বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৮ পি.এম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, যিনি পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন, দেশে আবারও রক্তাক্ত পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, "হাসিনার নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।" তিনি আরও জানান, কৃত্রিম সংকট তৈরি করে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নস্যাতের ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, "বিদেশে অবস্থান করেও হাসিনা প্রতিশোধ ও রক্তের নেশা থেকে বেরিয়ে আসতে পারেননি।" তার নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। এরই মধ্যে বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন।
বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ এখন গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে।" এত সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ বেছে নেয়নি। বরং ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। সরকারের এই ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী আরো বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও দেশটিতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথাও বলেছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এদিকে ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান রিজভী। তিনি বলেন, "লক্ষ প্রাণের আত্মদান এবং দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না।"
রিজভী জানান, ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী ‘বিজয়ের মাস’ উদ্যাপনের অংশ হিসেবে বড় সমাবেশের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ওই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
যৌথ সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব এসএম জাহাঙ্গীরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে দেশে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষ সব সময় প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে, সেই দেশ দখল করা সহজ নয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ওই মন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার কথা বলেছেন।
এ ধরনের বক্তব্যের জবাবে রুহুল কবির রিজভী বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয়ের কথা তুলে ধরেন।
বিএনপির নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা মারা গেলেও সরকার কারও ওপর গুলি না চালিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে।
পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি জানান, দেশে পোশাকশ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বেড়ে গেছে, যা ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি। শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শ্রমিক অসন্তোষ নিরসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তার পরামর্শ ও নেতৃত্বে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে একটি যুগান্তকারী সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি প্রসঙ্গে রিজভী বলেন, আমানউল্লাহ আমান ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি যোগ্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে শক্তিশালী করতে নতুন কমিটির নেতারা গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন যে, তৈরি পোশাক খাতের মজুরি বোর্ড স্বাধীনভাবে মজুরি নির্ধারণ করেছে এবং এতে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শ্রমভবনে সংবাদ সম্মেলন আয়োজন করে, যেখানে মজুরি বোর্ডের সদস্য এবং শিল্প খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খসড়া মজুরি প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর বিস্তারিত তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেখানে এসব তথ্য জানান।
মাহদী আমিন উল্লেখ করেন, ‘শ্রমিকের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী; তার নির্দেশে বোর্ড স্বতন্ত্র ও নিরপেক্ষভাবে মজুরি নির্ধারণ করেছে। মূল্যস্ফীতি, জীবনমান, উৎপাদন ব্যয় ও উৎপাদন সক্ষমতাকে আমলে নেয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, তৈরি পোশাক খাতের মজুরি বোর্ড গঠনের ২৪ দিনের মাথায়, ১ নভেম্বর অনুষ্ঠিত চতুর্থ বৈঠকে শ্রমিক ও মালিক দুই পক্ষ ঐকমত্যে পৌঁছায়। এতে চারটি গ্রেডে সর্বনিম্ন ১৭ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা মজুরির খসড়া চূড়ান্ত করা হয়।
মজুরি বোর্ডের সদস্যরা সংবাদ সম্মেলনে জানান, মজুরি নিয়ে গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছেছে বোর্ড। এসময় শিল্পের স্বার্থে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক এগিয়ে নেয়ার তাগিদ দেন তারা।
শ্রমমন্ত্রী এসময় বলেন, কোনো চক্রান্ত যেন শিল্প খাতকে ধ্বংস করতে না পারে, সেদিকে শ্রমিক ও মালিক দুপক্ষকেই সজাগ থাকার আহ্বান জানান। তিনি শিল্প খাতের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন, আগামী শনিবার থেকে সব কলকারখানা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চালু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া সমস্ত নির্দেশনা মানবে না। দেশটির সামরিক বাহিনী সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং জানিয়েছেন, তার প্রশাসন আদালতের যেসব নির্দেশনাকে অনুপযুক্ত মনে করবে, সেগুলো বাস্তবায়ন করবে না।
গত সপ্তাহে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দেয় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বুধবার (২৫ নভেম্বর) প্রথমবারের মতো এ বিষয়ে মন্তব্য করেন মিন অং হ্লাইং, যিনি জান্তা সরকারের প্রধান থেকে প্রেসিডেন্ট হয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, মিন অং হ্লাইং বলেন, ‘মিয়ানমার একটি দায়িত্বশীল দেশ হিসেবে যথাযথ পদক্ষেপ নেবে। তবে যেসব নির্দেশনাকে অনুপযুক্ত মনে করবে, সেগুলো মেনে চলবে না।’
তিনি আদালতের কোন কোন নির্দেশনা তার প্রশাসনের কাছে অনুপযুক্ত মনে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি। আইসিজের রায় প্রত্যাখ্যান করে মিন অং হ্লাইং আরও বলেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের ভাবমূর্তির ক্ষতি করেছে।
গত ১৯ নভেম্বর দেওয়া রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে অভিযান চালিয়েছিল, তা গণহত্যার শামিল। ওই অভিযানে হাজারো মানুষকে হত্যা, শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া এবং ব্যাপক যৌন সহিংসতার ঘটনা ঘটে।
জাতিসংঘের এই আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে রায় দিল। আইসিজের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে আদালতের সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।
আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের চলমান লঙ্ঘন বন্ধ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ২০১৭ সালের সামরিক অভিযানে জড়িত থাকার বিষয়ে যুক্তিসংগতভাবে সন্দেহভাজন ব্যক্তিদের দ্রুত তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর ঘটবে না, সে নিশ্চয়তা দেওয়ার নির্দেশনাও রয়েছে।
এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা, হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণমূলক ব্যবস্থা নেওয়া, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহযোগিতা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন আদালত। রোহিঙ্গাদের বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।
আদালতের নির্দেশনায় আরও বলা হয়েছে, সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে যেসব ক্ষতি পূরণ করা সম্ভব হবে না, সেসব ক্ষতির জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে প্রস্তাবিত ক্ষতিপূরণসহ আদালতের নির্দেশনা বাস্তবায়নে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন দুই বছরের মধ্যে জমা দিতে হবে।
তবে মিয়ানমার বরাবরই দাবি করে আসছে, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান ছিল একটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী কার্যক্রম।
এর আগে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজের রায়ে হতাশা প্রকাশ করে বলেছিল, ওই অভিযান গণহত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়নি। বরং অভিযানটি ছিল সীমিত পরিসরের এবং স্বল্পস্থায়ী, যা মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে রাখাইন রাজ্য থেকে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশের বিস্তীর্ণ শরণার্থীশিবিরগুলোতে রোহিঙ্গার সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার ২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা পূরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই আমদানির জন্য ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানির জন্য চারটি প্যাকেজের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে তিনটি প্যাকেজের জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
জ্বালানি তেল আমদানির মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন।
বিপিসির প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার। এই প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সবকটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচন করা হয়েছে।
প্যাকেজ পিজি-০৪-এর আওতায় আরো ৯০ হাজার টন ডিজেল আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৭ দশমিক ৪৫ ডলার। এই প্যাকেজে পাঁচটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ প্যাকেজেও কাজ পেয়েছে ট্রাফিগুরা।
অন্যদিকে, প্যাকেজ পিজি-০৫-এর আওতায় ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৬৯ দশমিক ৮২ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয় এবং সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে ফার্নেস অয়েল সরবরাহ করবে ট্রাফিগুরা।
এছাড়া প্যাকেজ পিজি-০৬-এর আওতায় ১ লাখ ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৭ দশমিক ৩৬ ডলার। এই প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সব কটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর।
জানা গেছে, দেশের মোট আমদানিতব্য জ্বালানি তেলের ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়। ২০২৭ সালের পুরো বছরে জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সমপরিমাণ জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে আগামী বছর ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানি করবে বিপিসি।
আমদানির অনুমোদিত অর্থ বিপিসির নিজস্ব বাজেট, জ্বালানি তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। তবে আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক, ভ্যাট ও অগ্রিম আয়কর নির্ধারিত আইন অনুযায়ী বিপিসিকে পরিশোধ করতে হবে। এসব কর ও শুল্ক অনুমোদিত ক্রয়মূল্যের অন্তর্ভুক্ত নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ