নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২৮ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : কোচ কার্লো আনচেলত্তি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের জন্য ২৬ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলতে প্রস্তুত হচ্ছে এই দল।
সর্বশেষ বিশ্বকাপের ২৬ সদস্যের দলে থেকে ৯ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, মার্কিনোস এবং ব্রুনো গিমারায়েসের মতো তারকা খেলোয়াড়রা দলে স্থান পেয়েছেন।
বিশ্বকাপ খেলা দলের মধ্যে কাসেমিরো, লুকাস পাকেতা, ফাবিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়া এবং তিন গোলরক্ষক আলিসন, ওয়েভারটন ও এডারসন বাদ পড়েছেন। দলে ফিরেছেন ফরোয়ার্ড পেদ্রো ও হোয়াও পেদ্রো।
এছাড়া, প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন আটজন নতুন খেলোয়াড়। তাদের মধ্যে পেদ্রো মরিসকো, ওটাভিও, আর্থার দিয়াস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, জাইর, ব্রেনো বিডন এবং গাব্রিয়েল বোনটেম্পো অন্তর্ভুক্ত আছেন।
দল ঘোষণার সময় কোচ আনচেলত্তি মন্তব্য করেন, ‘এই তিনটি প্রীতি ম্যাচের মাধ্যমে আমরা আগামী বছর কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপের জন্য নতুন পথচলা শুরু করতে যাচ্ছি।’
ব্রাজিল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া সফরে ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউন্সভিল এবং ব্রিজবেনে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর তারা কলকাতায় ভারতের বিপক্ষে আগামী ৩ অক্টোবর মাঠে নামবে।
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ব্রাজিল এই প্রথম মাঠে নামতে যাচ্ছে। ২৫ ও ২৯ সেপ্টেম্বর তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে এবং পরে ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে।
ব্রাজিল দল :
গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওটাভিও
ডিফেন্ডার : আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাইস, জাইর, মার্কিনোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো বাইডন, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, ডগলাস লুইস, গাব্রিয়েল বোনটেম্পো।
ফরোয়ার্ড : এনদ্রিক, এস্তেভাও, হোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লেনো ও ভিনিসিয়ুস জুনিয়র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের সূচনা করেছে বার্সেলোনা, যা ছিল একটি গোল উৎসব। গত রাতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বার্সেলোনা নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডকে ৫-১ গোলে পরাজিত করেছে।
বার্সেলোনার হয়ে দুইটি গোল করেছেন রাফিনহা। এছাড়া, লামিনে ইয়ামাল, গ্যাব্রিয়েল জেসুস ও করিম আদেয়েমি প্রত্যেকে একটি করে গোল করেছেন।
ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে বার্সেলোনা ফেইনুর্ডের বিরুদ্ধে প্রথম গোলটি করে। ইয়ামালের পাস থেকে বল পেয়ে ডি-বক্সে দুইজন প্রতিপক্ষকে কাটিয়ে রাফিনহা জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
২২ মিনিটে বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে। হুয়াও ক্যানসেলোর পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন আদেয়েমি। প্রথমার্ধে এই দুই গোলের মাধ্যমে বার্সেলোনা এগিয়ে ছিল।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা মাঝমাঠ দখলে নিয়ে তৃতীয় গোলটি করে। ৫৭ মিনিটে পেদ্রির সহায়তায় বল পেয়ে ডি-বক্স থেকে কোনাকুনি শটে রাফিনহা ফেইনুর্ডের জালে দ্বিতীয়বারের মতো বল পাঠান। এবারের মৌসুমে এটি তার অষ্টম গোল।
৭৭ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক থেকে গোল করে বার্সেলোনাকে ৪-০ গোলে এগিয়ে দেন ইয়ামাল। একাধিক গোল হজমের পর ফেইনুর্ড প্রথম গোলের দেখা পায়। ৮২ মিনিটে সেম স্টেইন গোল করে ব্যবধান কমান।
ফেইনুর্ডের প্রথম গোলের পর আবারও ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ৮৫ মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন বদলি খেলোয়াড় জেসুস।
শেষ পর্যন্ত বার্সেলোনা ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে এটি তাদের চতুর্থবার প্রতিপক্ষকে পাঁচ গোলে হারানোর ঘটনা।
স্প্যানিশ লিগে চার ম্যাচের মধ্যে বার্সেলোনা যথাক্রমে ৫-০, ৫-২ ও ৫-০ গোলে জয়ী হয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে প্রথম পাঁচ প্রতিযোগিতামূলক ম্যাচে তারা ২২ গোল করেছে এবং বিপরীতে মাত্র ৩ গোল হজম করেছে।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘ছেলেরা খুবই ভালো খেলেছে। দারুণ একটি ম্যাচ ছিল। ম্যাচের শুরু থেকে আমরা বল ও মধ্যমাঠ দখলে রাখার চেষ্টা করেছি।
আমাদের মূল লক্ষ্য ছিল-আধিপত্য বিস্তার করে খেলা। আমি বলবো, আমাদের পরিকল্পনায় আমরা সফল হয়েছি। এই জয় আমাদের পরের ম্যাচগুলোতেই আত্মবিশ্বাস দেবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ মন্ত্রীবিহীন কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে যেসব মন্ত্রণালয় বা বিভাগে নির্দিষ্ট কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী দায়িত্বে নেই, সেসব দপ্তরের সংসদীয় কার্যক্রম এই দুই মন্ত্রী পরিচালনা করবেন।
নতুন দায়িত্ব অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যাবলি সামলাবেন। তিনি উপস্থিত না থাকলে এই দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে। তার অবর্তমানে এই দায়িত্বগুলো পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্রীড়া কূটনীতির মাধ্যমে আরও শক্তিশালী করার লক্ষ্যে উভয় দেশ আগ্রহী।
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সাক্ষাৎ করেন। এ সময় ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়।
নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত জানান, ‘বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তবে সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়ার মাধ্যমে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।’
এ সময় নেপালের রাষ্ট্রদূত আবারও দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি।
রাষ্ট্রদূত বলেন, ‘বিশেষ করে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আমাদের জনগণের জন্য অনুপ্রেরণা প্রয়োজন। আমরা বাংলাদেশকে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুরোধ করছি। আমাদের দল বাংলাদেশ সফরে আসতে পুরোপুরি প্রস্তুত। একইভাবে বাংলাদেশ দলকে নেপালে স্বাগত জানাতেও আমরা প্রস্তুত।’
নেপালের প্রস্তাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ইতিবাচক সাড়া দেন। তিনি ক্রীড়া কূটনীতিকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহারের বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আমিনুল হক বলেন, ‘আমরা ক্রীড়া কূটনীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিভিন্ন খেলায় সহযোগিতা সম্প্রসারণে ইতোমধ্যে কাজ করছি।’
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার জন্য নেপালের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, প্রস্তাব পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, নেপালের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করার প্রস্তাবও দেন আমিনুল হক। বিশেষ করে পর্বতারোহণসহ সংশ্লিষ্ট ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশি অ্যাথলেটদের সহযোগিতা ও সুযোগ দেওয়ার জন্য নেপালকে আহ্বান জানান তিনি।
দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির পাশাপাশি ক্রিকেটের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সম্ভাবনাকে এ বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ