০৬:২৪ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান গবাদিপশু ও পোলট্রি খাত থেকে আসে।
তিনি আজ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাতের ভূমিকা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অপরিসীম।
রাষ্ট্রপতি আরও বলেন, গবাদিপশু ও পোলট্রি খাতের মাধ্যমে দুধ, ডিম ও মাংসের সরবরাহ দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, এই খাত নারী ও যুবসমাজের কর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রাখছে।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই: শিশির মনির
বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে তিনি জানান। এ প্রেক্ষাপটে, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
রাষ্ট্রপতি বলেন, প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। এর ফলে, দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও অর্থনৈতিক সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে।
তিনি আশা প্রকাশ করেন যে, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদ্যাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে, খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠবে।
রাষ্ট্রপতি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে উঠবে। এর মাধ্যমে স্বনির্ভর, স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
আরও পড়ুন: জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে, খামারি, উদ্যোক্তা, গবেষক, সম্প্রসারণকর্মী ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
রাষ্ট্রপতি ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন