ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহসিন


ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহসিন

রাজধানীর মোহাম্মদপুরে দুটি তাজা ককটেলসহ মহসিন (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি খাবার হোটেল থেকে তাকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া মহসিন পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান নিয়ে ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।

আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর

বুধবার (১৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে নূরজাহান রোডের তেহারি ঘর নামক একটি খাবার হোটেল থেকে মহসিনকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রেক্ষিতে ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন মহসিন। এই উদ্দেশ্যে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং ঢাকায় মিছিলের কার্যক্রম পরিচালনার পরিকল্পনায় যুক্ত ছিলেন।

এডিসি জুয়েল রানা আরও জানান, মহসিনের মোবাইল ফোনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ছবি পাওয়া গেছে। তিনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপেও সক্রিয় ছিলেন।

আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় রাখুন ৮ সুপারফুড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় রাখুন ৮ সুপারফুড

শীতকাল ও ঠান্ডাজনিত অসুস্থতার সময় আসলে শরীর সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার দিকে অনেকেই মনোযোগ দেন। এ ক্ষেত্রে শুধুমাত্র ওষুধ বা সাপ্লিমেন্ট নয়, প্রতিদিনের খাদ্যাভ্যাসও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুষ্টিকর খাবার শরীরকে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে স্বাভাবিকভাবে কার্যকর রাখতে সহায়তা করে।

শীতকালে সর্দি-কাশি ও ফ্লুর প্রকোপ বৃদ্ধি পায়, তবে রোগ প্রতিরোধ ক্ষমতার যত্ন নেওয়া শুধুমাত্র এই মৌসুমের জন্যই প্রয়োজন নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, রোগের বিস্তার এবং মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত বেড়ে যাওয়ার কারণে সংক্রামক রোগের ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে।

এসব পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে নিজের শরীরের যত্ন নেওয়া এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা সম্ভব। প্রতিদিনের খাবারের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকর রাখতে সহায়তা করতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে খাদ্যতালিকায় রাখতে পারেন এমন আটটি উপকারী খাবার।

১. ব্রকলি

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ব্রকলি অত্যন্ত উপকারী। কাঁচা কিংবা রান্না করে—দুইভাবেই খাওয়া যায় এই সবজি। এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, যা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ব্রকলিতে থাকা বি-ভিটামিন শরীরের পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে। পাশাপাশি এটি উদ্ভিজ্জ ক্যালসিয়ামেরও একটি ভালো উৎস।

ঠান্ডায় যাদের আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যায়, তাদের জন্যও ব্রকলি উপকারী হতে পারে। ব্রকলিসহ বিভিন্ন ক্রুসিফেরাস সবজিতে থাকা সালফোরাফেন প্রদাহ ও জয়েন্টের ক্ষতির সঙ্গে সম্পর্কিত কিছু এনজাইমের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে।

২. হলুদ

দীর্ঘস্থায়ী মৃদু প্রদাহ কমাতে খাবারে হলুদ যোগ করা যেতে পারে। হলুদে থাকা কারকিউমিন প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। তবে কালো গোলমরিচের সঙ্গে খেলে কারকিউমিন শরীরে শোষিত হতে তুলনামূলকভাবে বেশি সহায়তা পায়।

কালো গোলমরিচের পিপেরিন কারকিউমিনের শোষণ বাড়াতে সাহায্য করে। তাই হলুদ ও গোলমরিচ একসঙ্গে খাবারে ব্যবহার করা যেতে পারে।

ভারতীয় বিভিন্ন রান্নায়, যেমন চিকেন টিক্কা মসালায় হলুদের ব্যবহার রয়েছে। চাইলে সকালের চা বা কফিতেও সামান্য হলুদ ও গোলমরিচ যোগ করে খেতে পারেন।

৩. লাল ক্যাপসিকাম

কমলার তুলনায় প্রায় তিন গুণ বেশি ভিটামিন সি রয়েছে লাল ক্যাপসিকামে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ ঠান্ডাজনিত অসুস্থতার স্থায়িত্ব কিছুটা কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে অসুস্থতার শুরুতেই শরীরে এর পর্যাপ্ত উপস্থিতি থাকলে।

দুপুরের সালাদ, স্যান্ডউইচ কিংবা রুটির সঙ্গে লাল ক্যাপসিকামের কয়েকটি টুকরো যোগ করে সহজেই খাদ্যতালিকায় এই পুষ্টি উপাদান রাখা যেতে পারে।

৪. সামুদ্রিক খাবার

সর্দি-কাশি ও ফ্লুর উপসর্গ কমাতে ব্যবহৃত অনেক ওষুধ বা সাপ্লিমেন্টে ভিটামিন সি-এর পাশাপাশি জিঙ্ক থাকে। অসুস্থতার শুরুতে শরীরে পর্যাপ্ত জিঙ্ক থাকলে সর্দির স্থায়িত্ব কমাতে সহায়তা করতে পারে। সামুদ্রিক খাবার জিঙ্কের অন্যতম উৎস। বিভিন্ন ধরনের মাছ ও সামুদ্রিক খাবারে এই খনিজ পাওয়া যায়।

এ ছাড়া সামুদ্রিক খাবারে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্রের সুস্থতার জন্য প্রয়োজনীয়। এই স্বাস্থ্যকর চর্বি রক্তনালিতে ক্ষতিকর প্লাক জমার ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।

শরীরের সুস্থতার জন্য ওমেগা-৩ ও ওমেগা-৬—দুই ধরনের ফ্যাটি অ্যাসিডই প্রয়োজন। গবেষকদের মতে, এই দুই ফ্যাটি অ্যাসিড গ্রহণের আদর্শ অনুপাত প্রায় ৩:১ হওয়া উচিত। তবে অনেক মার্কিন নাগরিকের খাদ্যাভ্যাসে ওমেগা-৬-এর পরিমাণ ওমেগা-৩-এর তুলনায় অনেক বেশি। কোনো কোনো গবেষকের ধারণা, এই ভারসাম্যহীনতা স্থূলতা ও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

খাদ্যতালিকায় সামুদ্রিক খাবার বাড়ালে ওমেগা-৩ গ্রহণ বাড়ানো এবং দুই ধরনের ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র ২০০ কম্বল হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


চট্টগ্রামে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের নিকট আশা’র ২০০ কম্বল হস্তান্তর

চট্টগ্রাম জেলার শীতার্ত ও অসহায় মানুষের জন্য শীত নিবারণের উদ্দেশ্যে ২০০ পিস কম্বল প্রদান করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’, যা সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞার কাছে আনুষ্ঠানিকভাবে এই কম্বলগুলো হস্তান্তর করা হয়।

কম্বল হস্তান্তরকালে আশা’র পক্ষ থেকে সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার নাছির উদ্দীন জানান, আশা শুধুমাত্র ঋণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আসন্ন তীব্র শীতে জেলার প্রান্তিক, দুস্থ ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কম্বলগুলো প্রকৃত দুস্থদের কাছে পৌঁছে যাবে বলে আমাদের বিশ্বাস।

এ সময় জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা মানবিক এই উদ্যোগের জন্য আশা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। কম্বল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশা’র রিজওনাল ম্যানেজার শফিকুল করিম সরকার, খুলশী সদর ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হুমায়ুন কবিরসহ সংস্থার অন্যান্য কর্মী ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, প্রতিবছরই দেশের দরিদ্র জনগোষ্ঠীর শীতের কষ্ট লাঘবে আশা’র পক্ষ থেকে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘২ দিন ঘরে তালা দিয়ে শুধু মদ খেতাম’ বলেছেন ওয়েইন রুনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


‘২ দিন ঘরে তালা দিয়ে শুধু মদ খেতাম’ বলেছেন ওয়েইন রুনি

ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার ওয়েইন রুনি জানিয়েছেন, তার খেলোয়াড়ি জীবনের সোনালী সময়ের মধ্যে তিনি ভয়াবহ মানসিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। মঙ্গলবার প্রকাশিত ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট’ পডকাস্টের একটি পর্বে তিনি এই বিষয়টি তুলে ধরেন।

ইংল্যান্ডের অন্যতম সফল ফুটবলার হিসেবে পরিচিত রুনি ক্যারিয়ারের শুরুর বছরগুলোতে মানসিক সমস্যা এবং মদের নেশার সঙ্গে লড়াই করেছেন বলে জানান। এমন পরিস্থিতি ছিল যে, তিনি আত্মহত্যার চিন্তাও করেছিলেন। ৪১ বছর বয়সী রুনি বলেন, ‘২০-এর কোঠার মাঝামাঝি পর্যন্ত, একেবারে তলানিতে না ঠেকা পর্যন্ত (নিজের সঙ্গে স্বস্তি বোধ করতে শুরু করার আগে) অপেক্ষা করতে হয়েছে। আমি বাড়ি গিয়ে দুই দিন ঘরে নিজেকে আটকে রাখতাম, আর শুধু মদ খেতাম। সম্ভবত খেলোয়াড়ি জীবনের সবচেয়ে ভালো সময়টাতেই।’

তিনি আরও বলেন, ‘আমি এমন এক জায়গায় পৌঁছেছিলাম, যেখানে আপনি আত্মহত্যার কথা ভাবতে শুরু করেন। কারও আশপাশে থাকতে ইচ্ছা করত না। রাস্তায় মানুষ দেখতে চাইতাম না। দোকানে যেতেও চাইতাম না।’

রুনি জানান, এই অবস্থার কারণে তার বিয়ে ভাঙনের মুখে পড়ে। তবে সেরে ওঠার পেছনে তার স্ত্রী কোলিনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও, তার মতে, মদের নেশা মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলেনি। তিনি বলেন, ‘ফুটবল মাঠে আমি সব সময় স্বচ্ছন্দ ছিলাম। কিন্তু বাকি সবকিছু সামলাতে আমি সত্যিই হিমশিম খেতাম।’

পরে থেরাপি নিলেও ফুটবলে মানসিক স্বাস্থ্য এবং পুরুষত্ব নিয়ে প্রচলিত সংস্কৃতি তাকে আগে সাহায্য চাইতে দেয়নি বলে জানান রুনি। তিনি বলেন, ‘আপনি কোনো দুর্বলতা দেখাতে চাইবেন না, তাই লুকানোর চেষ্টা করতে হবে। নিজের অবস্থা বুঝতে পারলেও সেটা মেনে নেওয়া কঠিন ছিল। কারণ মনে হতো, এটা স্বীকার করলে পুরুষত্ব কমে যাবে।’

রুনি ২০২১ সালে খেলা ছেড়েছেন। এরপর তিনি কোচ হিসেবে কাজ করেছেন। সর্বশেষ ২০২৪ সালে তিনি প্লাইমাউথ আর্গাইলের দায়িত্বে ছিলেন। কোচিংয়ের পাশাপাশি তিনি বিশ্লেষক হিসেবেও কাজ করছেন। বর্তমানে তাকে ব্রিটিশ রিয়ালিটি শো ‘আই অ্যাম আ সেলিব্রিটি গেট মি আউট অব হিয়ার’-এ দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এপেক সম্মেলনে মুক্ত বাণিজ্যের আহ্বান জানালেন শি চিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


এপেক সম্মেলনে মুক্ত বাণিজ্যের আহ্বান জানালেন শি চিনপিং

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। তিনি উল্লেখ করেছেন, বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়। বুধবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শি চিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

শি চিনপিংয়ের এই বক্তব্যের আগে যুক্তরাষ্ট্র চীনে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ বিক্রিতে নতুন বিধিনিষেধের ঘোষণা দেয়। এনভিডিয়ার মতো কোম্পানির তৈরি চিপ কেনার ক্ষেত্রেও এসব বিধিনিষেধ কার্যকর হবে। ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান নাজুক বাণিজ্যিক সমঝোতা আরও জটিল হতে পারে। এর প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশে শি চিনপিং বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের ভিত্তিতে গড়ে ওঠা বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা রক্ষা করা প্রয়োজন। মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ বাড়ানো উচিত। একইসঙ্গে বিশ্বজুড়ে পণ্য উৎপাদন ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এর আগে, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো কীভাবে খাপ খাইয়ে নেবে, তা নিয়ে কয়েকটি প্রশ্ন তোলেন চীনা প্রেসিডেন্ট।

পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক অংশীদাররা দীর্ঘদিন ধরে চীনের সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, নিজেদের উৎপাদন খাতকে সুবিধা দিতে গিয়ে চীন প্রতিবছর এক ট্রিলিয়ন ডলারের বেশি বাণিজ্য উদ্বৃত্ত তৈরি করছে। এতে দেশটির সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তবে বেইজিংয়ের দাবি, বিশ্বের উন্নত দেশগুলোর সমপর্যায়ে পৌঁছাতে চীনের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেল প্রয়োজন। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ চীনের সরবরাহব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ নিয়ে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, এই নিয়ন্ত্রণ ব্যবহার করে চীন আন্তর্জাতিক রাজনীতিতে নিজের প্রভাব বাড়াতে পারে। পাশাপাশি চীনের নীতির কারণে অন্য দেশগুলোর শিল্প ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দক্ষিণ চীনের প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ শহর শেনজেনে এপেক সম্মেলনের ব্যবসায়ী নেতাদের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শি চিনপিং। বুধবার সন্ধ্যায় সদস্য দেশগুলোর নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার ভোররাতে শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ইউক্রেনের হামলায় ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ কের্চ সড়ক সেতুটি ধ্বংস হয়। চার বছর ধরে চলা যুদ্ধে এটি পুতিনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে বুধবার পরে শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর আগে ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার শি চিনপিং, ট্রাম্প ও পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%