১০:১০ এম
ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন না। ৪২ বছর বয়সে পৌঁছেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতকাল (২৭ নভেম্বর) শুক্রবার, থিয়াগো সিলভা ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তির অধীনে, তিনি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাবটিতে থাকবেন।
সমর্থকদের অনুরোধের প্রেক্ষিতে আরো একটি মৌসুম খেলার সিদ্ধান্ত নিয়েছেন থিয়াগো সিলভা। ফ্লুমিনেন্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, দলের অধিনায়ক নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।
আরও পড়ুন: নেইমারকে আনতে গিয়ে জে এদুয়ার্দোকে নিয়ে ফিরলেন প্রেজিওসি
থিয়াগো সিলভা ফ্লুমিনেন্সের হয়ে তিন দফায় খেলেছেন। ক্লাবটির জার্সিতে তিনি ২২৯ ম্যাচে ১৯ গোল করেছেন। ২০০৭ সালে ফ্লুমিনেন্সের হয়ে কোপা দো ব্রাজিল জয়ী দলের সদস্য ছিলেন। ২০০৮ সালে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে দলটিকে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০২৭ সাল পর্যন্ত ফ্লুমিনেন্সে থাকবেন থিয়াগো সিলভা। ছবি: শাহনুর রুমেন
থিয়াগো সিলভা ফুটবলে বেড়ে ওঠেন ফ্লুমিনেন্সের একাডেমিতে। ব্রাজিলের জেরেম এলাকার এই একাডেমিতে তিনি ১১ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ছিলেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রথমবার ক্লাবটির মূল দলে খেলেছেন। এরপর ইউরোপের ফুটবলে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন।
ইতালির এসি মিলান, ফ্রান্সের পিএসজি এবং ইংল্যান্ডের চেলসির মতো বড় ক্লাবে খেলেছেন এই ব্রাজিলিয়ান। চেলসির হয়ে ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করার কৃতিত্বও তার রয়েছে।
আরও পড়ুন: ‘অবসরে না গেলে রোনালদোর আগেই ১,০০০ গোল করতাম’—আগুয়েরো
২০২৪ সালে আবারও ফ্লুমিনেন্সে ফেরেন থিয়াগো সিলভা। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে তার নেতৃত্বে সেমিফাইনালে পৌঁছায় দলটি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় ইউরোপের শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষে তারা দারুণ পারফর্ম করে।
ব্যক্তিগত অর্জনেও সমৃদ্ধ থিয়াগো সিলভা। ২০০৭ সালে ব্রাজিলিয়ান লিগের বোলা দে প্রাতা এবং ২০০৮ সালে ব্রাজিলিয়ান লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নেন এই ডিফেন্ডার।
ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন থিয়াগো সিলভা। তিনি চারটি বিশ্বকাপে (২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২) অংশগ্রহণ করেছেন। ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপ এবং ২০১৯ সালে কোপা আমেরিকা জয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ৩৮ বছর বয়সে মারা গেলেন রেসলিং তারকা ব্রনসন রিড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন