সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৩৪ পি.এম
বেলজিয়াম সরকারের প্রস্তাবিত ব্যয় সংকোচন নীতি ও অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে ট্রেড ইউনিয়নগুলোর আহ্বানে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভের ফলে সোমবার বিমান চলাচল ও গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রাজধানী ব্রাসেলসে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি আকাশসীমা নিয়ন্ত্রণ সেবা সাময়িক বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
আকাশপথে অচলাবস্থা ও ফ্লাইট বাতিল
বেলজিয়ামের আকাশসীমা নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় সংস্থা স্কাইজ (Skeyes)-এর এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ধর্মঘটে অংশগ্রহণ করায় সোমবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাভাবিক নিয়ন্ত্রণ সেবা স্থগিত রাখা হয়। এই অবস্থার কারণে ব্রাসেলস এয়ারপোর্ট এবং ব্রাসেলস সাউথ চার্লেরোই এয়ারপোর্টসহ দেশের প্রধান বিমানবন্দরগুলোতে নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল ও স্থগিত হয়ে যায়। বিমান সংস্থাগুলোর প্রতিনিধি বোর্ডের তথ্য অনুযায়ী, গত ১১ মাসে বেলজিয়ামের আকাশসীমা প্রভাবিত হওয়ার ঘটনা এটি ১১তম ধর্মঘট।
গণপরিবহন ও নাগরিক জীবনে প্রভাব
ব্রাসেলসের বাস, ট্রাম ও মেট্রো নেটওয়ার্কে ব্যাপক বিঘ্ন ঘটেছে এবং বিক্ষোভ মিছিলের কারণে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। গণপরিবহনের পাশাপাশি স্কুল, সরকারি দপ্তর এবং বর্জ্য সংগ্রহ সেবাও ধর্মঘটের প্রভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বাজেট সংকট ও রাজনৈতিক টানাপোড়েন
বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার (Bart De Wever) দেশের উচ্চ ঘাটতি কমাতে আগামী কয়েক বছরে ১ হাজার কোটি ইউরো সাশ্রয়ের একটি ব্যয় সংকোচন বাজেট নিয়ে জোট শরিকদের সাথে টানাপোড়েন আলোচনায় ব্যস্ত রয়েছেন। এর আগে জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় তিনি পদত্যাগের প্রস্তাব দিলেও রাজা ফিলিপ তা প্রত্যাখ্যান করে সমাধানের জন্য আরও সময় দেন। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রতিবাদে প্রধান ট্রেড ইউনিয়নগুলো এই বৃহত্তর গণবিক্ষোভের ডাক দেয়। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুতার কারখানা এবং পুরোনো কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ফলে পদ্মা রেলসেতুর একটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে সেতুর ৩৪ নম্বর পিলারের কংক্রিট খসে পড়ে এবং এর ভেতরের রড বেরিয়ে এসেছে।
নিরাপত্তার স্বার্থে, রেল কর্তৃপক্ষ ওই পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা রেলস্টেশন সংলগ্ন প্যারাডাইস সিটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণে জুতার কারখানা ও পুরনো কাপড়ের মার্কেটের মালামাল পুড়ে যায়। পদ্মা রেল সেতুর ৩৮ নম্বর পিলারের নিচে কারখানার কিছু মালামাল স্তূপ করে রাখার কারণে আগুনের তাপে পিলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ সময় ধরে আগুন ও তাপের সংস্পর্শে থাকার ফলে পিলারের কংক্রিটের ঢালাইয়ের বিভিন্ন অংশ খসে পড়ে এবং কোথাও কোথাও কংক্রিট উঠে গিয়ে ভেতরের রড বেরিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক মো. সুবক্তগীন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, সেতু নির্মাণকারী চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রকল্পের কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান জেলা প্রশাসক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার এবং কঠোর নজরদারির ব্যবস্থা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সীমান্তকেন্দ্রিক যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবি দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছে।
গ্রামবাসীরা বিএনপির নেতাকর্মীদের সাথে মিলিত হয়ে বিজিবির সঙ্গে রাতের সীমান্ত পাহারায় অংশ নিচ্ছে। আধুনিক সার্চলাইটের আলোয় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে নিবিড় নজরদারি ও টহল। বিজিবি সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সীমান্তে সার্চলাইট ব্যবহার ও নজরদারি বাড়ানোর ফলে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান এবং মাদককারবার প্রতিরোধ করা সহজ হবে। বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে স্বস্তি তৈরি হয়েছে।
ডিসেম্বরের আগমনের প্রেক্ষিতে সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জলবায়ু বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেছে। বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে ঢাকার পক্ষ থেকে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। বৈঠকে কপ-৩১ সম্মেলনে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের বিষয়গুলো বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। ব্রিটিশ হাইকমিশনার জানান, পরিচ্ছন্ন জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন ব্যবস্থার মাধ্যমে প্রথমবারের মতো ৪০০ মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য। জলবায়ু খাতে আরো বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা করেন তিনি, বাংলাদেশকে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বিবেচনা করে।
বৈঠকে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়কে স্বাগত জানান। তিনি যুক্তরাজ্যের সহযোগিতা চান যাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরো জোরদার করা যায়।
শামা ওবায়েদ রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। তিনি এডিনবারার ডাচেস সোফির রোহিঙ্গা সংকট নিয়ে ধারাবাহিকভাবে সোচ্চার ভূমিকারও প্রশংসা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের বিষয়টিও উল্লেখ করেন।
ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারে এ সহযোগিতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
দুই পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সারা দেশে অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর এ কর্মসূচি পালিত হয়।
কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
এ ছাড়া আরও বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল এবং যুবদল নেতা মাওলদ হোসেন মইন। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগে প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ