বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:২৪ এম
ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি যুক্তরাষ্ট্রের ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানে সরকারি অর্থ ব্যয় বন্ধের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আগামী ১১ ডিসেম্বর সরকারের অর্থায়ন সংক্রান্ত সময়সীমার আগে এই দাবি উত্থাপন করেন। একই আহ্বান জানিয়ে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্নাও তার সাথে রয়েছেন।
গত বুধবার (১৮ নভেম্বর) আনসারি ও খান্না এক বিবৃতিতে বলেন, ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানে অর্থ ব্যয় নিষিদ্ধ করার জন্য যদি সুস্পষ্ট বিধান না থাকে, তাহলে তাঁরা কোনো অর্থায়ন প্যাকেজে সমর্থন দেবেন না। তাঁদের মতে, কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে যুদ্ধের অর্থায়ন বন্ধ করা উচিত।
একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে আনসারি উল্লেখ করেন, ‘করদাতাদের অর্থের আর এক পয়সাও ট্রাম্পের বেপরোয়া ও নিজের পছন্দে শুরু করা যুদ্ধে ব্যয় করা উচিত নয়। এই যুদ্ধে অর্থায়ন বন্ধ করার ক্ষমতা কংগ্রেসের রয়েছে। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।’
গত সপ্তাহে আনসারি ইরান যুদ্ধ পরিচালনায় পেন্টাগনের নেতৃত্বের ভূমিকা তদন্তের দাবি জানান। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা বেআইনি নির্দেশ বাস্তবায়ন করেছেন। এতে মার্কিন সেনাসদস্যদের জীবন ঝুঁকিতে পড়েছে এবং ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
আনসারির অভিযোগ, ইরান যুদ্ধ পরিচালনায় মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত ও সামরিক নেতৃত্বের ভূমিকা নিয়ে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তথ্যসূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তান সফলভাবে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর পরীক্ষা সম্পন্ন করেছে। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা একটি বিবৃতিতে উল্লেখ করেছে, এই পরীক্ষাটি পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত। এটি সুপারসনিক গতিতে দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এর বিধ্বংসী ক্ষমতা উল্লেখযোগ্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফাতাহ-৩ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযানের সক্ষমতা ও আঘাত হানার পাল্লা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। একই সঙ্গে, এটি দেশের প্রচলিত সামরিক প্রতিরোধ ব্যবস্থা ও সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে।
আইএসপিআর জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ পরীক্ষাটি প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, পাকিস্তান সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ তিন বাহিনীর প্রধানরা। তারা দেশের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে অবদান রাখা সংশ্লিষ্ট সবার নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেছেন।
এর আগে, গত ১৩ অক্টোবর পাকিস্তান হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ (ইআর)-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছিল। দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি নির্ভুলতার সঙ্গে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি বৈঠক করেছেন। এই বৈঠকটি বৃহস্পতিবার (১৯ নভেম্ব) সৌদির রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাপ্রধানও উপস্থিত ছিলেন।
এই বৈঠকটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে দুই দেশের মধ্যে আলোচনা থমকে রয়েছে।
এদিকে, সৌদি আরব এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার লক্ষ্যবস্তু হয়েছে।
এই পরিস্থিতিতে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠককে আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ