ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুমিনুলের ব্যাটিং পরিসংখ্যান হতাশাজনক, প্রশ্ন উঠেছে তার ভূমিকা নিয়ে


মুমিনুলের ব্যাটিং পরিসংখ্যান হতাশাজনক, প্রশ্ন উঠেছে তার ভূমিকা নিয়ে

০, ১, ১৮, ০। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত দুই টেস্টের চার ইনিংসে মুমিনুল হকের ব্যাটিং পরিসংখ্যান এই। মোট রান মাত্র ১৯। শুরুটা শূন্য দিয়ে হয়েছে, শেষটাও শূন্যতে। মাঝখানে একবার ১ এবং আরেকবার ১৮ রান এসেছে।

এই সংখ্যাগুলো কেবল একজন ব্যাটারের ব্যর্থতা নয়, বরং টেস্ট দলে তার অবস্থান নিয়েও বড় প্রশ্ন উঠেছে। যে সংস্করণে তার সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য থাকার কথা, সেখানে তিনি কি দলের বোঝা হয়ে উঠছেন—এমন আলোচনা সামনে এসেছে।

মুমিনুলের ক্যারিয়ারের সূচনা ছিল ঝলমলে। এতটাই আলোকবর্তিকার মতো ছিল যে, আবেগের বশে অনেকে তাকে ‘বাংলাদেশের ব্র্যাডম্যান’ বলে ডাকতে শুরু করেছিলেন। যুক্তি ছিল, ব্র্যাডম্যানের শুরুর গড় রান এত ধামাকাদার ছিল না। কিন্তু সেই মুমিনুল এখন কোথায়? ওয়ানডে থেকে তিনি অনেক আগেই জায়গা হারিয়েছেন। যদিও এ ফরম্যাটের জন্য তাকে বিবেচনা না করার একটি প্রশ্নও রয়েছে। টি-টোয়েন্টিতে তার অংশগ্রহণ মাত্র ছয় ম্যাচে। বাকি ছিল টেস্ট। এই ফরম্যাটে তাকে ছাড়া দল এতটাই অকল্পনীয় হয়ে উঠেছিল যে, টেস্ট বিশেষজ্ঞের তকমা তার গায়ে সেঁটে গিয়েছিল। কিন্তু সেই পরিচয়টিও এখন প্রশ্নবিদ্ধ।

আরও পড়ুন: হলান্ডের পরবর্তী গন্তব্য রিয়াল মাদ্রিদ, ভবিষ্যদ্বাণী নেভিলের

৮৪ টেস্ট খেলা মুমিনুলের বিদেশের মাটিতে ব্যাটিং রেকর্ড বরাবরই হতাশাজনক। দক্ষিণ আফ্রিকায় ছয় টেস্টে তার রান মাত্র ১২৪, গড় ১১-এর নিচে। একটি হাফ সেঞ্চুরির ৭৭ রান বাদে বাকি পাঁচ ইনিংসে তার সংগ্রহ ছিল ৪৭। এবার দুই টেস্টে যোগ হয়েছে মাত্র ১৯। সবশেষ ১৯ টেস্টে তার কোনো সেঞ্চুরি নেই। দুবছরের বেশি সময় ধরে তিন অঙ্কের রান পাননি। ক্যারিয়ারের ১৩ সেঞ্চুরির মধ্যে দেশের বাইরে মাত্র দুটি। সর্বশেষটি কানপুরে ভারতের বিপক্ষে, তিন বছর আগে। এরপর থেকে রান এবং আত্মবিশ্বাস—দুটোই যেন হারিয়ে গেছে।

তবে দক্ষিণ আফ্রিকায় তার ব্যর্থতার সবচেয়ে উদ্বেগজনক দিক কেবল রানসংখ্যা নয়, বরং ব্যাটিংয়ের কৌশলগত দুর্বলতা। চার ইনিংসে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটেছে। পা ঠিকমতো এগোচ্ছে না, শরীর থেকে দূরে চলে যাচ্ছে ব্যাট, বলের লাইন বুঝে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। কখনো খেলতে গিয়ে বিপদ ডেকে আনছেন, আবার কখনো ছেড়ে দেওয়ার মতো বলেও ব্যাট বাড়িয়ে দিচ্ছেন। টেস্ট ক্রিকেটে টিকে থাকার প্রথম শর্ত হলো কোন বল খেলতে হবে এবং কোনটি ছেড়ে দিতে হবে—সে বিচারবোধের অভাব মুমিনুলের ব্যাটিংয়ে স্পষ্ট।

ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে কাগিসো রাবাদার ফুল লেংথের বল অফ স্টাম্পের বাইরে সামান্য সরে যাচ্ছিল। বলটি ছেড়ে দেওয়ার মতো যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু মুমিনুল ব্যাট বাড়িয়ে দিলেন। কানায় লেগে ক্যাচ গেল রায়ান রিকেলটনের হাতে। দ্বিতীয় ইনিংসে তিন বল খেলেই রাবাদার বলে বোল্ড হয়ে যান। দুই ইনিংসে বাংলাদেশের রান যথাক্রমে ২ ও ১২। দলের এমন বিপর্যয়ে অভিজ্ঞ ব্যাটারের কাজ ছিল উইকেটে সময় কাটানো, প্রতিপক্ষের নতুন বলের আক্রমণ সামলানো। কিন্তু তিনি উল্টো ধসের গতি বাড়ালেন।

সেঞ্চুরিয়নে তার ব্যাটিং দুর্দশার পরিবর্তন হয়নি। প্রথম ইনিংসে ৫১ বলে ১৮ রান। নরকিয়ার একটি বল ইনসাইড এজ হয়ে প্যাডে লাগার পর সতর্ক হওয়ার সুযোগ ছিল। কিন্তু উইয়ান মুল্ডারের অফ স্টাম্পের বাইরের বলেও ব্যাট বাড়ালেন শরীর থেকে দূরে। সামনের পা বলের লাইনে গেল না। ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত করল লেগ স্টাম্পে। দ্বিতীয় ইনিংসে মুল্ডারের লেগ সাইডে যাওয়া বলে আবারও সিদ্ধান্তহীনতা। খেলবেন, নাকি ছেড়ে দেবেন, তা বুঝে ওঠার আগেই ক্যাচ তুলে দিলেন।

আরও পড়ুন: বেসিকতাস সমর্থকদের সঙ্গে জর্জিয়ার পুলিশের সংঘর্ষ, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ঘটনায় ম্যাচ বন্ধ

দক্ষিণ আফ্রিকার বোলারদের পরিকল্পনা বুঝতে খুব বেশি ক্রিকেটীয় দূরদর্শিতার প্রয়োজন ছিল না। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ, মাঝে মাঝে ভেতরে ঢোকানো বল, এবং সুযোগ বুঝে লেগ সাইডে ফাঁদ। মুমিনুলের সামনে চ্যালেঞ্জ ছিল সামনের পা বলের লাইনে নেওয়া, মাথা স্থির রাখা এবং সফট হ্যান্ডে খেলা। প্রয়োজনে ব্যাট শরীরের কাছাকাছি রেখে বল মোকাবিলা করা। কিন্তু তিনি প্রতিপক্ষের পরিকল্পনার বিপরীতে কোনো কার্যকর কৌশল দাঁড় করাতে পারেননি। বরং একই ফাঁদে বারবার পা দিয়েছেন।

তিন নম্বরে ব্যাট করা মানে নতুন বলের চ্যালেঞ্জ নেওয়া। প্রথম দুই উইকেট পড়লে ইনিংস সামলানোর দায়িত্বও নিতে হয়। সেঞ্চুরিয়নে মাহফিজুলের সঙ্গে ৩৪ রানের জুটিতে সে সুযোগ এসেছিল। কিন্তু মুমিনুল সেটিকে বড় করতে পারেননি। ৫১ বল খেলে ১৮ রান করার পরও ইনিংসের নিয়ন্ত্রণ নিতে পারেননি। টেস্টে ধৈর্য মানে শুধু বল ঠেকানো নয়, প্রতিপক্ষকে নিজের পরিকল্পনায় খেলতে বাধ্য করা। সে দক্ষতাও এখন তার ব্যাটিংয়ে অনুপস্থিত।

শুরুতে বাংলাদেশের ব্র্যাডম্যান, মাঝখানে টেস্ট অধিনায়ক, এখন টেস্ট বিশেষজ্ঞ পরিচয়টুকুও ধরে রাখার লড়াই। দক্ষিণ আফ্রিকার দুই টেস্টে ০, ১, ১৮, ০। চার ইনিংসের এই স্কোরকার্ডে কেবল রানশূন্যতা নয়, বরং কৌশলগত অসহায়ত্বও স্পষ্ট। সিরিজে ০-২ ব্যবধানে হার, সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের পরাজয়। দলের ব্যর্থতার দায় অবশ্যই সবার। কিন্তু নিজের দায়িত্ব পালনে মুমিনুল যে কতটা পিছিয়ে, সেটি তার চার ইনিংসে ১৯ রানই জানিয়ে দিচ্ছে।

ক্রিকেটে কেবল অতীতের সাফল্য দিয়ে বর্তমানের ব্যর্থতা ঢাকার সুযোগ নেই। নির্বাচকদের এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নামের পাশে ৮৪ টেস্ট থাকলেই দলে জায়গা নিশ্চিত হতে পারে না। সিনিয়রের তকমা নয় বরং দলে জায়গা পেতে পারফরম্যান্সই শেষ কথা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

দুঃখিত মুমিনুল, দক্ষিণ আফ্রিকায় এই সিরিজেও আপনি আর পারলেন না। প্রশ্ন হচ্ছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে আর কতদিন অপেক্ষা করতে হবে পুরোনো মুমিনুলকে ফিরে পাওয়ার আশায়? দক্ষিণ আফ্রিকার মাটিতে সম্ভবত ক্যারিয়ারের শেষ সিরিজে মুমিনুল যা করলেন, তাতে তিনি নিজেই হয়তো নির্বাচকদের হাতজোড় করে বলবেন, ‘এখানে খেলা হলে আমাকে আর ডাকবেন না।’

১৩ বছর আগে দারুণভাবে টেস্ট ক্যারিয়ার শুরু করা মুমিনুল এখন আর পারছেন না। বিদেশের মাটিতে তো আরো বেশি পারছেন না। দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের চার ইনিংসে দুই শূন্য এবং সাকুল্যে ১৯ রানের জোগাড় তো সে সত্যিই জানাচ্ছে। এই সত্য উল্টে ফেরার সাধ্য কি মুমিনুলের আছে? এ প্রশ্নের উত্তর একমাত্র মুমিনুলই দিতে পারবেন।

দেশের মাটিতে মুমিনুল

বিদেশের মাটিতে মুমিনুল

আরও পড়ুন: মুসিয়ালার প্রতি বায়ার্নের আচরণে ক্ষুব্ধ কিমিচ, সমালোচনা অগ্রহণযোগ্য

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হলান্ডের পরবর্তী গন্তব্য রিয়াল মাদ্রিদ, ভবিষ্যদ্বাণী নেভিলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ এম


হলান্ডের পরবর্তী গন্তব্য রিয়াল মাদ্রিদ, ভবিষ্যদ্বাণী নেভিলের

আর্লিং হলান্ড ম্যানচেস্টার সিটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন। এই ভবিষ্যদ্বাণী করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল। তার বিশ্বাস, নরওয়ের এই স্ট্রাইকারকে আগামী ১৮ মাসের মধ্যে নিজেদের দলে ভেড়াতে সক্ষম হবে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়ালের হলান্ডকে নিয়ে সম্ভাব্য পরিকল্পনার কথাও তুলে ধরেছেন নেভিল। তার মতে, ভিনিসিয়ুস জুনিয়র ক্লাব ছাড়তে পারেন। এ ক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পেকে বাঁ প্রান্তে খেলিয়ে আক্রমণের কেন্দ্রে হলান্ডকে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে রিয়ালের।

এক পডকাস্টে নেভিল বলেন, “আমি পুরোপুরি নিশ্চিত, আগামী ১৮ মাসের মধ্যে হলান্ড রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হয়ে উঠবে। ভিনিসিয়ুসের ক্লাব ছাড়ার বিষয়টি আমি সহজেই কল্পনা করতে পারি। এমবাপ্পে বাঁ প্রান্তে খেলবে এবং হলান্ড মূল স্ট্রাইকার হিসেবে দায়িত্ব পালন করবে।”

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের দল গড়ার কৌশলের কথাও উল্লেখ করেছেন সাবেক এই ইংলিশ ফুটবলার। তার ভাষায়, “আপনি যদি ফ্লোরেন্তিনো পেরেজের দিকে তাকান, দেখবেন তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের দলে ভেড়ান।”

২০২২ সালের গ্রীষ্মে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৭ কোটি ৫০ লাখ ইউরোতে হলান্ডকে দলে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত ১৬ ম্যাচে করেছেন ১৪ গোল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%