শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৩২ এম
ফর্মুলা ওয়ানের কাতার গ্রাঁ প্রিতে নতুন টায়ার ব্যবহারের নিয়ম কার্যকর করা হয়েছে। লুসাইল ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত এবারের রেসে চালকরা এক সেট টায়ার ব্যবহার করে সর্বাধিক ২৭ ল্যাপ চালাতে পারবেন। ৫৭ ল্যাপের এই রেসে, প্রত্যেক চালককে অন্তত দুইবার পিটস্টপ নিতে হবে। টায়ারের অতিরিক্ত ক্ষয় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এই নিয়মটি চালু করেছে ফর্মুলা ওয়ানের টায়ার সরবরাহকারী প্রতিষ্ঠান পিরেলি।
গত বছর কাতার গ্রাঁ প্রিতে টায়ার ব্যবহারের জন্য ল্যাপ-সীমা ছিল। তবে এবার তা ২৫ থেকে বাড়িয়ে ২৭ করা হয়েছে। ২০২১ সালে লুসাইল সার্কিটে প্রথম গ্রাঁ প্রি আয়োজনের পর এটি তৃতীয়বারের মতো এই বিধিনিষেধ কার্যকর হচ্ছে। ২০২১ সালে রেস চলাকালে টায়ার পাংচারের ঘটনা এবং ২০২৩ সালে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে আগেও এই নিয়ম চালু করা হয়েছিল।
পিরেলির ব্যাখ্যা অনুযায়ী, বর্তমান প্রজন্মের গাড়িগুলোতে তুলনামূলক কম লোড তৈরি হওয়া এবং টায়ারের গঠন আরও শক্তিশালী হওয়ার কারণে এবার সীমা বাড়ানো সম্ভব হয়েছে। তবে লুসাইল সার্কিটের বিশেষ বৈশিষ্ট্যের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিয়মটি বহাল রাখা হয়েছে। উচ্চগতির কর্নার, টায়ারের ওপর তাপীয় চাপ এবং ট্রেডের ক্ষয়—সব মিলিয়ে সার্কিটটি টায়ারের জন্য বেশ চ্যালেঞ্জিং।
নিয়ম অনুযায়ী, গ্রিডে যাওয়ার পথে, ফরমেশন ল্যাপে এবং রেস শেষ হওয়ার পর চেকার্ড পতাকা অতিক্রমের পরের ল্যাপগুলো ২৭ ল্যাপের হিসাবে ধরা হবে না। তবে বিভিন্ন ট্র্যাক সেশনে একই সেট টায়ার ব্যবহার করলে সব সেশনের ল্যাপ একসঙ্গে যোগ হবে। অর্থাৎ, কোনো চালক যদি কোয়ালিফাইংয়ে একটি সেট টায়ার দিয়ে তিন ল্যাপ চালান এবং রেসেও সেই টায়ার ব্যবহার করেন, তাহলে রেসে সর্বাধিক আরও ২৪ ল্যাপ চালানোর সুযোগ পাবেন।
কেন এই নিয়ম?
স্কাই স্পোর্টস এফ১-এর বিশ্লেষক ও অ্যাস্টন মার্টিনের সাবেক রেস স্ট্র্যাটেজি প্রধান বার্নি কলিন্সের ব্যাখ্যা অনুযায়ী, লুসাইল একটি উচ্চগতির সার্কিট। অতীতে ট্র্যাকের কিছু কার্বের ধারালো প্রান্ত টায়ারের সাইডওয়ালে কেটে যাওয়ার ঝুঁকি তৈরি করেছিল। ২০২৩ সালে এ কারণে এক সেট টায়ারে সর্বাধিক ১৮ ল্যাপের সীমা দেওয়া হয়েছিল।
সেই বছর অক্টোবরে অনুষ্ঠিত রেসে তীব্র গরম পরিস্থিতিও চালকদের জন্য বাড়তি সমস্যা তৈরি করে। পরে ট্র্যাক থেকে সবচেয়ে ধারালো কার্বের অংশগুলো সরিয়ে ফেলা হয়। ২০২৪ সালে টায়ারের ক্ষতি কমে যাওয়ায় দলগুলো একবার পিটস্টপের কৌশল নেওয়ার চেষ্টা করে। কিন্তু উচ্চগতির কারণে টায়ারের উপরিভাগে প্রচুর ক্ষয় হচ্ছিল। পিরেলি সেই ক্ষয়কে গ্রহণযোগ্য মনে না করায় ২০২৫ সালে ২৫ ল্যাপের সীমা চালু করে। এবার তা বাড়িয়ে ২৭ করা হয়েছে।
রেস কৌশলে কী প্রভাব পড়বে?
এবারের কাতার গ্রাঁ প্রি স্প্রিন্ট উইকেন্ড নয়। ফলে দলগুলোর হাতে মিডিয়াম ও হার্ড টায়ারের পর্যাপ্ত সেট থাকার কথা। কলিন্সের ধারণা, দলগুলো অনুশীলনে হার্ড টায়ার পরীক্ষা করলেও রেসের জন্য অন্তত একটি সেট সংরক্ষণ করবে। কিছু দল দুটি সেটও রেখে দিতে পারে।
তাঁর মতে, ২৭ ল্যাপের সীমা রেস কৌশলকে খুব বেশি সংকুচিত করবে না। ৫৭ ল্যাপের রেসে দুইবার পিটস্টপের বিভিন্ন সম্ভাবনা থাকছে। সবচেয়ে আগে তৃতীয় ল্যাপে পিটস্টপ করেও দুইবার পিটস্টপের কৌশল অনুসরণ করা সম্ভব। সে ক্ষেত্রে প্রথম সেটে তিন ল্যাপ, পরের দুই সেটে ২৭ ল্যাপ করে চালানো যাবে।
তবে শুরুতেই সেফটি কার এলে কৌশলে পরিবর্তন আসতে পারে। কাতারে পিটস্টপে সময়ের ক্ষতি প্রায় ২৬.৫ সেকেন্ড। তাই টায়ারের ক্ষয় কম থাকলে সেফটি কারের সময় পিটস্টপ নেওয়া লাভজনক হতে পারে। ২০২৫ সালের রেসে সপ্তম ল্যাপে সেফটি কার আসার সময় ম্যাকলারেনের চালক অস্কার পিয়াস্ত্রিকে পিটে না ডাকার সিদ্ধান্ত নিয়ে দলটি পরে পজিশন হারিয়েছিল। কলিন্সের মতে, এবার তৃতীয় ল্যাপেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
কোনো দল কি বাড়তি সুবিধা পাবে?
নতুন নিয়মে কোন দল সুবিধা পাবে বা কারা পিছিয়ে পড়বে, তা আগেভাগে বলা কঠিন বলে মনে করেন কলিন্স। আগের বছরগুলোর মতো এবার কোনো নির্দিষ্ট দল টায়ারের ক্ষয় নিয়ে অন্যদের তুলনায় বেশি সমস্যায় পড়ছে—এমন প্রমাণ নেই। তাই নিয়মটি কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেবে বলে মনে করছেন না তিনি।
সব মিলিয়ে, ২৭ ল্যাপের সীমা কাতার গ্রাঁ প্রিতে টায়ার ব্যবস্থাপনা ও পিটস্টপ কৌশলকে গুরুত্বপূর্ণ করে তুলবে। তবে ২০২৩ সালের মতো অতিরিক্ত কঠিন পরিস্থিতি কিংবা গত বছরের মতো একবার পিটস্টপের সম্ভাবনাও থাকছে না। দলগুলোর জন্য চ্যালেঞ্জ হবে টায়ারের স্থায়িত্ব, ট্র্যাকের তাপমাত্রা ও সেফটি কারের পরিস্থিতি বিবেচনায় সঠিক সময়ে পিটস্টপ নেওয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যে নিট অভিবাসীর সংখ্যা ৯২ শতাংশ কমে ৭৭ হাজারে নেমে এসেছে। করোনা মহামারির সময়ের হিসাব বাদ দিলে, গত ২৯ বছরের মধ্যে দেশটিতে নিট অভিবাসীর সংখ্যা এখন সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ২০২৫ সালের জুনে শেষ হওয়া ১২ মাসের হিসাব অনুযায়ী, আগের বছরের ২ লাখ ৪ হাজার থেকে কমে এ সংখ্যা ৭৭ হাজারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
অভিবাসন কমাতে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যের সরকারগুলো। বৈধ ও অবৈধ—উভয় ধরনের অভিবাসন নিয়ন্ত্রণে নেওয়া এসব পদক্ষেপের পেছনে জনমতের চাপও কাজ করেছে। সর্বশেষ পরিসংখ্যানকে ক্ষমতাসীন লেবার পার্টি সরকারের জন্য রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই দলটি ক্ষমতায় আসার পর থেকেই নিট অভিবাসীর সংখ্যা কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে।
বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কিছু দেশে জনতুষ্টিবাদী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অভিবাসনবিরোধী অবস্থানের কারণে রাজনৈতিক মধ্যপন্থার দলগুলোও এ বিষয়ে কঠোর নীতি গ্রহণ করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার হওয়ার পর নতুন অভিবাসীর প্রবাহ কমেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মাইগ্রেশন অবজারভেটরির জ্যেষ্ঠ গবেষক বেন ব্রিন্ডল মন্তব্য করেন, উচ্চ আয়ের অন্যান্য দেশে একই প্রবণতা দেখা যাচ্ছে। যুক্তরাজ্যের মতো দেশগুলোতে অভিবাসন কমার পেছনে মূলত সরকারের নীতিগত পরিবর্তন কাজ করছে।
মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের বৈশ্বিক কর্মসূচির পরিচালক মেঘান বেনটন জানান, অভিবাসন নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের নীতির মধ্যে পার্থক্য রয়েছে। কানাডার মতো কিছু দেশ রাজনৈতিক চাপ ও বাস্তব প্রয়োজন বিবেচনায় ধীরে ধীরে অভিবাসন কমানোর চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নীতি অনেক বেশি কঠোর। যুক্তরাজ্যের অবস্থান এ দুইয়ের মাঝামাঝি।
২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন যুক্তরাজ্যের নাগরিকেরা। ওই গণভোটে অভিবাসন ছিল অন্যতম প্রধান ইস্যু। তবে ব্রেক্সিটের পরও দেশটিতে অভিবাসীর সংখ্যা বেড়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের চালু করা নতুন নিয়মের পর ২০২৩ সালের জুনে শেষ হওয়া বছরে নিট অভিবাসীর সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে যায়। এটি ছিল সর্বোচ্চ।
জনঅসন্তোষ বাড়তে থাকায় পরবর্তী কনজারভেটিভ প্রধানমন্ত্রী ঋষি সুনাক অভিবাসন কমাতে বিভিন্ন পদক্ষেপ নেন। এর মধ্যে বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী বা সন্তানদের যুক্তরাজ্যে নিয়ে আসার সুযোগ সীমিত করার সিদ্ধান্ত ছিল অন্যতম।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে লেবার পার্টি সরকার গঠন করে। প্রথমে কিয়ার স্টারমারের নেতৃত্বে এবং বর্তমানে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নেতৃত্বে সরকার সুনাকের নেওয়া পদক্ষেপগুলো আরো সম্প্রসারিত করেছে।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, নিট অভিবাসীর সংখ্যা কমে আসা প্রমাণ করে যে সরকার সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে। ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের প্রচারে সমর্থকেরা ‘নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার’ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বক্তব্যে সেই কথারই প্রতিধ্বনি পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাবানা মাহমুদ লেখেন, ‘আমরা নিট অভিবাসীর সংখ্যা ৭৭ হাজারে নামিয়ে এনেছি। আগের সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ের তুলনায় এটি ৯২ শতাংশ কম। তারা যা করতে ব্যর্থ হয়েছে, আমরা ব্রিটিশ জনগণের জন্য তা করতে পেরেছি। এটি আপনা-আপনি ঘটেনি। বর্তমান সরকার পদক্ষেপ নেওয়ায় এমনটি সম্ভব হয়েছে।’
তবে অভিবাসন কমলেও দেশটির অভিবাসনবিরোধী প্রচারকেরা সন্তুষ্ট নন। তাদের মধ্যে রয়েছেন ডানপন্থি জনতুষ্টিবাদী দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, অভিবাসীদের কারণে ব্রিটিশদের একটি প্রজন্ম ‘প্রতিস্থাপিত’ হয়েছে।
যুক্তরাজ্যের মতো ইউরোপের অন্যান্য দেশেও অভিবাসীর সংখ্যা কমছে। ২০২২ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর ২০২৩ ও ২০২৪—দুই বছরেই ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। একই সময়ে নতুন অভিবাসীর সংখ্যা কমেছে। আরো সাম্প্রতিক পরিসংখ্যান পাওয়া না গেলেও দেখা গেছে, গত বছর ও চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিতভাবে প্রবেশ করা মানুষের সংখ্যাও কমেছে।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশ অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। পাঁচটি ইউরোপীয় দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর বিষয়ে আলোচনা করছে। এসব ব্যক্তির সঙ্গে রুয়ান্ডার আগে কোনো সম্পর্ক না থাকলেও তাদের সেখানে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য অভিবাসীদের নিরুৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২২ সাল থেকে যুক্তরাজ্যও একই ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
ইউরোপের বামঘেঁষা সরকারগুলোর মধ্যেও অভিবাসন নিয়ে কঠোর অবস্থান নেওয়ার প্রবণতা বাড়ছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সম্প্রতি ‘জাতিগতভাবে ডেনিশ আদিবাসী জনগোষ্ঠী’ শব্দবন্ধ ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছেন। সমালোচকদের মতে, তার এ বক্তব্যের সঙ্গে ‘রিপ্লেসমেন্ট থিওরি’ বা শ্বেতাঙ্গ জনগোষ্ঠীকে অশ্বেতাঙ্গ অভিবাসীরা প্রতিস্থাপন করছে—এমন ধারণার মিল রয়েছে।
অন্যদিকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন বৃহস্পতিবার ইউরোপের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অভিবাসনকে অন্তর্ভুক্ত করেন। ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইউরোপকে নিরাপত্তা, প্রতিযোগিতা সক্ষমতা ও অভিবাসনের বিষয়ে গুরুত্ব দিতে হবে।’
যুক্তরাজ্যে নিট অভিবাসন কমার প্রধান কারণ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আসা মানুষের সংখ্যা হ্রাস। এ ধরনের অভিবাসীর সংখ্যা ১ লাখের বেশি কমেছে। অন্যদিকে যুক্তরাজ্য ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা আগের বছরের তুলনায় মোটামুটি একই রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশত্যাগের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি ছিল।
বিশ্লেষকেরা বলছেন, অভিবাসন কমে যাওয়ার রাজনৈতিক প্রভাবের পাশাপাশি অর্থনৈতিক প্রভাবও পড়তে পারে। মধ্যবামপন্থি গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চের সহযোগী পরিচালক মার্লে মরিস বলেন, গত তিন বছরে বিভিন্ন সরকারের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের ফলেই অভিবাসন কমেছে। এতে প্রমাণিত হয়, যুক্তরাজ্য এখন অভিবাসনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে।
তবে তিনি সতর্ক করে বলেন, সরকারকে খেয়াল রাখতে হবে, যেন তারা অতিরিক্ত কঠোর অবস্থান না নেয়। তার ভাষায়, ‘যুক্তরাজ্যের শিল্প খাতকে নতুন করে গড়ে তোলার যে লক্ষ্য সরকারের রয়েছে, তা বাস্তবায়নে এমন অভিবাসনব্যবস্থা প্রয়োজন, যা শিল্প কৌশলের জন্য গুরুত্বপূর্ণ কর্মী নিয়োগে সহায়তা করবে।’
ইউরোপের কয়েকটি দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়াও চ্যালেঞ্জ তৈরি করছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঐতিহাসিকভাবেই অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত। তবে দেশটির জনসংখ্যা বয়স্ক হয়ে পড়ায় পরিচর্যাকর্মীসহ প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মী আনার জন্য তার সরকার নীরবে বৈধ অভিবাসনের সুযোগ বাড়িয়েছে।
তবে যুক্তরাজ্যে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ অব্যাহত রয়েছে। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের পরিচালক মেঘান বেনটন বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় আসা অভিবাসীদের দৃশ্যমান উপস্থিতির কারণে দেশটির ভোটারদের মধ্যে অনিয়মিত অভিবাসন নিয়ে উদ্বেগ রয়েছে। পাশাপাশি আবাসন ব্যয় বেড়ে যাওয়ার জন্যও অনেকেই অভিবাসীদের সঙ্গে প্রতিযোগিতাকে দায়ী করেন।
তিনি বলেন, অনিয়ন্ত্রিত অভিবাসনের কিছু আলোচিত ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকায় সামগ্রিকভাবে অভিবাসীর সংখ্যা কমানোর পক্ষে জনমত তৈরি হয়েছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাকে আরও কৌশলগত, সুনির্দিষ্ট ও অংশীদারভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি উল্লেখ করেছেন যে, "শুধু সহায়তা নয় বরং অংশীদারিত্ব, উন্নয়ন অর্থায়ন, উদ্ভাবন ও প্রযুক্তি বিনিময়ই বৈশ্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির বার্লিনে সেন্টার ফর হিউম্যানিটারিয়ান অ্যাকশনের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী জার্মানি। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, মানবিক ও সামাজিক উন্নয়ন এবং নারীর শিক্ষা ও ক্ষমতায়নের মতো বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পারস্পরিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও উল্লেখ করেন, "জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট কোনো একটি দেশের একক সমস্যা নয়। এগুলো সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় বিশ্বের দায়িত্বশীল দেশ ও অংশীদারদের সম্মিলিত উদ্যোগ, অভিন্ন অবস্থান এবং আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।"
মানবিক সহায়তা ও উন্নয়ন অর্থায়নের নতুন ধারা মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণের পাশাপাশি স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা, সক্ষমতা ও সহনশীলতা জোরদারে গুরত্বারোপ করেন শামা ওবায়েদ। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারিত্ব, বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ও গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
তিনি বলেন, "বন্যা ও খরা মোকাবিলায় বাংলাদেশ সরকার ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগও নেয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন দেশটির সক্ষমতা ও সহনশীলতার উল্লেখযোগ্য উদাহরণ।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্ষার পানি নামার পর নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে বিস্তৃত চলনবিল অঞ্চলে ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত রসুন চাষের ভরা মৌসুম শুরু হয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ ফসলি মাঠে এখন বিনা হালে রসুন লাগানোর কাজ চলছে। রসুনের পাশাপাশি কৃষকরা সাথী ফসল হিসেবে পেঁয়াজ, বাঙ্গি, তরমুজ, ক্ষীরা ও মিষ্টিকুমড়ার চাষ করছেন। তবে উৎপাদন মৌসুমের শুরুতেই চাহিদামতো সার না পাওয়া এবং বাড়তি দামে সার কিনতে বাধ্য হওয়ায় স্থানীয় চাষিরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
উপজেলার পৌর সদরসহ নাজিরপুর, বিয়াঘাট, খুবজীপুর, মশিন্দা, ধারাবারিষা, উদবারিয়া, চরকাদহ, সোনাবাজু ও চাপিলা মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাটিতে রসুনের কোয়া রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পুরুষের পাশাপাশি নারী সদস্যরাও বীজ ছাড়ানো ও রোপণের কাজে সমানভাবে অংশ নিচ্ছেন। রোদ থেকে রক্ষা করতে রোপণ করা বীজের ওপর ধানের খড় ও কচুরিপানা বিছিয়ে দেওয়া হচ্ছে। মালচিং পদ্ধতির এই খড় ও কচুরিপানা জমিতে পচে জৈব সার তৈরি করে মাটির উর্বরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলনবিলের পলিপড়া জমিতে দেশের মোট উৎপাদিত রসুনের প্রায় দুই-তৃতীয়াংশ উৎপাদিত হয়। কিন্তু কৃষকদের অভিযোগ, প্রয়োজনের সময় ডিলারদের কাছে ঘুরেও চাহিদামতো ডিএপি, ইউরিয়া, টিএসপি ও এমওপি সার পাওয়া যাচ্ছে না। লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে বাধ্য হয়ে খুচরা দোকান থেকে বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে।
স্থানীয় কৃষক সিদ্দিকুর রহমান, জবতুল্লাহ, কাওসার হোসেন ও রুহুল আমিন জানিয়েছেন, বর্তমানে প্রতি মণ রসুন ৪০০০ টাকায় বিক্রি হচ্ছে। এক বিঘা জমি লিজ নিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা, সাড়ে তিন মণ বীজ এবং চুক্তিতে শ্রমিক বাবদ আট থেকে ৯ হাজার টাকা খরচ হচ্ছে। দিনমজুরি হিসেবে পুরুষ শ্রমিক ৮০০ টাকা ও নারী শ্রমিক ৫০০ টাকা নিচ্ছেন। এর ফলে সার ক্রয়ের অতিরিক্ত খরচ উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে। অন্যদিকে কৃষক জালাল উদ্দিন ও মনিরুল ইসলাম জানিয়েছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সদ্য রোপণ করা রসুন ও পেঁয়াজ বীজের ব্যাপক ক্ষতি হয়েছে।
তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবি করেছে, গুরুদাসপুরে সারের কোনো ঘাটতি নেই এবং চাহিদামতো শতভাগ বরাদ্দ পাওয়া গেছে। বিসিআইসি অনুমোদিত ডিলারদের মাধ্যমে নিয়ম অনুযায়ী সার বিক্রি করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে গুরুদাসপুরে ৭৩৭৫ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধান কাটার পর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিনা হালে ও মালচিং পদ্ধতিতে এই আবাদ চলবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রসুন চাষের সম্ভাবনা রয়েছে এবং কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ‘৫৬তম ম্যানেজমেন্ট ডে’ উদযাপন করা হয়েছে, যা দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এই বিশেষ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল একাডেমিক আলোচনা, শোভাযাত্রা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক পরিবেশনা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী টিএসসি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ম্যানেজমেন্ট বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. মো. আব্বাস আলী খান, অধ্যাপক রুবিনা মালেক, মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. মো. মেসবাহ উদ্দীন ও অধ্যাপক আলী আহসান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
বক্তারা পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত অগ্রগতির যথাযথ ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ