ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ প্রকল্পের নিন্দা ৫ দেশের


পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ প্রকল্পের নিন্দা ৫ দেশের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ ই১ এলাকায় প্রায় ১ হাজার ২০০টি নতুন বসতি বাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বানের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা।

বৃহস্পতিবার দেশগুলো এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই পরিকল্পনাকে 'অগ্রহণযোগ্য' বলে উল্লেখ করে। তারা এই সঙ্গেই ইসরায়েলকে এই পরিকল্পনা অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ আন্তর্জাতিকভাবে দীর্ঘ দিন ধরে বিতর্কিত হয়ে আসছে। আন্তর্জাতিক আইনে এসব বসতিকে অবৈধ বলে বিবেচনা করা হয়।

তবে ইসরায়েল এই অবস্থান প্রত্যাখ্যান করেছে। ই১ এলাকায় বসতি নির্মাণের পরিকল্পনা কয়েক দশক ধরে আন্তর্জাতিক চাপ ও বিরোধিতার কারণে আটকে ছিল। নতুন এই প্রকল্প এগিয়ে নেওয়ার উদ্যোগে ইসরায়েলের মিত্র দেশগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

 

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরে এরই মধ্যে গুরুতর অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান।

সেখানে ফিলিস্তিনি বেসামরিক মানুষের ওপর বসতি স্থাপনকারী সহিংসতা বেড়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি অর্থনীতির ওপরও কঠোর বিধিনিষেধ রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা আরো উদ্বেগজনক বলে মন্তব্য করেছে উল্লিখিত দেশগুলো। বিবৃতিতে বলা হয়েছে, এই পরিকল্পনা শুধু শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরো দূরে সরিয়ে দেবে না, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানকেও আরো দুর্বল করবে।

জাতিসংঘের মহাসচিবও আলাদা এক বিবৃতিতে ই১ প্রকল্পের সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন, এই পরিকল্পনা একটি সংযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 'অস্তিত্বের হুমকি' তৈরি করেছে। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও ই১ পরিকল্পনার সমালোচনা করেন। জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে

 

ইসরায়েলের আবাসন মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, মোট ৩ হাজার ৪০১টি আবাসন ইউনিটের মধ্যে ১ হাজার ২৩৪টির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। গত আগস্টে ইসরায়েল সরকার এসব আবাসন ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছিল। প্রকল্পটির আওতায় পূর্ব জেরুজালেম ও ইসরায়েলি বসতি মালএ আদুমিমের মধ্যবর্তী প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকা রয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ অক্টোবর। ওই সময়ের মাত্র কয়েক দিন পরে ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে নির্বাচনের পর নতুন কোনো সরকার ক্ষমতায় এলেও ইতিমধ্যে দেওয়া দরপত্র বাতিল করা খুব কঠিন হতে পারে বলেও মনে করছেন প্রকল্পটির বিরোধীরা।

ই১ প্রকল্পের ঘোষণা দেওয়ার সময় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা 'মুছে ফেলা হচ্ছে'। স্মোটরিচ ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পরিচিত নেতা। তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারীদেরও শক্তিশালী সমর্থক হিসেবে পরিচিত। বসতি সম্প্রসারণের পক্ষের ইসরায়েলি নেতাদের মতে, পশ্চিম তীর ইসরায়েলের নিরাপত্তা ও ঐতিহাসিক অধিকারের সঙ্গে যুক্ত। তবে ফিলিস্তিনিরা এবং ইসরায়েলের অনেক মিত্র দেশ মনে করে, নতুন বসতি নির্মাণ ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরো কঠিন করে তুলবে।

 

আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু

ই১ এলাকা পশ্চিম তীরের মাঝামাঝি একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এর একদিকে পূর্ব জেরুজালেম, অন্যদিকে মালএ আদুমিমসহ ইসরায়েলি বসতি। এই এলাকার বড় আকারে ইসরায়েলি বসতি নির্মাণ হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে সরাসরি যোগাযোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। প্রকল্পটির বিরোধীরা বলছেন, এর ফলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে। একই সঙ্গে পূর্ব জেরুজালেমও পশ্চিম তীরের অন্যান্য ফিলিস্তিনি এলাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। পশ্চিম তীরের কেন্দ্রীয় অংশে একটি সংযুক্ত ফিলিস্তিনি শহরাঞ্চল গড়ে তোলার পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে। এই শহরাঞ্চলের মাধ্যমে রামাল্লাহ, পূর্ব জেরুজালেম ও বেথলেহেমকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ই১ এলাকায় বসবাসকারী বেদুইন ফিলিস্তিনিরা এবং ইসরায়েলের কয়েকটি শান্তিকামী সংগঠন এই পরিকল্পনার বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে। তাদের অভিযোগ, নতুন বসতি নির্মাণের ফলে ওই এলাকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জীবন ও চলাচল আরো কঠিন হয়ে পড়বে। নতুন নির্মাণকাজের কারণে তাদের বসবাসের জায়গা থেকে সরিয়ে দেওয়ার আশঙ্কাও তুলেছে।

 

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে। ফিলিস্তিনিরা এসব এলাকা এবং গাজা উপত্যকাকে নিয়ে ভবিষ্যতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েলের দখলের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি বসতি গড়ে উঠেছে। এসব বসতিতে প্রায় ৭ লাখ ইহুদি বসবাস করছে। একই এলাকায় প্রায় ৩৩ লাখ ফিলিস্তিনিও বসবাস করে। আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিরোধিতা থাকলেও একের পর এক ইসরায়েলি সরকার এসব বসতি সম্প্রসারণের অনুমোদন দিয়ে আসছে।

আরও পড়ুন: মহেশপুরে শ্বশুরের বিরুদ্ধে জামাই আব্দুর রহমান হত্যার অভিযোগ

২০২২ সালের শেষ দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার ক্ষমতায় ফেরার পর পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের গতি আরো বেড়েছে। নেতানিয়াহু ডানপন্থী ও বসতি স্থাপনকারীদের সমর্থন পাওয়া একটি জোটের নেতৃত্বে সরকার গঠন করেছেন। তার সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্যেও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

 

ই১ প্রকল্পের বিরোধীরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে। তাদের মতে, ই১ এলাকায় বড় ধরনের বসতি গড়ে উঠলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হতে থাকবে। ফলে একটি ধারাবাহিক ও সংযুক্ত ফিলিস্তিনি ভূখণ্ড গড়ে তোলা কঠিন হয়ে যাবে। বিশেষ করে রামাল্লাহ, পূর্ব জেরুজালেম ও বেথলেহেমকে যুক্ত করে পশ্চিম তীরের কেন্দ্রে একটি সংযুক্ত ফিলিস্তিনি শহরাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন: মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শপথের আগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:১২ এম


শপথের আগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বঙ্গভবনে শপথ গ্রহণের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে তিনি তাদের সমাধিস্থলে যাবেন। সেখানে শ্রদ্ধা জানানোর পর তিনি দোয়া-মোনাজাত পরিচালনা করবেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান। পরে বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরাও একে একে তাঁকে শুভেচ্ছা জানান।

রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সাক্ষরিত একটি সরকারি গেজেটের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ধারা ১১ এবং ‘রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১’-এর বিধি ১২(৬) অনুযায়ী নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

মহান সংবিধানের বিধান অনুসারে, নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে। বর্তমানে স্পিকারের ভারপ্রাপ্ত দায়িত্ব পালনরত ব্যারিস্টার কায়সার কামালই তাকে শপথ পড়াবেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পড়ানোর বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চায়। আইন মন্ত্রণালয়ের মতামত অনুসারে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।

এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়।

পরে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ মক্কা ও মদিনায় যারা জুমার নামাজ পড়াবেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৫ এম


আজ মক্কা ও মদিনায় যারা জুমার নামাজ পড়াবেন

আজ সৌদি আরবে ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ মোতাবেক ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। আজ মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে লাখ লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করবেন।

এ সময়, দুইজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ইমামতি করবেন।

পবিত্র মসজিদুল হারামে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস জুমা পড়াবেন। আর মসজিদে নববিতে জুমা পড়াবেন শায়খ ড. আহমদ বিন আলী আল-হুজাইফি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক্স-এর বার্তায় পবিত্র দুই মসজিদ তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও সরাসরি সম্প্রচার হবে। আজ আরবি ভাষার পাশাপাশি বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে। খুতবার জন্য নির্বাচিত ভাষাগুলো হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চাইনিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ এবং বাংলা। আরবি ও অন্যান্য ভাষায় খুতবা শুনতে হলে ওয়েবসাইটে (services.prh.gov.sa) প্রবেশ করে একটি অপশন ক্লিক করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:২০ এম


বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভূরাজনৈতিক সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজারে উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে তেলের দাম চড়া পর্যায়ে অবস্থান করছে।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববাজার বিশ্লেষণ করে দেখা যায়, অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট অথবা শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৮২ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ কিছুটা কমে দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৭৮ ডলারে।

পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ কার্যদিবসে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। উভয় ধরনের তেলের বাজারমূল্য গত ২৪ জুলাইয়ের পর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্ল्यूটিআই—দুই ধরনের তেলের দাম এক লাফে ২ শতাংশের বেশি বেড়েছিল।

জ্বালানি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক অনিশ্চয়তা দ্রুত নিরসন না হলে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দর আরও কিছু দিন চড়া থাকতে পারে, যার প্রভাব সরাসরি পড়তে পারে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:২১ এম


বরিশাল মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩৫

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে মাদকসহ মোট ৩৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৩৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ৪৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত ও পূর্বের মামলাসহ সাতজন, বরিশাল মহানগর অধ্যাদেশে ছয়জন এবং অন্যান্য আইনে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে পুলিশের বিশেষ অভিযানে মোট ৩৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%