ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ১০,৭৮৫ জন পাচ্ছেন কল্যাণ অনুদান


অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ১০,৭৮৫ জন পাচ্ছেন কল্যাণ অনুদান

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : সরকার হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অতিরিক্ত কল্যাণ অনুদান বরাদ্দ করেছে, যা ১০ হাজার ৭৮৫ জনের জন্য নির্ধারিত হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে অনলাইনে জমা দেওয়া আবেদনের ভিত্তিতে দেশের বিভিন্ন উপজেলা ও শহরের সমাজসেবা কার্যালয়ের কাছে এ বরাদ্দ বিতরণ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের ‘অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন’ কার্যক্রমের আওতায় এই বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৫ নভেম্বর, অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়, যা স্বাক্ষর করেন পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন।

আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৬-২৭ অর্থবছরে অর্থনৈতিক গ্রুপ/কোড-৩৭২১১০২-এর আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৭ হাজার ১ জনের বরাদ্দ পাওয়া গেছে। এর সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের অবশিষ্ট ৩ হাজার ৭৮৪ জনের বরাদ্দ যুক্ত করা হয়েছে। ফলে মোট ১০ হাজার ৭৮৫ জনের জন্য বরাদ্দ বিভাজন প্রস্তুত করা হয়েছে।

অধিদপ্তর জানায়, অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে আনুপাতিক হারে বিভিন্ন উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয়ের মধ্যে বরাদ্দ বণ্টন করা হয়েছে।

বরাদ্দ বিভাজন অনুযায়ী সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে উপকারভোগী নির্বাচনের পর পেরোল পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে ‘অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সমন্বিত নীতিমালা-২০২৫’ অনুসরণ করতে হবে। বরাদ্দ অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার

এ সংক্রান্ত চিঠি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে বরাদ্দসংক্রান্ত তথ্য প্রকাশের জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ এম


৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফিরতি সফর হিসেবে গণ্য হচ্ছে। বাংলাদেশে বিএনপি সরকারের গঠন পরবর্তী এটি বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম সফর।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আনোয়ার ইব্রাহিম ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন এবং তিনি সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা অবস্থান করবেন। সফরের শেষে তিনি ব্যাংকক যাবেন। সফরের দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, কৃষি, শিক্ষা এবং বিশেষ করে শ্রমবাজারের বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া, তারেক রহমানের সফরের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ২০২৪ সাল থেকে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের আগেই বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, যার প্রথম ধাপে ১১২ জনের বাছাই চলছে।

আনোয়ার ইব্রাহিমের সফর উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে সর্বশেষ ঢাকা সফর করেছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৭ জন ঔষধ তত্ত্বাবধায়ক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ এম


ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৭ জন ঔষধ তত্ত্বাবধায়ক নিয়োগ

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ : সরকার ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৭ জন ঔষধ তত্ত্বাবধায়ক (নন-ক্যাডার) নিয়োগ প্রদান করেছে। জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ২২ নভেম্বরের মধ্যে যোগদান করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ২০ মে'র সুপারিশ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১২ অনুসরণ করে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

অধিদপ্তরের শূন্য পদের বিপরীতে মেধাক্রম অনুযায়ী ১৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ২২ নভেম্বর মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য করা হবে এবং তাঁর নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের চাকরির প্রথম দু'বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ আরও দুই বছর বাড়ানোর ক্ষমতা রাখে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে, কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

নিয়োগপ্রাপ্তদের সরকার নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শুরুর পূর্বে একজন জামিনদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে।

শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালে প্রাপ্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ ব্যয়সহ সংশ্লিষ্ট অর্থ ফেরত দিতে হবে।

এছাড়া, নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে বদলি করা যাবে। চাকরিতে যোগদানের সময় তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দিতে হবে। একই সঙ্গে যৌতুক গ্রহণ বা প্রদান না করার বিষয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্যের ঘাটতি, জালিয়াতি কিংবা অসত্য তথ্য প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করা হবে। গুরুতর অনিয়মের ক্ষেত্রে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি প্রশাসনিক ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যাবে।

জনস্বার্থে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ এম


মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) মাদকসহ গ্রেফতার করেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া গোলাম রব্বানী শামীম আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য হিসেবে পরিচিত। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিংয়ের ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় শামীমকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে ১৪ বোতল ‘কফ সিরাপ’ ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গোলাম রব্বানী শামীম মোবাইল ফোনের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তিনি রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। থানা সূত্রে জানানো হয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ এম


ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা ফেরত আসা উপকারভোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তর ১৯ নভেম্বর পর্যন্ত হিসাব সংশোধনের সময় নির্ধারণ করেছে।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপকারভোগীদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবের তথ্য হালনাগাদ ও অনুমোদন করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

গত ১৫ নভেম্বর, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটিতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রদান করা হচ্ছে।

তবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কিস্তিতে অনেক উপকারভোগীর হিসাব নম্বর ভুল অথবা নিষ্ক্রিয় থাকার কারণে তাদের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ফেরত এসেছে।

এ ধরনের উপকারভোগীদের হিসাবের তথ্য সংশোধন করে পুনরায় টাকা পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হিসাবের তথ্য হালনাগাদ করে সম্পূরক পেরোল পাঠানোর ব্যবস্থা করা হবে।

কিন্তু অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয় থেকে এখন পর্যন্ত ২৫ শতাংশের বেশি ফেরত আসা হিসাবের তথ্য হালনাগাদ করা হয়নি।

এই অবস্থায় ১৯ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরের অবশিষ্ট ফেরত আসা হিসাবগুলো এমআইএসে হালনাগাদ ও অনুমোদন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব থাকে, তবে সেটি তার নিজস্ব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত সিমের বিপরীতে খোলা হয়েছে কি না, তা যাচাই করতে হবে।

নিজের এনআইডিতে নিবন্ধিত সিমে হিসাব খোলা না থাকলে যথাসম্ভব ওই সিম ব্যবহার করে নতুন হিসাব খুলে এমআইএসে তথ্য হালনাগাদ করতে হবে।

অন্যদিকে, ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণকারীদের হিসাব নম্বর সঠিক ও সক্রিয় কি না, তা যাচাই করার নির্দেশনা রয়েছে। হালনাগাদ করা প্রতিটি হিসাব সক্রিয় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিতে হিসাবের ভুল বা নিষ্ক্রিয়তার কারণে যেসব উপকারভোগী টাকা পাননি, তাদের তালিকাও দ্রুত আইবাস++ এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের এমআইএসে পাঠানো হবে।

তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট উপকারভোগীদের সঙ্গে যোগাযোগ করে হিসাব সংশোধন ও হালনাগাদ করার ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে দ্বিতীয় কিস্তির ভাতার টাকা সংশোধিত ও সক্রিয় হিসাবে পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে সমাজসেবা অধিদপ্তর অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%