ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী


মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন দেশটির বিভিন্ন রাজ্যে অভিযান পরিচালিত হচ্ছে। আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং নির্মাণস্থলগুলোতে তল্লাশি চলছে। বিদেশিরা খাটের নিচে লুকিয়েও রক্ষা পাচ্ছেন না। কর্মকর্তারা লুকানোর স্থান শনাক্ত করে সেখান থেকেই তাদের আটক করছেন।

চলতি বছরের প্রথম ১০ মাসে মালয়েশিয়াজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করেছে অভিবাসন বিভাগ। এসব অভিযানে ৬৯ হাজার ৭৬০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই পরিসংখ্যান প্রকাশ করেছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

সর্বশেষ ১২ নভেম্বর সংসদে দেওয়া তথ্যে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অভিযানের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮০৮টিতে এবং আটক অভিবাসীর সংখ্যা ৭০ হাজার ১৯৫ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ। প্রতিদিন গড়ে ২২৮ জন বিদেশি নাগরিক আটক হচ্ছেন।

আরও পড়ুন: ৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালিয়েছে ইউটিউবার নিশান্ত, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করেছে রাজ্য অভিবাসন বিভাগ (জেআইএম)।

‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামের তিনটি পৃথক অভিযানের মাধ্যমে আবাসিক এলাকা, খাবারের দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের সরকারি সামাজিক মাধ্যমে প্রকাশিত অভিযানের ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক নিজেদের আড়াল করতে সংকীর্ণ জায়গায় আশ্রয় নিয়েছেন। তাদের একজন খাটের নিচে লুকিয়ে ছিলেন। তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা তার অবস্থান শনাক্ত করে সেখান থেকে বের করে আনেন।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় মোট ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৩৪ জনকে আটক করা হয়।

আরও পড়ুন: লাহোরে বায়ুদূষণ রোধে মাঠে পাকিস্তানের বিশেষ বাহিনী

বিভাগটির বিবৃতিতে জানানো হয়, আমপাং এলাকায় কয়েকটি খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ বিদেশিকে আটক করা হয়। আটজন মিয়ানমারের নাগরিক এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক রয়েছেন। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়।

এ ছাড়া অভিযানে একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ (জেএআইএস), রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) এবং শাহ আলম সিটি কাউন্সিলের (এমবিএসএ) কর্মকর্তারাও অংশ নেন।

সেখানে অনুমোদন ছাড়াই জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। এ সময় ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের কর্মকর্তারা তাদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে অভিবাসন বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সেখানে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা পাননি।

আরও পড়ুন: হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলার ঘটনা

বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি এবং কাজের অনুমতিপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য।

বিভাগটি জানিয়েছে, অবৈধ অভিবাসীদের অবস্থান ও কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে অভিবাসন বিভাগ। অবৈধ অভিবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের পাশাপাশি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার চালু রেখেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০)। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

যেসব বিদেশি নাগরিকের বৈধ পাস বা অনুমতিপত্র নেই কিংবা অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছেন, তারা নির্ধারিত শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হয়। প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিটও জমা দিতে হয়।

আরও পড়ুন: নিউইয়র্কের গভর্নর পরিবহনমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

অভিবাসন বিভাগ জানিয়েছে, স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুযোগ চালু থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধ থাকবে না। বরং দেশজুড়ে গোয়েন্দা নজরদারি, সমন্বিত অভিযান ও নিয়মিত তল্লাশি অব্যাহত থাকবে।

ফলে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান কিংবা অনুমতিপত্রের শর্ত লঙ্ঘন করলে যে কোনো সময় আটক হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আহমেদ আত-তাইয়েব ২০২৬ সালে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ষষ্ঠ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ফায়ার ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ফায়ার ইউনিট

রাজধানীর লালবাগে অবস্থিত একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাত সোয়া ১১টার দিকে লালবাগের একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ৬ তলা ওই ভবনে আগুনের খবর পাওয়া যায়। এরপর রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে দু’টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইন ইউরোভিশন এশিয়ার প্রথম শিরোপা জিতলো কারমেলের ‘সোবর-সোবর’ গান দিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ এম


ফিলিপাইন ইউরোভিশন এশিয়ার প্রথম শিরোপা জিতলো কারমেলের ‘সোবর-সোবর’ গান দিয়ে

ফিলিপাইন ইউরোভিশন সং কনটেস্টের এশিয়ার প্রথম আসরে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দেশটির সংগীতশিল্পী কারমেল ‘সোবর-সোবর’ গান পরিবেশন করে প্রতিযোগিতার প্রথম শিরোপা লাভ করেছেন। এর ফলে ইউরোভিশন এশিয়ার ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হলো।

শনিবার (১৪ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে অনুষ্ঠিত হয় এই সংগীত প্রতিযোগিতার প্রথম আসর। এতে অংশগ্রহণ করে এশিয়ার ১১টি দেশের শিল্পীরা। ইউরোভিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিযোগিতার ফলাফল নির্ধারণে জাতীয় জুরি ও দর্শকদের ভোটের সমন্বয় করা হয়েছে। দর্শকদের ভোটের অংশগ্রহণ ছিল মোট ফলের ৫০ শতাংশ। পাশাপাশি, ১১টি দেশের জাতীয় জুরির ভোট এবং অংশগ্রহণকারী দেশগুলোর বাইরের দর্শকদের জন্য ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ভোটের ব্যবস্থা করা হয়েছিল।

কারমেল এর আগে টেলিভিশনে প্রচারিত বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে পরিচিতি অর্জন করেন। ‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ হওয়ার পর তিনি ‘তাওয়াগ এনজি তাঙ্গালান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এই শিল্পী ‘পিনয় বিগ ব্রাদার’ রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করেছেন।

ইউরোভিশন এশিয়ার প্রথম আসর আয়োজনের ফলে ইউরোভিশনের ৭০ বছরের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হলো। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের সংগীত, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ছিল ব্যাটমোসফিয়ার। তাদের গান ছিল ‘তুমি এলে’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে সবই করব: কায়েস আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ এম


রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে সবই করব: কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম জানিয়েছেন, "রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব।" তবে তিনি উল্লেখ করেছেন, অলিম্পিকের স্বপ্ন পূরণ করতে দেশের রোলার স্কেটিংকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক মানের ট্র্যাক, পর্যাপ্ত অনুশীলন মাঠ, উন্নত সরঞ্জাম, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবে খেলাটি দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। এসব সংকট চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে রোলার স্কেটিংকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নবগঠিত ২৯ সদস্যের অ্যাডহক কমিটির প্রথম সভায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভাটি সভাপতিত্ব করেন কায়েস আহমেদ সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন। সভায় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় শুরুতে পরিচিতি পর্ব শেষে ফেডারেশনের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সাবেক স্কেটার ও বর্তমান কমিটির সদস্যরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি খেলাটির উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাব দেন। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় দেশে আন্তর্জাতিক মানের স্কেটিং ট্র্যাকের অভাব।

বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী ট্র্যাকে অনুশীলনের সুযোগ থাকায় সেখানকার খেলোয়াড়েরা প্রতিযোগিতার পরিবেশ ও ট্র্যাকের সঙ্গে আগে থেকেই অভ্যস্ত হন। কিন্তু বাংলাদেশে এ ধরনের সুযোগ না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দেশের স্কেটারদের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত আন্তর্জাতিক মানের একটি ট্র্যাক নির্মাণের জন্য সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন কমিটির সদস্যরা।

শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, জেলা ও বিভাগীয় পর্যায়েও মানসম্মত স্কেটিং মাঠ ও ট্র্যাক তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি এবং স্থানীয় পর্যায়ে স্কেটিংয়ের পরিসর বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

ট্র্যাকের পাশাপাশি উন্নতমানের স্কেটিং সরঞ্জামের অভাবকেও খেলোয়াড়দের অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন সদস্যরা। আন্তর্জাতিক পর্যায়ের স্কেটাররা বিশেষায়িত স্পিড স্কেটিং বুট, উন্নত চাকা ও বিয়ারিংসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করেন। অথচ বাংলাদেশের অনেক খেলোয়াড়ের কাছে এসব সরঞ্জাম পর্যাপ্ত ও সহজলভ্য নয়। ফলে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে উন্নতমানের স্কেটিং জুতা ও প্রয়োজনীয় সরঞ্জাম সহজলভ্য করার পাশাপাশি সরকারি-বেসরকারি সহযোগিতা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়।

অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার সংকটও সভায় গুরুত্ব পায়। পর্যাপ্ত স্পন্সর না থাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনা, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা, প্রতিযোগিতা আয়োজন এবং আন্তর্জাতিক আসরে খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ বাড়ানো কঠিন হয়ে পড়ছে। এ সংকট কাটাতে বেসরকারি প্রতিষ্ঠান ও করপোরেট স্পন্সরদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন সদস্যরা।

সভায় খেলোয়াড়দের আবাসন ও খাবারের বিষয়টিও বিশেষভাবে আলোচিত হয়। ফেডারেশনের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক মাজহারুল ইসলাম বলেন, "প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও ধরে রাখতে শুধু অনুশীলনের সুযোগ দিলেই হবে না, তাঁদের থাকা-খাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে।"

সহ-সভাপতি আরও বলেন, রোলার স্কেটিংয়ে বাংলাদেশের বেশ কিছু অর্জন থাকলেও সেগুলো অনেকের কাছেই অজানা। গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এসব সাফল্য তুলে ধরার উদ্যোগ নিতে হবে। এতে খেলাটির পরিচিতি বাড়ার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি হবে।

সভায় রাজধানীর শাহবাগের জিয়া শিশু পার্কে স্কেটিংয়ের সুযোগ ফিরিয়ে আনার দাবিও ওঠে। এক সাবেক স্কেটার ও বর্তমান কমিটির সদস্য জানান, আগে পার্কটিতে স্কেটারদের অনুশীলনের জন্য ট্র্যাকের ব্যবস্থা ছিল। কিন্তু পার্কটি বন্ধ হয়ে যাওয়ার পর সেই সুযোগ আর নেই। পার্কটি নতুন করে চালুর উদ্যোগের সঙ্গে স্কেটিংয়ের জন্য নির্দিষ্ট ট্র্যাক রাখার দাবি জানান তিনি। জবাবে সভাপতি কায়েস আহমেদ সেলিম বিষয়টি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সদস্যদের বিভিন্ন প্রস্তাব ও সমস্যার কথা শুনে সভাপতি কায়েস আহমেদ সেলিম বলেন, "রোলার স্কেটিংকে অলিম্পিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই তাঁরা কাজ করতে চান।" এ জন্য বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে দূর করে খেলাটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি কমিটির সদস্য, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলনও খেলাটির উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তার মতে, অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, খেলোয়াড়দের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা এবং পৃষ্ঠপোষকতা বাড়ানোর মাধ্যমে রোলার স্কেটিংকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

সভা শেষে ফেডারেশন কার্যালয়ের নিচে অনুশীলনরত শিশু স্কেটারদের সঙ্গে সময় কাটান সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা শিশুদের খেলার খোঁজখবর নেন, অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দেন। নতুন নেতৃত্বের কাছ থেকে এমন আন্তরিকতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন খেলোয়াড় ও অভিভাবকেরা। তাদের প্রত্যাশা, নতুন কমিটির উদ্যোগে স্কেটিংয়ের সুযোগ-সুবিধা বাড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের খেলোয়াড়েরা আরও ভালো করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম এবং সাধারণ সম্পাদক হন মাসুদ আহমেদ মিলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ এম


হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলার ঘটনা

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলি ব্যাপক ঝুঁকির মধ্যে চলাচল করছে। গত ২৪ ঘণ্টার মধ্যে পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে, নৌ-মাইনের আঘাত হয়েছে এবং মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, হরমুজে হামলার সংখ্যা ১৩০-এর বেশি পৌঁছেছে এবং এতে ২৫ জন নাবিক নিহত হয়েছেন। এই তথ্যটি রয়টার্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইরানের নৌবাহিনী ও বিপ্লবী গার্ড একাধিক তেলবাহী জাহাজে আগুন লাগার খবর নিশ্চিত করেছে। তাদের দাবি, কিছু ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সুপার ট্যাংকারও রয়েছে।

ইরানের দাবি, একাধিক জাহাজে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিরাপদ পথের বাইরে চলাচল এবং জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ থাকার কারণে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, অক্টোবরে হরমুজ প্রণালিতে ৩৭টি বাণিজ্যিক ও ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সংঘাত শুরুর পর এক মাসে এটিই সর্বাধিক হামলার সংখ্যা।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা-আইএমওর হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৩৪টি জাহাজে হামলা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২৫ জন রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%