ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে


দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই স্থানে রয়েছে। আজ রোববার সকাল ছয়টায় এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটির প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। উপকূলের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও এখনও পর্যন্ত বড় কোনো প্রভাব পড়েনি। তবে, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে দূরবর্তী ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি মো. দিদার উদ্দিন আহমেদ মাসুম জানান, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে বর্তমানে সাগরে কোনো ট্রলার নেই। নিষেধাজ্ঞার শেষ ৫ দিন বাকি থাকতেই আবহাওয়া আবার খারাপ হয়ে উঠেছে।

আরও পড়ুন: বরিশাল মহানগরের নিরাপত্তায় নতুন ছক, থানার সংখ্যা ৮ করার পরিকল্পনা বিএমপির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় শিক্ষককে মক্তব শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ধর্মীয় শিক্ষককে মক্তব শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১।

এছাড়াও, আসামির বিরুদ্ধে ৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডল পাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য মক্তব পরিচালিত হয়ে থাকে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি গ্রামের বাসিন্দা মুছা মিয়া মক্তবটির পরিচালনা করেন।

গত ২০২০ সালের ২৮ নভেম্বর, মক্তবের ক্লাস শেষ হওয়ার পর শিক্ষক মুছা মিয়া সকল ছাত্র-ছাত্রীদের ছুটি দেন। কিন্তু ভিকটিম কিশোরীকে (১৫) তিনি পরে বাড়ি যেতে বলেন।

এক পর্যায়ে, মসজিদের ভেতরে ওই কিশোরীকে কৌশলে ধর্ষণ করেন ইমাম মুছা মিয়া।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানীর পর ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে, আসামির উপস্থিতিতে রোববার রায় ঘোষণা করা হয়।

এ সময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার আসামি মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারের মন্তব্যে হতাশ বার্সেলোনা সমর্থকরা, সান্তোসে ফিরে গেছেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


নেইমারের মন্তব্যে হতাশ বার্সেলোনা সমর্থকরা, সান্তোসে ফিরে গেছেন তিনি

ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে নেইমার জুনিয়র তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেছেন। ইউরোপে প্রবেশের পর থেকে ফুটবলবিশ্ব তাকে নতুন উচ্চতায় চিনতে শুরু করে। নেইমারের সেরা সময় কোন ক্লাবে কেটেছে—এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষের উত্তর হবে ‘অবশ্যই বার্সেলোনায়!’ কিন্তু এই ব্রাজিলিয়ান তারকার নিজস্ব মূল্যায়ন এই ধারণার সঙ্গে পুরোপুরি মেলে না।

২০১৩ সালের জুনে রেকর্ড এবং বিভিন্ন আলোচনার মধ্যে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। তার অভিষেক মৌসুমে স্প্যানিশ সুপার কাপ জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বিশেষ কিছু করতে পারেননি। কিন্তু পরের মৌসুমে, ২০১৪-১৫ মৌসুমে, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে গড়ে তোলেন ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ ‘এমএসএন’। এই ত্রয়ীর অসাধারণ ফর্ম এবং লুইস এনরিকের দক্ষ কোচিংয়ে ২০১৫ সালে বার্সেলোনা ঐতিহাসিক ট্রেবল জয়ের স্বাদ পায়, যা কাতালান ক্লাবটির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে চিহ্নিত।

বার্সেলোনায় চার বছরের সময়ে নেইমার দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে এবং একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা অর্জন করেন। বিশেষ করে ২০১৫ সালে ইউরোপ সেরার লড়াইয়ে জুভেন্টাসের বিপক্ষে ফাইনালে তার পায়ের মাধ্যমে দলের তৃতীয় এবং জয়সূচক গোলটি আসে। সব মিলিয়ে বার্সার জার্সিতে ১৮৬ ম্যাচে ১০৫ গোল করার পর ২০১৭ সালে হঠাৎ করে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটান তিনি।

এরপর নেইমার রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) চলে যান। প্যারিসে তিনি ট্রফির দিক থেকে সফল সময় কাটান। ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেন এবং পাঁচটি লিগ ওয়ান, তিনটি ফরাসি কাপ, দুটি লিগ কাপ এবং তিনটি চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করেন। তবে পিএসজির দীর্ঘদিনের চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেননি; ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্সআপ হতে হয়। পরবর্তীতে ২০২৩ সালে প্যারিস অধ্যায় শেষ করে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দেন তিনি।

ফুটবলপ্রেমীদের কাছে নেইমারের সোনালী সময় বার্সায় কাটলেও, শিরোপার তালিকা বা সাফল্যের চেয়ে তিনি নিজের ফুটবলার হিসেবে বিকশিত হওয়ার সময়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি সবাইকে চমকে দিয়ে জানিয়েছেন, তার ক্যারিয়ারের সেরা সময় বার্সেলোনায় নয়, বরং পিএসজিতেই ছিল।

নিজের এই ব্যাখ্যার পেছনের কারণ জানিয়ে নেইমার বলেন, ‘আমি জানি লোকেরা এমএসএনের সঙ্গে বার্সেলোনায় কাটানো সময়টাকেই আমার সেরা সময় বলে মনে রাখবে। কিন্তু একজন ফুটবলার হিসেবে আমার ব্যক্তিগত মূল্যায়নে, প্যারিস সেন্ট-জার্মেইতে কাটানো সময়টিই ছিল আমার ক্যারিয়ারের সেরা। ওই বছরগুলোতে আমি নিজেকে আরও বেশি শক্তিশালী, গতিময় এবং মাঠে আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান একজন খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পেরেছিলাম।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ‘অপারেশন ল্যাংড়া’ নামে মুসলিমদের গুলি করে পঙ্গু করার ঘটনায় খেলাফত আন্দোলনের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


ভারতে ‘অপারেশন ল্যাংড়া’ নামে মুসলিমদের গুলি করে পঙ্গু করার ঘটনায় খেলাফত আন্দোলনের নিন্দা

ভারতে ‘অপারেশন ল্যাংড়া’ নামে পুলিশ কর্তৃক শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এই অভিযানকে চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল হিসেবে আখ্যা দিয়ে মন্তব্য করেন, ভারতের উত্তরপ্রদেশে শুরু হওয়া এই বিতর্কিত পদ্ধতি এখন আরও কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে, যা আইনের শাসন ও মানবাধিকারের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করছে।

রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা মিয়াজী অভিযোগ করেন, ভারতে জিরো টলারেন্স নীতির আওতায় পুলিশকে অগণতান্ত্রিক ও অবৈধ ক্ষমতা প্রদান করে মুসলিম নিধন ও নিপীড়ন চালানো হচ্ছে।

তিনি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’-এর তথ্য উদ্ধৃত করে জানান, প্রায় ৬৫০টি ঘটনার বিশ্লেষণে দেখা গেছে আহতদের প্রায় ৯৩ শতাংশই মুসলিম, যা এপির স্বাধীন অনুসন্ধানেও উঠে এসেছে। নয়াদিল্লিভিত্তিক মানবাধিকার আইনজীবীদের মতে, এ ধরনের বন্দুকযুদ্ধ বা গুলি করে পঙ্গু ও হত্যা করা কখনোই ন্যায়বিচারের বিকল্প হতে পারে না।

বিবৃতিতে রাজ্য পুলিশের তথ্যের বরাতে আরও জানানো হয়েছে, ২০১৭ সালের মার্চ থেকে চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত কথিত বন্দুকযুদ্ধের নামে ৩১৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১১০ জনই মুসলিম। একই সময়ে আহত হয়েছেন ১২ হাজার ৮৯০ জন সন্দেহভাজন ব্যক্তি, যাদের প্রায় সবার হাঁটুতে বা হাঁটুর নিচে খুব কাছ থেকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে।

এলাহাবাদ হাইকোর্টের মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত পরিষ্কারভাবে জানিয়েছে যে পুলিশ কখনোই আদালতের বিকল্প হিসেবে বিচারের দায়িত্ব নিজের হাতে নিতে পারে না। মানবাধিকার সংগঠন 'পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ' এসব এনকাউন্টারের স্বাধীন তদন্ত দাবি করলেও সেই মামলা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এ অবস্থায় অবিলম্বে ভারতকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য জাতিসংঘসহ বিশ্বনেতৃত্বের প্রতি জোর দাবি জানান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮৭ বছর বয়সে চলে গেলেন ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


৮৭ বছর বয়সে চলে গেলেন ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী (৮৭) আর আমাদের মধ্যে নেই। রবিবার (২৫ অক্টোবর) সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, এই শিল্পী এক বছরেরও বেশি সময় ধরে রক্তের ক্যান্সারে ভুগছিলেন। ১৪ মাসের মধ্যে তাকে একাধিকবার কেমোথেরাপি দেওয়া হয়েছিল। সম্প্রতি মূত্রনালির সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসক তুফান কান্তি দোলাইয়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

যোগেন চৌধুরীর মৃত্যুতে ভারতের শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্বতন্ত্র চিত্রশৈলী এবং রেখার অভিনব ব্যবহারের মাধ্যমে ভারতীয় আধুনিক চিত্রকলায় একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন।

যোগেন চৌধুরী বিশেষভাবে পরিচিত ছিলেন ছবিতে অভিনব রেখার ব্যবহার এবং মানুষের শরীরের বিভিন্ন ভঙ্গি, আবেগ ও অনুভূতি ফুটিয়ে তোলার অসাধারণ দক্ষতার জন্য। তার চিত্রকর্মে রেখার টান এবং আড়াআড়ি দাগের মাধ্যমে মানুষের শরীরের গঠন এবং মনের নানা অনুভূতি প্রকাশ পেত। তার নিজস্ব শৈলীর কারণে ভারতীয় আধুনিক চিত্রকলায় তিনি স্বতন্ত্র পরিচিতি অর্জন করেন।

চিত্রকলার বাইরেও তিনি প্রশাসন ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দিল্লির রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালায় অবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে কাজ করেন।

শিল্পচর্চার পাশাপাশি লেখালেখিতেও তিনি সক্রিয় ছিলেন। শিল্পভাবনা, সমাজ, পরিবেশ, শিল্পকলা শিক্ষা ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময়ে প্রবন্ধ লিখেছেন তিনি। তার লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব বিষয়ের ওপর তার একাধিক গ্রন্থও প্রকাশিত হয়েছে। এ ছাড়া সাহিত্যচর্চার অংশ হিসেবে কবিতাও লিখেছেন এই শিল্পী। তার মৃত্যুতে ভারতীয় আধুনিক চিত্রকলার জগতে এক স্বতন্ত্র শিল্পীর কর্মময় জীবনের অবসান ঘটল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%