ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও শিক্ষকতা করছেন হাসনাত আবদুল্লাহ


রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও শিক্ষকতা করছেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশের পূর্বে শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী থাকাকালীন তিনি ‘স্কুল অব এক্সিলেন্স’ নামের একটি ভর্তি কোচিং প্রতিষ্ঠানে ইংরেজির শিক্ষক হিসেবে কাজ শুরু করেন।

রাজনৈতিক কর্মকাণ্ড ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের ব্যস্ততার কারণে তিনি দীর্ঘ সময় ধরে নিয়মিত একাডেমিক ক্লাস নেওয়া থেকে দূরে ছিলেন। তবে শিক্ষকতার সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। সম্প্রতি তাকে কুমিল্লা শাখার একটি কোচিং সেন্টারে ক্লাস নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্কুল অব এক্সিলেন্সের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত ক্লাসে অংশগ্রহণ করেন তিনি। এই সংসদ সদস্য নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ক্লাসটি শেয়ার করেন। ওইদিন তাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ইংরেজি গ্রামারের রিভিশন ক্লাস নিতে দেখা যায়।

আরও পড়ুন: জামায়াতের বিক্ষোভ, আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবি

এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় এক বছর পর ২০২৫ সালের পহেলা আগস্টও স্কুল অব এক্সিলেন্সের অনলাইন ক্লাসে উপস্থিত ছিলেন হাসনাত। সেদিনও ইংরেজি গ্রামারের একটি বিশেষ রিভিশন ক্লাস পরিচালনা করেছিলেন তিনি।

সংসদ সদস্য হওয়ার পরও হাসনাত আবদুল্লাহ নিজের শিক্ষকসুলভ উপস্থাপনা কাজে লাগিয়েছেন। “সততা, ন্যায়বিচার এবং জনগণই পুঁজি” এই স্লোগানকে সামনে রেখে তিনি নিজের নির্বাচনী এলাকার সরকারি বরাদ্দ, উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের হিসাব তুলে ধরতে পাঠদানের মতো ব্যতিক্রমী পদ্ধতি গ্রহণ করেছেন।

গত ১০ মার্চ দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কুমিল্লা-৪ আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ এবং জনসেবামূলক কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তার এই উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাইভ ক্লাস’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

লাইভে একটি ডিজিটাল বোর্ড এবং স্লাইড প্রেজেন্টেশন ব্যবহার করে দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি পরিষেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণ সামগ্রী বিতরণের ওয়ার্ডভিত্তিক বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সে সময়ে ঠিকাদারদের উদ্দেশেও বক্তব্য রাখেন এবং 'কমিশনমুক্ত ব্যবসায়িক পরিবেশ' নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার জন্য তাদের কর্মদক্ষতা বাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন: আমির হোসেন আমুর পিএস শাহীনকে গ্রেপ্তার

এছাড়া দেবিদ্বারের সরকারি বরাদ্দ, উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য জনগণের কাছে নিয়মিত পৌঁছে দিতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণাও দেন হাসনাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুশীলন কেন্দ্র থেকে গ্রেপ্তার ফুটবলার ডেভিড কোরেয়া দা ফনসেকা, ব্রাজিলে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ এম


অনুশীলন কেন্দ্র থেকে গ্রেপ্তার ফুটবলার ডেভিড কোরেয়া দা ফনসেকা, ব্রাজিলে তোলপাড়

ভাস্কো দা গামার ফরোয়ার্ড ডেভিড কোরেয়া দা ফনসেকার গ্রেপ্তারের ঘটনা ব্রাজিলের ফুটবলে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রিও ডি জেনেইরোর বাররা দা তিজুকায় অবস্থিত ভাস্কোর অনুশীলন কেন্দ্র থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তাঁকে আটক করা হয়, যখন ব্রাজিলের অপরাধী সংগঠন, মাদক ও অস্ত্র পাচারসংক্রান্ত একটি তদন্তে তাঁর নাম উঠে আসে।

ডেভিড, যিনি ব্রাজিলিয়ান ফুটবলে পরিচিত নাম ডিভিডি (DVD) হিসেবে, এসপিরিতু সান্তো (Espírito Santo) রাজ্যের আদালতের দ্বারা তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই তদন্তের অংশ হিসেবে ভিলা নোভার ডিফেন্ডার হাইনার উইলিয়াম মঞ্জার্দিম কোরদেইরোর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

এই তদন্তের নাম ‘অপারাসাও আ ত্রোপা’ (Operação A Tropa)। এসপিরিতু সান্তো রাজ্যের পুলিশ সংগঠিত অপরাধচক্রের কার্যক্রম, মাদক পাচার, অস্ত্র পাচার ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে এই তদন্ত পরিচালনা করছে। তদন্তকারীদের অভিযোগ, ডেভিড ও হাইনার মামলার কয়েকজন সাক্ষীকে অর্থের প্রলোভন দেখিয়ে তাঁদের বক্তব্য পরিবর্তন করতে অথবা অভিযোগ করা থেকে বিরত রাখতে চেষ্টা করেছিলেন।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল-এর প্রতিবেদন অনুযায়ী, ডেভিডের জব্দ করা মোবাইল ফোনের কথোপকথন এবং সাক্ষীদের বক্তব্য আদালতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন তথ্যের ভিত্তিতে আদালত মনে করেছেন, আগের আরোপিত বিধিনিষেধ সাক্ষীদের প্রভাবিত করার ঝুঁকি ঠেকাতে যথেষ্ট ছিল না। ফলে তাঁর বিরুদ্ধে প্রাক্‌বিচার আটকাদেশ বা ‘প্রিসাও প্রেভেন্তিভা’ জারি করা হয়।

এটি ডেভিডের বিরুদ্ধে প্রথম বিচারিক ব্যবস্থা নয়। গত অক্টোবরেই আদালতের নির্দেশে তাঁকে পাসপোর্ট জমা দিতে হয়েছিল। অনুমতি ছাড়া ব্রাজিলের বাইরে যাওয়া এবং তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে নতুন তথ্য ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে আদালত এবার তাঁকে আটক করার সিদ্ধান্ত নেন।

ঘটনার পর ভাস্কো দা গামা জানিয়েছে, ক্লাবের আইন বিভাগ ডেভিডের আইনি সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। ক্লাবটি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে এ মুহূর্তে এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করতে চায় না।

একজন পেশাদার ফুটবলারের বিরুদ্ধে এমন গুরুতর তদন্ত এবং সরাসরি অনুশীলন কেন্দ্র থেকে গ্রেপ্তারের ঘটনা ব্রাজিলের ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভাস্কোর মতো ঐতিহ্যবাহী ক্লাবের একজন খেলোয়াড়কে ঘিরে এই ঘটনা ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

তবে আদালতের নির্দেশে গ্রেপ্তার হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। ডেভিডের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো বাকি। তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্ধারিত হবে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমির হোসেন আমুর পিএস শাহীনকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ এম


আমির হোসেন আমুর পিএস শাহীনকে গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মিরপুর মডেল থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গ্রেপ্তার হওয়া মফিজুর রহমান শাহিন ছাত্রলীগের নলছিটি উপজেলার সাবেক সহসভাপতি এবং নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) হিসেবেও পরিচিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে মিছিল করার অভিযোগ রয়েছে। নাশকতায় জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া থানা চালু, আ.লীগের ৮ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ এম


গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া থানা চালু, আ.লীগের ৮ দফা দাবি

গোপালগঞ্জে নিজেদের সহিংসতার ফলে পুড়িয়ে দেওয়া থানা পুনরায় চালু, জেলা থেকে বিজিবি প্রত্যাহার, রেল যোগাযোগ পুনরায় চালু করার জন্য ৮ দফা দাবি জানিয়েছে গোপালগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, জেলার মানুষের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য এই দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

বিবৃতিতে উত্থাপিত আট দফা দাবি হলো—

১. গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আলোকে জেলা থেকে সব বিজিবি সদস্যকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

২. গোপালগঞ্জের বন্ধ থাকা সব থানা দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। পাশাপাশি জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করা জরুরি।

৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, বরং তারা রাষ্ট্রের বাহিনী। জনগণের করের টাকায় পরিচালিত সরকারি কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা ও সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে।

৪. গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যাহত করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অবিলম্বে স্বাভাবিক রেল যোগাযোগ ও যাত্রীসেবা চালু করতে হবে।

৫. জনগণের করের অর্থ থেকেই রাষ্ট্রীয় বাজেট ও উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য বরাদ্দ উন্নয়ন ও নাগরিক সেবা কোনোভাবেই বন্ধ বা বাতিল করা যাবে না। জেলার জনগণকে বৈষম্যের শিকার করা যাবে না।

৬. গোপালগঞ্জের রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা সব হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহার করতে হবে। নিরপরাধ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করতে হবে।

৭. গোপালগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস অবিলম্বে খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। জমি-জমা সংক্রান্ত দলিল নিবন্ধনসহ জনগণের জরুরি সেবা নিশ্চিত করতে হবে।

৮. বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গোপালগঞ্জের ব্যাংক লেনদেনসংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ দায়িত্বহীন সাংবাদিকতার পরিপন্থী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব সংবাদ প্রত্যাহার এবং যথাযথ সংশোধনী প্রকাশের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ জেলার মানুষও এ দেশের নাগরিক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে গোপালগঞ্জের মানুষকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে বৈষম্য, হয়রানি কিংবা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য নয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

সহিংসতার মধ্যে একটি হাসপাতালে হামলা চালানো হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ফলে হাসপাতালটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোও ভাঙচুর করা হয়েছে, যা সরকারি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় জামায়াতের নবনির্বাচিত উপজেলা আমিরদের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ এম


গাইবান্ধায় জামায়াতের নবনির্বাচিত উপজেলা আমিরদের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২০২৭-২০২৮ সেশনের জন্য নবনির্বাচিত উপজেলা ও পৌরসভা আমিরদের শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শপথ গ্রহণের আয়োজনটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা আমির মো. আব্দুল করিম এমপির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার। জেলা আমির মো. আব্দুল করিম এমপি নবনির্বাচিত আমিরদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণকারী উপজেলা ও পৌরসভা আমিরদের মধ্যে রয়েছেন—সুন্দরগঞ্জ উপজেলার মো. সামিউল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার মাওলানা আব্দুর রহমান, গাইবান্ধা পৌরসভার একেএম ফেরদৌস আলম, পলাশবাড়ী উপজেলার মাওলানা একরামুল হক, সাদুল্লাপুর উপজেলার এরশাদুল হক ইমন, গোবিন্দগঞ্জ উপজেলার আশরাফুল ইসলাম রাজু, সাঘাটা উপজেলার মাওলানা ইব্রাহীম হোসাইন এবং ফুলছড়ি উপজেলার অধ্যক্ষ মোহাম্মদ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভী এবং জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল।

এ সময় জেলা সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য নুরুন্নবী প্রধান, মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক ফেরদৌস আলম, মাওলানা খায়রুল আমিন, সাইফুল ইসলাম মন্ডল, শহীদুল ইসলাম মঞ্জু, সিরাজুল ইসলাম ও সামিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%