ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে জমি বিরোধে মো. মোতালিব হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন


নারায়ণগঞ্জে জমি বিরোধে মো. মোতালিব হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার কারণে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালিবের হত্যা মামলায় আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সাথে, প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। মামলার প্রেক্ষাপটে জানা যায়, দুই আসামি এখনও পলাতক রয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ৩,৯৬২ মামলা

মামলার বিবরণ অনুসারে, জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার কারণে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালিবকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামিদের গ্রেফতার করে।

পরবর্তীতে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, আদালত এই মামলায় ১৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া আদালত নবী নামে এক আসামিকে খালাস দিয়েছেন। রায় প্রদানের সময় হোসাইন ও তানজিল নামে দুই আসামি পলাতক ছিলেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সাতজন মিলে আমার স্বামীকে নির্মমভাবে খুন করেছে। আমি আসামিদের সবার ফাঁসি চাই। আমি ন্যায়বিচার চাই। আমি ন্যায়বিচারের জন্য হাইকোর্টে আপিল করব।’

আরও পড়ুন: সরকার ২০২৭ সালের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ গ্রামবাসীর সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে মাঠে নামছেন যুবদল নেতা মোঃ রনি মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক,

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


নিজ গ্রামবাসীর সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে মাঠে নামছেন যুবদল নেতা মোঃ রনি মিয়া

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় নিজ গ্রামবাসীর সমর্থন ও ভালোবাসা নিয়ে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে নামছেন সিলেট মহানগর যুবদলের নেতা মোঃ রনি মিয়া।

তিনি গতকাল নিজ গ্রামের মানুষের সমর্থন, উৎসাহ ও পরামর্শে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর নির্বাচনে অংশগ্রহণের আগ্রহকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। গ্রামবাসী আগামী ২১শে জানায়ারী ২০২৭ ইং ১ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মধ্যনগর সদর ইউনিয়নে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান বলে জানা গেছে।
মোঃ রনি মিয়া জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি আশা করি এলাকাবাসীর সহযোগিতায় নির্বাচিত হয়ে এত্র এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো। তিনি বলেন,
নির্বাচিত হলে মধ্যনগর সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিতে চান এই যুবদল নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : নারীর ক্ষমতায়ন ও নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে সরকারের আন্তরিকতার অভাব নেই।

এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

তিনি উল্লেখ করেন, নারী সাংবাদিকদের সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে। উইমেন্স জার্নালিস্ট ফোরামের জন্য আর্থিক সহায়তা, নিজস্ব কার্যালয়, পত্রিকা ও ম্যাগাজিনের তালিকাভুক্তি এবং সাংবাদিকদের পেশাগত সংকট নিয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।

আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

উইমেন্স জার্নালিস্ট ফোরাম নিবন্ধন পাওয়ায় সংগঠনটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য প্রথমেই এর আর্থিক ভিত্তি শক্তিশালী থাকা অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, ফোরামের হাতে পর্যাপ্ত অর্থ না থাকলে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হবে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি অর্থ দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিবিধান ও প্রক্রিয়া রয়েছে। তিনি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে ফোরামের পক্ষ থেকে যেভাবে আবেদন করা হয়েছে, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। সংগঠনটির জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবেন।

আন্দালিভ রহমান পার্থ জানান, নারী সাংবাদিকদের ক্ষমতায়ন সরকারের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এ ক্ষেত্রে সংগঠনটির কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়ে সরকার কাজ করতে আগ্রহী।

তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে ফোরামের আর্থিক ভিত্তি গড়ে তোলার বিষয়ে ইতিবাচক সমাধান পাওয়া যাবে।

নারী সাংবাদিকদের পেশাগত সংকট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের চাকরি ও বেতন নিয়ে নানা সমস্যা বিদ্যমান। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ কর্মীদের নিয়মিত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এসব সমস্যার কথা সরকার জানছে এবং বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।

আন্দালিভ রহমান পার্থ উল্লেখ করেন, ঢাকার বাইরের সাংবাদিকদের পরিস্থিতি উদ্বেগজনক। মফস্বলে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও আর্থিক সংকট নিয়ে নানা অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সংগঠিত হওয়া এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের নিবন্ধন ও গণমাধ্যমের পরিচয় নির্ধারণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে অনলাইন পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমের পরিচয় এবং নিবন্ধন নিয়ে অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে। কে প্রকৃত সাংবাদিক, কোন গণমাধ্যম নিবন্ধিত, এসব বিষয়ে সুনির্দিষ্ট ধারণা থাকা জরুরি। তবে সাংবাদিকদের নিবন্ধন বা গণমাধ্যমের কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে গেলে বাকস্বাধীনতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, একদিকে প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করতে হবে, অন্যদিকে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাও অক্ষুণ্ন রাখতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না। বরং গণমাধ্যমকে সহযোগিতা করার চেষ্টা করছে। সাংবাদিকদের সমস্যা ও সংগঠনগুলোর প্রয়োজনীয়তা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনটির কার্যক্রম, আর্থিক সংকট, নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা এবং নারী সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা তুলে ধরেন।

তথ্যমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে অভিনেতা হলেন রবি কিষাণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


বাবার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে অভিনেতা হলেন রবি কিষাণ

ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ান তার বাবা। পেশা হিসেবে অভিনয় বেছে নেওয়ার সিদ্ধান্ত বাবার কাছে গ্রহণযোগ্য ছিল না। একপর্যায়ে, তার মা তাকে বাড়ি ছাড়তে সাহায্য করেন। হাতে তুলে দেন মাত্র ৫০০ রুপি। এই অর্থ নিয়েই ট্রেনে চড়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন ভারতের অভিনেতা ও রাজনীতিক রবি কিষাণ।

সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এর নবম আসরে, রবি তার জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে তার সঙ্গে অতিথি হিসেবে ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শৈশবের সংগ্রাম ও অভিনয়ে আসার গল্প বলতে গিয়ে বাবার বিরোধিতার উল্লেখ করেন তিনি।

রবি কিষাণ জানান, তার বাবা ছিলেন পুরোহিত এবং তাদের দুধের ব্যবসাও ছিল। বাবা চাইতেন, ছেলে পারিবারিক ব্যবসায় যুক্ত হোক অথবা সরকারি চাকরি করুক। তবে ছোটবেলা থেকেই থিয়েটারের প্রতি রবির আগ্রহ ছিল। একবার রামলীলা মঞ্চায়নে নারী চরিত্রে শাড়ি পরে অভিনয় করেছিলেন তিনি। সেই পরিবেশনা দেখে তার বাবা ক্ষুব্ধ হন এবং চামড়ার বেল্ট দিয়ে মারধরও করেন তাকে।

রবি বলেন, বাবা তাকে প্রশ্ন করেছিলেন, তিনি কি নারী নৃত্যশিল্পী হতে চান? নব্বইয়ের দশকে তাদের কাছে সিনেমায় কাজ করাকে সম্মানজনক পেশা বলে মনে করা হতো না। অভিনয়ের ইচ্ছার কথা জানালে, বাবা পরিবারের সম্মান নষ্ট করার অভিযোগ তোলেন। এমনকি তাকে মেরে ফেলতে পারেন বলেও আশঙ্কা তৈরি হয়েছিল।

সেই পরিস্থিতিতে, মা তাকে বাড়ি ছাড়তে সাহায্য করেন। রবি জানান, সেদিন রাতে মা তাকে ৫০০ রুপি দিয়ে ট্রেনে করে চলে যেতে বলেন। মায়ের আশঙ্কা ছিল, বাড়িতে থাকলে তার জীবন বিপন্ন হতে পারে। মায়ের দেওয়া সেই অর্থ নিয়েই অল্প বয়সে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি।

১৯৯২ সালে ‘পিতাম্বর’ সিনেমার মাধ্যমে রবির অভিনয়ে অভিষেক ঘটে। পরে ভোজপুরি সিনেমায় জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি হিন্দি, তেলেগু, তামিল ও কন্নড় ভাষার সিনেমাতেও অভিনয় করেন। ‘তেরে নাম’, ‘ফির হেরা ফেরি’, ‘রাবণ’, ‘তনু ওয়েডস মনু’, ‘মুক্কাবাজ’ ও ‘লাপাতা লেডিস’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছেন রবি কিষাণ। ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন তিনি এবং ২০১৯ সাল থেকে উত্তর প্রদেশের গোরখপুরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী পুঠিয়ার বিড়ালদহ কলেজে পরিদর্শন, শিক্ষার মানোন্নয়নে নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


শিক্ষামন্ত্রী পুঠিয়ার বিড়ালদহ কলেজে পরিদর্শন, শিক্ষার মানোন্নয়নে নির্দেশনা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার কলেজে পৌঁছে মন্ত্রী বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। উপস্থিতি কম থাকার কারণে তিনি অসন্তোষ প্রকাশ করে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনের শেষে, মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের পাঠদানে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%