০৫:২৭ পি.এম
সিলেটের কানাইঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এই অভিযানটি সম্পন্ন করে।
বিজিবির সূত্রে জানা গেছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পারাপার এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধের জন্য সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে নুনছড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত ৪৮টি বিস্ফোরকের গায়ে ‘High Power Emulsion Explosives’ লেখা রয়েছে, যা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক হিসেবে চিহ্নিত। এ ছাড়া, বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহৃত ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি নন-ইলেকট্রিক ফিউজও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিরা অন্ধকার ও দুর্গম এলাকার সুযোগ নিয়ে নুনছড়া চা বাগানের গভীরে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটক করার লক্ষ্যে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টরের ধারাবাহিক বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এসব অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৮ কেজি বিস্ফোরক পাওয়ার জেল, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে ১২০ জনকে।
সীমান্ত নিরাপত্তা জোরদারে সিলেট সেক্টরের ৫৬টি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযানও চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।
এছাড়া ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমেও সীমান্ত নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেপ্তার
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ বন্ধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন