ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের সম্ভাবনা আলোচনা


নাটোরে সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের সম্ভাবনা আলোচনা

নাটোর, ২৫ অক্টোবর ২০২৬ : আজ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ‘সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল ইরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্যানোরোমা ভবনে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মো. সানোয়ার হোসাইন সেমিনারে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন।

প্রবন্ধে ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব, তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সাইবার হুমকি ও ঝুঁকি মোকাবিলা, তথ্যের সুরক্ষা এবং সাইবার সিকিউরিটি খাতে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের সম্ভাবনা ও প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ এবং সাইবার সিকিউরিটি খাতে উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ সম্পর্কে ধারণা প্রদানের উদ্দেশ্যে এই সেমিনার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১৪০ জন এবং আইন ও বিচার বিভাগের ৩০ জন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিদের জন্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিল উত্থাপনের দিকনির্দেশনা সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


এমপিদের জন্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিল উত্থাপনের দিকনির্দেশনা সুপারিশ

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : সংসদ সদস্যদের জন্য জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটি।

কমিটি জানিয়েছে, সংসদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এই দিকনির্দেশনা প্রয়োজন। একইসাথে, বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল যদি অর্থ বিল হিসেবে বিবেচিত হয়, তবে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আজ সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী।

কমিটি আরও সুপারিশ করেছে যে, বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিলে যদি ত্রুটি থাকে, তবে তা উল্লেখ করে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সদস্যকে লিখিতভাবে জানানো উচিত।

বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, শাহজাহান চৌধুরী, মো. নূরুল ইসলাম এবং আখতার হোসেন।

বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। এ সময় সভাপতি কমিটির সদস্যবৃন্দ ও উপস্থিত কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকের সভাপতি ও কমিটির সদস্যবৃন্দের সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনপূর্বক নিশ্চিত করা হয় এবং বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য নীতিমালা তৈরির কাজ চলছে, এমনটি জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি উল্লেখ করেন, নীতিমালা প্রণয়নের পর এমপিওভুক্তির বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিনি জাতীয় সংসদে একটি নোটিশ দিয়েছেন বলেও জানান।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘ইসলাম শিক্ষা বিস্তারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং নৈতিক শিক্ষায় ইবতেদায়ি মাদ্রাসার ভূমিকা’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয় শিক্ষা ঐক্যফ্রন্ট।

সেমিনারে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “এ দাবি নিয়ে সরকার কাজ করছে। এমপিও দিতে হলে একটি নীতিমালা লাগে, সেই নীতিমালার কাজ চলছে। কাজ শেষ হলে আমরা বলতে পারব যে নীতিমালা থাকা সত্ত্বেও কেন এমপিও দেওয়া হচ্ছে না।”

তিনি আরও জানান, সংসদে গিয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়ে একটি নোটিশ জমা দেওয়া হয়েছে। সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশগুলোর ওপর লটারিতে তার নোটিশটি উঠলে তিনি সংসদে এ বিষয়ে কথা বলবেন। এতে অন্যান্য সংসদ সদস্যরাও এই দাবির পক্ষে কথা বলার সুযোগ পাবেন। এ ছাড়া বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় সংসদের ৭১ বিধিতে নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বেও এটি উত্থাপনের চেষ্টা করা হবে।

ইবতেদায়ি মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন, যাতে মাদ্রাসার প্রতিনিধিরা সরাসরি দেখা করে নিজেদের দাবি তুলে ধরতে পারেন।

সেমিনারে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:

১. শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সংশোধন করা নীতিমালা অনুসারে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ বা এমপিওভুক্তির গেজেট প্রকাশ করা;

২. অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির আবেদন গ্রহণে গণবিজ্ঞপ্তি জারি করা; এবং

৩. সংসদ সদস্যদের ডিও লেটার ও সুপারিশের ভিত্তিতে যোগ্য সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করা।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, ইসলামি শিক্ষার প্রসারে ১৯৭৮ সালে মাদ্রাসা শিক্ষা অধ্যাদেশ জারি করা হয়। পরে ১৯৯৪ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জন্য অনুদান চালু করা হয় এবং পরবর্তী সময়ে উপবৃত্তি ও বিনামূল্যে বই দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

শিক্ষকেরা মাদ্রাসা শিক্ষার বৈষম্য দূর করে মানোন্নয়নের ওপর জোর দেন এবং শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল, পোশাক, জুতা ও ব্যাগের ব্যবস্থা করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই হত্যাচেষ্টার মামলায় দিলীপ কুমার আগরওয়ালার দুই দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


জুলাই হত্যাচেষ্টার মামলায় দিলীপ কুমার আগরওয়ালার দুই দিনের রিমান্ড

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার দুই দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। চব্বিশের জুলাই আন্দোলনে আ. জব্বার (২১) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় দ্বিতীয় দফায় তার রিমান্ড মঞ্জুর করা হলো।

চার দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই সুমন মিয়া তাকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২১ অক্টোবর তার এ মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে আ. জব্বার গুলিবিদ্ধ হন। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় আগরওয়ালা এজাহারনামীয় ৩১ নম্বর আসামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ৩.৮৯ শতাংশে নেমে এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ৩.৮৯ শতাংশে নেমে এসেছে

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৩ দশমিক ৮৯ শতাংশে নেমে এসেছে। দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ইতিহাসে এটি প্রথম প্রান্তিকে সর্বনিম্ন অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে। সাধারণত এই সময়ে বাস্তবায়নের হার ৭ শতাংশের বেশি হয়ে থাকে, কিন্তু এবারের হার অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে।

রোববার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের গতি আগের দুই অর্থবছরের তুলনায় কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৫ দশমিক ০৯ শতাংশ। তার পূর্ববর্তী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাস্তবায়নের হার ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ।

অর্থাৎ, গত অর্থবছরের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার ১ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট কমেছে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় পতন হয়েছে ০ দশমিক ৮৬ শতাংশীয় পয়েন্ট।

অতীতের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের চিত্রটি স্পষ্ট। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে তা আরও বেশি, ৮ দশমিক ৫৫ শতাংশে পৌঁছেছিল। সেই হিসেবে চার অর্থবছর আগের তুলনায় এবার প্রথম প্রান্তিকে বাস্তবায়নের হার ৪ দশমিক ৬৬ শতাংশীয় পয়েন্ট কমেছে।

সাধারণ পরিস্থিতিতে অর্থবছরের প্রথম তিন মাসে এডিপির অন্তত ৭ শতাংশ বাস্তবায়ন হয়ে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন কার্যক্রমের গতি ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ২০২৪ সালে সরকার পতনের পর প্রশাসনিক অস্থিতিশীলতা এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সময় এডিপি বাস্তবায়নে ধীরগতি দেখা যায়। গত অর্থবছরেও এই প্রবণতা অব্যাহত ছিল। এবার নতুন অর্থবছরের শুরুতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

এডিপি বাস্তবায়নের হার কমে যাওয়ার অর্থ হলো, অর্থবছরের নির্ধারিত সময়ের তুলনায় উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয় ও কাজের অগ্রগতি পিছিয়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে এই ধারা অব্যাহত থাকলে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করা কঠিন হয়ে পড়ে। এর ফলে ব্যয় বৃদ্ধি, সেবা পেতে বিলম্ব এবং উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%