মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১১:২০ এম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি দাখিল মাদ্রাসায় অফিস সহায়ক পদে ১৬ লাখ টাকার বিনিময়ে গোপনে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে সুপারিনটেনডেন্ট ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। নিয়োগ প্রক্রিয়ায় জাল স্বাক্ষর ও ভুয়া রেজুলেশন তৈরির অভিযোগও করেছেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক-কর্মচারী ও অভিভাবক সদস্য। এ ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগের পর থেকে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী নিয়মিত কর্মস্থলে আসছেন না বলে দাবি করেছেন অভিযোগকারীরা।
ঘটনাটি উপজেলার নায়কেরহাট দারুস সুন্নাত দ্বিমুখী দাখিল মাদ্রাসার। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী ও ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে গোপনে প্রক্রিয়া সম্পন্ন করেন। অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া নুরুন্নবীর বাবা আব্দুল জলিলের কাছ থেকে এ নিয়োগের জন্য ১৬ লাখ টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য জানান, গত ৬ অক্টোবর নিয়োগের বিষয়টি জানাজানি হলে প্রতিষ্ঠানে ক্ষোভের সৃষ্টি হয়। ওই দিন সুপারিনটেনডেন্টকে মাদ্রাসার কার্যালয়ে আটকে রাখার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে তিনি নিয়মিত মাদ্রাসায় আসছেন না বলে দাবি তাঁদের। এমনকি তাঁকে বাড়িতেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
এ ঘটনায় গত ৮ অক্টোবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন শিক্ষক-কর্মচারী ও অভিভাবক সদস্যদের একাংশ।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, নিয়োগসংক্রান্ত রেজুলেশনে তিনজন শিক্ষক প্রতিনিধি ও তিনজন অভিভাবক সদস্যের স্বাক্ষর জাল করা হয়েছে। এ ছাড়া সুপারিনটেনডেন্ট যোগদানের পর থেকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে আরও প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মজিদ বলেন, “কোনো নিয়মনীতি না মেনে এবং আমাদের স্বাক্ষর জাল করে এই নিয়োগ দেওয়া হয়েছে। আমরা নিয়োগ বাতিলের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
অন্যদিকে, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত, জাল স্বাক্ষরের বিষয়টি যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গানের চমক নিয়ে ফের একসঙ্গে আরমান আলিফ ও বায়েজীদ অপু, প্রকাশ পাচ্ছে ‘অন্ধকারের মানুষ’
‘জোনাক পোকার দল’ গানের বিশাল সাফল্যের পর ভক্তদের জন্য আবারও নতুন চমক নিয়ে আসছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরমান আলিফ এবং গুণী সুরকার-গীতিকার বায়েজীদ অপু জুটি। তাদের দ্বৈত রসায়নে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘অন্ধকারের মানুষ’।
নতুন এই গানটির কথা ও সুর করেছেন বায়েজীদ অপু নিজেই। এতে কণ্ঠ দিয়েছেন সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী আরমান আলিফ। গানটির চমৎকার সংগীত আয়োজন (মিউজিক কম্পোজিশন) করেছেন এসডি সাগর। শ্রোতাদের ভিন্নধর্মী এক আবহ দিতে সুর ও সংগীতে আনা হয়েছে দারুণ বৈচিত্র্য।
গানটি প্রযোজনা করছে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর মাল্টিমিডিয়া।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই গানটি অন্তর মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে। আগের গানটির মতো ‘অন্ধকারের মানুষ’ গানটিও দর্শকদের হৃদয়ে সমানভাবে জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘প্রিটি লিটল লায়ার্স’-এর অভিনেতা কীগান অ্যালেন ছিনতাইয়ের শিকার হয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ৩৭ বছর বয়সী এই অভিনেতা পশ্চিম হলিউডের একটি অভিজাত দোকানের বাইরে বন্দুক হামলার শিকার হন।
বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) পশ্চিম হলিউডে একটি অভিজাত দোকানের সামনে মুখোশ পরা দুই বন্দুকধারী তার ওপর হামলা চালায়। তারা মাথায় আঘাত করে এবং খুনের হুমকি দেয়। এরপর তারা অভিনেতার হাতঘড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হামলার পর রক্তাক্ত অবস্থায় অ্যালেন চোখে মুখে ভয় নিয়ে একটি ভিডিও ধারণ করেন। পরবর্তীতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
অভিনেতা ভিডিও বার্তায় বলেন,
"লরেন সাপ্লাই’-এর বাইরে এইমাত্র আমার হাতঘড়ি ছিনতাই করা হল। দু’জন লোক আমার মাথায় আঘাত করে, আমার দিকে বন্দুক ও ছুরি তাক করে। তার পর ঘড়িটি নিয়ে পালিয়ে যায়।"
ঘটনার পর তিনি নিজের ঘড়ি হারানোর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করে অভিনেতা বলেন, "দুই তরুণ বন্দুক ও ছুরি দেখিয়ে আমার কাছ থেকে জিনিস ছিনিয়ে নিয়েছে। আমার ঘড়ির জন্য ওরা আমাকে খুন করার হুমকিও দিয়েছে। ওয়েস্ট হলিউড আর নিরাপদ নেই।"
‘দ্য হলিউড রিপোর্টার’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে কীগান অ্যালেন হাসপাতালে ভর্তি আছেন। তার মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা হয়েছে। এদিকে, অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পবিত্র রমজান মাসের শুরুতে এখনও কিছু মাস বাকি রয়েছে। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। তবে আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে ঘোষণা করা হবে।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে অমাবস্যা হবে। এই সময় সূর্য ইতোমধ্যে অস্ত যাবে।
আল জারওয়ান আরও বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যেতে পারে। এর ফলে ১২ অক্টোবর, সোমবার থেকে ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন ইসলামি মাস শুরু হলে রমজান আসতে চারটি চান্দ্র মাস বাকি থাকবে। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, রমজান মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে। সেই অনুযায়ী, ঈদুল ফিতর হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার অথবা ১০ মার্চ, বুধবার।
এদিকে, শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব চাঁদ দেখার বিষয়ে ভিন্ন পূর্বাভাস প্রদান করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ১১ অক্টোবর রোববার সূর্যাস্তের পর জমাদিউল আউয়াল মাসের সূচনাকারী নতুন চাঁদ খালি চোখে কিংবা প্রচলিত টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে না। তবে উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের আগেই চাঁদটি শনাক্ত করা সম্ভব হতে পারে।
প্রতিষ্ঠানটির মতে, যেসব দেশ জ্যোতির্বিজ্ঞানের হিসাব অথবা হিসাবনির্ভর পর্যবেক্ষণের ভিত্তিতে ইসলামি মাস শুরু করে, সেসব দেশে ১২ অক্টোবর, সোমবার জমাদিউল আউয়াল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, যেসব দেশে সূর্যাস্তের পর খালি চোখে বা অপটিক্যাল টেলিস্কোপে চাঁদ দেখার বাধ্যবাধকতা রয়েছে, সেসব দেশে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর, মঙ্গলবার।
সূত্র: গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের কাচপুরে মধ্যরাতে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজের ফলে বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন মো. শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) এবং মো. রনি (১৯)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. সুলতান মাহমুদ আরও বলেন, তারা গ্যাসলাইনে লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজনই পরস্পরের আত্মীয় এবং তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ