১১:২৪ এম
অর্ণব, মুরাসু, আকভান। গত এক মাসের মধ্যে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং পরে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’, যা মালদ্বীপ কর্তৃক নামকরণ করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে। এটি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সিস্টেমটি শক্তি বাড়িয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় ‘কানি’-তে রূপ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। একাধিক আবহাওয়া মডেলের মতে, এটি সমুদ্রেই দুর্বল হয়ে যেতে পারে।
আরও পড়ুন: বাগাতিপাড়ায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ ও মশাল মিছিল
সিস্টেমটি ঘনীভূত হলে তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে পারে। আপাতত পশ্চিমবঙ্গ উপকূলে এর সরাসরি আঘাত হানার সম্ভাবনা নেই।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে দুই দিনের জন্য তাপমাত্রা বৃদ্ধি পাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে শীতের আমেজকে অনেকটা নষ্ট করবে। কলকাতার রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৯-২০ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। কলকাতায় দিনের পারদ ২৬ থেকে বেড়ে ২৮-২৯ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে।
দক্ষিণবঙ্গে ফের পারদ নামবে ৩ ডিসেম্বর থেকে। কিছুদিনের জন্য বৃদ্ধি পাওয়া দিন ও রাতের তাপমাত্রা আবারও কমে আসবে। ৪ তারিখ থেকে শীতের আমেজ ফিরে আসবে।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেফতার, ৪১ মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন