সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০২:০৯ পি.এম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। রোববার (৯ আগস্ট ২০২৬) সংগঠনটির নতুন কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী গণেশকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া তাফিমকে সাধারণ সম্পাদক এবং তালাতকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে বিভিন্ন সম্পাদকসহ আরও ১৪ জন কার্যকরী সদস্য রয়েছেন। সব মিলিয়ে কমিটিতে মোট ২২ জন সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে।
নতুন কমিটি গঠনের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের সহযোগিতা, আবাসন ও একাডেমিক বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান এবং বগুড়া জেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
কমিটির নবনির্বাচিত সভাপতি গণেশ বলেন, “আমরা বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতিকে একটি পরিবারের মতো মনে করি। নিজের পরিবারের মতোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বগুড়া এলাকার ভাই-বোনদের সার্বিক সহযোগিতা ও কল্যাণে কাজ করতে চাই। এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আমি সকলের সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, সংগঠনটির মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজ গড়ে তোলা। নতুন কমিটির সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন কমিটি প্রকাশের পর বগুড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবগঠিত কমিটি আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কম সময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়া এবং প্রতারণার অভিযোগে আটজনকে আটক করেছে র্যাব।
সোমবার (১০ আগস্ট) সকালে ৯টা থেকে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। তারা দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা নিতেন।
অভিযান শেষে সাংবাদিকদের র্যাব-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার সাঈদ মাহমুদ বলেন, এ চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পাসপোর্ট অফিসের বিভাগীয় উপপরিচালক ইসমাইল হোসেন বলেন, দালালদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত কয়েক মাসে কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, এ ধরনের তৎপরতার কারণে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য অনেকটা কমে এসেছে।
তিনি বলেন, দালালের মাধ্যমে অল্প সময়ে পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য তিনি সেবাগ্রহীতাদের দালালদের থেকে দূরে থাকার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার দিকে দৃষ্টি রাখছেন। তিনি আরো বলেন, ভারতের জনগণ চায় দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠুক, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও একইভাবে সুন্দর সম্পর্ক চান।
ভবিষ্যতে ভালো কিছু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টা নাগাদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগল। এসময় আন্তরিকভাবে আলোচনা হয়েছে।
ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন, গণতান্ত্রিক দেশে অনেক ইস্যু থাকতে পারে, তবে সবকিছুরই সমাধানযোগ্য।
গত জুন মাসে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি দীনেশ ত্রিবেদীর প্রথম বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। রবিবার বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ প্রকল্প হিসেবে উদ্বোধন করেছেন।
তিনি সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ উদ্বোধন করেন।
গ্রামগুলো হচ্ছে—রাঙামাটি কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। বর্তমানে সরকারের পরিচালিত টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে গ্রামে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা থাকছে এই প্রকল্পে। গ্রামবাসীরা এমন সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস এবং কৃতজ্ঞতা জানিয়েছেন রাঙামাটির মিতিঙ্গাছড়ির বাসিন্দারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার মুরাদনগরে মাদক বিক্রির সময় ১১৫ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে উপজেলার উত্তরপাড়া এলাকায় আটক করা হয় তাদের।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই মো. আব্দুল্লাহ আল মাসুদ ও এসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়ী তার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক বিক্রির অবস্থায় তার মিয়া (৭১) ও তার ছেলে শুকুর আলীকে (১৯) হাতেনাতে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকদের কাছ থেকে ১১৫ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া তার মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও মাদক-সংক্রান্ত ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মুরাদনগরকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ