ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ


মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১২ ডলারে পৌঁছেছে। গত ১৮ মে’র পর এই প্রথম তেলের দাম ১১২ ডলার ছাড়াল।

ইয়েমেনের ইরানপন্থি হুথি আন্দোলন বুধবার সৌদি আরবের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। এছাড়া সৌদি আরবের একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বুধবার উত্তর উপসাগরে ‘অবৈধ’ তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি জাহাজে হামলা চালানো হয়েছে। এই হামলায় জাহাজগুলোতে আগুন ধরে যায়। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরো তিনটি জাহাজ মাইনের সঙ্গে সংঘর্ষে পড়েছে বলে দাবি করেছে বাহিনীটি। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আইআরজিসি বলেছে, উসকানি অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরো ব্যাপক পদক্ষেপ নেওয়া হতে পারে।

আরও পড়ুন: হরমুজে ৭ তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের

এ পরিস্থিতিতে সৌদি আরবে কয়েকটি কূটনৈতিক মিশন থেকে কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্য কয়েকটি মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। একই সময়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো ধাহরানে তাদের সদর দপ্তরের কর্মীদের সরিয়ে নিয়ে দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ

মধ্যপ্রাচ্যের সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। প্রায় আট মাস আগে হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছিল। তখন আশঙ্কা করা হয়েছিল, এটি ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সরবরাহ সংকটে রূপ নিতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর প্রথম কয়েক সপ্তাহে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। সে সময় বাজার বিশ্লেষকেরা দাম ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে লাগেজ হারানো যাত্রীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা

সংঘাত চলাকালে এপ্রিলে তেলের দাম কমে যায়। মে মাসের শেষ দিকে তা আবার ১০০ ডলারের নিচে নেমে আসে এবং জুলাইয়ের শুরুতে যুদ্ধবিরতির আশায় ব্যারেলপ্রতি ৭১ ডলারে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেঙে পড়া এবং উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর তেলের দাম আবার বাড়তে থাকে।

তবে জ্বালানি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির পরিমাণ এখন যুদ্ধ শুরুর আগের মাত্রা ছাড়িয়েছে। এর পেছনে অন্যতম কারণ হলো স্থলপথের পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর ও ওমান উপসাগরে তেল পরিবহনের পরিমাণ বৃদ্ধি।

বিশ্ববাজারে শেয়ারদরেও পতন

তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় বৃহস্পতিবার বিশ্ববাজারের প্রধান শেয়ার সূচকগুলোতে পতন দেখা গেছে। মূল্যস্ফীতি ও ঋণ গ্রহণের ব্যয় বাড়তে পারে—এমন আশঙ্কায় ইউরোপের স্টক্স ইউরোপ ৬০০ এর সূচক ১ শতাংশ কমেছে। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ এর সূচক কমেছে ০.৭ শতাংশ।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে ম্যাক্রোঁর কঠোর পদক্ষেপ, অবৈধ সমাবেশ নিষিদ্ধ

এশিয়ার বাজারে জাপানের নিক্কেই ২২৫ সূচক ২.৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি ৩.৫ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং সূচক ৩ শতাংশ কমেছে।

এদিকে, জ্বালানির উচ্চমূল্যের কারণে চলতি বছর লোকসানের মুখে পড়ার আশঙ্কা জানিয়েছে মার্কিন বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইনস। বৃহস্পতিবার বাজার খোলার আগে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ কমে যায়। ‘জ্বালানির ব্যয়ে ঐতিহাসিক চাপের’ কথা উল্লেখ করে চলতি বছর মুনাফা অর্জনের আগের পূর্বাভাসও প্রত্যাহার করেছে সংস্থাটি।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএমআর

আরও পড়ুন: চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, উপকেন্দ্র লাসা থেকে ৪০০ কিমি দূরে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৩ এম


ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরলেন

ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। তারা অবৈধভাবে ভারতে যাওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের আওতায় দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে, বেনাপোল-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে ভারতের ইমিগ্রেশন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের হস্তান্তরের সকল কার্যক্রম সম্পন্ন করে। এরপর, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি সুনামগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অবস্থিত।

ফেরত আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে মানবপাচারকারী দালাল চক্র তাদের রাতের আঁধারে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। পরে, তারা ভারতে বিভিন্ন অঞ্চলে দিনমজুর ও হকার হিসেবে কাজ শুরু করেন।

এক পর্যায়ে, ভারতের পুলিশ তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে। বিচার প্রক্রিয়ার পর, ভারতের আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পর, দুই দেশের ইমিগ্রেশন ও প্রশাসনিক যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি জানান, ইমিগ্রেশনের প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, ফেরত আসা নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেন্টিলেশন খুলে নেওয়ার পর মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চেসি ত্রিপুরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৬ এম


ভেন্টিলেশন খুলে নেওয়ার পর মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চেসি ত্রিপুরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টা ৭ মিনিটে তার মৃত্যু ঘটে, যখন ভেন্টিলেশন খুলে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চেসি ত্রিপুরা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, চেসি ত্রিপুরার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে দায়িত্বরত চিকিৎসকরা তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন। তবে তার বাবা-মায়ের ইচ্ছার কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এম এইচ এম খুরশীদ আলম জানিয়েছিলেন, চিকিৎসকরা রাতেই চেসির ভেন্টিলেশন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে চেসি ত্রিপুরা অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। এই ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটে। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে খেলতে আজারবাইজানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৬ এম


বিশ্বকাপে খেলতে আজারবাইজানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য আজারবাইজানে পৌঁছেছে। গত বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় রাজধানী বাকুতে পৌঁছান কিশোররা। তারা বর্তমানে বাকুর অ্যাথলেটস ভিলেজে অবস্থান করছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তারা সুস্থ আছেন।

গতকাল বাংলাদেশ দল সেখানে তাদের প্রথম অনুশীলন সম্পন্ন করেছে। গোলরক্ষক কোচ আরিফুজ্জামান হিমেল বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, “তাদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ অনূর্ধ্ব-১৫-এর যে আয়োজন, তা খুবই চমৎকার। সবকিছু অনেক ভালো ডিসিপ্লিনের মধ্যে হচ্ছে। ২৪ অক্টোবর আমাদের প্রথম ম্যাচ। এই ম্যাচের দিকেই আমাদের ফোকাস। আমাদের টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।”

গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। ২৪ অক্টোবর ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২৫ ও ২৬ অক্টোবর এক দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই বয়সভিত্তিক বিশ্বকাপ আসরে ১৯১টি দেশ অংশ নিচ্ছে। এই বিশেষ প্রতিযোগিতায় ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে থাকবেন আটজন করে খেলোয়াড়। ২০ মিনিট করে দুই অর্ধে মোট ৪০ মিনিটের খেলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার নাগরিকদের জীবন রক্ষায় উদ্যোগ নিতে ব্যর্থ: সিপিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৩ এম


সরকার নাগরিকদের জীবন রক্ষায় উদ্যোগ নিতে ব্যর্থ: সিপিবি

বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তি এবং প্রতিটি মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।

তিনি বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে এ মন্তব্য করেন।

মক্কায় দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া, তাদের জীবন রক্ষায় সরকারের উদ্যোগের অভাব এবং বিদেশে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে সিপিবি এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে।

সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া একটি গভীর উদ্বেগের বিষয়। তিনি উল্লেখ করেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং রায়ের বিস্তারিত তথ্য বাংলাদেশের সরকারের কাছে থাকা আবশ্যক হলেও, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না বলে জানিয়েছে।

বিদেশে অবস্থানরত নাগরিকদের বিচার, কারাবাস এবং মৃত্যুর মতো গুরুতর ঘটনাগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের যে ভূমিকা থাকা প্রয়োজন, সে বিষয়ে বাংলাদেশ সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের ব্যর্থতা এবং মৃত্যুর পর তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য প্রমাণ করে যে, রেমিটেন্সের অর্থে দেশের মন্ত্রী-এমপি ও আমলাদের বিলাসী জীবন নিশ্চিত হলেও, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তার জন্য সরকারের কোনো মাথা ব্যথা নেই।

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, সরকারকে অবিলম্বে বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তি এবং প্রতিটি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, যেসব প্রবাসী শ্রমিকের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সচল থাকে, তাদের জীবন, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার দায়িত্ব রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না। বিদেশে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের অধিকার রক্ষায় সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগ, আইনি সহায়তা এবং জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করা উচিত।

তিনি দাবি জানান, বিশ্বজুড়ে কারাবন্দি বাংলাদেশি নাগরিকদের মুক্তির জন্য সরকারকে অবিলম্বে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। ইউক্রেনসহ সংঘাতপূর্ণ অঞ্চলে জোরপূর্বক সামরিক কাজে নিয়োজিত করা বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।

সমাবেশে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান।

সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন।

বিক্ষোভে রাগীব আহসান মুন্না বলেন, বিদেশে আটক বাংলাদেশিদের তালিকা প্রণয়ন, রাষ্ট্রের খরচে আইনি সহায়তা, নিয়মিত কারাগার পরিদর্শন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য সরকারকে জরুরি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

জলি তালুকদার বলেন, সরকারের অবহেলার প্রতিবাদে যদি প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, তাহলে সেটি আইনি সহায়তা বঞ্চিত কারাবন্দি মানুষ ও নিজ দেশের সরকারের কাছ থেকে চরম বঞ্চনার শিকার অসহায় প্রবাসীদের জন্য একটি উপযুক্ত জবাব হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%