ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

জয়পুরহাট ২০ বিজিবি'র ১ মাসে ৮ কোটি ৮৮ লাখ টাকার মালামাল জব্দ


জয়পুরহাট ২০ বিজিবি

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সীমান্ত ও ব্যাটালিয়ন সদরে গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে ৮,৮৮,০২,০১৩/- (আট কোটি আটাশি লাখ দুই হাজার তেরো টাকা) মূল্যের মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১৪ অক্টোবর ২০২৬ থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরসহ উল্লেখিত পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বিদেশি কয়েন ২,৪৪২টি, ইয়াবা ট্যাবলেট ৪৫৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৮,৫৫১ পিস, অ্যাম্পল ইনজেকশন ৩৬২ পিস, বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ ৩১২ বোতল, বিভিন্ন প্রকারের সিরাপ (মাদকদ্রব্য) ১৭৩ বোতল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত বেলে/কষ্টি পাথর ০৬টি, যার মোট ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম।

এই অভিযানের সময় ১৭ জন আসামিকে আটক করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত অভিযানগুলো জয়পুরহাট জেলা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয়েছে।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক জানান, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

আরও পড়ুন: জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জের হিমাগারের থেকে দ্বিগুণ দামে আলু বিক্রি হচ্ছে খুচরা বাজারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


পীরগঞ্জের হিমাগারের থেকে দ্বিগুণ দামে আলু বিক্রি হচ্ছে খুচরা বাজারে

রংপুরের পীরগঞ্জে বর্তমানে হিমাগারে আলুর ক্রেতা নেই। তবে খুচরা বাজারে সাধারণ ভোক্তাদের জন্য আলু কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। যদিও হিমাগারে কম দামে আলু বিক্রি হচ্ছে, খুচরা বাজারে এর দাম কমার কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। এর ফলে কৃষকরা উৎপাদিত আলুর ন্যায্যমূল্য পাচ্ছেন না, অন্যদিকে সাধারণ ক্রেতারা বাড়তি দামে আলু কিনতে বাধ্য হচ্ছেন। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এই অবস্থায় লাভবান হচ্ছেন।

পীরগঞ্জ উপজেলার ৪ টি হিমাগার পরিদর্শন করে জানা গেছে, বর্তমানে স্টিক আলু প্রতি কেজি ৯ টাকা, ডায়মন্ড ১০ টাকা, বার্মা ১২ টাকা, পাকরি ২০ টাকা এবং জাম আলু ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। হিমাগারে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও ক্রেতার অভাবে বেচাকেনা স্থবির হয়ে পড়েছে।

শনিবার (১৪ নভেম্বর) হিমাগারে গিয়ে আলুচাষি আমজাদ, রবিউল ইসলাম ও হারুন অর রশিদের সাথে কথা হয়। তাঁরা জানান, বীজ, সার ও কীটনাশক কিনে আলু চাষ করতে হয় বাড়তি দামে। উৎপাদন মৌসুমে কিছু আলু জমি থেকে বিক্রি করে বাকি অংশ লাভের আশায় স্থানীয় হিমাগারে সংরক্ষণ করেন। কিন্তু বাজারে চাহিদা না থাকায় সংরক্ষিত আলু কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারছেন না।

চাষিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হিমাগারে তাঁদের আলু ও বস্তা পড়ে রয়েছে। ব্যবসায়ীরা কম দামে আলু কিনে বাজারে নিয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করছেন। ফলে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। আলু উৎপাদন ও সংরক্ষণের ঝুঁকি কৃষকের, অথচ লাভের বড় অংশ চলে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে। কৃষকের এই দুরবস্থা দেখার যেন কেউ নেই।

অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা জানান, তাঁরা বড় পাইকারদের কাছ থেকে আলু কিনে থাকেন। এরপর পরিবহন, বাজারের খাজনা ও শ্রমিকের খরচ বহন করতে হয়। অনেক সময় বস্তার মধ্যে পচা ও নষ্ট আলু পাওয়া যায়। এসব খরচ ও লোকসান বিবেচনায় নিয়ে কিছুটা বেশি দামে আলু বিক্রি করতে হয় বলে তাঁদের দাবি।

উপজেলার বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, হিমাগারে প্রতি কেজি ৯ টাকা দরের স্টিক আলু খুচরা বাজারে প্রায় ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ হিমাগারের দামের তুলনায় খুচরা বাজারে আলুর দাম দ্বিগুণেরও বেশি। অন্যান্য জাতের আলুও তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।

সাধারণ ক্রেতারা বলেন, হিমাগারে আলুর দাম কম হলেও খুচরা বাজারে তার কোনো প্রতিফলন নেই। কৃষক কম দামে আলু বিক্রি করছেন, আবার ভোক্তাদের বেশি দামে কিনতে হচ্ছে। এতে কৃষক ও ক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের সংসার খরচে বাড়তি চাপ তৈরি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বাজারে আলুর সরবরাহ ও দামের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। হিমাগার থেকে কম দামে আলু বের হলেও খুচরা বাজারে এসে দাম বেড়ে যাচ্ছে। মাঝখানে একাধিক হাত বদলের কারণে সাধারণ মানুষের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, হিমাগার থেকে খুচরা বাজার পর্যন্ত আলুর সরবরাহ ও মূল্য নির্ধারণ ব্যবস্থায় সমন্বয়ের অভাব রয়েছে। এ সুযোগে মধ্যস্বত্বভোগীদের লাভের পরিমাণ বাড়ছে। কৃষক যাতে উৎপাদিত আলুর ন্যায্যমূল্য পান এবং ভোক্তারা যাতে যৌক্তিক দামে আলু কিনতে পারেন, সে জন্য বাজার তদারকি ও নজরদারি জোরদার করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনকে দোনবাস ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনকে দোনবাস ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দোনবাসের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা ন্যাটোতে যোগদানের সুযোগ দেওয়ার বিনিময়ে। এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি জানিয়েছেন, তার সরকার ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট নিশ্চয়তা পাওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন একটি প্রস্তাব এসেছে। তিনি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছিল, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে কি তারা দোনবাস থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে? বিষয়টি এই প্রথম উত্থাপন করা হয়েছে।’

জেলেনস্কি আরও জানান, ইউক্রেন বর্তমানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার বিষয়ে আলোচনা করছে। তিনি উল্লেখ করেন, পশ্চিমা দেশগুলো যদি এ ধরনের নিশ্চয়তা দিতে রাজি হয়, তাহলে তিনি বিষয়টি ইউক্রেনের জনগণের সামনে তুলে ধরবেন।

এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমি ইউক্রেনের জনগণের কাছে জানতে চাইব, তারা এই প্রস্তাব গ্রহণ করবেন কি না। কারণ, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়ার অধিকার আমার নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ মিনিটে ২ গোল করে ব্রাজিলকে চমকে দিল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


২০ মিনিটে ২ গোল করে ব্রাজিলকে চমকে দিল জাপান

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে ব্রাজিলের অধিনায়ক হিসেবে অভিষেক ঘটে রাফিনিয়ার। আজ (১৪ নভেম্বর) জাপানের বিরুদ্ধে এই তারকা ফরোয়ার্ড, যিনি বার্সেলোনার সদস্য, সেলেসাওদের নেতৃত্বে মাঠে নেমেছেন।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হয় ব্রাজিল-জাপান ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের ২৫ মিনিট অতিক্রান্ত হয়েছে। জাপান ২-০ গোলে এগিয়ে থেকে ব্রাজিলকে কঠোর চাপের মধ্যে রেখেছে।

১৫ মিনিটে প্রথম গোলটি করেন ‘জাপানি মেসি’ হিসেবে পরিচিত তাকেফুসা কুবো। এরপর ১৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কেইতো নাকামুরা।

ব্রাজিলের একাদশ

গোলকিপার : পেদ্রো মরিস্কো

ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, ওয়েসলি, জাইর কুনিয়া, কার্লোস অগুস্তো

মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, আন্দ্রে লুইজ, ব্রুনো গিমারায়েস

ফরোয়ার্ড: রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে বিজিবির অভিযানে ৪৮টি হাই পাওয়ার জেলসহ ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার, পালিয়ে গেছে জড়িতরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


সিলেটে বিজিবির অভিযানে ৪৮টি হাই পাওয়ার জেলসহ ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার, পালিয়ে গেছে জড়িতরা

সিলেটের কানাইঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এই অভিযানটি সম্পন্ন করে।

বিজিবির সূত্রে জানা গেছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পারাপার এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধের জন্য সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে নুনছড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত ৪৮টি বিস্ফোরকের গায়ে ‘High Power Emulsion Explosives’ লেখা রয়েছে, যা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক হিসেবে চিহ্নিত। এ ছাড়া, বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহৃত ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি নন-ইলেকট্রিক ফিউজও উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিরা অন্ধকার ও দুর্গম এলাকার সুযোগ নিয়ে নুনছড়া চা বাগানের গভীরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটক করার লক্ষ্যে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টরের ধারাবাহিক বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এসব অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৮ কেজি বিস্ফোরক পাওয়ার জেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে ১২০ জনকে।

সীমান্ত নিরাপত্তা জোরদারে সিলেট সেক্টরের ৫৬টি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযানও চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমেও সীমান্ত নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ বন্ধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%