০১:০৫ এম
শিক্ষক পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মিজানুর রহমান নামের এক কলেজ শিক্ষককে তুলে নিয়ে পেটানো হয়েছে। এই ঘটনার পর থেকে ওই শিক্ষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার পাহাড়তলী কলেজে এই ঘটনাটি ঘটে, তবে বিষয়টি রোববার বিকেলে প্রকাশ্যে আসে। খুলশী থানার ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, "আমরা ঘটনাটি শুনেছি। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখছি।"
আরও পড়ুন: শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস
ভুক্তভোগী শিক্ষক মিজানুর রহমান জানান, শনিবার তিনি পাহাড়তলী ডিগ্রি কলেজে ক্লাস নিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে কলেজ থেকে তুলে নিয়ে যায়। তিনি জানান, ওই যুবকেরা ওয়াকিল হোসেন বগার অনুসারী। তারা কলেজের অধ্যক্ষসহ কয়েকজনকে ভিডিও কলে রেখে তাকে পেটাতে শুরু করে এবং বলতে থাকে, "এই দেখেন পেটাচ্ছি।"
মিজানুর রহমান বলেন, "আমি কলেজের দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি গণমাধ্যমে কথা বলায় বগা আমাকে তুলে নিয়ে পিটিয়েছেন। প্রথমে ইমন, ফয়সালসহ কয়েকজন ছেলে আমাকে কলেজের কক্ষ থেকে তুলে নেন এবং একটি অজ্ঞাত স্থানে নিয়ে পেটাতে থাকেন। পেটানোর সময় তারা অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার ও শিক্ষক মনির আহম্মদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তারা আমাকে আর চাকরি করতে দেবেন না বলেও হুমকি দেন।"
এ বিষয়ে জানতে ওয়াকিল হোসেন বগাকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
খুলশী থানার ওসি আব্দুর রহিম বলেন, "আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে ওই শিক্ষকের সঙ্গে কলেজের অধ্যক্ষের বিরোধ চলছিল। ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কেন তার ওপর হামলা করা হয়েছে এবং কারা জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেব।
আরও পড়ুন: পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন