরিয়ে আনতে পরিকল্পিত কারিগরি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রকৌশলী মো. আহসান হাবিব প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সুনির্দিষ্ট করার ওপর গুরুত্ব দেন।

প্রকৌশলী মো. হাফিজুল হক প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এবং বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম নদী সংরক্ষণকে পরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এলজিইডির প্রকৌশলী তরুণ কুমার সরকার নদী পুনরুদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%